‘পূর্ববঙ্গের’ রাজাকারদের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিংয়ে মাও সে-তুংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলোচনা করেছিলেন। এর বিবরণসংক্রান্ত দলিলে এ বিষয়ে মাও সে-তুংয়ের কোনো মন্তব্য দেখিনি। তবে চীন এই প্রশ্নেও তখন নিক্সন-কিসিঞ্জারের সঙ্গে ছিল। এটা অনুমেয়, কিসিঞ্জার মাও সে-তুংকে বলছিলেন আর তাতে তিনি সায়ও দিচ্ছিলেন। কিসিঞ্জারের উক্তি ছিল: বাংলাদেশ যাতে যুদ্ধাপরাধের বিচার না করতে পারে, সেটা প্রয়োজনে মার্কিন বিদেশনীতির অংশে পরিণত করব।যুদ্ধাপরাধ ও রাজাকারদের বিচারের বিষয়টি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যখন জ্বলন্ত ইস্যু, তখন বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র, চীন, মধ্যপ্রাচ্যসহ আরও অনেক উল্লেখযোগ্য দেশ স্বীকৃতি দেয়নি। কিন্তু শেখ মুজিবুর রহমান ও তাঁর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ছিল, এসব দেশের কাছ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করে নেওয়া। বোধগম্য কারণেই পাকিস্তানের স্বীকৃতি ছিল খুবই তাৎপর্যপূর্ণ ও স্পর্শকাতর। আর জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তানের বৃহত্তম চ্যালেঞ্জ ছিল, এই স্বীকৃতির বিনিময়ে কী করে সব পাকিস্তানি যুদ্ধবন্দীকে ফিরিয়ে নেওয়া যায়। ১৯৭২ ও ১৯৭৩—এই দুই বছরে কমপক্ষে ১০০ মার্কিন তারবার্তা ও দলিল তৈরি হয়েছে এই যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার বিষয়ে।বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, তারা এই বিচারের ‘বিরুদ্ধে’ নয়, কিন্তু বিচারের ‘আন্তর্জাতিক মান’ বজায় সাপেক্ষে একটি সুষ্ঠু বিচার-প্রক্রিয়া দেখতে তাদের আগ্রহ রয়েছে। ১৯৭২ সালেও তারা বাংলাদেশে গণহত্যার বিচারের ‘বিরুদ্ধে’ ছিল না। কিন্তু তারা তখনকার বিদ্যমান পরিস্থিতিতে বিচারকে অনুকূল মনে করেনি। মার্কিন নথিপত্র সাক্ষ্য দিচ্ছে যে, কিসিঞ্জার প্রশাসন মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে একে দেখতে অপারগ থেকেছে। সরল কথায়, তারা বিরোধিতা করেছিল। তারা তখন জেনেভা কনভেনশনের আওতায় একটি আইনগত প্রশ্ন তুলেছিল। ১৯৭২ সালের জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভাষায় ‘পূর্ববঙ্গের রিকনসিলিয়েশন বা বিরোধ মিটমাট করার’ বিষয়টিকে প্রাধান্য দিয়েছিল। একটি গোপন নথির বরাত দিচ্ছি। আর এটি মেনে চলতে ওয়াশিংটন থেকে দিল্লি, ইসলামাবাদ, লন্ডন, প্যারিস ও ঢাকার মার্কিন মিশনে নির্দেশনা যায়। বলপেন ও কালির কলম দিয়ে তিন পৃষ্ঠার এই নথিতে আন্ডার সেক্রেটারি আরউইনসহ ১১ জন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। এতে হোয়াইট হাউস কর্মকর্তারও সই আছে। জানুয়ারির প্রথম সপ্তাহ হবে। তারিখের সিল অস্পষ্ট। এই দলিল পাঠে মনে হতে পারে নিক্সন প্রশাসন নির্দিষ্টভাবে ‘কোলাবরেটর’ বা রাজাকারদেরও বিচার চায়নি। আবার একই সঙ্গে এই দলিলের একটি বড় ইতিবাচক দিকও রয়েছে। কারণ, এটিতে এই ইঙ্গিতও আছে যে, আপাতত না হলেও ভবিষ্যতে এ অপরাধের বিচারের দুয়ার বন্ধ হয়ে যাবে না।