'বিপ্লব' মোকাবিলার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লব আসছে। বাঁচার উপায় নেই। হয় মরতে হবে, নতুবা বিপ্লবের ঘোড়ার পিঠে চেপে বসতে হবে। এই বিপ্লবের একটা সুন্দর নামও আছে। চতুর্থ শিল্পবিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন। অন্য তিন বিপ্লবের মতো এটি কোনো স্থানীয় ঘটনা হবে না। এই বিপ্লব কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে পৃথিবীর ৭৬০ কোটি মানুষকে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানসহ আরও অনেক চিন্তাবিদ মনে করেন, এই বিপ্লব এরই মধ্যে তার ক্যারিশমা দেখাতে শুরু করেছে। এই বিপ্লবের প্রচ্ছদপট কিন্তু নানা রকমের। এক মাত্রায় এটিকে চেনা যাবে না। কারণ, এর প্রধান উপকরণ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। কেমন করে তা এরই মধ্যে আমাদের দৈনন্দিন কাজেরই অংশ হয়ে গেছে। এই ইন্টারনেট প্রযুক্তি ক্রমাগতভাবে আমাদের বেঁধে ফেলছে আষ্টেপৃষ্ঠে।

সেদিন এক বন্ধু আমাকে বলল, ‘আচ্ছা, আগে আমরা কীভাবে গুগল ম্যাপ ছাড়া চলতাম?’

ভাবুন, আমার বন্ধুটি আমেরিকা-ইউরোপে থাকে না, এই ঢাকা শহরেই তার বাস।

ব্যক্তিগত কয়েকটা গাড়ি আছে এমন এক ব্যক্তিও কাল বললেন, এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার সময় তিনি উবারের রাইড শেয়ারিং ব্যবহার করেন, বাসার গাড়িতে ফেরেন না। কেন?

কারণ এটি সাশ্রয়ী।

অন্যদিকে এ শহরেও অনেকে শুধু ‘পাঠাও’ আর ‘উবারে’ ব্যবহারের জন্যই মোটরসাইকেল ও গাড়ি কিনতে শুরু করেছেন। আগে যে গাড়িগুলো গৃহকর্তাকে অফিসে নামিয়ে দিয়ে অফিস পার্কিংয়ে বসে থাকত বা বাসায় গিয়ে অপেক্ষা করত, সেগুলো এখন আর পার্কিং লটে না গিয়ে নেমে আসছে রাস্তায়। অপেক্ষা একটি ‘রিকোয়েস্টের’। ফলে ঢাকা শহরে কেবল উবার, পাঠাওয়ের জন্য ২০ শতাংশ গাড়ি ও মোটরসাইকেলের চলাচল বেড়ে গেছে। নতুনের সংখ্যার কথা বাদ দিলাম।

এসবই এক নতুন বিপ্লবের সূচনা। এ বিপ্লবের একটি বড় সাফল্য হলো শুধু কিছু আইডিয়া বাস্তবায়নের মাধ্যমে সম্পদ সৃষ্টি করা। সিলিকন ভ্যালির উত্থানের আগে আমেরিকার ভারী শিল্পের কেন্দ্র (পৃথিবীরও) ছিল ডেট্রয়েট নগরী। ১৯৯০ সালে ডেট্রয়েটের শীর্ষ তিন কোম্পানির বাজার মূলধন ছিল ৩ হাজার ৬০০ কোটি ডলার, রাজস্ব ছিল ২৫ হাজার কোটি ডলার এবং কর্মীর সংখ্যা ছিল ১২ লাখ। আর ২০১৪ সালে সিলিকন ভ্যালির শীর্ষ তিন কোম্পানির বাজার মূলধন ছিল ১ লাখ ৯ হাজার কোটি ডলার। রাজস্ব প্রায় ২৪ হাজার ৭০০ কোটি ডলার। কিন্তু কর্মীর সংখ্যা ১০ ভাগের এক ভাগ, মাত্র ১ লাখ ৩৭ হাজার! (সূত্র: ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন, ক্লাউস শোয়েব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম)। ২০১৮ সালের প্রথম তিন মাস শেষে সিলিকন ভ্যালির তিন শীর্ষ কোম্পানির বাজার মূলধন দ্বিগুণ হয়ে ২ লাখ কোটি ডলার ছাড়িয়েছে, কিন্তু তাদের কর্মীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়নি। মাত্র কয়েক বছর আগে ৫৫ জন কর্মীর তৈরি করা হোয়াটসঅ্যাপ নামের একটি যোগাযোগ সফটওয়্যার ফেসবুক কিনে নিয়েছিল ১ হাজার ৯০০ কোটি ডলারে!

