'বঙ্গ বাহাদুরের' জন্য ভালোবাসা

‘বঙ্গ বাহাদুর’কে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। তাকে সাফারি পার্কে নিয়ে যাওয়ার কষ্টকর তোড়জোড়েরও আর প্রয়োজন নেই। হাতিটি আর মাটি কাঁপিয়ে ছুটবে না। প্রাণভয়ে দৌড়াবে না তার কাণ্ডকারাখানা দেখতে ভিড় করা ছেলেবুড়োরা। সব জল্পনাকল্পনার অবসান ঘটেছে।
হাতিটি এখন জামালপুরের সরিষাবাড়ীর মানুষের কাছে কেবলই কয়েক দিনের স্মৃতি। তবে এই চিহ্ন বোধ হয় বেশ প্রগাঢ়। চাইলেই মুছে ফেলা যায় না। নইলে বানের জলে ভেসে আসা পরদেশি এই হাতির জন্য এলাকাবাসী কাঁদবে কেন?
প্রাচীনকাল থেকে যেসব পশুপাখির সঙ্গে মানবকুলের নিবিড় সখ্য, এর মধ্যে হাতি একটি। ভূচর প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড়। তার ধড় যেমন বিপুল, শক্তিও অসীম। বুদ্ধিতেও কম যায় না। এরপরও এই বিশাল প্রাণীটিকে মানুষ বশ করে নিজের কাজে লাগায়। বিচার করলে হাতির গুণের কথা বলে শেষ করা যাবে না। সেই কবে থেকে আমাদের সমাজে এ কথা চালু যে মরা হাতির দাম লাখ টাকা!
হাতি যে বনভূমিতে থাকে, সেখানকার রক্ষক সে। হাতির দাপটে বনজ সম্পদের লুটপাট কম হয়। হাতির খাবারও আহামরি কিছু নয়। কিছু কদলী-কাণ্ড, ঘাস, ফলপাকড়, লতাপাতা পেলেই সে খুশি।
সেকালে রাজা-বাদশাদের জাঁকাল বাহন বলতে হাতির বিকল্প অন্য কিছু ছিল না। তলোয়ার-বল্লমের যুগে রণক্ষেত্রে যোদ্ধাদের বাহন হিসেবে দেদার ব্যবহৃত হয়েছে হাতি। আর হাতির দাঁত? সে তো সর্বকালের সেরা রত্ন। আমাদের জাতীয় জাদুঘরে হাতির দাঁতের তৈরি যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এসব জিনিসের দিকে তাকালে চোখ ফেরাতে ইচ্ছা করে না। দুর্গম পাহাড়ি পথে এখনো বাহন হিসেবে ও ভারী জিনিস স্থানান্তরে পোষা হাতির ব্যবহার ব্যাপক। সার্কাস বা ক্রীড়া-কৌতুকে হাতির নানা কারিশমা এখনো সবাইকে তাক লাগিয়ে দেয়।
হাতির মমত্ববোধ শিক্ষণীয়। একটি বাচ্চা হাতির কাদায় আটকালে কেবল তার মা-ই নয়, পুরো হাতির পাল নেমে পড়ে। একটি পালের কোনো হাতি বিপদে পড়লে অন্যরা জীবন বাজি রেখে সহযোগিতা করে। তাদের বন্ধুত্ব ও সহমর্মিতাবোধ অনুকরণীয়। হাতির এই বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে বহু সিনেমা তৈরি হয়েছে। সত্তরের দশকে রাজেশ খান্না অভিনীত হিন্দি ছবি ‘হাতি মেরে সাথি’ ছবিতে হাতির নানা কর্মকাণ্ড দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। গোটা উপমহাদেশেই ছবিটি দর্শকপ্রিয় হয়ে ওঠে। ছোট-বড় সবার প্রিয় টিভি সিরিজ ‘টারজান’-এর বিভিন্ন পর্বেও হাতির বুদ্ধিদীপ্ত আচরণ সব বয়সী দর্শকদের মুগ্ধ করেছে। এমন উদাহরণ দেওয়া যায় ভূরি ভূরি।
মনে পড়ে, কৈশোরে পড়া প্রখ্যাত লেখক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘আদরিণী’ গল্পের কথা। এই অসাধারণ গল্পের নামভূমিকায় রয়েছে একটি হস্তিনী। এক ডাকসাইটে মোক্তার জমিদারের নিমন্ত্রণে যেতে একটি হাতির জন্য আবেদন করেন। কিন্তু জমিদার এতে আমল দেননি। এতে মোক্তার মশাই অপমানিত বোধ করেন। পরে তিনি অল্প বয়সী এক হাতি কিনে সঙ্গীদের নিয়ে জমিদারবাড়িতে যান। এক ফাঁকে জমিদারকে জুতসই জবাব দিয়ে বেশ তৃপ্তি লাভ করেন। পরবর্তী সময়ে এই আদরিণী মোক্তার পরিবারের একজন সদস্য বনে যায়। মোক্তারের জীবনের ক্রান্তিকালে এই হাতি যাত্রী বহন করে পরিবারের আয়ের উৎস হয়ে দাঁড়ায়। একপর্যায়ে বাধ্য হয়ে হাতিটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেন মোক্তার মশাই। আদরিণীর করুণ মৃত্যুর মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। এই হাতির জন্য মনিবের যে আকুতি, এতে কন্যার প্রতি বাবার স্নেহ ফুটে উঠেছে। বিজাতীয় দুটি প্রাণীর মধ্যে চিরন্তন মমত্ববোধের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সার্থক হয়ে উঠেছে গল্পটি।
‘বঙ্গ বাহাদুর’ আদরিণীর মতো পোষা হাতি নয়। বুনো। তাও আবার প্রতিবেশী দেশ থেকে বানের জলে ভেসে আসা। এই বানভাসি হাতিটিকে জামালপুরের সরিষাবাড়ীর মানুষ মোটেও ভিনদেশি বলে গ্রহণ করেনি; বরং আপন করে নিয়েছিল। প্রথমবার চেতনানাশক প্রয়োগের পর হাতিটি যখন জলাশয়ে নেমে মরো মরো, তখন গ্রামবাসী সবাই মিলে যেভাবে তাকে উদ্ধার করেছে। নিখাদ ভালোবাসা থাকলেই কেবল তা সম্ভব। হাতিটি মারা যাওয়ার পর স্থানীয় লোকজনের অনেকেই কেঁদেছে। অনেকে জানিয়েছেন নীরব সহানুভূতি। এটাই গ্রামবাংলার দয়ার্দ্র মানুষের চিরন্তন ভালোবাসা।