
আমাদের প্রজাতন্ত্রের সেবাদানকারী সংস্থাগুলোতে জনভোগান্তি সর্বজনবিদিত। এসব স্থানে অবৈধ অর্থ লেনদেন কিংবা ব্যাপক প্রভাব না থাকলে হয়রানির শিকার হতে হয়। মোটামুটি সব সংস্থার কর্মসংস্কৃতিই এক রকম। তবে যেগুলোর সঙ্গে সাধারণ মানুষের নিত্য যোগাযোগ, তাদের ব্যাপারে অভিযোগ ব্যাপক। এর মাঝে কোনোটিতে বেশি বা কম। আর বেশি বা কমও সুযোগ-সুবিধার হেরফেরের জন্য। সৎ ও নিবেদিত কর্মকর্তা কিছু থাকেন সর্বত্রই। তবে তাঁরাও এ দুর্ভেদ্য দুর্গকে ভেদ করতে পারেন কম। কায়েমি স্বার্থের যোগসাজশটা এমনই প্রসারিত যে কোনো ধরনের সংস্কারও খুব কম কাজ দিচ্ছে।
এ ধরনের সেবাদানকারী সংস্থার একটি ভূমি অফিস। মৌলিক প্রাকৃতিক সম্পদের একটি ভূমি। এ ভূমিতেই মানুষসহ সব প্রাণীর আবাস। সাগর, নদীর নিচেও কিন্তু ভূমি। খাদ্যের সংস্থানও হয় ভূমি থেকে। তাই এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের মতো ছোট অথচ জনবহুল দেশে তো একরকম ভূমি বুভুক্ষু অবস্থা চলছে। এ রকম পরিস্থিতিতে এ বিভাগটির সেবাদানকারী অফিসগুলোতে যেতে হয় অনেককে। আর তা খাজনা দেওয়া, নামজারি, খাস জমি বা জলমহাল বন্দোবস্তসহ বহুবিধ কাজে। এর একটি গুরুত্বপূর্ণ স্তর উপজেলা ভূমি অফিস।
এ অফিস থেকেই তদারক করা হয় ইউনিয়ন ভূমি অফিসগুলো। প্রয়োজনীয় তথ্য দেওয়া হয় জেলা প্রশাসনকে। এসব বিবেচনায় উপজেলা স্তরটি ভূমি ব্যবস্থাপনায় আগে থেকেই একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই নব্বইয়ের দশক থেকে বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তাকে এ অফিসের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়। তাঁদের কেউ কেউ জনভোগান্তি হ্রাসে উদ্যোগ নিয়েছিলেন। তবে কাঠামোগত কোনো পরিবর্তন আনা যায়নি বললে ভুল হবে না। তদুপরি সরকারি চাকরি দলীয়করণের কুফল এসব প্রতিষ্ঠানেও পড়তে থাকে। ব্যবহারযোগ্য জমির পরিমাণ ক্রমান্বয়ে কমে যাওয়া, মূল্যবোধের অবক্ষয়—সবকিছু মিলিয়ে এ অফিসটিতে জনভোগান্তি কমেছে এমন দাবি করা যাবে না। অবশ্য সম্মানজনক ব্যতিক্রম তো আছেই।
এ ক্ষেত্রে তরুণ কর্মকর্তাদের একটি অংশ নিজেদের বলয়ে কিছুটা কাঠামোগত পরিবর্তন আনতে সচেষ্ট হন। তাঁদের কেউ কেউ সফলও হয়েছেন। তবে তা প্রান্তিক পর্যায়ে। আর সংশ্লিষ্ট কর্মকর্তার বদলিতে এসব ব্যবস্থা টেকসই হয়নি। এ ক্ষেত্রে অতি সাম্প্রতিক কালে একটি বড় ধরনের সংস্কারে সফল হন রাজশাহীর পবা উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি)। তিনি অফিসের ব্যবস্থাপনাকে জনবান্ধব করতে সক্ষম হন। তাঁর সংস্কার কার্যক্রমটির শিরোনাম মাটির মায়া। এ কাঠামোগত সংস্কারের ধারাবাহিকতা তাঁর উত্তরসূরিদের ধরে রাখার কথা। গণমাধ্যমসহ উপকারভোগী জনগণ কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয় এ কার্যক্রম। প্রথম আলো খবরটি ফলাও করে ছেপেছিল।
