'বন্দুকযুদ্ধ' কি স্থায়ী ব্যবস্থা হয়ে উঠল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরং: তুলি
অলংকরং: তুলি

ফয়জুল্লাহ ফাহিমের পর শরিফুল (মুকুল রানা)। তারপর, এই লেখাটি যখন তৈরি হচ্ছে, তখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে খবর এল, সেখানে আবদুস সাত্তার নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। প্রায় প্রতিদিনের খবর হয়ে উঠল বন্দুকযুদ্ধ। সাংবাদিকতার অঙ্গনে বলা হয়, যে ঘটনা প্রতিনিয়তই ঘটে, তার সংবাদমূল্য হারিয়ে যায়। সংবাদমাধ্যমের কাছে তার গুরুত্ব আর থাকে না।
কিন্তু বন্দুকযুদ্ধের খবর সাংবাদিকেরা প্রকাশ করেই চলেছেন। কারণ, বিষয়টা মানুষের জীবন নিয়ে। বেঁচে থাকার অধিকার নিয়ে। মানুষের জীবনের গুরুত্ব কখনো কোনো যুক্তিতেই খাটো করে দেখা চলে না। কেউ জঙ্গি, সন্ত্রাসী, খুনি, ধর্ষক, ডাকাত বা আরও কোনো জঘন্য অপরাধী হলেও তাঁর বেঁচে থাকার অধিকার হরণ করা যায় না। তাঁকে মৃত্যুদণ্ড দিয়ে সেই অধিকার কেড়ে নিতে হলে আইনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে আদালতের রায়ের মাধ্যমেই শুধু তা করা যায়। অন্য কোনোভাবেই তাঁর প্রাণ হরণ করার অধিকার কারও নেই।
কিন্তু এক যুগ ধরে বাংলাদেশের সংবাদমাধ্যম ও নাগরিক সমাজ এই অতি সাধারণ বিষয়টি এ দেশের সরকারগুলোর নীতিনির্ধাকরদের বোঝাতে পারছে না। ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার সন্ত্রাসসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমন করার উদ্দেশ্যে গঠন করে ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ বা র‍্যাব নামে এক ‘এলিট স্ট্রাইকিং ফোর্স’, যারা ওই বছরের জুনে কাজ শুরু করার পরেই শুরু হয় তথাকথিত ‘ক্রসফায়ার’, আজ যেটাকে বলা হচ্ছে বন্দুকযুদ্ধ। সে বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে র‍্যাবের ক্রসফায়ারে প্রাণ হারান ৬৩ জন। আমরা তখন বলেছিলাম, অপরাধ দমনের এই শর্টকাট পন্থা আইন প্রয়োগব্যবস্থার সুদূরপ্রসারী ক্ষতি ডেকে আনবে। অপরাধ দমন করতে গিয়ে দয়া করে ‘ডিউ প্রসেস’ বা যথাযথ আইনানুগ পন্থার বাইরে যাবেন না।
কিন্তু আমাদের কথা আমলে নেওয়া হয়নি; বরং র‍্যাবের ক্রসফায়ার দারুণ ‘সাফল্য’ এনে দিচ্ছিল। মূলত ক্রসফায়ারের কারণেই র‍্যাব জনগণের প্রশংসা কুড়িয়েছিল বলে এর সংখ্যা ক্রমেই বাড়ছিল। ২০০৪ সালের জুন থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত—এই সাত মাসেই র‍্যাবের ক্রসফায়ার সেঞ্চুরি পূরণ করে। আর ২০০৫ সাল শেষ হতে হতে এ সংখ্যা দাঁড়ায় ৩৫৪!
