‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৫ সালে বাংলা একাডেমী প্রকাশিত পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান (পরবর্তী নাম বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান) প্রতিষ্ঠানটির এক ঐতিহাসিক অবদান। এই কীর্তির নেতৃপুরুষ ছিলেন নানা বিদ্যা ও ভাষায় অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী ড. মুহম্মদ শহীদুল্লাহ্। তিনি নেতৃত্ব না দিলে এ ধরনের একটি বিশাল, জটিল ও শ্রমসাধ্য সূক্ষ্ম পাণ্ডিত্যপূর্ণ কাজ করা সম্ভব হতো কি না, বলা মুশকিল। ড. মুহম্মদ এনামুল হক, মুহাম্মদ আবদুল হাই, অধ্যাপক মুনীর চৌধুরী, ড. কাজী দীন মুহাম্মদ প্রমুখ ভাষা বিশেষজ্ঞকে উপদেষ্টা করে এ কাজটি তিনি দক্ষ হাতে সম্পন্ন করেন।পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে আত্মপ্রকাশ করলেও ড. শহীদুল্লাহ্ আঞ্চলিক ভাষার এই অভিধানের মাধ্যমে বাংলা ভাষা-সাহিত্য এবং বাঙালি জীবনের স্বকীয় চরিত্র ও বৈশিষ্ট্যকেও এর মাধ্যমে ধারণ করার একটি দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারণ, এই অভিধানে তাঁর ভূমিকায় বাংলা, বাঙালিত্ব এবং এ অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রাচীন সাহিত্যে ‘বাংলা’ বা ‘বঙ্গাল’ নাম কোথায় কোথায় পাওয়া গেছে, সেগুলোই তিনি বিশেষভাবে চিহ্নিত করেছেন। সেই পটভূমিকাতেই তিনি পশ্চিম ও পূর্ব বাংলার আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য নির্ধারণের প্রয়াস পেয়েছেন। অতি সংক্ষেপে উপমহাদেশের এই অঞ্চলের বাংলা ও বাঙালির গুরুত্বও তুলে ধরেছেন। তিনি যা বলেছেন, তাতে বর্তমান বাংলাদেশ অঞ্চল প্রাচীনকালে বৌদ্ধ ধর্মের লীলাভূমি ছিল। এই বিষয়টি ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুরের সভ্যতার উল্লেখ করে বোঝাতে চেয়েছেন। তিনি এ কথাও বলেছেন, বৌদ্ধ রাজারা দেশীয় ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। সংস্কৃতেরও বিরোধী ছিলেন না। অন্যদিকে, পশ্চিমবঙ্গ বা রাঢ় দেশে প্রথমে সুর রাজবংশ এবং পরে সেন রাজবংশ ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিল। সে জন্য তারা দেশি ভাষাকে অবজ্ঞা করত, উৎসাহ দিত সংস্কৃত ভাষার চর্চা ও বিকাশের। এ কারণে প্রাচীন বাংলা সাহিত্যের সূচনা বর্তমান পশ্চিমবঙ্গ বা প্রাচীন রাঢ় বঙ্গে হয়নি। কিন্তু বর্তমান বাংলাদেশ অর্থাৎ বরেন্দ্র এবং বঙ্গ—যাকে একসময় পূর্ববঙ্গ এবং বর্তমানে বাংলাদেশ বলা হয়, সেখানেই হয়েছে। বাংলা ভাষার এই উৎস মুসলমানদের এ অঞ্চল অধিকারের আগেই। ১৩৩৭ খ্রিষ্টাব্দে আমির খসরু দেশীয় ভাষাগুলোর মধ্যে গৌড় ও বঙ্গালের নাম উল্লেখ করেছিলেন। রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ভাষার ব্যাকরণ। সে বিষয়টিও বিশেষভাবে অনুধাবন করার মতো।‘বঙ্গাল’ শব্দটি রাজেন্দ্র চোলের একাদশ শতকের শিলালিপিতে ব্যবহূত হয়েছে। এই বঙ্গাল দেশের রাজার নাম ছিল ‘গোবিন্দ চন্দ্র’। তিনি চন্দ্র বংশীয় রাজা ছিলেন। অতএব ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, প্রাচীন বাংলা ভাষার উদ্ভব বর্তমান বাংলাদেশ বা তৎকালীন প্রাচীন বঙ্গের বরিশাল, ফরিদপুর বা তৎসংলগ্ন অঞ্চলে। নাথ যোগীদের সাহিত্য এ অঞ্চলে সূচনা হয় বলে মনে করা যেতে পারে।