
মুক্তিযুদ্ধের বই: এবারে বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। গ্যারি জে ব্যাস তাঁর দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তার এক বস্তুনিষ্ঠ বিবরণ দিয়েছেন। তাঁর বিবরণ অনুযায়ী, ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দিল্লি ও ওয়াশিংটনে টানটান উত্তেজনা বিরাজ করছিল। সেখান থেকে চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর। রাজনৈতিকভাবে সেদিন দিল্লি ছিল বেশ শান্ত। ইন্দিরা গান্ধী ছিলেন কলকাতায়, তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে রাজধানীতে বিমান আক্রমণের সতর্কসংকেত বেজে ওঠে।
ভারতের নৌ গোয়েন্দা সংস্থার পরিচালক ভাইস অ্যাডমিরাল মিহির রায় বলেন, ‘আমরা ৪ ডিসেম্বর আক্রমণ করতে যাচ্ছি।’ জানা যায়, ইন্দিরা গান্ধী জেনারেল মানেক শর ৪ ডিসেম্বর আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছেন। পূর্ণিমার সুবিধা কাজে লাগিয়ে আক্রমণ পরিচালনার লক্ষ্যে এ পরিকল্পনা করা হয়েছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের কে এফ রুস্তমজির ভাষ্যমতে, পাকিস্তানি বাহিনীকে তাদের
ঘাঁটি থেকে তাড়িয়ে ছত্রখান করে দেওয়ার জন্য সেনাবাহিনী তাঁদের নির্দেশনা দিয়েছিল। সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন যুদ্ধ পরিচালনারও নির্দেশ ছিল তাঁদের ওপর। আর বাকিটা সেনাবাহিনীর কাজ।
কিন্তু পাকিস্তানই আগে আক্রমণ চালায়। ৩ ডিসেম্বর বিকেল পাঁচটা ৩০ মিনিটে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে আক্রমণ চালায়। পাকিস্তানের যুদ্ধোত্তর হামুদুর রহমানের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশনের ভাষ্যমতে, ইয়াহিয়া খান ২৯ নভেম্বর এ আক্রমণের পরিকল্পনা করেন। কিন্তু ভারতের আক্রমণের পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
ইন্দিরা গান্ধী কলকাতায় একান্তে বলেছিলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। তারাই আমাদের ওপর আক্রমণ করেছে।’ তিনি চাইছিলেন দোষটা যেন পাকিস্তানের ঘাড়েই যায়। ফলে তাঁর মনোবাসনা পূর্ণ হয়।
ইন্দরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে পাল্টা আঘাত হানার নির্দেশ দিয়েছিলেন। জেনারেল মানেক শ পরবর্তীকালে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বাইরে থাকায় পাকিস্তানকে জবাব দেওয়ার সিদ্ধান্ত তাঁকেই নিতে হয়েছিল। তিনি পরবর্তীকালে সেই সিদ্ধান্ত সংসদে পাস করিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন। ৩ ডিসেম্বর মধ্যরাতের পর প্রধানমন্ত্রী ইন্দরা গান্ধী বেতারে ভারতীয়দের উদ্দেশে খুব ধীর ও গম্ভীর কণ্ঠে বলেন, আজ বাংলাদেশের যুদ্ধ ভারতের বিরুদ্ধে যুদ্ধে মোড় নিয়েছে। ওদিকে ৪ ডিসেম্বর ইয়াহিয়া খান তাঁর সর্বশেষ বড় ভুলটা করেন। তিনি বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে।
