‘বাংলাদেশটা যদি নারায়ণগঞ্জ হতো!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে মস্ত বড় ভুল করেছিল, তা অকপটে স্বীকার না করে এখন সেই ভুলের পক্ষে নানা যুক্তি তুলে ধরছে। অর্থাৎ ভুলকেই তারা সঠিক প্রমাণের ব্যর্থ চেষ্টায় নিয়োজিত আছে। প্রবাদ আছে, কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়। কিন্তু আমাদের অতি বিজ্ঞ নেতা-নেত্রীরা মনে করেন, দেশের সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায়।প্রথমে বিরোধী দল বিএনপির সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাক। দলটি প্রকাশ্যে তৈমুর আলম খন্দকারকে সমর্থন জানায়, তাঁর পক্ষে কেন্দ্রীয় নেতারা প্রচার চালান; তাঁর বিজয়ের ব্যাপারেও আশাবাদী ছিলেন। নির্বাচন সামনে রেখে স্থানীয় বিএনপি ও চারদলীয় জোটের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছিলেন। ইভিএম, সেনা মোতায়েন ইত্যাদি নিয়ে বিতর্ক হলেও স্থানীয় নির্বাচনের জন্য বিএনপির নেতারা কিছুটা ছাড় দেওয়ার কথা বলেছিলেন। সরকার যখন নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে সেনা মোতায়েনে অস্বীকৃতি জানায়, তখনো দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বললেন, সরকারের মুখোশ উন্মোচন করতেই তাঁদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু মুখোশ উন্মোচনের আগেই মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তৈমুর আলম খন্দকারকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেয়। আর তিনি নারায়ণগঞ্জবাসীকে ঘুম থেকে জাগিয়ে কান্নাজড়িত কণ্ঠে সেই মহাদুঃসংবাদটি দেন। তাতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের জেদ বজায় থাকলেও ঈদের আগেই কোরবানি হন তৈমুর আলম খন্দকার।বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্যই সেনাবাহিনী মোতায়েন করেনি। লক্ষ্মীপুরের এই ঝানু রাজনীতিক যদি জেনেই থাকেন যে সরকার তাঁদের নির্বাচনের বাইরে রাখতে চাইছে, তাহলে তাঁদের কর্তব্য ছিল, নির্বাচনে সক্রিয় অংশ নিয়ে সরকারের ষড়যন্ত্র নস্যাৎ করা; এভাবে দলীয় প্রার্থীকে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করা নয়। যে দল স্থানীয় একজন নেতা বা প্রার্থীর সম্মান রাখতে পারে না, সেই দল দেশ ও জনগণের সম্মান রাখবে কীভাবে?তবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ধাপ্পাবাজিটা ছিল অতুলনীয়। পত্রিকার খবর থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলিনা হায়াৎ আইভীর বিজয়ে খুশি হয়েছেন। অস্ট্রেলিয়ায় বসেই তিনি সে দেশের এক নারী মেয়রকে বলেছেন, ‘আমাদের দেশেও একজন নারী মেয়র হতে যাচ্ছেন।’ কিন্তু প্রধানমন্ত্রী কি একবার নিজেকে প্রশ্ন করেছেন? মেয়র পদে যে নারী প্রার্থীর জয়ের ব্যাপারে তিনি এতটা আশাবাদী, তাঁকে কেন মৌন সমর্থনও জানালেন না? কেন দলের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে গেলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী ও বিতর্কিত প্রার্থীর পক্ষে প্রচার চালাতে? প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে যিনি বাধা ছিলেন, তাঁকেও গণভবনে ডেকে নিয়েছেন। এর মাধ্যমে নারায়ণগঞ্জবাসী কী বার্তা পেল?