সে কাগজেই অতি সম্প্রতি ঢাকায় ‘মাটির মায়া’ শিরোনামে এ ধরনের একটি খবর এসেছে রাজধানীর কোতোয়ালি ভূমি অফিস সম্পর্কে। এখানেও দেখা যাচ্ছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) গোটা বৈরী পরিবেশটিকে এক বছরে আমূল পাল্টে দিয়েছেন। তিনিও অনুসরণ করেছেন রাজশাহীর পবা মডেল। তাঁর অফিসকক্ষের নামও দিয়েছেন মাটির মায়া। অফিস থেকে দালালেরা বিতাড়িত। নথিপত্র সব গোছানো। ভূমি রেকর্ড সুরক্ষিত। কার কী দায়িত্ব আর কোন কাজের জন্য সরকারকে কত ফি দিতে হবে, তা লেখা আছে বোর্ডে। সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমিসংক্রান্ত মামলার তথ্যাদি যথাসময়ে পাঠানো হয়। এগুলো কম্পিউটার ডেটাবেইসেও এন্ট্রি করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি অফিসে সর্বত্র। আর সহকারী কমিশনার সে ক্যামেরাকে সংযুক্ত করে ফেলেছেন তাঁর ল্যাপটপ ও মুঠোফোনের সঙ্গে। তাই যেকোনো স্থান থেকে ব্যবস্থাপনা তদারক করা যায়। আবেদনকারীদের বিভিন্ন মামলার তারিখ জানিয়ে পাঠানো হয় খুদে বার্তা।
এসব করতে কিছু সরকারি ব্যয় হয়েছে সন্দেহ নেই। তবে তা–ও খুব বেশি হওয়ার কথা নয়। অথচ পরিবর্তনটি একরকম মৌলিক। আর কাজটি করলেন মোটে বছর চারেকের অভিজ্ঞতাসম্পন্ন একজন তরুণ কর্মকর্তা। এটা কত সুফল দেয় তা বুঝতে পারছেন ভুক্তভোগীরাই। অবশ্য এ কর্মকর্তা রোল মডেল হিসেবে তাঁর অগ্রজ কর্মকর্তা পবার সাবেক সহকারী কমিশনারের নাম উল্লেখ করতে ভোলেননি। তাহলে দেখা যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চাইলে অফিসের কর্মসংস্কৃতি ইতিবাচকভাবে বদলে দিতে পারেন। প্রতিবন্ধকতা আসবে। নিশ্চয়ই এ দুটো ক্ষেত্রেও এসেছিল। তবে তাঁরা তা উতরাতে সক্ষম হয়েছেন। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই আনা যায় পরিবর্তন। অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রেরণা ছিল এ দুটি ক্ষেত্রে। বৈরী পরিবেশ মোকাবিলায় দিয়েছেন সমর্থন। আর সবচেয়ে প্রশংসনীয় কাজটি করছে গণমাধ্যম। তারা এ ধরনের ভালো উদ্যোগকে ফলাও করে প্রকাশ করায় উৎসাহিত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপন বলয়ে তাঁদের ভিত্তি হয়েছে জোরদার।
কোতোয়ালি ভূমি অফিসের নতুন ব্যবস্থাপনা আজ সব মহলে প্রশংসিত। যখন কোনো সেবা সংস্থার ভালো কাজের প্রশংসা লক্ষ করা যায়, তখন নতুন আশায় বুক বাঁধে জনগণ। ভাবতে পারে সবখানেই এমন হয় না কেন? উপজেলা ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি স্থাপনা। এগুলোর কোথাও কোথাও একজনের সম্পত্তি অন্যের হয়ে যায়। অকারণে কারও সম্পত্তি তালিকাভুক্ত হয়ে যায় অর্পিত বা পরিত্যক্ত হিসেবে। মূল মালিকদের মৃত্যু বা জমি হস্তান্তরের পর নতুন মালিকদের নাম অন্তর্ভুক্ত করে রেকর্ড সংশোধনও স্বাভাবিকভাবে হয় না। খাল-বিল, নদী-নালাসহ বিভিন্ন সরকারি সম্পত্তি কোনো না কোনো কৌশলে বেহাত হয়ে যায়। এ নিয়ে মামলা হলে সরকারপক্ষ থেকে উপযুক্ত তদবিরও হয় না।