ওই বার্তায় বলা হয়, ‘ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একাত্তরের ৩১ ডিসেম্বরে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ও পররাষ্ট্রসচিব টি এন কাউল ২৮ ডিসেম্বর যে প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন, তাতে “বাংলা দেশ” কর্তৃপক্ষ কর্তৃক বেসামরিক রাজাকার ও যুদ্ধবন্দীদের বিচারের যে ইঙ্গিত করেছেন, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা কাউলের এই মন্তব্যের সঙ্গে একমত যে, জেনেভা কনভেনশন সুরক্ষিত ব্যক্তিদের যুদ্ধাপরাধ সংঘটনে কোনো দায়মুক্তি দেয় না এবং কতিপয় বিচার আইনগতভাবে যথার্থ বলে প্রতীয়মান হতে পারে। আমরা বিশ্বাস করি, আইনগত ও নীতিনির্ধারণীবিষয়ক সিদ্ধান্তের জন্য ক্রোধের তীব্র অনুভূতি প্রশমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার দাবি রাখে। বিচারের প্রশ্নে কোনো সিদ্ধান্ত নিতে হলে পরিস্থিতিকে আগে স্বাভাবিক হতে দেওয়াটা সমীচীন হবে। আমরা আশা করি, ভারত এর সঙ্গে একমত হবে এবং জেনেভা কনভেনশনের শর্তাদি ও ন্যায়বিচারের প্রতি বিবেকদর্শী সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করবে।’এই অবস্থানপত্রের দ্বিতীয় অনুচ্ছেদটি যথেষ্ট মাজাঘষা করা হয়েছে। অনেক কাটাকুটি। বলা হয়েছে, ‘দিল্লির মার্কিন দূতাবাস দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে আমাদের এই ‘‘আস্থা’’ পৌঁছে দেবে যে, ভারত বর্তমান পরিস্থিতিতে যুদ্ধাপরাধের বিচারের নেতিবাচক ফল সম্পর্কে পুরোপুরি সজাগ রয়েছে। আন্তর্জাতিক আইনের অধীনে জেনেভা কনভেনশনমতে পাকিস্তানি যুদ্ধবন্দী এবং ‘‘পূর্ববঙ্গের’’ বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ভারতের দায়দায়িত্ব রয়েছে।’পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এই পর্যায়ে রাজাকারদের বাদ দিয়ে পাকিস্তানি যুদ্ধবন্দীদের বিচার প্রশ্নে আইনগত বাধা আছে বলে উল্লেখ করে। দলিলটিতে বলা হয়েছে, বিশেষ করে পাকিস্তানি যুদ্ধবন্দী, যাদের আত্মসমর্পণ ভারত সরকার মেনে নিয়েছে, তাদের বিষয়ে বলতে চাই যে, আমরা বিশ্বাস করি, ভারত জেনেভা যুদ্ধবন্দী কনভেনশনের আওতায় বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে কোনো বন্দীকে অর্পণ করার যৌক্তিকতা খুঁজে পেতে পারে না। কারণ, ভারতকে উক্ত অবস্থানের আলোকে রাজি করাতে আমরা আর কী অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি, সে বিষয়ে ব্রিটিশ ও ফরাসিদের সঙ্গে কথা বলতে পারি। চতুর্থ প্যারাগ্রাফটি বেশ কৌতুকপ্রদ। এতে নির্দেশনা দেওয়া হয়, ‘আমরা পরিকল্পনা করেছি যে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান যদি মিডিয়া জানতে চায়, তাহলে আমরা আইনগত দিকটির কথা এড়িয়ে চলব। আমরা বরং এটাই উল্লেখ করব যে, বিচারের বিষয়ে আমাদের উদ্বেগ হলো, এ ধরনের পদক্ষেপ চটজলদি এড়ানো হলে তা বিরোধ মেটানোর পরিবেশের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে।’