'মিঞাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন ধরে ভাবছি একটি চিঠি লিখব। কিন্তু ভেবে পাচ্ছিলাম না, ঠিক কাকে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হবে-পর্যটন মন্ত্রণালয় নাকি পর্যটন মন্ত্রীকে, বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি ঢাকার মেয়রদের, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নাকি বাংলাদেশের আপামর জনসাধারণকে। ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় গড়িয়ে গেল।

ছোটবেলা থেকেই দেশ-বিদেশ দেখার শখটা একটু বেশি। ভিনদেশে যতই ঘুরি না কেন, নিজের দেশে ফিরলে মনটা অন্যরকম ভালো লাগায় ভরে যায়। সম্প্রতি ইন্দোনেশিয়া ভ্রমণের সুযোগ এলো। জাকার্তায় চার দিনের সফর। শহরটা পরিচ্ছন্ন। তবে যানজট আমাদের দেশের মতোই। ১৫ মিনিটের দূরত্বে পৌঁছাতে এক ঘণ্টাও লেগে যেতে পারে। তবে টোল লেনের ব্যবস্থা আছে। টোল দিয়ে যেতে চাইলে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। বিশাল বিশাল উড়ালসড়ক চলে গেছে শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। আমাদের দেশের উড়ালসড়কের মতো ছোট্ট নয় যে, উড়ালসড়কে উঠলেই তা নেমে যায় আর শুরু হয় যানজট।
অনেক সকালে জাকার্তায় পৌঁছলাম। রাত জেগে ফ্লাইটে থাকায় ভোরবেলায় বিমানবন্দর ভালো করে দেখার সুযোগ হয়নি। ফেরার দিনে বহুদূর থেকে লাল লাল টালির ছাদ দেখা যাচ্ছিল, এক সময় দেখলাম ওটাই এখানকার বিমানবন্দর। বিশাল কাচের জানালা। যেন মনে হচ্ছিল, এ রকম বিমানবন্দর বোধ হয় এই প্রথম দেখলাম।
ইন্দোনেশিয়া বাটিকের জন্য বিখ্যাত। আমরা বিমানবন্দরের কয়েকটা দোকান ঘুরে দেখলাম। চারিদিক ঝকঝকে তকতকে। দুপুরের খাবার সেরে সময় মতো টার্মিনালে উপস্থিতি। যথারীতি টানেল দিয়ে বিমানে ওঠা। সন্ধ্যা নাগাদ নিজের দেশের মাটি, ঢাকা বিমানবন্দরে নামলাম।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমে ভেতরের দিকে যেতেই যত্রতত্র টিস্যু পেপার, পানির খালি বোতল যেন অভিবাদন জানাল। অল্প কিছুক্ষণ হাঁটার পর একটা নোংরা খয়েরি-কালো বিড়াল দৌড়ে এসে বলে গেল ‘মিঞাও’। আমাদের হেঁটে যাওয়া মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। বিড়াল কী বলতে চাইল বুঝতে পারলাম না। তবে যাত্রীদের মধ্যে অনেকেই বলে উঠলেন ‘নেচার ফ্রেন্ডলি এয়ারপোর্ট’ (প্রকৃতি বৎসল বিমানবন্দর)। এরপর উঠতে হলো এসকেলিটরে। ময়লা এসকেলিটর। এরপর এসকেলিটর থেকে মেঝেতে। টাইলসের চল্টা ওঠা মেঝে। স্যাঁতসেঁতে পরিবেশ। এটা পেরোতেই ইমিগ্রেশন। এ যাত্রায় যেন বেঁচে গেলাম, বেশিক্ষণ অপেক্ষার প্রয়োজন হলো না। ইমিগ্রেশন শেষে ছুটে গেলাম লাগেজ নিতে। কত নম্বর কনভেয়ার বেল্টে লাগেজ আসবে তার কোনো নির্দেশনা নেই। অন্যদের পেছন পেছন দাঁড়ালাম একটা সারিতে। হঠাৎ করেই একটা নোংরা কনভেয়ার বেল্ট চালু হয়ে গেল। সেই সঙ্গে চালু হলো অন্য একটি ফ্লাইটে আসা তিন থেকে চারজন নারীর তুমুল ঝগড়া। ঝগড়া পরিণত হলো হাতাহাতিতে। কেউ একজন ওই নারীদের একজনের হাতব্যাগ নিয়ে কেটে পড়েছে, অর্থাৎ জানা গেল, বিমানবন্দরের ভেতরে ছিঁচকে চোরও আছে।
