>স্বাগত ২০১৭, বিদায় ২০১৬। এই পরিপ্রেক্ষিতে গত বছরটা কেমন গেল এবং নতুন বছরে আমাদের কী করণীয়—সে নিয়ে বিশ্বের পুরোধা ভাবুক ও নেতারা নিজেদের মত দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের লেখা ও একজনের সাক্ষাৎকার প্রথম আলোর পাঠকদের জন্য অনুবাদ করে ছাপা হবে, প্রতিদিন দুটি করে। প্রজেক্ট সিন্ডিকেটের লেখা বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশের একমাত্র অনুমোদনপ্রাপ্ত সংবাদপত্র প্রথম আলো। আজ ছাপা হলো ফ্রানসিস ফুকুইয়ামা ও আবদুল্লাহ গুলের লেখা।

২০১৬ সালের ব্যাপক অস্বাভাবিক রাজনীতি ও নতুন পরিস্থিতির মধ্যে বেশি লক্ষণীয় হলো ‘বাস্তব-বর্জিত’ এক পৃথিবীর আবির্ভাব। দৃশ্যত অনিশ্চিত ও অপ্রামাণিক পাল্টা ‘বাস্তব’ এসে নির্ভরযোগ্য সব তথ্যের উৎসকেই প্রশ্নবিদ্ধ করেছে, হুমকির মধ্যে ফেলেছে।
১৯৯০–এর দশকে ইন্টারনেট এবং বৈশ্বিক অন্তর্জালের প্রসার মুক্তির মুহূর্ত এবং বৈশ্বিক গণতন্ত্রের আশীর্বাদ বলে বিবেচিত হয়েছিল। তথ্য ক্ষমতার একটা আকার তৈরি করে। এবং যে মাত্রায় তথ্য আরও সস্তা ও সহজলভ্য হচ্ছিল, সেই মাত্রায় গণতান্ত্রিক জনসাধারণ সেই সব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছিল, যেখানে তারা আগে বাদ পড়ত।
২০০০-এর দশকের গোড়ায় সোশ্যাল মিডিয়ার বিকাশ এই প্রবণতাকেই গতিশীল করেছিল। দুনিয়াজুড়ে সুযোগ করে দিয়েছিল বেশ কটি ‘রঙিন বিপ্লবের’ চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালনকারী গণজাগরণের; ইউক্রেন থেকে মিয়ানমার হয়ে মিসর পর্যন্ত। সমস্তরের মানুষের মধ্যে অবারিত যোগাযোগের এই দুনিয়ায়—পুরোনো কর্তৃত্ববাদী রাষ্ট্রে যাদের দেখা যেত—তথ্যভান্ডারের সেই সাবেক প্রহরীদের এড়ানো সম্ভব হচ্ছিল।
এই ইতিবাচক চিত্রের মধ্যে কিছুটা সত্যতা থাকলেও অন্য এক তমসার দিকও ফুটে উঠছে। পুরোনো কর্তৃত্ববাদী শক্তিগুলোর প্রতিক্রিয়া ছিল দ্বান্দ্বিক। ইন্টারনেট নিয়ন্ত্রণের উপায় তারা শিখে ফেলছিল। চীন যেমন হাজারো সেন্সর বসাত অথবা অনলাইনে প্ররোচক বাহিনী (ট্রল) নামাত কিংবা রাশিয়া যেমন সোশ্যাল মিডিয়ায় সফটওয়্যার বট (রোবটের মতো কম্পিউটার প্রোগ্রাম, যা নিজ থেকে কাজ করে)–এর মাধ্যমে কুতথ্যের বন্যা বইয়ে দিত। ২০১৬ সালে এই বৈশিষ্ট্যগুলো এমনভাবে একযোগে বড় আকারে দেখা দিল, যা বৈদেশিক রাজনীতির সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিকে মিশিয়ে ফেলল।
দেখা গেল, সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে রাশিয়া। রুশ সরকার ডাহা মিথ্যাকে ‘সত্যে’র মতো করে ছড়াল যে ইউক্রেনের জাতীয়তাবাদীরা বাচ্চাদের ক্রুশ কাঠে চড়াচ্ছে, কিংবা ইউক্রেনের সরকারি বাহিনী ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানকে ভূপাতিত করেছে। এই রুশ উৎস থেকেই স্কটল্যান্ডের স্বাধীনতা, ব্রেক্সিট ও ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির বিষয়ে ডাচ গণভোট নিয়ে বিতর্ক ছড়ানো হয়েছে। ইইউর পক্ষের শক্তিকে দুর্বল করার জন্য অনির্ভরযোগ্য ঘটনা সম্পর্কে রটনা ছড়ানোর সুযোগ তারা ছাড়েনি।
