‘ভাই, গ্রামে যাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপূর্বকৃষ্ণ বি. এ. পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন।: সমাপ্তি: রবীন্দ্রনাথ ঠাকুর।কাঁঠালিয়ার জমিদার মতিলালবাবু নৌকা করিয়া সপরিবারে স্বদেশে যাইতেছিলেন।: অতিথি: রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথ সমাপ্তি ১৩০০ (আশ্বিন) এবং অতিথি ১৩০২ (ভাদ্র-কার্তিক) সনে লিখেছিলেন। এখন ১৪১৯ সন। ১১৯ বা ১১৭ বছর আগে বাংলাদেশের মানুষ যেমন নিজের গ্রামকে দেশ বলত, এখনো তাই বলে। অর্থাৎ এখনো গ্রামই আমাদের দেশ বা স্বদেশ। ঈদ কিংবা কোনো ছুটিছাটায় রাজধানী ঢাকা থেকে কোনো মানুষ যখন নিজের গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, পড়শিকে বা বন্ধুদের বলে ‘দেশে ঈদ করতে যাচ্ছি’, ‘ছুটিতে দেশে যাব’।আবার যখন বাংলাদেশের কোনো মানুষ পশ্চিমের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে জন্মভূমিতে আসার পরিকল্পনা করে, তখন কিন্তু বলে: দেশে যাচ্ছি। এবং ওই একই মানুষ যখন ঢাকা থেকে তার গ্রামে যায়, তখনো বলে, দেশে যাচ্ছি। বাংলাদেশে মোট গ্রাম আছে ৮৭ হাজার ৩১৯টি (সূত্র: আজকের বিশ্ব, সাধারণ জ্ঞান। প্রিমিয়ার পাবলিকেশন্স)। দেশও কি অতগুলো? নিশ্চয়ই না।একবার আমি দুবাই হয়ে দেশে ফিরছিলাম। বিমানবন্দরে মধ্যপ্রাচ্যে কাজ করা বাংলাদেশের অনেক সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে দেখা। দেশে আসছেন ঈদ করতে এবং সবাই কিনেছেন বাংলাদেশ বিমানের টিকিট। কথা প্রসঙ্গে বললাম, অন্য বিমানের টিকিট কিনলে তো ১০ ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হতো না। উত্তর পেলাম: ‘আমার দ্যাশ তো টিকেটের টাকা পাইল।’ আর একজনের কথা শুনে আমি চমকে উঠলাম। ‘ভাই, দেশের বিমানে মরলিও ভালো।’ একজন আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কোন জাহাজে যাবেন?’ ‘এমিরেটছে, আমার টিকিট দিয়েছে জাতিসংঘ।’ আমার কথা শুনে অন্য একজন বললেন, আপনের ব্যাপার আলাদা। ওদের দেশবোধের কাছে নিজেকে খুবই ছোট মনে হলো। আমি তো জাতিসংঘের কাছ থেকে টাকা নিয়ে নিজের মতো করে বাংলাদেশ বিমানের টিকিট নিতে পারতাম। ১০ ঘণ্টা দুবাইতে বসে থাকতে হবে বলে, নিজের আরাম-আয়েশ পীড়িত হবে জন্য দেশের বিমানে আসিনি। কোথায় আমার দেশপ্রেম!