'প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ' নির্বাচনের একতরফা প্রচার কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা ঠিকঠাক না হলেও ভোটের পক্ষে প্রচারকাজ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার লক্ষ্মীপুরে আয়োজিত দলীয় সভায় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উপস্থিত জনমণ্ডলীকে নৌকার প্রতি সমর্থন আছে কি না, তা হাত তুলে জানাতে বলেছেন। তাঁরা জানিয়েছেনও।

সেই সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্য বর্ণনা করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ উন্নয়ন পায় এবং বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে পায় হত্যা-সন্ত্রাস। বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। জিয়া-এরশাদ-খালেদা জিয়া ক্ষমতায় এসে জনগণের জন্য কিছু করেননি। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। ভবিষ্যতে আরও বেশি উন্নয়ন পাবে।

টেলিভিশনে লক্ষ্মীপুরের জনসভার চেহারা দেখে মনে হয়েছে, পুরোপুরি নির্বাচনী আমেজ। এর আগে বগুড়ায়ও প্রধানমন্ত্রী জনসভা করে নৌকায় ভোট চেয়েছেন। লক্ষ্মীপুর ও বগুড়া দুটোই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। ২০০৮ সালের আগের তিনটি সংসদে (পঞ্চম, সপ্তম ও অষ্টম) আওয়ামী লীগ সেখানে কোনো আসন পায়নি। ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি লক্ষ্মীপুরের ৪টি আসনই লাভ করে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়। আরেকটি আসনে জাসদের আ স ম আবদুর রব জয়ী হয়ে আওয়ামী লীগের ঐকমত্যের সরকারের মন্ত্রী হন।

সে ক্ষেত্রে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে আওয়ামী লীগের আগাম ভোটের প্রচার শুরু করা তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্বাচনে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোকে বিএনপি নিশানা করবে, আর বিএনপির শক্ত ঘাঁটিগুলোতে আওয়ামী লীগ শিকড় গাড়ার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। একসময় রংপুরে যে এরশাদের শক্ত ঘাঁটি ছিল, তা অনেক আগেই নড়বড়ে হয়ে গেছে।

জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে যে আচরণবিধি তৈরি করেছে, তার মূল কথাই হলো, ‘রাজনৈতিক দল ও প্রার্থী নির্বিশেষে প্রচারের ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকবে। প্রতিপক্ষের সভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্ড করা যাবে না।’ (সূত্র: বাংলাদেশে নির্বাচন ও নির্বাচনী তথ্য-উপাত্ত, মো. কামালউদ্দিন, শৈলী প্রকাশনী)। ক্ষমতাসীনেরা পাল্টা যুক্তি দেখাতে পারেন যে তাঁরা তো কোনো দলের সভা পণ্ড করছেন না। কিন্তু যেখানে বিএনপিকে সভা করার অনুমতিই দেওয়া হয় না, সেখানে পণ্ড করার প্রশ্ন আসবে কী করে? কয়েক দিন আগে বিএনপির এক নেতা আক্ষেপ করে বলছিলেন, ‘স্বৈরাচারী এরশাদের দলও সভা করতে পারে, কিন্তু বিএনপিকে সভা করতে দেওয়া হয় না। এটি কী ধরনের গণতন্ত্র?’

শেখ হাসিনা একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এক ধরনের ভূমিকা, দলীয় সভানেত্রী হিসেবে আরেক ধরনের। প্রধানমন্ত্রী হিসেবে তিনি অন্যান্য স্থানের মতো লক্ষ্মীপুরেও বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন, কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সরকারের উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। এটি তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু তিনি যখন জনসভা করে কোনো দল বা প্রতীকের পক্ষে ভোট চান, তখন তিনি দলীয় দায়িত্বই পালন করেন। সে ক্ষেত্রে অন্যান্য দলপ্রধানেরও সেই সুযোগ থাকতে হবে। অন্যথায় লেভেল প্লেয়িং ফিল্ড বা খেলার সমতল মাঠ হবে না।

উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সরকার ও দলীয় প্রধান এক ব্যক্তি হন না। আমাদের দেশেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথা চালু করেছিলেন। সরকারের প্রধান হয়ে তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। যদিও তাঁর ইচ্ছার বাইরে দলে কিছু হতো না। পঞ্চাশের দশকেও বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে স্বেচ্ছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে দ্বিতীয় উদাহরণ নেই। জিয়াউর রহমান একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিএনপির চেয়ারম্যান ছিলেন। এরশাদও তাঁর নীতি অনুসরণ করেছেন। খালেদা জিয়াও দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনাও একই সঙ্গে দলীয় প্রধান ও সরকারের প্রধান। অন্তত এই একটি বিষয়ে আমাদের শীর্ষ তিন রাজনীতিকের মিল আছে।

মিলটা শেখ হাসিনা ভাঙতে পারবেন কি না, সেটি ভিন্ন প্রসঙ্গ। আবার নির্বাচনী প্রচারের বিষয়ে ফিরে আসি। আওয়ামী লীগপ্রধান যে জনসভা করে নির্বাচনের দুই বছর আগে জনগণের কাছে ভোট চাইছেন, সেটি দোষের কিছু নয়। যেকোনো রাজনীতিক যেকোনো সময়েই জনগণের কাছে ভোট বা সমর্থন চাইতে পারেন। বাংলাদেশে নির্বাচনী প্রচার চলে পাঁচ বছর ধরেই। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আগাম নির্বাচনী প্রচার থেকে ধারণা করা যায় যে, দলটি ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চাইছে না। তারা ভোটের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে চায়। ৫ জানুয়ারির মতো নির্বাচন করলে তো কোনো প্রচার কিংবা প্রস্তুতির প্রয়োজন হয় না। অন্যদিকে বিএনপির নেতারাও ঘরোয়া বৈঠকে বা প্রেস ব্রিফিংয়ে যত গরম কথাই বলুন না কেন, তাঁরাও ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দল গোছানোর চেষ্টা করছেন।

