'পৃথিবী কোথায় পতিত হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুলাই ২০১৭–তে প্রথম আলোয় উপর্যুক্ত শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে, বস্তুত এটি অনূদিত। মূল লেখাটি ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত হয়েছে। এর লেখক দুজন, তাঁরা হলেন ব্রায়ান ক্লাস ও মারসেল দিরসুস। প্রথম জন লন্ডন স্কুল অব ইকোনমিকসের ফেলো এবং অপরজন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী। অতএব, বলা বাহুল্য যে এহেন একটি লেখা জ্ঞানগর্ভ এবং তথ্যবহুল হবে। আমাদের মতো আমজনতার অনেক কিছু শেখার থাকবে। তারপরও আমাদের কিছু প্রশ্ন জাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে। এটাকে বলা হয়েছে মুক্ত বিশ্ব। কিন্তু গণতন্ত্রের লালন কি নিরবচ্ছিন্ন ছিল? তাহলে পাকিস্তানসহ বেশ কিছু দেশে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেওয়ার জন্য সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কী করে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মুক্ত বিশ্বের দেশগুলো তাকে স্বীকৃতি দেয় কী করে?

তখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটি গোষ্ঠী ছিল, যার ফলে দুই পরাশক্তির ভেতর স্নায়ুযুদ্ধের কারণে মাঝেমধ্যে হয়তো গণতান্ত্রিক আদর্শকে জলাঞ্জলি দিতে হয়েছিল। আর সে কারণে বোধ হয় ২০ শতকের জঘন্যতম গণহত্যা, যা বাংলাদেশে পাকিস্তান কর্তৃক সংঘটিত হয়েছিল, তাকে উষ্ণ হৃদয়ে সমর্থন দিয়েছিলেন মুক্ত বিশ্বের নেতা মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। সোভিয়েত ব্লকের পতনের পর যুক্তরাষ্ট্র প্রায় তিন যুগ ধরে বিশ্বের একমাত্র পরাশক্তি। কিন্তু সে দেশের নেতারা সুযোগটা কীভাবে ব্যবহার করলেন। তাঁরা ইন্দোনেশিয়ার সুহার্তো ও মিসরের হোসনি মোবারকের মতো স্বৈরশাসকদের অব্যাহত সমর্থন দিয়ে গেছেন। মিথ্যা অভিযোগে ইরাককে আক্রমণ করা হলো। ইরাক পরাভূত হলো এবং তার প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গ্রেপ্তার হন। এরপর কথিত বিচারের মাধ্যমে সাদ্দামকে ঈদের দিন ফাঁসিতে ঝোলানো হলো। সুপ্রশিক্ষিত বিরাট এক বাহিনী ছিল সাদ্দামের। তাদের দেশের কাজে ব্যবহার করা যায় কি না, তা যাচাই-বাছাই না করে সবাইকে বাদ দেওয়া হলো। আজ এ প্রশ্ন এসেছে যে এ রকম ঢালাওভাবে সাদ্দামের বাহিনীকে পরিত্যাগ না করলে বোধ হয় আইএসের জন্ম হতো না। এই নিবন্ধে বলা হয়েছে, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট গণতন্ত্রের উল্টো পথে হাঁটতে শুরু করেছেন। কয়েক যুগ আগে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছে। এরপর আরও এক ডজনের বেশি দেশকে ইইউর সদস্যপদ দেওয়া হয়েছে। তুরস্ককে ইইউর সদস্যপদ যথাসময়ে দেওয়া হলে এরদোয়ান সেই সুযোগ পেতেন না। অভিযোগ আছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিলেক্টিভ জেনোসাইডের হোতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যথার্থ অর্থেই তাঁকে ভিসা দেননি, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। অবশ্য গণতন্ত্রের মন্ত্রবলে শতকরা ৩১ ভাগ ভোট পেয়ে তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে ওবামা ভিসার অবরোধ উঠিয়ে তাঁকে স্বাগত জানালেন। হয়তো বা গণতন্ত্রের আদর্শের জন্য করেছেন।

বিজেপি, আরএসএস ও শিবসেনারা ভারতকে গো-প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। সেখানে মানুষের জীবনের চেয়ে যেন গরুর জীবনের মূল্য বেশি! গোভক্ষণ বা গো ব্যবসার অভিযোগে পথেঘাটে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে। তাদের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের সদস্য। লেখার বক্তব্য অনুযায়ী এবং আমরা যা লক্ষ করছি তা হলো, ট্রাম্পের বিশ্ব নিয়ে সুষ্ঠু রাজনৈতিক চিন্তাভাবনা এতে নেই। থাকবে কেন, হয়তো মস্তিষ্কের এই দিকটা একেবারে শূন্য। দুজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে এসেছিলেন, যাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা তেমন ছিল না, তাঁরা হলেন ইউলিসিস এস গ্রান্ট ও আইজেন হাওয়ার। তবে তাঁরা অত্যন্ত দক্ষ জেনারেল ছিলেন। যথাক্রমে আমেরিকান সিভিল ওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁদের অবদান অপরিসীম, যা তাঁদের জনপ্রিয় করেছিল। অন্যথায় আমরা জানি, যাঁরা প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করতে আসেন, তাঁরা সিনেটর বা প্রতিনিধি বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাসম্পন্ন। আরও একটি প্রশ্ন, বিশ্বের আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজনৈতিক দল কীভাবে ট্রাম্পের মতো মানুষকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছিল। শোনা যাচ্ছে, রাশিয়া মার্কিন নির্বাচন হ্যাক করেছে, প্রভাবিত করেছে ইত্যাদি। এর দ্বারা এই বোঝায় যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমরা আমজনতা হয়তো ঠিকমতো সব বুঝতে পারি না। তবে আমরা জানি যে যুক্তরাষ্ট্র এখন একমাত্র পরাশক্তি। প্রযুক্তি, অর্থনৈতিক ও সামরিক শক্তি—সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বর, তাহলে ২২৫ বছরের গণতান্ত্রিক নির্বাচন চালু থাকার পর এত কথা উঠছে কেন?

লেখাটির শিরোনাম ‘পৃথিবী কোথায় পতিত হয়েছে’। পৃথিবী যেখানে পতিত হওয়ার, সেখানে অনেক আগেই পতিত হয়েছে। তবে এত দিন মাঝেমধ্যে আলোতে আসার চেষ্টা করেছে এবং সাফল্য পেয়েছে। অর্থাৎ আশার আলো দেখা দিয়েছে। কিন্তু ট্রাম্প প্রতিনিয়ত আমাদের আরও অন্ধকারে ঠেলে দিচ্ছেন। তাই মোদির মতো মানুষের কর্মকাণ্ডে আপাতত বাধা আসবে না। তবে কে জানে যে মোদি ও রাজনাথের ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর চেষ্টার ফলে সেখানে বলকানাইজেশন (বৈরিতাপূর্ণ আঞ্চলিক বিভাজন) শুরু হবে না। সময় সব বলে দেবে।

সৈয়দ মাহবুবুর রশিদ: ঘাতক–দালাল িনর্মূল কমিটির কেন্দ্রীয় নেতা।