বাবা চলে যাওয়ার পর তাঁর সম্পর্কে লিখতে গিয়ে তাঁর কথাই কেবল মনে পড়ছে। আমার দেহ-মন জুড়ে আমার বাবা। বাবা আমার চিন্তার জগৎ, আমার চেতনা, আমার আদর্শ, আমার ভালোবাসা, আমার গর্ব। হয়তো অনেক সন্তানের ক্ষেত্রেই এটা সত্য। আমার বাবা অত্যন্ত সহজ, সরল ও শিশুসুলভ মানুষ ছিলেন। ছোট ভাই সঙ্গীকে (রোমাঞ্চ রায়) নিয়ে আমাদের ছোট্ট গোছানো সংসার ছিল। আমাদের ঠাকুরদা ও ঠাকুরমা তখন রংপুরে থাকতেন। ছোট্ট থেকেই বাবার ভীষণ আদরে বড় হয়েছি। ছোট থেকেই আমি চঞ্চল ছিলাম। কোনো অপরাধ করে ফেললে মা বকুনি দিলে বাবা ছিলেন আমার আশ্রয়। বাবা সব সময় আমাকে বোঝাতেন। হাত ধরে স্কুলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। এমনকি যখন এইচএসসিতে ভর্তি হলাম, সে সময় পুরো দুই বছর বাবার সঙ্গে কলেজে যাতায়াত করেছি। তারপর লেখাপড়ার সূত্রে কলকাতায় যাওয়ার পর সব সময় বাবাকে মিস করতাম। প্রায় রোজই আমার খোঁজ নিতেন। বাবা নেই এক বছর হয়ে গেল। বাবা নেই, সেটা মেনে নেওয়াটা এখনো কষ্টকর। আমি বৈবাহিক সূত্রে চট্টগ্রামে থাকি। যখনই বাবার কথা, মায়ের কথা মনে পড়ে, নিজের সংসার ফেলে ঢাকায় ছুটে যেতাম। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে যেতাম অদ্ভুত ভালো লাগা নিয়ে। বাবা চলে যাবেন জেনেই হয়তো শেষের দিকে বেশ কিছুদিন আমার বাড়িতে ছিলেন। তাঁর শরীরটা খারাপ বলেই আমি বাবাকে গত বছরের ২৪ জুলাই চট্টগ্রামে আমার কাছে নিয়ে আসি। বাবা প্রায় ২০ দিন ছিলেন এখানে। বহু দিন পর সে সময় বাবাকে একটু একান্তভাবে পেয়েছি। বাবার তখন একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল। রক্তচাপটা ওঠানামা করছিল। তা দেখে তাঁকে নিয়ে ঢাকায় চলে যাই। তাঁর চোখে সমস্যা হচ্ছিল। দুই চোখে ছানি পড়েছিল। ওই বছরের ১৭ আগস্ট ছানি অপারেশন করে চোখে লেন্স দিয়ে দেন চিকিৎসক। ১৮ তারিখ থেকেই বাবা চোখে ভালো করে দেখতে পারছিলেন। তখন পত্রিকা পড়তে গিয়ে তারেক মাসুদ ও মিশুক মুনীরের চলে যাওয়ার কথা জানতে পারেন। আমাকে তাঁদের সম্পর্কে জিজ্ঞেস করেন। আমি বললাম, ওই যে মুক্তির গান ছবিটা তৈরি করেছিলেন তারেক মাসুদ আর মিশুক মুনীর শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। তখনই বাবা বলেছিলেন, ‘আমাদের মুনীর ভাইয়ের ছেলে? আমার ভালো ভক্ত ছিলেন মুনীর ভাই। আমাকে স্নেহ করতেন খুব। আমি তো বুড়ো হয়ে গেছি। আমার আর বেঁচে থেকে কী লাভ? বরং ওরা বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত।’বাবা বলতেন, দেশের কাছে অনেক ঋণ, দেশ তাঁকে অনেক কিছু দিয়েছে। তাই তাঁর চিন্তা-চেতনায় দেশ ছিল সবার আগে। শেষ পর্যন্ত তিনি ভালো কিছু করার চেষ্টা করে গেছেন। ভালো কিছু কবিতায় সুর দেওয়া, নতুন নতুন গান দিয়ে বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করা, যাতে অপসংস্কৃতি এবং সকল কালো আঁধার থেকে এ দেশকে বাঁচানো যায়। বাবার তৈরি ‘অভ্যুদয় সংগীত অঙ্গন’ এখনো দাঁড়িয়ে আছে। আমার ওপর দায়িত্ব বর্তেছিল আর সে থেকেই চট্টগ্রামে এর একটি শাখাও খোলা হয়। অভ্যুদয়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে গত বছরের মার্চে তিনি চট্টগ্রাম এসেছিলেন। সঙ্গে কামাল লোহানী কাকু। এই দুই মানুষকে পেয়ে ধন্য হয়েছিল চট্টগ্রামের মানুষ। বাবা আমার অহংকার। বাবার চলে যাওয়ার স্মৃতিটা এখনো আমাকে কাঁদায়। ২৯ আগস্ট তাঁকে বারডেমে ভর্তি করা হলো। খবর শুনে আমি ও আমার স্বামী প্রদ্যোৎ মজুমদার ঢাকায় গেলাম। ৪ সেপ্টেম্বর যখন বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করে ক্লান্ত, তখন চিকিৎসকেরা আমাকে জিজ্ঞেস করেছিলেন তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে দেবেন কি না? দুপুর একটা ৫ মিনিট। চলে যাওয়ার সময় বাবা আমার ভাই সঙ্গীর হাত ধরে ছিলেন। আস্তে আস্তে হাতটা ছেড়ে দিলেন। আমার মনে হচ্ছিল বাবা যেন বললেন, ‘হাত ধরে নিয়ে চল সখা...।’বাবার শবদেহ ফুলে ফুলে ভরে গিয়েছিল শহীদ মিনারে। যখন বাবার শববাহী গাড়ির সামনে স্বাধীন বাংলার বিশাল পতাকাটি পতপত করে উড়ছে, তখন আমার মনে হয়েছে, বাংলাদেশে আমি সবচেয়ে গর্বিত সন্তান, যাঁর বাবা স্বাধীন বাংলাদেশের পতাকাজুড়ে শুয়ে আছেন।আজ শুধু আমার একটাই আবেদন, অজিত রায়ের স্মৃতি যেন মুছে না যায়। তিনি যেন বেঁচে থাকেন তাঁর সৃষ্টিতে। দ্বিতীয় অজিত রায় আর জন্মাবে না। তিনি ভীষণ নিরহংকার মানুষ ছিলেন। আমার একটাই আবেদন, যেন তাঁর সব গান সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে তাঁর অবদান ও তাঁর সৃষ্টিকে। শ্রেয়সী রায়অজিত রায়ের কন্যা