কর্তৃত্ববাদী শক্তিগুলোর তরফে কুতথ্যকে হাতিয়ার করা এমনিতেই যথেষ্ট ক্ষতিকর। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় এই চর্চাই সবচেয়ে সফলভাবে শেকড় গেড়েছে। সব রাজনীতিবিদই মিথ্যা বলেন, অথবা আপন সুবিধামতো সত্যে রং চড়ান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই খাসলতকে নতুন ও অদৃষ্টপূর্ব পর্যায়ে নিয়ে গেছেন। এর শুরু কয়েক বছর আগে ‘জন্মদোষবাদের’ ব্যাপক প্রচারের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে তিনি বলার চেষ্টা করেন, প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে হয়নি। ওবামা তাঁর জন্মসনদের প্রমাণ হাজির করার পরও ট্রাম্প মিথ্যাচার চালিয়ে যান।
সাম্প্রতিক প্রেসিডেনশিয়াল বিতর্কে ট্রাম্প ক্রমাগত বলে গেছেন, তিনি কখনোই ইরাক যুদ্ধ সমর্থন করেননি, কখনো জলবায়ু পরিবর্তনকে ভুয়া বলেননি। নির্বাচনের পর তিনি বললেন, তিনি জনপ্রিয় ভোটেও জিতেছেন (তিনি হিলারির চেয়ে দুই মিলিয়নেরও কম ভোট পেয়েছেন), সেটা নাকি জাল নির্বাচনের কারণে দেখানো হয়নি। এগুলো কেবল সত্যের ওপর রং চড়ানো নয়, সহজেই খারিজ করা যায় এমন নির্জলা মিথ্যা। এমন মিথ্যা রটানোর চেয়েও খারাপ হলো এমন মিথ্যাবাদী ও কুখ্যাত লোককে রিপাবলিকান ভোটাররা শাস্তি দিল না!
যাঁরা তথ্যের স্বাধীনতার পক্ষে বলেন, তাঁদের মতে ভুল তথ্য মোকাবিলার গতানুগতিক পথ হলো সঠিক তথ্য প্রচার করা; ধ্যানধারণার বাজারে যা কিনা শীর্ষে উঠে যাবে।

দুর্ভাগ্যজনকভাবে এই নিদান ট্রল আর বটস উপদ্রুত সোশ্যাল মিডিয়ার জগতে সামান্যই কাজ করে। হিসাব করা হয়েছে, এক-তৃতীয়াংশ থেকে এক–চতুর্থাংশ টুইটার ব্যবহারকারী এই পদে পড়েন। ইন্টারনেটের কথা ছিল প্রহরীদের থেকে আমাদের মুক্ত করার। আদতে সম্ভাব্য সব পথেই আমাদের কাছে তথ্য আসছে। কিন্তু সবই সমান রকম বিশ্বাস্য হিসেবে। তাই ভালো তথ্য খারাপ তথ্যকে হটিয়ে দেবে, এমন ভাবার কারণ নেই।
এসব স্বতন্ত্র মিথ্যা ও নির্বাচনের ফলের ওপর তাদের প্রভাবের চাইতেও গুরুতর সমস্যা হাজির হয়েছে। আমরা কিছু লোক সত্যাসত্য বিচারের মতো অবস্থানে রয়েছি বলে কোনো ঘটনার নির্ভরযোগ্যতায় কেন আমরা বিশ্বাস করব? কারণ, এমন কিছু নিরপেক্ষ প্রতিষ্ঠান আছে, যাদের কাজই হলো বিশ্বাস করার মতো বাস্তব তথ্য উৎপাদন করা। অপরাধের পরিসংখ্যান মার্কিনরা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছ থেকে, শ্রম দপ্তর থেকে পায় বেকারত্বের পরিসংখ্যান। নিউইয়র্ক টাইমস–এর মতো মূলধারার গণমাধ্যম ট্রাম্পের বিপক্ষে ছিল। তারপরও ঘটনা সম্পর্কে বানোয়াট তথ্য যাতে পত্রিকায় প্রকাশ না পায়, তা দেখার ব্যবস্থা তাদের রয়েছে। কিন্তু আমার সন্দেহ, নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত জিনিসের সত্যতা যাচাইয়ের কোনো ব্যবস্থা ম্যাট ড্রুজ অথবা ব্রেইটবার্ট নিউজের আদৌ আছে কি না।