একটু দূরে গাদা গাদা মালপত্র পড়ে আছে মেঝের ওপর। আরেক কোণ থেকে আসছে শৌচাগারের উৎকট গন্ধ। আমাদের পাশেই দাঁড়ানো অল্পবয়সী এক বিদেশির চোখে চোখ পড়তেই সাবধানে তা সরিয়ে নিলাম। লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কাঁধের ওপর দিয়ে উকিঁঝুঁকি দিয়ে সুটকেস নিতে থাকলেন যাত্রীরা। অবশেষে আমার সুটকেসের দেখা মিলল। অপরিচ্ছন্ন কনভেয়ার বেল্ট থেকে টেনে বাক্স তুললাম ট্রলিতে। ট্রলি ঠেলে পার্কিং লটের কাছে যেতেই দেখি, শীতাতপ যন্ত্রের (এসি) পানি পরে কিছু জায়গা যেন ভাসছে। সেই পানির ওপর দিয়ে যাওয়া মানুষের জুতোর ছাপ বিমানবন্দরের বাকি অংশে ছড়িয়ে পড়ছে। বিদেশে দেখেছি, সামান্য পানির দাগ থাকলেও ‘সাবধান’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়।
পার্কিংয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভিক্ষুকেরা ‘গিভ ওয়ান ডলার’ বলেই চলল। আর কিছু না শিখলেও এই ইংরেজি বাক্যটা তাঁরা ভালোই রপ্ত করেছেন। তাঁদের পেরিয়ে গাড়িতে বসতেই দেখি, কী দুরবস্থা এই পার্কিং লটের। ময়লা-আবর্জনা দিয়ে পার্কিং লট ঠাসা। চিপসের প্যাকেট, পানির খালি বোতল, বাদামের খোসা, ছেঁড়া জুতো, সিগারেট, পানের পিক-কী নেই এখানে। বিদেশি যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁরা নিজেদের ভাষায় কী বলছিলেন বুঝতে পারিনি। কিন্তু লজ্জা, ঘৃণা আর অপমানে কোথায় যেন তখন পালিয়ে যেতে ইচ্ছে হয়েছিল।
গাড়ি এবার রাস্তার কাছে। ভাঙাচোরা রংচটা রোড ডিভাইডার দিয়ে সড়ক ভাগ করা হয়েছে। এই ডিভাইডারের ওপর দিয়ে হয়তো ট্রাক উঠে গিয়েছিল। একটা দিক পুরোটাই ভাঙা। তা ঠিক করার কথা হয়তো কেউ ভাবতেই পারেননি। অথচ এই রোড ডিভাইডারটা কিন্তু বিমানবন্দরে ঢুকতেই চোখে পড়ে।
এরপর প্রধান সড়কে গাড়ি উঠতেই তীব্র যানজট। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে অসংখ্য মানুষ। রাস্তার পাশে অসংখ্য বিলবোর্ড। নেতাদের ছবি। আসলেই কি এটা আমাদের মাতৃভূমির ছবি? আসলেই কি এর জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন। আসলেই কি আমরা দেশকে ভালোবাসি? আমাদের কি আত্মমর্যাদা আছে? দেশের জন্য আমাদের কি মায়া হয়? জানি না। কেউ এই চিঠিটা পড়ে দুঃখ বা লজ্জাবোধ করবেন কি না, তাও জানি না।
প্রতিবার বিদেশ থেকে ফিরেই মনটা ছোট হয়ে যায়। প্রতিবারই ভাবি, এবার ভালো কিছু দেখব। কিন্তু সে ভাবনা ধুলায় লুটিয়ে যায়, অস্থিরতায় ভরে ওঠে মন। এক সময় আমাদের গাড়ি থেমে থেমে চলতে থাকল। বিমানবন্দরে নেমেই যে বিড়ালটা দেখেছিলাম, ওটার কথা মনে পড়ে গেল। বিড়ালটা কি আমাদের কিছু বলতে চেয়েছিল? ওর ভাষা বুঝতে পারিনি। ভাবছি, আমার কথাগুলো কেউ বুঝতে পারবে কি না? নিজের উত্তরের অপেক্ষায় চোখ বন্ধ করলাম, শুনতে পেলাম ওই বিড়ালের ডাক, ‘মিঞাও’।

নাজিয়া জাবীন: ছড়াকার ও লেখক