সন্দেহভাজন অপরাধী, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মী, এমনকি নিরীহ সাধারণ মানুষের ‘বিচারবহির্ভূত হত্যা’র সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের পাশাপাশি আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছিল। উইকিলিকসের ফাঁস করা গোপনীয় মার্কিন কূটনৈতিক তারবার্তাগুলো থেকে আমরা জানতে পারি, যুক্তরাষ্ট্রের সরকার র‍্যাব গঠনের শুরু থেকেই ক্রসফায়ারের প্রবল বিরোধিতা করেছিল। মার্কিন দূতাবাস যখনই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রশ্নটি তুলত, তখন তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এটা একটা ‘আশু প্রয়োজনীয় স্বল্পমেয়াদি ব্যবস্থা’ (ন্যাসেসারি শর্ট-টার্ম এক্সপিডিয়েন্ট)। সন্ত্রাস ও অপরাধবৃত্তি এমনই গুরুতর এক সমস্যায় পরিণত হয়েছে যে তা সমাধানের আশু পদক্ষেপ হিসেবে ক্রসফায়ারের সুযোগ সরকারকে নিতে হচ্ছে। কিন্তু এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়৷
কিন্তু সেই আশু প্রয়োজনীয় স্বল্পমেয়াদি ব্যবস্থাটি দিনে দিনে একটা স্থায়ী ব্যবস্থায় রূপ নিয়েছে। আরও লক্ষ করার বিষয় হলো, ক্রসফায়ার নামের বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলো র‍্যাবের পাশাপাশি পুলিশ বাহিনীর মধ্যেও সঞ্চারিত হয়েছে খুব দ্রুতগতিতে। এ বিষয়টি বিশেষভাবে লক্ষ করেছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ২০০৫ সালের ২৩ আগস্ট দূতাবাসের তৎকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ শামাস র‍্যাবের এক বছর পূর্তির প্রেক্ষাপটে লেখা এবং ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে পাঠানো এক গোপনীয় তারবার্তার এক জায়গায় লেখেন, ক্রসফায়ারের বিষয়টি পুলিশ বিভাগের মধ্যেও ছড়িয়ে পড়েছে। র‍্যাবের ক্রসফায়ারের তুলনায় প্রায় তিন গুণ বেশি ক্রসফায়ার ঘটিয়েছেন পুলিশের সদস্যরা। জুডিথ শামাসের দেওয়া হিসাব অনুযায়ী, ২০০৪ সালের জুন থেকে ২০০৫ সালের জুলাই পর্যন্ত র‍্যাবের সদস্যদের হাতে ক্রসফায়ারের ঘটনা ঘটেছে ১১৭টি। ২০০৪ সালের জুন থেকে ২০০৫ সালের ২৩ আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় একই সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের হাতে ক্রসফায়ার ঘটেছে ২৪৫টি।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, ২০১৫ সালের ১২ মাসে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন ৫০ জন, আর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন ৭০ জন। ডিবি বা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন আরও ১৪ জন। পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে পাঁচটি।
শুধু ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের হেফাজতে থাকা অবস্থায়ও অনেক মানুষের মৃত্যু ঘটে। আর বন্দুকযুদ্ধেরও দুটি ধরন আছে। একটা গ্রেপ্তার ছাড়াই বা গ্রেপ্তারের আগে, অন্যটা গ্রেপ্তারের পরে। এ ছাড়া শুট-আউট বা গুলি করে মারার ঘটনাও বেশ ঘটে। লেখক অভিজিৎ রায়ের হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে যে শরিফুলকে, তিনি মারা গেছেন এ রকম শুট-আউটে। যদিও তাঁর পরিবার বলছে, তিনি চার মাস ধরে নিখোঁজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেনি যে তিনি তাদের হাতে আটক ছিলেন। গ্রেপ্তার বা আটক না দেখিয়ে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার সময় নির্যাতন করার অভিযোগ আছে। তারপর কোনো এক সময়ে বন্দুকযুদ্ধ বা শুট-আউটে মারা যাওয়ার দাবিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে থাকে।