এসবের একটাই মানে। এখন আগের তুলনায় কম লোক দিয়ে সমপরিমাণ সম্পদ সৃষ্টি করা যায়। এমন দিনে আমাদের মতো জনবহুল দেশগুলোর ভাগ্যে কী হবে?

আমাজন নামে বিশ্বের অন্যতম অনলাইন শপ তাদের একটি গুদাম মেনটেইন করে চীনে। সেখানে কয়েকজন মানবকর্মীকে অর্ডার অনুসারে মালামাল শেলফ থেকে নামানোর কাজে সহায়তা করে ৩০০টি রোবট। আমরা একসময় গর্ব করতাম, প্যান্টের পকেট সেলাই করা বা বেল্টের লুপ লাগানোর কাজটা যন্ত্র দিয়ে করা যাবে না। মানুষ লাগবেই। এখন আর গলার সেই জোর নেই। গার্মেন্টসের অনেক কাজই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটরা করে ফেলবে। আর যদি পুরোটা করে ফেলতে পারে তাহলে গার্মেন্টস বিপ্লব কিন্তু আর বাংলাদেশে হবে না। পরের গার্মেন্টসগুলো হবে ডেট্রয়েটে বা বুদাপেস্টে। তারা নিজেদের কাপড় নিজেরাই বানিয়ে ফেলবে, আমাদের চেয়ে অনেক সস্তায়।

আমাদের আইটির আরেকটি বড় কর্মমুখর সেক্টর হলো কল সেন্টার। রোবট যখন ফোনে আপনার কথার উত্তর দেবে, তখন এই সেন্টারগুলোর কী হবে? আপনার পকেটের স্মার্টফোনটি আগামী কয়েক বছরের মধ্যে আপনার ব্যাংকের পাসবই থেকে শুরু করে দরজা খোলার চাবি পর্যন্ত হয়ে উঠবে। একবার ভাবুন তো, ফোন দিয়ে যদি আপনি বাসার দরজা খোলার অভ্যাস করতে পারেন, তাহলে সেটি কাজ না করলে আপনি কার শরণাপন্ন হবেন। আপনি কি তখন ঢাকার নিউমার্কেট বা কারওয়ান বাজারে যাঁরা তালা-চাবি বানান তাঁদের কাছে যাবেন? নাকি খোঁজ করবেন কম্পিউটার প্রোগ্রামারের, যাঁরা আপনার ওই অ্যাপ ঠিক করে দিতে পারবেন?

এই ডিজিটাল যুগের কারণে ডেপ্রিসিয়েশনের ব্যাপারটাও নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে। আপনার গাড়ি, বাসার ফ্রিজ, এমনকি ওয়াশিং মেশিনের সফটওয়্যার ক্রমাগত আপডেট হয়ে যাবে। ফলে বছর শেষে এটির কার্যক্ষমতা না কমে বরং বেড়ে যাবে। উৎপাদন লাইনে এর প্রভাবটা ভাবুন।

এমন একটা বস্তবতায় আমরা ভাবছি, আগামী ২৩ বছরে আমাদের সব লোকের দক্ষতা গড়ে ১০ গুণ বেড়ে যাবে। আর আমরা প্রবেশ করব উন্নত দেশের কাতারে। কিন্তু গত এক দশকে আমাদের মাথাপিছু আয় আর প্রবৃদ্ধি বাড়া সত্ত্বেও এই দেশের কর্মক্ষম লোকের এক বিরাট অংশের কোনো কাজ নেই। সব হিসাব বলছে, শিক্ষিত স্নাতকদের ৪৭ শতাংশ বেকার থাকে, একটি মাত্র পদের বিপরীত দুই হাজারের বেশি আবেদনকারী নির্ঘুম রাত কাটান!

এমন বাস্তবতায় ৭ তারিখে অর্থমন্ত্রী তাঁর চলতি দায়িত্বকালের শেষ বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন। উদ্যমী, চ্যালেঞ্জ নিতে চায় এমন অর্ধেক জনগোষ্ঠীর জন্য সেখানে কী কী থাকবে? ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ৬৩ শতাংশ তরুণ কি সেখানে নতুন আশার আলো পাবেন?

চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে সত্যিকারের উন্নয়নের পথে অভিযাত্রার কোন কোন নির্দেশনা এবারের বাজেটে দেখতে পাব, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।

দেখা যাক, আমাদের তরুণদের জন্য অর্থমন্ত্রী কী নিয়ে বসে আছেন।

মুনির হাসান: প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক