'বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় সংসদে একসঙ্গে সরকারি ও বিরোধী দলকে খুব কমই দেখা যায়
বাংলাদেশ জাতীয় সংসদে একসঙ্গে সরকারি ও বিরোধী দলকে খুব কমই দেখা যায়

আকবর আলি খান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রিপরিষদের সচিব ছিলেন, এটি তাঁর প্রধান পরিচয় নয়। তিনি একজন পণ্ডিত, গবেষক ও লেখক। অর্থনীতির মতো কঠিন বিষয়কেও তিনি অত্যন্ত সরল ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করেছেন তাঁর আজব ও জবর-আজব অর্থনীতি বইয়ে। তাঁর ডিসকভারি অব বাংলাদেশ ও সাম অ্যাসপেক্টস অব পিজেন্টস বিহেভিয়র ইন বেঙ্গল-এ বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আকবর আলি খানের সাম্প্রতিক বই অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতিতে বেকারত্ব থেকে আমলাতন্ত্র, জাতীয়তাবাদ থেকে ধর্মনিরপেক্ষতা, ধনতন্ত্র থেকে সমাজতন্ত্র—সব বিষয়ে তীক্ষ্ণ ও তন্ময় বিশ্লেষণ রয়েছে।
সেসব নিয়ে পরবর্তী কোনো কলামে আলোচনার ইচ্ছা রেখে আপাতত নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আকবর আলি খান ‘বাংলাদেশে গণতন্ত্র’ শিরোনামে যে অতি গুরুত্বপূর্ণ বয়ান হাজির করেছেন, তার ওপর আলোকপাত করছি। ইতিহাসের ছাত্র হিসেবে তিনি পাঠককে স্মরণ করিয়ে দিতে ভোলেননি যে পশ্চিমের উন্নত দেশগুলোতে যখন গণতন্ত্রের ‘গ’ ছিল না, তখন এ বঙ্গে জনগণ রাজা নির্বাচিত করতেন। জনগণ দ্বারা প্রথম নির্বাচিত রাজা ছিলেন পাল বংশের গোপাল। ভারতের অন্যান্য অঞ্চলেও রাজা নির্বাচনের তথ্য-উপাত্ত পাওয়া যায়।
মধ্যযুগে রাজারা জনগণ দ্বারা নির্বাচিত হলেও বিরোধী দলের অস্তিত্ব সম্পর্কে কিছু জানা যায় না। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে শাসকদের বিরুদ্ধে ভারতের জনগণ বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের মাধ্যমে নিজেদের বিরোধী পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ শতকের সূচনায় সেই আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেস এবং ১৯০৫ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করতে চায়নি। ১৯৫০ সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা দেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, লীগের (মুসলিম লীগ) অস্তিত্বের ওপরই পাকিস্তানের অস্তিত্ব নির্ভর করে।’ তিনি নিজেকে মুসলিম লীগের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতেন, পাকিস্তান গণপরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী নয়।
এটি যে কী ভয়ংকর উক্তি, তা রাজনীতির শিক্ষার্থীমাত্রই জানেন। তত দিনে পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯ সালের ২৩ জুন) প্রতিষ্ঠিত হয়ে গেছে। এ ছাড়া পরিষদে কংগ্রেস ও তফশিলি সম্প্রদায়েরও বেশ কিছু সদস্য ছিলেন। লিয়াকত আলী খানের গণতন্ত্রবিরোধী বক্তব্যের প্রতিবাদ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে যা লিখেছেন, তা আজকের বাংলাদেশের জন্যও কমবেশি সত্য।
বঙ্গবন্ধু লিখেছেন, ‘তিনি (লিয়াকত আলী খান) জনগণের প্রধানমন্ত্রী হতে চান নাই, একটা দলের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। রাষ্ট্র ও রাজনৈতিক দল যে এক হতে পারে না, সে কথাই স্পষ্ট করে বলেছেন তিনি।’ বঙ্গবন্ধুর লেখা থেকে আমরা আরও জানতে পারি যে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করতে লিয়াকত আলী খান বলেছিলেন, ‘জো আওয়ামী লীগ করে গা, উসকো শের কুচাল দেগা।’
তবে গণতন্ত্র নিয়ে বঙ্গবন্ধুর সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য হলো, ‘বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না।’ করাচিতে খাজা নাজিমউদ্দীনের (লিয়াকত আলী খানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী হন) সঙ্গে দেখা করে তৎকালীন পূর্ববঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয় আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধু আরও বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী পার্টি। তাকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত।’ (অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ২১৪) তাঁর এই উক্তির আলোকে যদি বাংলাদেশের গত ৪৬ বছরের রাজনীতি বিশ্লেষণ করি, আমরা কী দেখতে পাই? দেখতে পাই যখন যাঁরা ক্ষমতায় থাকেন, তখন তাঁরা নিজেদের রাষ্ট্র মনে করেন। দল ও রাষ্ট্রের ফারাকটি মুছে ফেলেন। এটি অনেকটা ফরাসি রাজা ষষ্ঠ লুইয়ের সেই উক্তির মতো, ‘আমিই রাষ্ট্র।’ অনির্বাচিত স্বৈরশাসকেরা এ ধরনের আচরণ করতে পারেন। কেননা, জনগণের প্রতি তাঁদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু গণতান্ত্রিক সরকারগুলোও কেন সেই পথে হাঁটবে?
অন্যদিকে বিরোধী দলগুলোও যে সব সময় দায়িত্বশীল আচরণ করে, তা বলা যাবে না। বিশেষ করে, ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে যখন জাতীয় ঐক্য সবচেয়ে বেশি জরুরি ছিল, তখনই তারা রাজনীতিকে বিভেদের চোরাগলিতে নিয়ে যায়। একশ্রেণির বিপ্লববিলাসী হঠাৎ বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে বসে। বিভিন্ন স্থানে মুক্ত এলাকা ঘোষণা করে তারা ত্রাসের রাজত্ব কায়েম করতেও দ্বিধা করেনি। আর ‘যুদ্ধ শেষের প্রাপ্য’ না পাওয়ায় আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা একটি গোষ্ঠীও তাদের সঙ্গে হাত মেলায়। গঠিত হয় গুপ্তবাহিনী। অবশ্য সেদিন শাসক দলের কাছেও যে গণতান্ত্রিক সহিষ্ণুতা ও উদারতা আশা করা গিয়েছিল, তারাও সেটি দেখাতে ব্যর্থ হয়েছিল। এই সুযোগে স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় প্রতিবিপ্লবী শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করে। আগস্টের ট্র্যাজেডির আগে ও পরে কার কী ভূমিকা ছিল, তার নির্মোহ ও বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রয়োজন; এখন কে কার সঙ্গে আছেন, কে কোন দল করছেন, সেই বিবেচনায় নয়।

>শক্তিশালী বিরোধী দলই সরকারের বন্ধু হতে পারে, অনুগত বা বশংবদ বিরোধী দল নয়। নাগরিক সমাজ কিংবা গণমাধ্যমের সমালোচনা ক্ষমতাসীনদের সঠিক পথে চলতে সাহায্য করে, স্তুতি নয়

আমাদের স্বাধীনতার বয়স ৪৬ বছর। এই সময়ে কোন সরকার কতটা গণতান্ত্রিক আর কতটা স্বৈরতান্ত্রিক ছিল, তা নিয়ে বিতর্কের ঝড় তুললেও আমরা ইতিহাস বদলাতে পারব না। যখন যাঁরা ক্ষমতায় আসেন, তাঁরাই মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র তাঁরা জনগণকে উপহার দিচ্ছেন। আবার বিরোধী দলে গেলে তাঁরাই ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠাই হলো না, সেই গণতন্ত্র ধ্বংস হয় কীভাবে?
