নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ১৬, ২০১৬
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশের পক্ষ থেকে ‘মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ’ বলে যে ঔদ্ধত্যপূর্ণ উক্তি করা হয়েছে তা একটি ভয়ানক উক্তি। দেশে যে অবস্থা চলছে তা এখনই রুদ্ধ করা না হলে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, যার পরিণতি ভালো হবে না।
আবুল কালাম
উক্তিটা ভয়াবহ—বুঝলাম। কিন্তু বাস্তবতা কি এর চেয়ে ভিন্ন। এ–জাতীয় কথা বলে মাঝেমধ্যে পত্রিকার হেডলাইন হওয়া যাবে, কিন্তু বাস্তবতায় কোনো পরিবর্তন আনা যাবে না। মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে দেশের জনগণ আপনার কাছে কথা নয়, কাজ দেখতে চায়। আইনি কাভারেজে থেকে পুলিশসহ আরও যারা বেআইনি কাজ করে জনগণের নাভিশ্বাস তুলছে, যদি পারেন তাদের সুপথে আনার জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কর্মপন্থা ঘোষণা করেন।
মো. খোরশেদ আলম
পুলিশকে অনৈতিক কাজে ব্যবহারের কুফল আজ আমরা ভোগ করছি। অচিরেই সরকারের ওপর তার কিছু না কিছু প্রভাব পড়বে। তাই সরকারকে এখনই পুলিশের লাগাম টেনে ধরা উচিত।
হেলাল আহমেদ
তার আগে পুলিশ-র্যাবের বড়কর্তারা রাজনৈতিক বক্তৃতা দিলেন, তা যদি আমলে নিতেন, তাহলে ওরা এত দূর যেত কি?
মুজিবর রহমান
এটাই এখন বাস্তবতা। রাজা-প্রজাদের এই যাত্রাপালার মঞ্চে মাঝেমধ্যেই আপনাকে বিবেকের ভূমিকায় আবির্ভাব হতে দেখা যায়, কিন্তু দর্শক তালি বাজায় বলে বোধ হয় না। জনগণের কাছে দায়বদ্ধ থাকলে মানবাধিকার রক্ষার স্বার্থে বিচার বিভাগের শরণাপন্ন হন, প্রধান বিচারপতির কাছে এই ভয়ানক অন্যায়ের প্রতিকার চেয়ে চিঠি লিখুন।