আরও কিছু তথ্য। ১৯৭৩ সালের মে মাসে তদন্তের আওতায় থাকা রাজাকারদের ক্ষমা ঘোষণা করা হয়। ১৮ মে ১৯৭৩-এর প্রেক্ষাপট উল্লেখ করে নিউবেরি ঢাকা থেকে ওয়াশিংটনকে জানান, কতিপয় বুদ্ধিজীবী সরব ছিলেন যে জাতীয় ঐক্যের জন্য রক্তমাখা জামা ওড়ানো ক্ষতিকর।... বাংলাদেশ সরকার যদি সাধারণ ক্ষমার সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে রাজনীতিকদের দ্বারা রাজাকার হিসেবে বিচারের ভয় আমলাদের মন থেকে হ্রাস পাওয়ারই কথা। শান্তি কমিটির নেতা-কর্মী, সাধারণ রাজাকার ও অন্যরা আরও বেশি স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। তবে নিউবেরির শেষ মন্তব্য ছিল: ‘এই পদক্ষেপ আবদুল মান্নান, জিল্লুর রহমান ও শেখ মণির প্রতি একটা পরোক্ষ তিরস্কার হিসেবে গণ্য করা সমীচীন হবে। কারণ, তারা প্রত্যেকে সর্বোচ্চ মাত্রায় রাজাকার ইস্যু ব্যবহার করে নিজেদের জন্য ফায়দা লুটেছেন।’মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ১৯৭৪ সালের ১০ মে লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার প্রথম দুই বছরে রাজাকার হিসেবে ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছিল। কয়েক হাজার ব্যক্তিকে পলাতক ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সংক্ষিপ্ত বিচার-প্রক্রিয়ায় বিশেষ আদালতগুলো চলছিল। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিবরণ অনুযায়ী, পাঁচ হাজারের কম লোকের বিচার হয়েছে। মামলার সাক্ষীর সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পাওয়ার কারণে দণ্ডদানের শতকার হার ৯০ থেকে ৫০ ভাগে নেমে এসেছে।’বোস্টার এরপর ওই তারবার্তায় (ঢাকা ০২০৯৭) লেখেন, একটি তিক্ত যুদ্ধের পর ভূতাপেক্ষ আইনের (এক্সপোস্ট ফ্যাক্টো) আওতায় বিচার করার অধিকার বাংলাদেশ সরকারের আছে কি নেই, সেটা জটিল ইস্যু এবং মার্কিন কংগ্রেসের রাজনৈতিক বন্দী ও ইউএসএইড-সংক্রান্ত উদ্দেশ্যাবলির বিষয়টি সম্ভবত এখানে প্রাসঙ্গিক নয়। ৩৫ হাজারের বেশি এখন কারাগারে আছে, অধিকাংশই বিনা বিচারে। ১৯৭৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়া বাদবাকিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। আমাদের সন্দেহ যে, সবাইকে মুক্তি দেওয়া হয়নি। সাধারণ ক্ষমাপ্রাপ্তদের কিছুসংখ্যকের দাবি, কেবল আট হাজার ব্যক্তিকে ছাড়া হয়েছিল।’এখানে লক্ষণীয় যে, ১৯৭২ সালে মার্কিন তরফে পাকিস্তানিদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে আইনি বাধা তোলা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ জেনেভা কনভেনশনের সদস্য নয়। তাই তার বিচারের অধিকার নেই। ১৯৭৪ সালে মার্কিন রাষ্ট্রদূত বোস্টার মূলত বাংলাদেশ সংবিধানের ৩৫ অনুচ্ছেদের ১ উপ-দফার দিকে নির্দেশ করেছেন। যেখানে বলা আছে, অপরাধ সংঘটনকালে বলবৎ ছিল না, এমন কোনো আইনের আওতায় কারও পূর্ববর্তী অপরাধের বিচার করা যাবে না। কিন্তু বোস্টার বাংলাদেশ সংবিধানের ৪৭ ও ৪৭ক অনুচ্ছেদ আলোচনা করেননি। যেখানে বলা আছে, যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী ও তাদের দোসরদের ক্ষেত্রে ওই সাংবিধানিক নিশ্চয়তা প্রযোজ্য হবে না।তবে অবমুক্ত করা এ-সংক্রান্ত মার্কিন দলিলপত্র সম্ভবত একটি ধারণা নিশ্চিত করবে যে, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার যাতে না হয়, সে জন্য কিসিঞ্জার ও ভুট্টো সাঁড়াশি কূটনীতি চালিয়েছিলেন। ইন্দিরা-ভুট্টোর সিমলা চুক্তির পটভূমিতে সদ্য ভূমিষ্ঠজাত শিশুরাষ্ট্র তার স্বীকৃতিপ্রাপ্তির বৃহত্তর স্বার্থরক্ষাকে প্রাধান্য দিয়েছিল। মেরিল্যান্ড থেকেমিজানুর রহমান খান: সাংবাদিক।mৎ[email protected]