সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির বিভাগীয় সেমিনারে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের কাছে গণমাধ্যমের এক কর্মী জানতে চান, ‘রংপুরের মঙ্গা দূর হয়েছে কি না?’ উত্তরে আবুল বারকাত বলেন, ‘রংপুর অঞ্চলের মঙ্গা নিরসনের ঘোষণা রাজনৈতিক। প্রকৃতপক্ষে মঙ্গা নিরসন হয়নি। বৈষম্যের তলায় রংপুর।’ তিনি রংপুরের ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রংপুর বিভাগের উন্নয়ন সম্পর্কে বিভাগভিত্তিক কোনো নির্দেশনা না থাকারও কথা উল্লেখ করেন। শুধু তা-ই নয়, রংপুরের মানুষকে যাঁরা মফিজ বলেন, তাঁদেরই তিনি মফিজ আখ্যা দেন।
আবুল বারকাতের বক্তব্য পুরো অস্বীকার করা যায় না। তিন বেলা না খেয়ে থাকার মঙ্গা না থাকলেও উন্নয়নবৈষম্য রয়েছে। ২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতিসংঘ খাদ্য কর্মসূচি এবং বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ৭ শতাংশ। নিম্নমধ্যম আয়ের বাংলাদেশে এই জেলা কি নিম্নমধ্যম আয়ে উন্নীত হতে পেরেছে?
বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। যে দেশগুলোর মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬ ডলার থেকে ৪ হাজার ১২৫ ডলার, সে দেশগুলো নিম্নমধ্যম আয়ের দেশ। এখন আমাদের দেশে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার। কিন্তু এই গড় আয় তো বিত্তবানের সঙ্গে বিত্তহীনের গড় পরিসংখ্যান। উন্নয়নের সূচকে রংপুর বিভাগ সবচেয়ে পিছিয়ে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষেও রংপুর অঞ্চলে দারিদ্র্যের মাত্রা ছিল সবচেয়ে বেশি। ২০১৬ সালে এসে | দেশ এগিয়ে গেলেও রংপুরের পিছিয়ে থাকার বাস্তবতা অপরিবর্তিত রয়েছে। গত ২২ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত তথ্যমতে, জাতীয় সঞ্চয়ের মাত্র ১ দশমিক ৭৯ শতাংশ রংপুর বিভাগের। এ হার বাংলাদেশ ব্যাংকের ২০১৪ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী। এই যদি হয় বাস্তবতা, তাহলে মাথাপিছু বিবেচনায় রংপুরের মানুষ কি নিম্নমধ্যম আয়ে উন্নীত হতে পেরেছে বলা যাবে?
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ ডিসেম্বর রংপুরের অ্যাসোড ট্রেনিং সেন্টারে ছিল সুধী সমাবেশ। সমাবেশে প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক ২০ বছর পরের বাংলাদেশ নিয়ে অসাধারণ এক দৃশ্যকল্পের অবতারণা করেন। তাঁর ভাষ্যমতে, বাংলাদেশের সব মানুষ হয়ে উঠবেন একেকটি নক্ষত্রের মতো এবং বাংলাদেশ হয়ে উঠবে একটি নক্ষত্রমণ্ডলী। আনিসুল হকের এই দৃশ্যকল্প সত্যি হয়ে উঠুক, সেটা আমাদের প্রত্যাশা। কিন্তু রংপুরের বর্তমান আর্থসামাজিক উন্নয়নব্যবস্থায় ২০ বছর পরের বাংলাদেশে কি রংপুর সমানভাবে জ্বলে উঠতে পারবে?
আমরা ছোটবেলা হারিকেনের আলোয় পড়তাম। কোনো উৎসব হলে হ্যাজাক জ্বালানো হতো। তখন হারিকেনের আলোটা মলিন দেখাত। মনে হতো আলোর ফ্যাকাশে রূপ। বর্তমান অবস্থার পরিবর্তন না ঘটলে ২০ বছর পরের বাংলাদেশে হয়তো হ্যাজাকের পাশে রংপুর মৃদু আলোর মতো মলিন হয়ে থাকবে।
দেশ যখন ছিল নিম্ন আয়ের, রংপুর তখন ছিল মঙ্গাকবলিত। দেশ যখন নিম্নমধ্যম আয়ের, তখন রংপুর নিম্ন আয়ের। দেশ যখন হবে মধ্যম আয়ের, রংপুর কি তখন হবে নিম্নমধ্যম আয়ের? এই ধারাবাহিকতা চলতেই থাকবে? বাংলাদেশের খাদ্যে পরনির্ভরতা দূর করার কাজে রংপুর বিভাগের অবদান অনস্বীকার্য। পোশাক কারখানায় কম পারিশ্রমিকে সবচেয়ে বেশি শ্রম বিনিয়োগও রংপুরের। তারপরও সব বঞ্চনা রংপুরের মানুষের জন্য!
গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় এসেছিলেন। তারপর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তিনি জনসভায় বক্তব্য দেন। কুড়িগ্রামের আপামর মানুষ ভেবেছিলেন, বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কুড়িগ্রামের উন্নয়নে বিশেষ কোনো ঘোষণা দেওয়া হবে। কিন্তু সেটি হয়নি। ছোট ছোট বেশ কিছু ভবনের উদ্বোধন, একটি অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণাসহ ছোট ছোট অনেক উন্নয়নের কথা বলেন। কিন্তু দারিদ্র্য থেকে মুক্তির কোনো বিশেষ ঘোষণা দেননি। কুড়িগ্রামে সরকারি এবং বেসরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন। বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় হলে যাঁরা বিত্তবান, তাঁরাই সুবিধা পাবেন, দারিদ্র্যপীড়িত সাধারণ জনগণ সেই সুবিধা পাবেন না। যদি তিনি ঢাকা-কুড়িগ্রাম আন্তনগর ট্রেন চালুর ঘোষণা দিতেন, তাহলেও অল্প ব্যয়ে কুড়িগ্রামবাসী অনেক বড় সুবিধা পেতেন। এতে করে বাসের ছাদে ঢাকায় যাওয়া কমে আসত। কয়েক দিন আগে বগুড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রী একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেন। যাকে বলে তেলা মাথায় তেল ঢালা।
বাংলাদেশের একটি অঞ্চলের মানুষ যেহেতু বারবার পিছিয়ে থাকা জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে, সেহেতু সরকারের উচিত ছিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় রংপুরকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ধরে নিয়ে এর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। শরীরের একটি অঙ্গে অসুখ রেখে পুরো শরীরে সুখ আসতে পারে না। আমরা যদি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই রংপুরকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন সমতা বিধান করতে হবে।
দেশ স্বাধীন হওয়ার পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, তখনো রংপুর ছিল বঙ্গবন্ধুর জামাতার জেলা। রংপুরের সন্তান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন নয় বছর। তৃতীয় দফার দুই বছরসহ এখন পর্যন্ত প্রায় ১২ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান-খালেদা জিয়াও উত্তরাঞ্চলের। রাষ্ট্রনায়কেরা যদি নিজ বিভাগের, নিজ অঞ্চলের উন্নয়নবৈষম্য দূর করতে না পারেন, তাহলে কার দিকে চেয়ে থাকবেন গরিবতর বিভাগের সাধারণ মানুষ? সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হওয়া প্রয়োজন।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]