'ভালো তালেবান' খোঁজা বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যে ২০ দফাসংবলিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (ন্যাপ) প্রণয়ন করেছে, তার বাস্তবায়ন নিয়ে দেশটিতে এক তিক্ত বিতর্ক শুরু হয়েছে। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর এটা গৃহীত হওয়ার পর থেকেই এমনটা শুরু হয়েছে। পাকিস্তানের বিরোধী দলগুলো সমালোচনা করছে, সন্ত্রাসবাদের হুমকি উচ্ছেদে যে রাজনৈতিক সদিচ্ছা দরকার, পাকিস্তান সরকারের তা নেই, এমনকি তার সেই অঙ্গীকারও নেই।
পাকিস্তানের সামরিক ও রাষ্ট্রীয় সংস্থাগুলো একে অপরকে দোষারোপ করছে যে তারা এই ন্যাপ বাস্তবায়নে যথেষ্ট তৎপর নয়। পাকিস্তানের যে মানুষেরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করেন, তাঁরা স্রেফ মিছে আশায় বুক বেঁধেছিলেন যে চরমপন্থা ও জঙ্গিবাদের পরামর্শকেরা পরিস্থিতির গুরুত্ব বুঝে এই পথ থেকে সরে আসবেন। কিন্তু গত কয়েক সপ্তাহে ন্যাপের উল্টো গতির পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, এসব আশা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে।
এটা আমলে নেওয়া প্রাসঙ্গিক যে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো নানা অজুহাতে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে। ওদিকে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুর তালিকায় তারা তো আছেই। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফ্যাসিবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমের পাঁচ কর্মী ইসলামাবাদের সালমান হায়দার, নানকানার আহমাদ রাজা নাসির ও আহমাদ ওয়াকাস গোড়ায়য়া, লাহোরের আসিম সাঈদ ও করাচির সমর আব্বাসকে অপহরণ করার তিন সপ্তাহ পর ছেড়ে দেওয়া হয়। গত ৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে বিভিন্ন শহর থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। দৃশ্যত, তাঁদের বিরুদ্ধে যেমন আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি, তেমনি তাঁদের আদালতেও হাজির করা হয়নি।
কোনো সরকারি বিভাগ এই অপহরণের দায় স্বীকার করেনি, যদিও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ থেকে বোঝা যায়, কোনো রাষ্ট্রীয়
সংস্থা এর সঙ্গে জড়িত ছিল। কথা হচ্ছে তাঁদের অপহরণও যেমন রহস্যজনক, তেমনি তাঁদের মুক্তি পাওয়াও। কিন্তু তাঁরা যখন নিখোঁজ ছিলেন, তখন সামাজিক মাধ্যম ও টিভি চ্যানেলে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানো হয় যে তাঁরা আল্লাহ ও ইসলাম সম্পর্কে কটাক্ষপূর্ণ কথা বলেছেন।
একইভাবে যে সাংবাদিক, নাগরিক সমাজের কর্মী ও রাজনৈতিক কর্মী এই অপহরণের বিরুদ্ধে সরব হয়েছেন, তাঁদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানো হয়েছে। অধিকাংশ প্রতিবাদকারী বলেছেন, তাঁদের প্রতিবাদ ছিল অপহরণের বিরুদ্ধে। কিন্তু রাষ্ট্র যদি প্রচলিত আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে তাঁদের সমস্যা নেই।
কিন্তু এই ব্যাখ্যা কাজে আসেনি। কারণ, এই প্রচারণার পেছনে যে ফ্যাসিস্ট মনোভাব কাজ করেছে, তা সমতা, ন্যায্যতা ও আইনের শাসনের একেবারেই ধার ধারে না। তাঁদের লক্ষ্য হচ্ছে, যেকোনো উপায়ে ভিন্নমত দমন ও মানুষের প্রাণ নেওয়া।
পরিস্থিতি খুবই গুরুতর, এটি উপেক্ষা করা যাবে না। সে কারণে অপহরণের ঘটনাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। কারণ, এতে ভিন্নমতের ওপর ফ্যাসিস্ট দমন-পীড়ন স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, এটাই সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার।