আমরা একটি সম্পূর্ণ দেশের জন্য, একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছিলাম। মুক্তিযোদ্ধারা এবং দেশের সব অঞ্চলে থাকা মানুষ, কিছু রাজাকার, আলবদর ও আলশামস ছাড়া; তখন দেশ বলতে সারা বাংলাদেশকেই বোঝাত, কোনো গ্রামকে বোঝাত না। যুদ্ধ পরাধীন মানুষকে বা কোনো জনগোষ্ঠীকে যেভাবে ইতিবাচক সামষ্টিক চেতনায় মুক্তির জন্য সংঘবদ্ধ করে, স্বাধীন হওয়ার পর কেন ওই চেতনা বিবর্ণ হয়ে যায়, তার কারণ আমাদের দেশের ক্ষেত্রে মনে হয় এই রকম: গত ৪১ বছরে আমাদের রাষ্ট্রের পরিচালকেরা আমাদের চিন্তাচেতনায় একটি বাংলাদেশ গড়ে তুলতে পারেননি।কদিন আগে বাজারে একজন চকচকে মানুষ এক জোড়া ইলিশ তিন হাজার টাকায় কিনতে কিনতে বলছিলেন, এই দেশে আর থাকা যাবে না। ক্রেতার বিত্তরেখা মধ্যের ওপরে। পাশের একজন বয়স্ক মানুষ তাঁকে বিনয়ী স্বরে বললেন, যে দেশে থাকা যাবে, সেই দেশে চলে যান না কেন? ইলিশ-ক্রেতা বড় চোখে তাকালেন শুধু। দৃষ্টি পরাজয়ের। এই ক্রেতার দেশ কোনটি? তিনি তো চিরকালের গরিব।আমরা জানি, সময়ের পরিপ্রেক্ষিতে শব্দ তার অর্থ বদলায় বা শব্দ ব্যবহূত হতে হতে মূল্য হারিয়ে ফেলে। আবার অনেক শব্দ নতুন অর্থ নিয়ে সমাজে, রাষ্ট্রে ও জীবনের প্রাত্যহিক আচরণে ভিন্ন মেজাজে জায়গা করে নেয়। কিন্তু কয়েকটি শব্দ আছে, যেগুলোর বোধরূপ আবেগরূপ এবং অর্থরূপ কখনো বদলায় না, যেমন: দেশ, মাতৃভূমি, মা। ঈদের সময় বিভিন্ন প্রচারমাধ্যম ‘ঘরমুখো’(রাজধানীতে বাসাবাড়ির ঘর, নিজ পাঁচ-ছয়তলা বাড়ির ঘর মানুষটির নিজের ঘর নয় যেন!) মানুষের সাক্ষাৎকার নেয়। আমরা খবরের কাগজে ঘরমুখো মানুষের কথা পড়ি, ইলেকট্রনিক মিডিয়ায় তাদের খুশি খুশি মুখ দেখি, কথা শুনি। তারা বলে, দেশে যাচ্ছি, সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেব, সবাই তো চেনা।’ তারা যখন টিভি ক্যামেরার সামনে কথা বলে, কী তৃপ্ত তাদের মুখ, এক নিশ্চয়তা ও নিরাপত্তাবোধের দৃঢ় আলোকরেখা তাদের চোখ থেকে ঠিকরে পড়ে।ওই যে বলল, ঈদের আনন্দ ভাগ করে নেবে, সবাই তো চেনা। এই কথার বিপরীত একটি অর্থ হতে পারে, নগরের (ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহর) কেউ তার চেনা নয় বা জানা নয়। কেননা, তার শিকড় এখানে নয়। শুধু চলার মতো পরিচয় দিয়ে বা নিয়ে, ‘কেমন আছেন’, ‘ভালো’ ইত্যাদি বলে, নাগরিক হাসি হেসে শুকনো কুশল বিনিময় করে এই নগরে পাশ কেটে চলা। গাছের মতো মানুষেরও শিকড়বোধ থাকে। আমাদের শিকড় এখনো গ্রাম। এবং ওই শিকড়ের প্রতি চেতনে অবচেতনে: ‘কান্ট্রি রোড টেক মি হোম’ ঘুরে বেড়ায়। শুধু একটি গ্রাম নয়, সারা বাংলাদেশ কবে আমার দেশ হবে, অজানা। এই দেশের সব জায়গায় বসবাস করা মানুষ আপন হবে, চেনা হবে এবং নিরাপদ হবে—এই কথার উত্তরও আমার অজানা। ঈদে বা কোনো উপলক্ষে এই নগর থেকে নিজের গ্রামে যাওয়ার সময় কবে বলব: ভাই, গ্রামে যাচ্ছি।জাহিদ হায়দার: কবি।