‘বিমান’ সম্পর্কে কঠিন সিদ্ধান্ত চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ বিমান’ সম্পর্কে সম্প্রতি একটি বহুল প্রত্যাশিত মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। তিনি বলেছেন, ‘অদক্ষতা ও অব্যবস্থাপনার জন্য অনেক আগেই বিমানকে বিলুপ্ত করা উচিত ছিল।’ অর্থমন্ত্রীকে অভিনন্দন। তিনি একটি অত্যন্ত প্রয়োজনীয় ও অপ্রিয় সত্য কথা বলেছেন। ‘বিমান’ একটি সরকারি প্রতিষ্ঠান (নামেই শুধু পাবলিক লিমিটেড কোম্পানি) হওয়া সত্ত্বেও অর্থমন্ত্রী বিমানের পক্ষে সাফাই গাননি। বিমান সম্পর্কে ১০-১৫ বছর যাবৎ সংবাদপত্রে এ ধরনের সুপারিশই করা হয়েছিল। অর্থমন্ত্রী নতুন কথা যেটা বলেছেন, তা হলো: সরকারি অর্থ বন্ধ করে দেওয়ার হুমকি। বিমান বাংলাদেশের বহুল সমালোচিত একটি সরকারি সংস্থা। দেশের খুব কম বিদেশযাত্রীরই বিমানের ওপর আস্থা রয়েছে। বিমান একটি লোকসানি প্রতিষ্ঠান। গত তত্ত্বাবধায়ক সরকারের স্বল্প কিছু সময় ছাড়া গত ২০ বছরে বিমান খুব কম সময়ই লাভের মুখ দেখেছে। ঢাকার প্রায় সব সংবাদপত্রে বিমানের দুর্নীতি, অব্যবস্থাপনা, যাত্রীর ভোগান্তি, লোকসান ও টিকিট জালিয়াতির অসংখ্য খবর প্রকাশিত হচ্ছে। অনেক কলাম, প্রবন্ধ, সাক্ষাৎকার ও সম্পাদকীয় নিবন্ধে বিমানকে আগাগোড়া ঢেলে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘পাবলিক লিমিটেড’ করা ছাড়া বিমান ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত এ যাবৎ নেওয়া হয়নি। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনও যথাযথভাবে হয়নি। বিমান সম্পর্কে আরেকটি বড় অভিযোগ হলো: এর ব্যবস্থাপনায় রাজনীতিকীকরণ। রাজনৈতিক বিবেচনায় বোর্ডের চেয়ারম্যান নিয়োগ, সদস্য নিয়োগ, এমডি নিয়োগের কারণে বিমান ব্যবস্থাপনা কখনো সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি। বিমান মন্ত্রণালয়ের কতিপয় আমলার স্বার্থের কারণেও বিমানের সুষ্ঠু ব্যবস্থাপনা বিঘ্নিত হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে কত আমলা ও রাজনীতিবিদ যে বিমানের ফ্রি টিকিট ভোগ করেছেন, তার হিসাব নেই। বিমানের কর্মকর্তা ও তাঁদের পরিবারের ফ্রি টিকিট তো তাঁদের চাকরির সুবিধার মধ্যেই রয়েছে। এসব ছাড়াও যা সবচেয়ে বেশি বিমানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তা হলো দুর্নীতি। বিমানের দুর্নীতি (দেশে ও বিদেশের অফিসে) বাংলাদেশের প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে। দুঃখের বিষয়, বিমানের দুর্নীতি নিয়ে বহু প্রতিবেদন প্রকাশের পরও অতীত ও বর্তমানের কোনো সরকারই বিমান সম্পর্কে কোনো তদন্ত কমিশন গঠন করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করেনি। দোষীদের শাস্তি প্রদানের ব্যবস্থা করেনি। বরং মন্ত্রী, মন্ত্রণালয়ের আমলা ও কর্মকর্তারা দুর্নীতিতে ভাগ বসিয়েছেন। বিমানের এমডি পরিবর্তন হয়েছে, কিন্তু বিমানের কোনো উন্নতি হয়নি। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হয়েছে। তাতেও কোনো উন্নতি হয়নি। আমাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা কত কিছু সম্পর্কে তদন্ত করার জন্য কমিশন বসিয়েছে। কিন্তু বিমানের দুর্নীতি ও অব্যবস্থাপনা সম্পর্কে সংবাদপত্রে এত প্রতিবেদন প্রকাশের পরও এ ব্যাপারে কোনো তদন্ত কমিশন গঠন করেনি। বিমানের ব্যাপারে প্রধানমন্ত্রী সব জানেন, তবু তিনি বিমানকে ঢেলে সাজানোর কোনো উদ্যোগ নেন না। বিমান বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের বদল করেন না। এটাও একটা রহস্য।