বিপরীতে, ট্রাম্পের দুনিয়ায় সবকিছুরই রাজনীতিকীকরণ ঘটেছে। নির্বাচনী প্রচারাভিযানের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলতে চাইলেন যে ফেডারেল রিজার্ভ হিলারি ক্লিনটনের হয়ে কাজ করছে, যে নির্বাচনে ভোট ডাকাতি হবে, যে সরকারি সূত্রগুলো ইচ্ছা করে অপরাধের প্রতিবেদন চেপে রাখছে। এবং তিনি এ–ও বললেন, এফবিআই যে হিলারিকে অভিযুক্ত করল না তার কারণ, এফবিআইয়ের পরিচালক জেমস কোমি আসলে হিলারির লোক। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ই–মেইল যে রাশিয়াই হ্যাক করেছে, গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া এই তথ্যের নির্ভরযোগ্যতাও তিনি মানতে চাইলেন না। ট্রাম্প ও তাঁর সমর্থকেরা ‘মূলধারার গণমাধ্যমের’ সব প্রতিবেদনকেও নিরেট পক্ষপাতদুষ্ট বলে কালিমালিপ্ত করলেন।
মৌলিক সত্যগুলোতে একমত হতে না পারার ব্যর্থতা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর সার্বিক আক্রমণের ফল—যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে ও দুনিয়াজুড়ে। গণতন্ত্র এই সত্যিকার বিপদের দিকেই ধাবিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে আসলেই প্রাতিষ্ঠানিক অবক্ষয় চলছে। এর দ্বারা শক্তিশালী গোষ্ঠীগুলো মাত্রাছাড়া প্রচার তহবিল জোগানের ব্যবস্থা দিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে পারছে। এই অবক্ষয়ের প্রাথমিক ক্ষেত্র হলো কংগ্রেস ও বেশির ভাগ ক্ষেত্রে অসদাচরণ কেবল আইনিই নয়, তা ব্যাপক বিস্তৃতও। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে।
এদিকে নির্বাচনী প্রচারণা বাস্তবতাকে এমন বদলে দিয়েছে, সবাই বিশ্বাস করে সবকিছুই রাজনৈতিক অথবা প্রতারণার খপ্পরে পড়েছে এবং ঘুষ-দুর্নীতি অবাধ হয়ে গেছে। যদি নির্বাচনী কর্তৃপক্ষ সত্যায়িত করে বলে, আপনার প্রিয় প্রার্থী জয়ী হতে ব্যর্থ হয়েছে, অথবা অন্য প্রার্থী বিতর্কে ভালো ফল করেছে, নির্ঘাত সেটা ফল বদলে দেওয়ায় অন্য পক্ষের ব্যাপক ষড়যন্ত্রেরই অংশ। সব প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত হতে পারে এমন বিশ্বাস আমাদের সর্বজনীন অবিশ্বাসের কানা গলিতে ঠেলে দেয়। কোনো প্রতিষ্ঠানই নিরপেক্ষ নেই, এমন বাস্তবতায় কেবল মার্কিন গণতন্ত্র নয়, কোনো গণতন্ত্রই টিকতে পারবে না। দলকেন্দ্রিক রাজনৈতিক যুদ্ধ তখন জীবনের সব ক্ষেত্রকেই গ্রাস করে ফেলবে।
অনুবাদ: ফারুক ওয়াসিফ
ফ্রানসিস ফুকুইয়ামা: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, সাড়া জাগানো বই দি এন্ড অব হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান-এর লেখক।