খালি চোখে সেই তিন সপ্তাহে রাষ্ট্রের তিন প্রধান অঙ্গ আইন, নির্বাহী ও বিচার বিভাগ এই অপহরণের ব্যাপারে একদমই দিশেহারা ছিল। তারা স্রেফ নির্বিকার থেকেছে।
তাহলে সেই সামাজিক চুক্তির কথা বিষয়টি কোথায় গেল? যার বদৌলতে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আবার এই সত্যও আপনাকে মেনে নিতে হবে যে বেশ কিছুদিন ধরে গুম হওয়াটা পাকিস্তানে খুবই সাধারণ ব্যাপার, এটাই প্রথম ঘটনা নয়। বেলুচিস্তানের জাতীয়তাবাদীরা হরেদরে গুম হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আদালত, মূলধারার গণমাধ্যম ও অধিকাংশ রাজনৈতিক দল এই ইস্যুটি অগ্রাহ্য করছে।
তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামেও রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক অপহরণ জায়েজ করার চেষ্টা হয়েছে। পাকিস্তানের সব প্রান্তে এটা করা হয়েছে, আর তারাও যেন দায়মুক্তি পেয়ে গেছে। কিন্তু আগের গুমের সঙ্গে সর্বশেষ গুমের পার্থক্য হচ্ছে, এবার ইসলামাবাদসহ বড় শহরগুলোতে সামাজিক মাধ্যমের কর্মীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যদিও প্রথাগত ফ্যাসিস্ট ও ভীতি প্রদর্শনের কায়দায় তা দমন করার চেষ্টা হয়েছে। ওই ব্যক্তিদের হত্যা করা হতে পারে—এটা জেনেও হরেদরে তাদের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে।
এটা একদম সহিংসতা উসকে দেওয়ার জন্য ঘৃণা ছড়ানোর প্রচারণা। এই প্রচারণা সৃষ্টিতে অপহরণকারীদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যে যোগসাজশ গড়ে ওঠে, তা মারাত্মক শয়তানি। যাঁরা পাকিস্তান সরকারের সন্ত্রাসীদের প্রশমিতকরণের নীতির সমালোচনা করছিলেন, তাঁদের টুঁটি চেপে ধরতে এরা প্রকাশ্যেই এককাট্টা হয়েছিলেন। ন্যাপের আওতায় ঘৃণা ছড়ানো বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু যাঁরা সোচ্চার হয়েছিলেন, তাঁদের কণ্ঠ চেপে ধরতে তা ব্যবহার করা হয়েছে। যাঁরা এই কাজ করছেন, তাঁরা যেন দায়মুক্তি পেয়ে গেছেন।
এমনকি পাকিস্তানের সুপ্রিম কোর্টও ঘৃণার বিরুদ্ধে নিবৃত্তিমূলক আদেশ প্রয়োগ করতে নানা বাধার সম্মুখীন হয়েছেন। একটি টিভি চ্যানেল রক্তলোভী ধর্মান্ধদের মুখপাত্রে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ‘বদমাশ শক্তি’ কি রাষ্ট্রীয় সংস্থাগুলোর চেয়েও শক্তিশালী হয়ে গেছে? তারা কি রাষ্ট্র ও সমাজকে জিম্মি করতে পারে? দুর্ভাগ্যজনকভাবে মাঠের বাস্তবতার পরিপ্রেক্ষিতে এর উত্তর হবে হ্যাঁ-বোধক, এমনকি আমরা যদি তা অস্বীকারের পথেও থাকি। ন্যাপের সঙ্গে তামাশা করে নিষিদ্ধঘোষিত এই সংগঠনগুলো তরতর করে এগিয়ে যাচ্ছে। ‘ভালো তালেবান’ খোঁজার নীতি থেকে সরকার এখনো সরে আসেনি মনে হচ্ছে।
কিন্তু ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নিতে হয়, তাহলে উল্লিখিত এই ব্যাপারটি কিন্তু বিপজ্জনক, আত্মঘাতীও বলা যায়। যাঁরা আফগান তালেবানদের ব্যাপারে রুশিদের সম্প্রতি আগ্রহে সংকীর্ণমনা তৃপ্তি পাচ্ছেন, তাঁদের ভুলে যাওয়া উচিত হবে না, যুক্তরাষ্ট্র একসময় সাদ্দাম হোসেনের কুয়েত ও ইরান অভিযান সমর্থন করেছিল। কিন্তু এতে ইরাক আন্তর্জাতিক রীতিনীতির একদম বিপরীত মেরুতে চলে যায়, ফলে তাকে শেষমেশ নাই হয়ে যেতে হয়। পাকিস্তানের বেলায়ও এর ভিন্নতা হবে না।

অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানের দৈনিক দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খটক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।