গত সাড়ে চার দশকে আর্থসামাজিক ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের প্রবৃদ্ধি, গড় আয়ু, শিক্ষার হার ইত্যাদি বেড়েছে, স্বল্পোন্নত দেশের বৃত্ত থেকে বেরিয়ে মধ্য আয়ের দেশের স্বপ্ন দেখছি এবং সেটি যথার্থভাবেই। কিন্তু আমাদের রাজনীতি তথা গণতান্ত্রিক ব্যবস্থাটি রয়ে গেছে একেবারে নড়বড়ে। গণতন্ত্রের জন্য আমরা দশকের পর দশক আন্দোলন করছি, অথচ একটি সর্বসম্মত নির্বাচনপদ্ধতি বা ব্যবস্থা তৈরি করতে পারিনি; যে ব্যবস্থায় জনগণ পছন্দমতো প্রতিনিধি বা নেতৃত্ব বাছাই করার সুযোগ পাবেন।
গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানকে ত্যাগ করেছি। গণতন্ত্রের জন্যই আমরা সামরিক স্বৈরশাসককে হটিয়েছি; কিন্তু গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, সে ব্যাপারে জনমনে যথেষ্ট সংশয় আছে। এই ব্যর্থতার দায় যাঁরা আজ ক্ষমতায় আছেন এবং অতীতে ছিলেন, কেউ এড়াতে পারেন না। তাঁরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক এমনকি বৈবাহিক সম্পর্কও করতে পারেন; কিন্তু রাজনৈতিক সমস্যা সমাধানে একসঙ্গে বসতে পারেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো দল নির্বাচনে হারতে পারে, সেটি তাঁরা মানেন না। সবাই নিজেকে জয়ের আসনে দেখতে চান। এ কারণেই পাঁচ বছর পরপর নির্বাচন নিয়ে এত আন্দোলন, এত বক্তৃতা, এত ফর্মুলা, এত কৌশলের খেলা।
গণতন্ত্রের প্রধান পূর্বশর্ত একসঙ্গে চলা, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নেওয়া। আলোচনা, বিতর্ক, মতবিনিময়ে যে গণতন্ত্রের অপরিহার্য দিক, সেটি আমাদের রাজনীতিকেরা স্বীকার করতে চান না। ক্ষমতাসীন ব্যক্তিরা ইচ্ছামতো সভা-সমাবেশ করেন, দলের প্রচারে রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করেন; কিন্তু অন্যকে সেই অধিকার ও সুযোগ দিতে নারাজ। বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকারের কথা বললে আওয়ামী লীগের নেতারা বিএনপির হরতাল–অবরোধের নামে ধ্বংসযজ্ঞের উদাহরণ দেন। কিন্তু বিএনপি যখন ঘোষণা দিয়ে সেই পথ পরিহার করার কথা বলছে, তখন কেন তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখবে? তাহলে কি আওয়ামী লীগ চায় তারা আবার সহিংস পথ বেছে নিক? সেটি কারও জন্যই ভালো হবে না। অন্যের খারাপ উদাহরণ টেনে সেটি অনুসরণ না করে ভালো উদাহরণ সৃষ্টি করাই গণতন্ত্র।
পৃথিবীর তাবৎ সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বাংলাদেশকে সমগোত্রীয় রাষ্ট্রের অনন্য উদাহরণ হিসেবে বিবেচনা করেন। একটি দেশের ৯৯ শতাংশ মানুষ একই ভাষায় কথা বলে, একই নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত—এ রকম উদাহরণ দ্বিতীয়টি নেই। তারপরও আমরা নিয়ত কাজিয়া করে চলেছি। একসঙ্গে থাকতে পারছি না। এই বিভেদ এবং হিংসা নিয়ে আমরা খুব বেশি দূর এগোতে পারব না।
আমরা আবার বঙ্গবন্ধুর কথায় ফিরে যাই, ‘বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না।’ শক্তিশালী বিরোধী দলই সরকারের বন্ধু
হতে পারে, অনুগত বা বশংবদ বিরোধী দল নয়। নাগরিক সমাজ কিংবা গণমাধ্যমের সমালোচনা ক্ষমতাসীনদের সঠিক পথে চলতে সাহায্য করে, স্তুতি নয়। কিন্তু এই সরল সত্যটি কোনো সরকারই বুঝতে চায় না।
বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বলেছিলেন, ‘যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।’ কিন্তু ৪৬ বছর পর এসে মনে হচ্ছে, সরকার কোনো বিষয়েই ভিন্নমত ও ভিন্নচিন্তাকে সহ্য করছে না। তারা ভিন্নমত কঠোর হাতে দমন করতে চায়। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ কিংবা সুন্দরবন রক্ষায় যঁারা রাস্তায় নামেন, পুলিশ বাহিনী তঁাদের ওপর নির্মম নিষ্ঠুরতা দেখায়। এটি কোনোভাবেই গণতন্ত্রের ভাষা নয়।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]