যাঁরা বন্দুকযুদ্ধে প্রাণ হারাচ্ছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাঁদের প্রত্যেককে কোনো না কোনো অপরাধের দায়ে অভিযুক্ত করছে। ফয়জুল্লাহ আর শরিফুল জঙ্গি পরিচয়ে বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন। তাঁরা হয়তো জঙ্গিই ছিলেন, বিশেষ করে ফয়জুল্লাহ, যিনি এক হিন্দু শিক্ষককে কুপিয়ে হত্যা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন। আর ব্রাহ্মণবাড়িয়ার সাত্তারকে পুলিশ বলছে ‘দুর্ধর্ষ ডাকাত’, তাঁর বিরুদ্ধে আধা ডজন ডাকাতির মামলা আছে।
অর্থাৎ, যাঁদের সঙ্গে বন্দুকযুদ্ধ ঘটে, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা যেন জনগণকে বোঝাতে চান তাঁরা জঙ্গি, খুনি, ধর্ষক, ডাকাত ইত্যাদি গুরুতর অপরাধী ছাড়া কারও সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হন না; কোনো নিরীহ ভালো মানুষের সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয় না। তাই তাঁদের সঙ্গে বন্দুকযুদ্ধে যে ব্যক্তি প্রাণ হারাবেন, তাঁকে অতি অবশ্যই একজন গুরুতর অপরাধী বলে মনে করতে হবে।
কিন্তু বাস্তবতা হলো, আইন প্রয়োগকারী সংস্থা ও বাহিনীগুলোর বিশ্বাসযোগ্যতা কমতে কমতে এখন প্রায় শূন্যের কোঠায় ঠেকতে বসেছে। তারা যখন সন্দেহভাজন আসামি গ্রেপ্তার করে তাঁদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সংবাদ সম্মেলনে হাজির করে, তখন জনগণ তাঁদের দিকে তাকায় গভীর সংশয়ের দৃষ্টিতে। তারপর সেই হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা আসামি যখন হাতকড়া পরা অবস্থায় বন্দুকযুদ্ধে লাশে পরিণত হন, তখন জনগণের সংশয় পরিণত হয় ঘোর সন্দেহে।
ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ—হরেক নামে যেসব ঘটনায় সন্দেহভাজন অপরাধীদের বুক ফুটো হয়ে যায় এবং তাঁরা লাশে পরিণত হন, তাঁদের মৃত্যু সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনীগুলো যে গল্প বলে, তা এখন আর কেউ বিশ্বাস করে বলে মনে হয় না। যাঁদের হাতে আইন প্রয়োগ করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব, তাঁদের ওপর থেকে যদি জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়ে যায়, তাহলে এর চেয়ে হতাশাব্যঞ্জক পরিস্থিতি আর হয় না।
বেআইনি ও নিষ্ঠুর পন্থা হিসেবে বন্দুকযুদ্ধ আমাদের আইন প্রয়োগব্যবস্থার স্থায়ী অংশ হয়ে উঠুক—এই সর্বনাশ ঠেকাতে হবে। বর্তমান সরকারের নীতিনির্ধারকদের মধ্যে অনেকে আছেন, যাঁরা বিএনপির আমলে ক্রসফায়ারের কঠোর সমালোচনা করেছিলেন।
বর্তমানের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল, তারা ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করবে। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা সেই অঙ্গীকারের কথা ভুলে গেছে। ক্রসফায়ার, গুম ইত্যাদির জন্য র‍্যাবের নাম বেশি হয়েছে বলে এই বাহিনীর প্রতিষ্ঠাতা সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এখন বলতে শোনা যায়, ‘র‍্যাবের প্রয়োজন ফুরিয়ে গেছে।’
বন্দুকযুদ্ধ এখন শুধু র‍্যাব নয়, পুলিশ এমনকি ডিবি পুলিশেরও নিয়মিত চর্চার বিষয় হয়ে উঠেছে। যখন যাঁরা ক্ষমতায় থাকবেন, তখন তাঁরা নিজ নিজ সুবিধা অনুযায়ী এভাবে আইন প্রয়োগের দায়িত্বে নিয়োজিত সংস্থা ও বাহিনীগুলোর প্রাতিষ্ঠানিক ক্ষয় বাড়িয়ে চলবেন—এই সর্বনাশা চর্চা বন্ধ হোক।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]