বাংলাদেশের বিদেশগামী প্লেনযাত্রীদের জন্য বিদেশি এয়ারলাইনগুলো প্রতিবছর ঢাকায় তাদের ফ্লাইটের সংখ্যা বাড়িয়েই যাচ্ছে। এর বিপরীতে আমাদের বিমান তাদের ফ্লাইট-সংখ্যা কমাচ্ছে এবং কোনো কোনো আন্তর্জাতিক রুট বন্ধ করে দিয়েছে।আমরা দেখেছি, অনেকেই বিমানকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে বোর্ড পুনর্গঠন, দক্ষ ও পেশাদার চেয়ারম্যান নিয়োগ, দক্ষ ও পেশাদার এমডি নিয়োগ, বাজারে শেয়ার ছাড়ার ওপর জোর দিয়েছেন। এই কাজগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও আমাদের ধারণা, এই কাজগুলো করলেও বিমানকে রক্ষা করা সম্ভব হবে না। কারণ আমাদের আমলাতন্ত্রের চরিত্র, দূষিত রাজনৈতিক সংস্কৃতি ও দুর্নীতির ব্যাপারে বেপরোয়া মনোভাব। বিমানের বিভিন্ন রুটের জন্য কী ধরনের প্লেন দরকার, তা বাছাই করাও একটা বড় দক্ষতার কাজ। অতীতে বিমানের বোর্ড সেই দক্ষতার পরিচয় দেয়নি। অনেকের অভিযোগ, গত ১০ বছরে বিমান যেসব উড়োজাহাজ কেনার আদেশ দিয়েছে, অগ্রিম টাকা দিয়েছে, চুক্তি করেছে, তা বিমানের বিভিন্ন রুটের জন্য উপযুক্ত হয়নি। এ কারণেও এখন ও ভবিষ্যতে বিমানকে লোকসান গুনতে হচ্ছে এবং হবে।বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান সম্প্রতি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেছেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে দু-তিন বছরে বিমান লাভের মুখ দেখবে। (সমকাল, ১০ অক্টোবর, ২০১২) নতুন নতুন উড়োজাহাজ আনা হবে, নতুন রুট খোলা হবে, পুরোনো রুট আবার চালু হবে—এগুলো সবই সত্য ও বাস্তব। কিন্তু বিমানের ভেতরের লাগামহীন দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন (শুধু লোক পরিবর্তন নয়) না হলে বিমান কখনো লাভের মুখ দেখবে না। নতুন উড়োজাহাজ কেনার ব্যাপারে কতটা দুর্নীতি হচ্ছে, তা বিমানমন্ত্রী খতিয়ে দেখতে পারেন। বিমানমন্ত্রী, পরিচালনা বোর্ড বা সংসদীয় কমিটি এই দুই খাতের দুর্নীতি কি বন্ধ করতে পারবেন? বিমান একটি লোভনীয় সরকারি প্রতিষ্ঠান। এখান থেকে অবৈধ টাকা রোজগারের ছোট-বড় নানা পথ রয়েছে। বিমানকে ব্যবহার করে অবৈধ টাকা রোজগার খুব সহজ। ঠিক ঠিক জায়গায় কমিশন দিতে পারলে শাস্তিরও তেমন ভয় নেই (অতীতে তেমন শাস্তি কেউ পায়নি)। আরও একটি লোভনীয় দিক আছে, তা হলো, ফ্রি টিকিট ও ইকোনমি ক্লাসকে আপগ্রেড করে বিজনেস ক্লাস করার অবাধ সুযোগ। বিদেশ ভ্রমণ বাঙালির (বাংলাদেশির) একটি অতি প্রিয় স্বপ্ন। ফ্রি টিকিটে সপরিবারে বিদেশে ভ্রমণ করা যে কী সুখের, তা শুধু ব্যবহারকারীরাই জানে। বাংলাদেশ বিমান যদি কিছু সরকারি লোকের হাতের মুঠোয় থাকে, তা হলে নানাভাবে অবৈধ অর্থ উপার্জন ও ফ্রি টিকিট পাওয়া যায়। এই মহা সুযোগ কে ছাড়তে চায়? তাই আমাদের আমলাতন্ত্র (মন্ত্রণালয়), দুর্নীতিপ্রিয় কর্মকর্তা, কর্মচারী, সিবিএ ও দূষিত রাজনীতির প্রতিনিধিরা ভবিষ্যতেও বিমানকে কুরে কুরে খাবেন বলে আমার আশঙ্কা। তা হলে বিমানকে কে বাঁচাবে? আমলাতন্ত্র (হতে পারে আংশিক), দূষিত রাজনীতির প্রতিনিধি, বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা হঠাৎ ‘ভালো’ হয়ে যাবেন? কী মন্ত্রবলে? আমাদের ধারণা, বর্তমান পরিবেশে ভালো হওয়ার সম্ভাবনা কম। এই বাস্তবতা মনে রেখে তাই আমাদের দুটি প্রস্তাব: ১. কোনো বিদেশি সফল এয়ারলাইনকে স্ট্র্যাটেজিক পার্টনার করে বিমানের ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে একে রক্ষা করার একটা চেষ্টা করা