অবশ্য এসব অনিয়মের সব উপজেলা ভূমি অফিসের আওতায় নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে জরিপ বিভাগ ও রেজিস্ট্রি অফিস। তবে উপজেলা ভূমি অফিস এ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অথচ এ অফিসেই কিছুদিন আগ পর্যন্ত ছিল বেহাল অবস্থা। বর্তমান ভূমি প্রতিমন্ত্রী বছর তিনেক আগে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে লক্ষ করেন নৈরাজ্যকর অবস্থা। এমনটাই আমরা দেখেছি খবরের কাগজে। ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় সীমাহীন অনিয়ম এ দেশে ভূমিবিরোধ এবং এ জন্য দেওয়ানি ও ফৌজদারি মামলায় গুরুত্বপূর্ণ নেতিবাচক ভূমিকা রাখে।
মানুষের ক্ষমতা ব্যাপক। একজন ব্যক্তি যেকোনো সময়ে নতুন করে জীবন শুরু করতে পারেন। তেমনি পারে কোনো সংস্থা, এমনকি একটি দেশ। শিল্পবিপ্লবের সূচনায় ইংল্যান্ডের নদ-নদীগুলো সব দূষিত হয়ে পড়েছিল। অন্নদাশঙ্কর রায়ের লেখায় পড়েছি টেমস নদীর পাড়ে যেতে হতো নাকে রুমাল চেপে। সেটা শতবর্ষ আগের বিষয়। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। টেমস এখন চমৎকার পরিচ্ছন্ন একটি নদী। হাজার হাজার পর্যটক যাচ্ছেন প্রতিনিয়ত। ঠিক তেমনি আমাদের গণকর্মসংস্কৃতিতে পচন ধরা সম্পর্কে যে অভিযোগ, তার বিপরীত দিকটা দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে। সবগুলো হয়তো গণমাধ্যমের নজরে নেই। আর সবচেয়ে আশার কথা, ধীরে ধীরে হলেও এর প্রসার ঘটছে। একপর্যায়ে জোরদার হবে। রাজশাহীর পবার সাফল্য টেকসই হবে কি না, এ সম্পর্কে কেউ কেউ সংশয়বাদী ছিলেন। কিন্তু অল্প সময়ের মাঝে আর একজন অনুজ কর্মকর্তা খোদ রাজধানীতেই সে পথ লক্ষ করে পাড়ি দিয়েছেন অনেক দূরত্ব। হয়তো অজানা আরও অনেক সাফল্যগাথা আছে। সেগুলোও ধীরে ধীরে আমাদের নজরে আসবে। শুধু ভূমি অফিস নয়, সব সেবাদানকারী সংস্থা থেকেই শুরু করবে তা আসতে।
আর আসারই কথা। পরপর দুটো ভূমি অফিসের কর্মসংস্কৃতির বড় ধরনের ইতিবাচক পরিবর্তনে মনে হয় অন্যরা দ্রুতই এটা লক্ষ করে নিজ কীর্তির ধ্বজা ধরে এগোবেন। সরকারকে জনগণের কাছে তুলে ধরবেন আরও জনবান্ধব হিসেবে। জাতীয় কবি নজরুলকে আমরা ভুলতে চাইলেও বোধ হয় সম্ভব হবে না। তিনি চিরতরে দূরে চলে গেলেও আমাদের ভুলতে দেবেন না, এমন প্রত্যয়ই ব্যক্ত করেছেন নিজ গানে। সে কবি নজরুলই তাঁর সর্বহারা কবিতার শেষ টানতে গিয়ে লিখেছেন:
প্রলয়-পথিক চ’লিব ফিরি
দ’লবি পাহাড়-কানন-গিরি!
হাঁকছে বাদল, ঘিরি’ ঘিরি’
নাচছে-সিন্ধুজল।
চলরে জলের যাত্রী এবার
মাটির বুকে চল।।
মাটির মায়া কর্মসূচিও এভাবে বাংলাদেশের মাটির বুকে প্রসার ঘটতে থাকুক।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।