আজ নারায়ণগঞ্জে আইভী না জিতে যদি শামীম ওসমান জিততেন, তাহলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কী বলতেন? তাঁরা বলতেন, ‘আমরা আগেই জানতাম, শামীম ওসমানই জিতবেন। নারায়ণগঞ্জে তাঁর বিকল্প নেই। আইভীর টাকা নেই, মাস্তান বাহিনী নেই। তিনি কী করে নির্বাচনে জিতবেন?’সাবাস নারায়ণগঞ্জবাসী। তারা দেখিয়ে দিয়েছে, টাকা ও মাস্তান বাহিনী না থাকলেও নির্বাচনে জেতা যায়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের নেতাদের বক্তৃতা-বিবৃতি একত্র করে নোবেল কমিটির কাছে পাঠানো যেতে পারে। স্ববিরোধী রাজনীতি এবং শান্তি ও সন্ত্রাসের সহাবস্থানের জন্য যদি কোনো নোবেল পুরস্কার চালু করা হয়, আওয়ামী লীগই এর প্রথম দাবিদার হবে। নির্বাচনে যেকোনো প্রার্থীকে সমর্থন করার অধিকার যেকোনো নাগরিক, কমিটি কিংবা দলের আছে। সৎসাহস থাকলে আওয়ামী লীগের নেতারা বলতে পারতেন, ‘ভালো হোক মন্দ হোক, আমরা শামীম ওসমানকে সমর্থন করেছি।’ তা বলবেন না। কেননা, তাতে যে তাঁদের রাজনৈতিক ভুল প্রমাণিত হবে। কিন্তু আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কখনো ‘ভুল’ করেন না; করতে পারেন না। তাঁরা ভুল করলে শেয়ারবাজারে লাখ লাখ খুদে বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যেতেন না, পদ্মা সেতুর কাজ আটকে যেত না। সারা দেশে সড়ক, রেল ও নৌপথের বেহাল অবস্থা হতো না। তাঁরা ভুল করলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও বেকসুর খালাস পেত না। তাঁরা ভুল করলে তিন বছরের মাথায় গণতান্ত্রিক ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান এভাবে প্রশ্নবিদ্ধ হতো না। তাঁরা ভুল করলে প্রধানমন্ত্রী ‘আমরাই ফার্স্ট ও সেকেন্ড এবং অন্যদের পাত্তাই নেই’ বলে মন্তব্য করতেন না।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনটি কেবল দলীয় নির্বাচন ছিল না; ছিল না প্রার্থীর জয়-পরাজয়ের নির্বাচনও। এই নির্বাচন ছিল অশুভের বিরুদ্ধে শুভর বিজয়, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বিজয়, নষ্ট রাজনীতির বিরুদ্ধে গণকল্যাণকামী রাজনীতির শুভ সূচনা। সেলিনা হায়াৎ আইভী একটি দল করেন বটে; কিন্তু তাঁর আবেদন ও আহ্বান দলের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হয়েছিল সর্বশ্রেণী ও পেশার মানুষের মধ্যে। এই নির্বাচনে ব্যক্তিবিশেষের জয়-পরাজয় বড় হয়ে ওঠেনি; বড় হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্বাস ও পথের। নারায়ণগঞ্জের সব দল, সব মানুষই আইভীর বিজয়ে খুশি হয়েছে, নিজেদের বিজয় বলে অভিহিত করেছে। এমনকি যে প্রার্থী ভোটের দিন ‘সাজানো নির্বাচন’ বলে আস্ফাালন করেছিলেন, তাঁকেও গণরায় মেনে নিতে হয়েছে। স্থানীয় ও জাতীয় নির্বাচনের পর বিভিন্ন স্থানে যে ধরনের সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে, তা-ও এখানে অনুপস্থিত ছিল। আইভীর বিজয়কে মানুষ দলের বিজয় মনে করেনি, করেছে তাদের সবার বিজয়।নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের অবস্থান ছিল দুই মেরুতে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করত, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই শামীম ওসমান। আর স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা আকরম-আইভীর নেতৃত্বের প্রতি গভীরভাবে আস্থাশীল ছিলেন। এখন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীরা (যাঁরা আইভীর পক্ষে কাজ করেছেন) যদি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতারা রাজনীতির অ-আ-ক-খও পাঠ করেননি।’ তাহলে কী জবাব দেবেন তাঁরা? নেতারা জনগণের আবেগ-অনুভূতির মূল্য না দিন, দলীয় কর্মীদের আবেগ-অনুভূতি তো উপেক্ষা করতে পারেন না। কেন্দ্রীয় নেতৃত্বের স্বৈরাচারী নীতির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এ আকরম এরই মধ্যে পদত্যাগ করেছেন। আরও কেউ কেউ নাকি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।মনে রাখতে হবে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে দলবিশেষ জয়ী বা পরাজিত হয়নি। এই নির্বাচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি মানুষের জন্য কেউ কাজ করেন, তাহলে নির্বাচনী যুদ্ধে জয়ী হয়ে আসতে তাঁর দল বা অন্য কারও সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। দল যতই বৈরী হোক, নেতৃত্ব যতই অসহযোগিতা করুক, জনগণের ভালোবাসায় তিনি জয়ী হতে পারেন।সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের গণমানুষ পরমতসহিষ্ণুতার যে মহৎ দৃষ্টান্ত দেখিয়েছে, তা থেকে রাজনীতিকদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে, ভারত-পাকিস্তানের মতো চিরবৈরী আওয়ামী লীগ ও বিএনপির জন্য এই নির্বাচন শিক্ষণীয় একটি বিষয় হতে পারে। ছোট পরিসরে নারায়ণগঞ্জের মানুষ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সততা ও নিরপেক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করল, বাংলাদেশের বৃহত্তর পরিসরে তা কি একেবারেই অসম্ভব? দুই দলের কেন্দ্রীয় নেতারা যদি সবকিছু দলীয় দৃষ্টিতে না দেখে জাতীয় প্রেক্ষাপটে দেখেন, ব্যক্তি ও দলের চেয়ে দেশকে বড় করে দেখেন, তাহলে নির্বাচনসহ জাতীয় অনেক সমস্যারই সমাধান হয়ে যেত। বাংলাদেশটা নারায়ণগঞ্জ হতে পারত। কিন্তু দুঃখজনক হলো, দুই দলের কেন্দ্রীয় নেতৃত্বের হিংসাশ্রয়ী রাজনীতি বাংলাদেশটাকে নারায়ণগঞ্জ হতে দেবে না।নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চেতনার যে উন্মেষ লক্ষ করা গিয়েছিল, দুই দলই তা অঙ্কুরে বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এ রকম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সাধুবাদ জানানোর জন্য যে উদারতা দরকার, তা বিরোধী দলের নেই। দলীয় রাজনৈতিক স্বার্থে তারা নিজেদের প্রার্থীকে কোরবানি দিতেও দ্বিধা করেনি। আবার সরকারি দলও ‘আমরাই ফার্স্ট ও সেকেন্ড’ বলে বিরোধী দলের অস্তিত্ব মানতেই চাইছে না। আগামী জাতীয় নির্বাচনেও যদি এই ধারা বজায় থাকে, তাহলে আরেকটি এক-এগারো কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।বাংলাদেশটাকে নারায়ণগঞ্জের মডেল তৈরির কোনো ইচ্ছা বা চেষ্টা আপাতত আমাদের রাজনৈতিক নেতৃত্বের নেই। বরং তারা জাতীয় রাজনীতিকে পুরোদমে সংঘাত-সংঘর্ষের পথেই যে নিয়ে যেতে চাইছে, যার প্রাথমিক আলামত সম্ভবত শুরু হলো নারায়ণগঞ্জের পাশের শহর নরসিংদী থেকেই। সেখানকার জনপ্রিয় পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মামলার ১৪ জন আসামির মধ্যে ১৩ জনই আওয়ামী লীগার, যাঁদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাইও আছেন।এখন কী বলবে আওয়ামী লীগের নেতৃত্ব? সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]