দুইবাংলা একাডেমী ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সম্পাদকতায় এই গুরুত্বপূর্ণ কাজে যে হাত দিয়েছিল, তার মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বাংলা ভাষার আদর্শ অভিধান রচনার সূত্রপাত করা। আগে যেসব বাংলা অভিধান রচিত হয়েছিল, তাতে এভাবে মূল থেকে বাংলা ভাষার অভিধান রচনার কাজ করা হয়নি। অতএব বাংলা একাডেমীর এই কাজের ঐতিহাসিক গুরুত্ব ছিল অসাধারণ। কাজটি শেষ করে বাংলা একাডেমী একটি ব্যবহারিক বাংলা অভিধান প্রণয়নের কাজেও হাত দেয়। আগে আঞ্চলিক ভাষার অভিধান-এর কাজটি করে নেওয়ার ফলে ব্যবহারিক অভিধান একটি মৌলিক ভিত্তির ওপর দাঁড়াবে—এটাই ছিল সেকালে পূর্ব বাংলার পণ্ডিতদের পরিপক্ব বোধ।কিন্তু এই কাজ তো সহজ ছিল না। পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের উপভাষার মধ্যে পার্থক্য অনেক। বলা চলে, পশ্চিম বাংলায় একটি বিরাট অঞ্চলে প্রায় একই রকম কথ্যভাষা তখন গড়ে উঠেছে। প্রধানত নদীয়ার ভদ্রলোকের ভাষাকে অবলম্বন করে পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, বর্ধমান—এইসব শহর অঞ্চলের শিক্ষিতজনের মধ্যে কথ্য বুলিতে খুব ফারাক ছিল না। বোধগম্যতার ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু পূর্ব বাংলা এদিক থেকে একেবারেই আলাদা। পূর্ব বাংলায় বিশেষ কোনো অঞ্চলের ভাষাই সাধারণ ভাষার রূপ পরিগ্রহ করেনি। তা ছাড়া সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী এমনকি বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষার সঙ্গেও যে বিশাল পার্থক্য, তাতে এখানে একটি সমধর্মী বা ইউনিফর্ম ভাষা শিক্ষিত লোকেদের মধ্যেও প্রচলিত নাই। সহসা এমনটি হবে, এ রকম সম্ভাবনাও নাই। সে কারণেই ড. মুহম্মদ শহীদুল্লাহ্ পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে প্রচলিত আপাত বিভিন্ন ভাষারূপের প্রকৃতি নিরূপণ ও প্রবহমানতা বিশ্লেষণ করার ওপর জোর দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, এটি অনুপুঙ্খভাবে করা গেলে বাংলাদেশের ভাষার মূল প্রবণতাগুলো বোঝা সম্ভব হবে এবং তারই ভিত্তিতে একটি আঞ্চলিক ভাষার অভিধান করা যথাযথ। এই আঞ্চলিক ভাষার অভিধানের ওপর ভিত্তি করেই একটি ব্যবহারিক অভিধান রচনা করা সমীচীন হবে। কারণ নতুন ব্যবহারিক অভিধানে আঞ্চলিক ভাষার অন্তর্ভুক্তিতে অভিধান সমৃদ্ধ হয় এবং এক অঞ্চলের আঞ্চলিক ভাষা অনেক অঞ্চলের কাছে গৃহীত হয়ে থাকে। শহীদুল্লাহ্র এই প্রয়াসটি ইতিহাসবোধসম্পন্ন এবং ভাষা বিকাশের বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রবহমানতার সঙ্গে সাযুজ্যপূর্ণ। সেই বিবেচনায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্র আঞ্চলিক ভাষার অভিধান শুধু বাংলাদেশে নয়, গোটা বঙ্গদেশের জন্যই এক মূল্যবান কীর্তি। এসব দিক বিবেচনা করেই বাংলা ভাষার অসামান্য পণ্ডিত ও ঐতিহাসিক ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্র আঞ্চলিক ভাষার অভিধানকে তাঁর ‘ম্যাগনাম ওপাস’ বা ‘মহাগ্রন্থ’ বলে আখ্যাত করেছিলেন।ড. মুহম্মদ শহীদুল্লাহ্র এই আঞ্চলিক ভাষার অভিধান গত শতাধিক বছরের মধ্যে বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদই শুধু নয়, দিকনির্দেশক মহাগ্রন্থও বটে।