ইয়াহিয়ার আক্রমণে ভারতের নৈতিক অবস্থান আরও জোরালো হয়। ইন্দিরা গান্ধী লোকসভায় বলেন, ‘আমরা একটি যুদ্ধরত রাষ্ট্রের সংসদে আজ মিলিত হয়েছি। আমাদের ওপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এ যুদ্ধ আমরা চাইনি, এমনকি তা প্রতিরোধ করার জন্যও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’ শুধু আত্মরক্ষা হিসেবে তিনি এ যুদ্ধের সাফাই গাননি, বাংলাদেশের স্বাধীনতা ও মানবাধিকারের প্রসঙ্গ টেনে তিনি এ যুদ্ধের যৌক্তিকতা প্রতিপন্ন করেছেন। রিচার্ড নিক্সনের কাছে লেখা এক চিঠিতে তিনি পাকিস্তানি আগ্রাসনের মুণ্ডুপাত করেন। ইন্দিরা গান্ধী পাকিস্তানের ‘নিবর্তনমূলক, বর্বর ও ঔপনিবেশিক নীতির’ সমালোচনা করে বলেন, এসবের ধারাবাহিকতায় দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করেছে।
এরপর ইন্দিরা গান্ধীর সমালোচকেরাও তাঁর প্রতি সমর্থন জানান। জয়প্রকাশ নারায়ণ বলেন, জাতীয় জরুরি অবস্থার সময় দলাদলির কোনো অবকাশ নেই। একজন ভারতীয় কর্মী লেখেন, ‘ঈশ্বরে বিশ্বাস না করলেও আমি তাঁকে ধন্যবাদ দিতে চাই। এরূপ জাতীয় জরুরি অবস্থায় আমাদের ইন্দিরা গান্ধীর মতো একজন শক্তিমান, নির্ভয় ও সংকল্পবদ্ধ প্রধানমন্ত্রী আছেন, তাঁর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত।’
ওদিকে ওয়াশিংটনে রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জার কোনো তথ্য-উপাত্ত ছাড়াই ধরে নিয়েছিলেন, ভারত এ যুদ্ধ শুরু করেছে। তাঁদের ভারত বিরোধিতা ছিল সহজাত, তাঁরা কোনো ভিন্নমত আর সহ্য করবেন না। তাঁরা হঠাৎ করেই ধরে নিলেন, পাকিস্তান অনেক চেষ্টা করলেও ভারত সবই ভুল করেছে।
কিসিঞ্জার বোকা নন। তিনি ঠিকই বুঝলেন, ভারত সুবিধাজনক সময়ের জন্যই অপেক্ষা করছিল। ‘তারা যত শিগগির সম্ভব, তত শিগগিরই ঢুকে পড়েছে। বর্ষাকাল শেষ। চীন-ভারত সীমান্ত তুষারপাতে বন্ধ হয়ে গেছে। ফলে চীন হস্তক্ষেপ করতে পারছে না। বাংলাদেশ এখন প্রশিক্ষিত, আর সেই সময় ভারত সেখানে সেনা ঢুকিয়ে দিয়েছে।’ কিসিঞ্জার জানতেন, পাকিস্তানই প্রথমে আক্রমণ করেছে। কিন্তু মার্কিন লাইন ঠিক হলো এ রকম, পাকিস্তান আক্রমণ করতে প্ররোচিত হয়েছে।
নিক্সন কিসিঞ্জারকে বলেন, ‘ঈশ্বরের দোহাই, আমি ঠিক বলতে পারব না আমার কেমন লাগছে।’ নিক্সন অবিলম্বে ভারতকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দেন। তাঁর লক্ষ্য ছিল সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়ে ভারতের দীর্ঘমেয়াদি ক্ষতি করা।
ব্যাপারটা এমন ছিল যে নিক্সন ও কিসিঞ্জার উভয়েই আক্ষেপ করতে শুরু করেন, কেন তাঁরা পাকিস্তানের ব্যাপারে আরও বেশি পক্ষপাতমূলক হলেন না। নিক্সন ভাবছিলেন, কেন পাকিস্তানকে আরও বেশি অস্ত্র দিলেন না তাঁরা। তিনি ভাবছিলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ায় ভারত এ আক্রমণ হানতে সাহস পেয়েছে। আর কিসিঞ্জার ভাবছিলেন, প্রশাসন কেন আগেভাগে ভারতে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিল না। এতে হয়তো ভারত পিছপা হতো।
কিসিঞ্জারের কাছে আসলে এটা শীতল যুদ্ধেরই একটি অংশ ছিল। তিনি বলেন, ‘ভারত-সোভিয়েত গাঁটছড়া আমাদের এক বন্ধুকে ধর্ষণ করছে।’ তিনি প্রেসিডেন্ট নিক্সনকে বলেন, ‘আমরা এখন ধসে পড়লে সোভিয়েত আমাদের আর পাত্তা দেবে না, আর চীনারা ঘৃণা করবে।’ কিসিঞ্জার জানান, এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতির সব অর্জন একে একে নস্যাৎ হয়ে যাচ্ছে। ‘রুশরা সব বড় বড় দান মেরে দিচ্ছে।’ হোয়াইট হাউস সেখান থেকে পশ্চাদপসরণ করলে তা হবে ১৯৫৬ সালের সুয়েজ ঘটনার পুনরাবৃত্তি।
কিসিঞ্জার ধারণা করেছিলেন, এ যুদ্ধের ফলে ইয়াহিয়া খান উৎখাত হবে। এ চিন্তায় তিনি খুব বিমর্ষ হয়ে পড়েন। দুঃখের সঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই লজ্জার, খুবই দুঃখের, খুবই দুঃখের।’
নিক্সন ও কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে শাপ দেওয়া শুরু করেন। নিক্সন সুর করে বলেন, ‘তিনি বলেছেন, তিন-চার হাজার মাইল দূরের সাদাদের হুমকিতে তিনি আক্রান্ত হবেন না। কিন্তু তিনি আমাদের মুদ্রার রং নিয়ে কোনো আপত্তি তোলেননি।’ প্রেসিডেন্ট পুরোনো ঘটনা মনে করে কষ্ট পেলেন, ‘এই নারী যখন এখানে এসেছিলেন, তখন কি আমি তাঁর প্রতি একটু বেশি সদয় ছিলাম?’ কিসিঞ্জার ভাবলেন, তাঁর উচিত ছিল প্রেসিডেন্টকে বলা, যাতে তিনি এই নারীকে নীরবে বর্বরভাবে শেষ করে দেন। নিক্সন শপথ নিলেন, ইন্দিরা গান্ধীকে এর মূল্য দিতে হবে, মূল্য দিতেই হবে।
নিক্সন ও কিসিঞ্জারের রাগ ভারত সরকার ছাপিয়ে ভারতীয় জনগণ পর্যন্ত গড়ায়। ভারতে তাঁদের কোনো বন্ধু নেই। ভারত কখনোই তাঁদের সঙ্গে ছিল না। নিক্সন বলেন, ‘আমাদের কাজে ডেমোক্র্যাটরা হয়তো বলবেন, “আমরা চিরতরে ভারতকে হারাতে যাচ্ছি।” কিন্তু এসব পরোয়া করলে চলবে না।’ কিসিঞ্জার বলেন, ‘ভারতকে দৌড়ের ওপর রাখতে হবে। আমরা যদি কমিউনিস্ট চীনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে পারি, তাহলে ভারতের সঙ্গে দু-তিন বছর পর আমাদের সম্পর্ক আবারও ঠিক হতে পারে।’ কিন্তু তিনি একটা বিষয় বুঝতে পারেননি, চৌ এন লাইকে জয় করা আর ভারতের কোটি কোটি মানুষকে জয় করা এক কথা নয়। নিক্সন পরবর্তীকালে বলেছিলেন, ‘এই ভারতীয়দের আমি মোটেও পাত্তা দিই না।’ তার কিছুদিন পরেই অভিজাতরা উদ্বিগ্ন ছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের ৬০০ মিলিয়ন মানুষকে হারাবে, তাঁদের প্রতি তিনি নিদারুণ অবজ্ঞা দেখিয়েছিলেন। কী লজ্জার শ্লেষসহ তিনি বলেছিলেন, ‘বিরাট ক্ষতি!’
ইংরেজি থেকে অনূদিত
দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান, গ্যারি জে ব্যাস, র্যান্ডম হাউস পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ২০১৩।