যেতে পারে। ২. অথবা সরকারি নিয়মনীতি মেনে বিমানকে বিরাষ্ট্রীয়করণ করে প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেওয়া। আজকাল বিশ্বের অনেক দেশে সরকারি এয়ারলাইন বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে। এটা নতুন কিছু নয়। ভারতের ‘এয়ার ইন্ডিয়া’ আগামী দুই বছরের মধ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। কারণ, চার-পাঁচ বছর যাবৎ এয়ার ইন্ডিয়া ভারতের প্রাইভেট এয়ারলাইনের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না। ক্রমাগত লোকসান দিচ্ছে।আরও একটি কারণে বিমান বিক্রি করে দেওয়া উচিত। সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকার ব্যবসার নীতিমালা ঠিক করবে এবং রেগুলেটরি অথরিটির দায়িত্ব পালন করবে। সরকার ব্যবসা করতে গেলে কী হয়, তা সোনালী ব্যাংক ও বিমানকে দেখে সবার বোঝা উচিত। অবশ্য এতে দেশের লাভ না হলেও অনেক ব্যক্তির প্রভূত লাভ হয়েছে। আমি জানি, অনেকে বিক্রির প্রস্তাবের বিরোধিতা করবেন। এ জন্য অনেক আবেগের কথাও বলা হবে। কিন্তু মনে রাখা দরকার, দিনের শেষে বিমান পরিচালনা করা একটি ব্যবসা ছাড়া কিছু নয়। বিমান লাভজনকভাবে সেই ব্যবসা করতে পারবে কি না, সেটাই প্রশ্ন। ৪০ বছরে পারেনি।বাংলাদেশের বিরাটসংখ্যক নিয়মিত যাত্রী রয়েছেন। কারণ, বিদেশে কর্মরত আমাদের শ্রমিকেরাই আমাদের প্রধান যাত্রী। উড়োজাহাজ ছাড়া আর কোনো উপায়ে সেসব দেশে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই প্রতিদিন তাঁরা আমাদের উড়োজাহাজের যাত্রী হবেনই। এ ছাড়া দেশি-বিদেশি অসংখ্য মানুষ নানা উপলক্ষে বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে বাংলাদেশে আসছে। এই যাত্রীর সংখ্যা দিনে দিনে বাড়বে। কাজেই প্লেনে যাত্রী ও কার্গো পরিবহন বাংলাদেশে এক বড় ব্যবসা। আর সেই ব্যবসা বাংলাদেশে অত্যন্ত সাফল্যের সঙ্গে করছে বিদেশের প্রায় কুড়িটা এয়ারলাইন। আর আমরা বসে বসে তা দেখছি।বাংলাদেশ বিমান যদি কখনো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়, তা হলে আমাদের ধারণা, বিমানের যোগ্য-দক্ষ পাইলট, প্রকৌশলী ও অন্য কর্মকর্তাদের উপযুক্ত বেতনে নতুন কোম্পানিতে চাকরি দেওয়া হবে। বিক্রির সময় সরকারের দিক থেকে এটা একটা শর্তও হতে পারে। নতুন কোম্পানিরও তো দক্ষ, যোগ্য, অভিজ্ঞ লোকের প্রয়োজন হবে। কাজেই চাকরি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে সবাই চাকরি পাবেন, এমন আশা করা উচিত হবে না।এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুপারিশ করতে পারে একটি বিশেষজ্ঞ কমিটি। তারা সব দিক দেখে সুপারিশ করবে। বিমান চালু থাকলে বছরে কত লোকসান আর বন্ধ করে দিতে হলে একবারে কত টাকা কর্মচারীদের দিতে হবে, তা-ও দেখা দরকার। একটি বিদেশি এয়ারলাইন প্রতিবছর বাংলাদেশ থেকে কত ‘লাভ’ করে, তা-ও কমিটি নিশ্চয় দেখবে। গবেষণা করে এই সিদ্ধান্ত নিতে হবে। বিমানের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে আহাজারি থামানো দরকার। আহাজারি করে লাভ নেই। বিমানের ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। না, বলা উচিত, সময় পার হয়ে গেছে। অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ। তিনি বিমান সম্পর্কে কঠিন ও অপ্রিয় সত্যটি উচ্চারণ করতে দ্বিধা করেননি। আশা করি, তিনি বিমান সম্পর্কে একটি ‘কমিশন’ গঠনের প্রস্তাবও মন্ত্রিসভায় দেবেন।মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়ন ও মিডিয়াকর্মী।