এখানে যে প্রশ্নটি সামনে এসেছে নির্বাচনী প্রচারটি ক্ষমতাসীন দল একতরফা চালাবে কেন ও অন্যান্য দল কেন তা করতে পারবে না? ক্ষমতাসীন দলের নেতারা বলতে পারেন, তাঁরাও ভোট চাইতে পারেন। হ্যাঁ, চাইতে পারেন, ঘরোয়া বৈঠক করে কিংবা প্রেস ব্রিফিং করে। জনসভা করতে গেলেই বাধা আসে। ১৪৪ ধারা জারি হয়। ঢাকা শহরে জনসভা করার জন্য দলটি জনসভা করার অনুমতি চেয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের ও কমিশনের দক্ষতা ও নিরপেক্ষতা প্রমাণের জন্য নানা ধরনের কথাবার্তা বলেছেন। তিনি পূর্বসূরির মতো ‘নির্বাক’ নন। এটি সুলক্ষণ। চট্টগ্রামে স্মার্ট কার্ড প্রকল্প উদ্বোধন করতে গিয়েও তিনি বলেছেন, এখন তাঁর কাজ হবে সব দলকে আস্থায় আনা। সিইসি সব দলকে কীভাবে আস্থায় আনবেন, যদি বিরোধী দলের সভা-সমাবেশের ওপর খড়্গ ঝুলতে থাকে, যদি ক্ষমতাসীন দল একতরফা প্রচার চালাতে থাকে? আওয়ামী লীগের সভানেত্রী অবশ্যই ভোট চাইতে পারেন। সেই অধিকার তাঁর আছে। কিন্তু অন্যদের ভোট চাওয়ার সুযোগটিও সরকারকে করে দিতে হবে।

কে এম নুরুল হুদা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেই নাকি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। তাঁর এই ধারণা মোটেই ঠিক নয়। বিগত ইউপি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। তার আগের পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। কিন্তু কোনোটাই অবাধ ও সুষ্ঠু হয়নি। বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেই কারচুপি, ভোট জালিয়াতি ও হাঙ্গামা হয়, যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে না পারে। একতরফা নির্বাচনে এসবের কিছুরই প্রয়োজন হয় না। একজন প্রার্থী থাকলে ভোটারদেরও কষ্ট করে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার পড়ে না।

তাই আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির জন্য যেমন কঠিন পরীক্ষা, তেমনি কে এম নুরুল হুদা কমিশনের জন্যও। কাজী রকিবউদ্দীন আহমদ ‘ওরা আসেনি’ বলে পার পেয়ে গেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে অনেক বাছাই পরীক্ষা দিতে হবে। ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জ উপনির্বাচন। উপনির্বাচনে না গেলেও কুমিল্লায় বিএনপি মাঠে আছে। সেটাই হয়তো কমিশনের প্রথম বাছাই পরীক্ষা। এরপর পাঁচ সিটি করপোরেশন নির্বাচন। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ইত্যাদি।

জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, ক্ষমতাসীন দল যদি জনসভা করে জনগণের কাছে ভোট চাইতে পারে, অন্যান্য দলকেও সেই সুযোগ দিতে হবে। সিইসি সব প্রতিদ্বন্দ্বীর জন্য মাঠ সমতল করার কথা বলেছেন। কিন্তু বিরোধী দল সমতল দূরের কথা চড়াই-উতরাই মাঠও পাচ্ছে না। এখনো তারা মাঠের বাইরে। আর ক্ষমতাসীন দল সভা-সমাবেশ করে চলেছে। এটি কী ধরনের গণতন্ত্র? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা খেলার মাঠ সমতল রাখার কাজটি এখন থেকে চালু করতে হবে।

কার অধীনে আগামী নির্বাচন হবে, তা নিয়ে দুই দলই সরব। একে অপরকে কথার মারপ্যাঁচে ঘায়েল করতে চাইছে। কিন্তু নির্বাচনটি কীভাবে হবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কীভাবে নিশ্চিত করা যাবে, সেসব নিয়ে তাদের মাথাব্যথা আছে বলে মনে হয় না। নির্বাচন তো সরকার বা নির্বাচন কমিশন করে না। নির্বাচন করে জনগণ। তারাই প্রজাতন্ত্রের মালিক। সেই প্রজাতন্ত্রের মালিকেরা যাতে পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারেন, তার ব্যবস্থাপনার জন্যই নির্বাচন কমিশন। আর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব প্রজাতন্ত্রের মালিকদের সামনে নিজ নিজ আদর্শ ও কর্মসূচি হাজির করা। এটাই হলো গণতন্ত্রের চিরায়ত রূপ। রাজনৈতিক দল কিংবা নেতা-নেত্রীরা নির্বাচনের সময় সরকার, পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় মাস্তান এমনকি বিদেশি শক্তির ওপর আস্থা রাখেন। কিন্তু জনগণের ওপরই কম আস্থা রাখেন।

রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের ন্যূনতম নীতি মেনে চললে দশকের পর দশক নির্বাচন নিয়ে এই ঝগড়াবিবাদ আমাদের দেখতে হতো না।

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।