‘মানীর অপমান বজ্রপাততুল্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান জাতীয় সংসদ শুরুর কয়েকটি দিন বাদ দিলে গত সাড়ে তিন বছর প্রায় সব অধিবেশনেই বিরোধী দল অনুপস্থিত ছিল। মাঝেমধ্যে তাঁরা সংসদে যান তাঁদের সদস্যপদ রক্ষা করতে। সার্বিক বিবেচনায় এটা ধরে নেওয়া যায়, এই সংসদের বাকি মেয়াদেও এ অবস্থা চলতে থাকবে। খালেদা জিয়া এবং তাঁর মিত্ররা মোটামুটি ঠিক করে নিয়েছেন যে যত দিন না তাঁরা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হচ্ছেন, তত দিন তাঁদের পক্ষে সংসদমুখী না হওয়াটাই মঙ্গলজনক। বিরোধী দল সংসদে গেলে সংসদ প্রাণবন্ত ও কার্যকর হয়। তবে দেখা গেছে, কখনো কখনো কোনো কোনো সংসদ সদস্যের বক্তৃতা-বিবৃতি আর আচরণের কারণে বর্তমান সংসদে অনেক অনভিপ্রেত ঘটনারও সৃষ্টি হয়। তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা সরকারি বা বিরোধী দলকে তেমন কোনো বিচলিত করে কি না জানি না, তবে দেশের সাধারণ মানুষকে বিচলিত করে। অনেক সময় সংসদে বিরোধী দল না থাকলেও সরকারি দলের সদস্যরা নিজেরাই তেমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি করতে পারেন, যেমনটা সংসদের বাইরে করে ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্ত। বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অন্য কোনো ছাত্রসংগঠনের কর্মকাণ্ড চোখে পড়ে না। সুতরাং ছাত্রলীগের সামনে কোনো প্রতিপক্ষ নেই। তাতে তেমন অসুবিধা নেই। প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রলীগ নিজেদের মধ্য থেকে প্রতিপক্ষ সৃষ্টি করে একে অন্যের মাথা ফাটায়। সংসদের অবস্থাও অনেক সময় এমনটি হয়ে ওঠে। সম্প্রতি জাতীয় সংসদে বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল এবং এ ঘটনা নিয়ে দেশের সুধীমহলে বেশ বড় রকমের আলোড়নও সৃষ্টি হয়। বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজের মধ্যে অধ্যাপক আবু সায়ীদের নাম শোনেনি তেমন কাউকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। ষাটের দশকে পাকিস্তান টিভি ঢাকা কেন্দ্র থেকে শিক্ষামূলক অনুষ্ঠান করে হাতেগোনা যে কয়েকজন ব্যক্তি বেশ দর্শকনন্দিত হয়েছিলেন, তাঁদের মধ্যে অধ্যাপক আবু সায়ীদ অন্যতম। তখন তিনি ঢাকা কলেজের অধ্যাপক। উপস্থাপনা করতেন ‘সপ্তবর্ণা’ নামক একটি অনুষ্ঠানে, যা মূলত শিক্ষা ও বিনোদনমূলক ছিল। ডা. বদরুদ্দোজা চৌধুরী (বিকল্পধারা) করতেন ‘আপনার ডাক্তার’, অধ্যাপক আবদুল মতিন ‘ধাঁধার আসর’, আর ফজলে লোহানী ‘বুদ্ধিশুদ্ধি’। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ জনপ্রিয়। সেটি তখন বর্তমান বিটিভির যৌবনকাল। কাজের মানুষ কখনো অবসরে যান না। অধ্যাপক আবু সায়ীদও তেমন একজন মানুষ, যিনি অবসরে যেতে অস্বীকার করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী প্রজন্মকে ‘আলোকিত মানুষ’ হিসেবে গড়ে তুলতে নিজে কিছু ভূমিকা রাখবেন। প্রতিষ্ঠা করেছেন ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’। মূল উদ্দেশ্য তরুণ সমাজের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা আর বই পড়ার অভ্যাস গড়ে তোলা। ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে তাঁর পরিসর বড় হয়েছে। তাঁর ভ্রাম্যমাণ পাঠাগার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। পেয়েছেন এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার। সম্মানিত হয়েছেন দেশের আপামর জনগণের কাছে। শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের তরুণ ও যুবসমাজের। তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও একজন রাজনীতি-সচেতন ব্যক্তি হিসেবে তাঁকে তাঁর কাছের মানুষেরা চেনে।১৯৯৯ সালে একবার তিনি চট্টগ্রামে এসেছিলেন বিশেষ অতিথি হয়ে একটি কলেজের (বর্তমানে তা একটি সরকারি বিশ্ববিদ্যালয়) নবীনবরণ অনুষ্ঠানে। ঘটনাচক্রে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম আমি। অনেকটা পদাধিকারবলে। এই রকম পরিস্থিতির মুখোমুখি অনেকবার হয়েছি এবং অস্বস্তি বোধও করেছি। সে সময়ও বিরোধী দল এখনকার মতো সরকারবিরোধী আন্দোলনে লিপ্ত। জনদুর্ভোগ সৃষ্টিকারী নিয়মিত হরতাল-অবরোধ চলছে। তিনি তাঁর বক্তৃতার একপর্যায়ে মন্তব্য করলেন, দেশের বর্তমান রাজনীতির অবস্থা দেখে মনে হচ্ছে, একটি দল জোর গলায় বলার চেষ্টা করছে, ‘ক্ষমতায় নেই কেন দেশবাসী জবাব চাই’। এই শিরোনামে তখন আমি একটি জাতীয় দৈনিকে উপসম্পাদকীয়ও লিখেছিলাম। সেই অধ্যাপক আবু সায়ীদ কিনা গত ৩ জুন তাঁর একটি কথিত বক্তব্যকে কেন্দ্র করে তিনজন সম্মানিত সংসদ সদস্যের বাক্যবাণে জর্জরিত হয়ে চরমভাবে অপমানিত হলেন আমাদের জাতীয় সংসদে। বলা বাহুল্য, যাঁকে এই অপমান, তিনি সেই সংসদ অধিবেশনে অনুপস্থিত ছিলেন, আর যাঁরা তাঁকে এই অপমান করেছেন, তাঁদের মধ্যে একজন আবার তাঁর প্রাক্তন ছাত্র। ছাত্রের হাতে শিক্ষকের অপমান সবার জন্য চরম লজ্জাজনক ঘটনা।এই অনভিপ্রেত ঘটনার সূত্রপাত ২ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সেমিনারে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ টিআইবির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। সেই সেমিনারে তিনি দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন এবং তাতে অবধারিতভাবে রাজনৈতিক ব্যক্তিদের কথাও এসে যায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেও যে রাজনীতিতে দুর্নীতি আছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। মাত্রার রকমফের হতে পারে। পরদিন দেশের দুটি জাতীয় দৈনিকে অধ্যাপক আবু সায়ীদের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়। পত্রিকা দুটিতে সংবাদটি এই শিরোনামে প্রচারিত হয় যে অধ্যাপক আবু সায়ীদ মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই বলে মন্তব্য করেছেন। উল্লিখিত সংসদ সদস্যরা ওই দুটি দৈনিকের বরাত দিয়ে সংসদে অধ্যাপক আবু সায়ীদকে অসংসদীয় ভাষায় তুলাধোনা করেন। উল্লেখ্য, এই দুটি দৈনিকের একটি অপসাংবাদিকতার জন্য কুখ্যাতি অর্জন করেছে বহুকাল আগে। ১৯৯০ সালে ভারতের একদল উগ্র হিন্দুত্ববাদীর হাতে উত্তর প্রদেশের বাবরি মসজিদ ধ্বংস হয় বলে এই পত্রিকাটি উসকানিমূলক সংবাদ ছেপে (বাবরি মসজিদ ধ্বংস হয় আরও দুই বছর পর, ১৯৯২ সালে) বাংলাদেশে সাম্প্রদায়িকতা উসকে দেয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নিরীহ মানুষ নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়। আরেকবার একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে প্রকাশিত একটি উপসম্পাদকীয়কে কেন্দ্র করেও পত্রিকাটি এক শ্রেণীর ধর্মান্ধ মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করে। ওই পত্রিকার সম্পাদক, লেখক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা হয় এবং তাঁদের পুলিশ গ্রেপ্তার করে। এমন একটি পত্রিকায় প্রকাশিত একটি অসত্য সংবাদকে কেন্দ্র করে সংসদে তিনজন সংসদ সদস্যের অসংসদীয় ভাষায় অধ্যাপক আবু সায়ীদের বিরুদ্ধে বিষোদ্গার কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। ঘটনা এখানেই থেমে থাকেনি। সেদিন যিনি স্পিকারের অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন, তিনিও এই অনভিপ্রেত বাহাসে জড়িয়ে পড়েন। এ ঘটনার পর টিআইবি থেকে সংসদের স্পিকার বরাবর অধ্যাপক আবু সায়ীদের বক্তব্যের সিডি এবং তার অনুলিখন পাঠানো হয়। এত কিছুর পরও জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনকেই ধন্যবাদ জানাতে হয়, কারণ তাঁরা পুরো বিষয়টি আমলে নিয়েছেন। ৪ জুন ডেপুটি স্পিকার শওকত আলী অন্য আরেকটি সভায় সাংবাদিকদের বলেছেন, ওই দিন এই তিন সংসদ সদস্যের উচিত হয়নি অধ্যাপক আবু সায়ীদের উদ্দেশে এমন বক্তব্য দেওয়া। তিনি থাকলে তা হতে দিতেন না। স্পিকার আবদুল হামিদ ১০ জুন এই বিষয়ের ওপর তাঁর রুলিং দেন এবং অধ্যাপক আবু সায়ীদ সম্পর্কে ওই দিনের সব অসংসদীয় ভাষা এক্সপাঞ্জ করার ঘোষণা দিয়ে সংসদের পক্ষ থেকে তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন। এরই মধ্যে ওই তিনজন সংসদ সদস্যের একজন জাতীয় পার্টির মুজিবুর রহমান চুন্নু ফোন করে ব্যক্তিগতভাবে অধ্যাপক আবু সায়ীদের কাছে তাঁর ওই দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এই অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে স্পিকার, ডেপুটি স্পিকার ও মুজিবুর রহমান চুন্নুর ভূমিকা তাঁদের মহিমান্বিত করেছে। সংসদ একটি পবিত্র স্থান। কালক্রমে সেই পবিত্রতার অনেকাংশ ক্ষুণ্ন হয়েছে নানা কারণে, যার অন্যতম হচ্ছে সংসদের ভেতরে এক শ্রেণীর সংসদ সদস্যের অনভিপ্রেত আচরণ। এটি যে শুধু বাংলাদেশে ঘটছে, তা-ই নয়। বছর কয়েক আগে দক্ষিণ কোরিয়ার সংসদে সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য তাঁদের নিজ দলের অন্য আরেকজন সংসদ সদস্যকে পিটিয়ে ক্ষতবিক্ষত করেন। তাঁর অপরাধ ছিল, তিনি একটা বিলে তাঁর দলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। গত বছর ভারতের রাজ্যসভার স্পিকার, যিনি আবার সে দেশের উপরাষ্ট্রপতি, তাঁর সামনে থেকে বিরোধী দলের সদস্যরা মাইক তুলে নিয়ে চলে যান। সংসদের পবিত্রতা রক্ষার প্রথম দায়িত্ব সংসদ সদস্যদের। তাঁরা যদি তার পবিত্রতা রক্ষা না করেন, তাহলে অন্যরা তা রক্ষা করবেন, তেমন প্রত্যাশা ঠিক নয়। সাংবাদিক ও সাংবাদিক নেতারা দেশের মানুষকে এই বলে হেদায়েত করেন যে স্বাধীন সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ। এতে কারও দ্বিমত নেই। তাঁরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কথা বলেন। কিন্তু এক শ্রেণীর সাংবাদিক আছেন যাঁরা আবার নিজেদের সব সময় আইনের ঊর্ধ্বে মনে করেন। এটি কোনো গ্রহণযোগ্য হতে পারে না। যে সাংবাদিক ও সংবাদপত্র অধ্যাপক আবু সায়ীদকে নিয়ে এমন অনভিপ্রেত বিতর্কের সৃষ্টি করেছে, অন্য কিছু না হলেও তাদের তো কিছু পেশাগত শাস্তি হতে পারে। রামসুন্দর বসাক নামের একজন পণ্ডিত ব্যক্তি প্রায় ৮০ বছর আগে একটি বাল্যশিক্ষা লিখেছিলেন। ছোটবেলায় তা যখন হাতে দেওয়া হয়েছিল, তখন তার দাম ছিল এক আনা। ওই এক আনা দামের বাল্যশিক্ষায় যে বিদ্যা ছিল, মনে হয় এখন হাজার টাকা দামের বই অথবা স্কুলেও ওই বিদ্যা পাওয়া যায় না। সে বইয়ের এক জায়গায় আছে ‘মানীর অপমান বজ্রপাততুল্য’। যাঁরা আমাদের জনপ্রতিনিধি, তাঁরা যদি এই সামান্য বাক্যটি মনে রাখেন, তাহলে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারি। সায়ীদ স্যারের দীর্ঘায়ু কামনা করি। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে শিক্ষক, ইউল্যাব, ঢাকা।