'মুসলিম' জঙ্গিরা আসলে কার ক্ষতি করছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার বন্ধুপুত্রের ভিসার অনুমোদন বাতিল করা এবং অন্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানানোর কোনো কারণ ওই সব দূতাবাস ব্যাখ্যা করেনি।

যদিও ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন ধনী দেশের দূতাবাসগুলো আমাদের নাগরিকদের ভিসা দিতে বরাবরই অনীহ এবং ভিসার আবেদন প্রত্যাখ্যানের ঘটনাও কম নয়, তবু গুলশানে হামলার আগের ও পরের পরিস্থিতি এক রকম নেই বলে মনে হচ্ছে। ওপরের কয়েকটি দৃষ্টান্ত সে রকম আভাসই দিচ্ছে বলে ধারণা করা যায়। ট্রাভেল কোম্পানির কর্ণধার আমার এক বন্ধু-প্রতিবেশী বললেন, গুলশানে হামলার পর থেকে বাংলাদেশিদের পক্ষে এমনকি মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-থাইল্যান্ডের মতো দেশগুলোরও ভিসা পাওয়া আগের চেয়ে কঠিন হয়েছে। এমনকি ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ফিরে আসার ঘটনা বেড়েছে বলে তিনি আমাকে জানালেন। তাঁর উক্তি, ‘বাংলাদেশ থেকে যাওয়া লোকজনের সঙ্গে ইমিগ্রেশনে এমন আচরণ করা হয়, যেন আমরা হয় সন্ত্রাসী, নয় চোর-বাটপার।’

দুই

শুক্রবারের ডেইলি স্টার-এ ছাপা হয়েছে এক অদ্ভুত প্যারানোইয়ার খবর। যুক্তরাজ্যের ডনকাস্টার বিমানবন্দরে এক মুসলমান তরুণীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারণ, তিনি তুরস্ক থেকে যে বিমানে যুক্তরাজ্যে ফিরছিলেন, সেই বিমানটির এক কেবিন ক্রুর কাছে তাঁর আচরণ সন্দেহজনক বলে মনে হয়েছে। তাঁর ‘সন্দেহজনক’ আচরণের কোনো বিবরণ প্রতিবেদনটিতে নেই, শুধু বলা হয়েছে যে তিনি সিরিয়া স্পিকস: আর্ট অ্যান্ড কালচার ফ্রম দ্য ফ্রন্টলাইন নামের একটি বই পড়ছিলেন। এই খবর থেকে বোঝা যাচ্ছে, মুসলমানদের ব্যাপারে ইউরোপের ভীতি ও সন্দেহ কী উদ্ভট মাত্রায় বেড়ে গেছে। ফাইজাহ শাহিন নামের ২৭ বছরের ওই তরুণী যুক্তরাজ্যের নাগরিক, ইংরেজিভাষী এবং তিনি যে বইটা পড়ছিলেন, সেটা ইংরেজিতে লেখা। বইটা যদি আরবিতে লেখা হতো, আর যদি সেটার বিষয়বস্তু হতো ধর্মীয়, তাহলে ওই তরুণীর ভাগ্যে কী ঘটত কে জানে! তিনি নিজের দেশের বিমানবন্দরে নিজেদের পুলিশ বাহিনীর হাতে আটক হয়ে অত্যন্ত বিরক্তিকর ও হয়রানিমূলক জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন শুধু এ কারণে যে তিনি মুসলমান। ওই বিমান কোম্পানির মুখপাত্র লন্ডনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকাকে জানিয়েছেন, ‘অন্য সব এয়ারলাইনের মতো আমাদেরও সব ক্রুকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তাঁরা যেকোনো পূর্বসতর্কতামূলক বিষয়ে অবহিত করেন।’

মনে হচ্ছে, আমাদের সতর্ক হওয়া দরকার। যেসব নারী-পুরুষের নাম আরবি কিংবা ফারসি, পাসপোর্টে যাঁদের ধর্ম লেখা আছে ‘ইসলাম’, অথবা বেশভূষা দেখে যাঁদের মুসলমান হিসেবে ধরে নেওয়া হবে তাঁরা বিমানযোগে বিদেশ ভ্রমণকালে অযৌক্তিক কিংবা হাস্যকর অজুহাতেও হয়রানির শিকার হতে পারেন।

তিন

আমেরিকা, ফ্রান্স, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সাম্প্রতিক হামলাগুলোর পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আরব ও মুসলিম দেশগুলোর অভিবাসীদের বিরুদ্ধে লেখালেখি বেড়েছে। এক লেখায় এ রকম মন্তব্য পড়লাম: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক শরণার্থী সংকটের সময় ইউরোপের যে কটি দেশ আরব শরণার্থীদের ঢুকতে দেয়নি, সেগুলোতে সন্ত্রাসী হামলা হচ্ছে না। যেমন হাঙ্গেরি ও পোল্যান্ড। উল্টো যেসব দেশ বিপুলসংখ্যক আরব শরণার্থীকে গ্রহণ করেছে, সন্ত্রাসী হামলাগুলো হচ্ছে সেসব দেশেই; যথা জার্মানি ও ফ্রান্স। সুতরাং কী করতে হবে? ওই লেখকের প্রচ্ছন্ন বক্তব্য এ রকম: মুসলমানদের অভিবাসন বন্ধ করতে হবে।

ইউরোপ-আমেরিকায় এ রকম মনোভাব বেড়ে চললে আমরা যে কতভাবে ক্ষতিগ্রস্ত হব, তার হিসাব করা কঠিন। সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের উচ্চশিক্ষা। এ দেশের বুয়েট-মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের উল্লেখযোগ্য অংশ উচ্চতর শিক্ষার জন্য ইউরোপ-আমেরিকার উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার সুযোগ পান। তাঁদের কেউ উচ্চতর শিক্ষা শেষে স্বদেশে ফেরেন, কেউ কেউ সেসব দেশে থেকে যান। কিন্তু যিনি যেখানেই কাজ করেন, বিদ্যা ও জ্ঞানের আদান-প্রদান চলতে থাকে। বিদেশে অনেক মেধাবী বাঙালি বড় বড় গবেষণায় অংশ নিয়ে, কোথাও কোথাও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এখন ‘মুসলিম’ জঙ্গিবাদের কারণে ইউরোপ-আমেরিকা তথা জ্ঞান-বিজ্ঞানে উন্নত দেশগুলোর দরজা ছোট হতে থাকলে শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে।

চার

জঙ্গিদের নৃশংসতার কারণে ইসলাম ধর্মের শান্তিবাদী ভাবমূর্তিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপ-আমেরিকায় কেউ কেউ এখন জোর দিয়ে বলতে শুরু করেছেন, জঙ্গিরা নৃশংসতার প্রেরণা নিচ্ছে খোদ তাদের ধর্ম থেকেই। প্যারিসে মরক্কান বংশোদ্ভূত এক কিশোর এক গির্জার ৮৪ বছর বয়সী যাজককে গলা কেটে হত্যা করার পর এ ধরনের মনোভাব ছড়ানো হচ্ছে যে গলা কাটা হলো মুসলমানদের স্বভাব। জঙ্গিরা ধর্মের যেসব বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষের গলা কাটাসহ নানা পন্থার নৃশংসতাকে জায়েজ করতে চায়, ইউরোপের কিছু মানুষও সেসব বিকৃত ব্যাখ্যা তুলে ধরে বলতে চায় যে এগুলো এই ধর্মেরই নির্দেশনা। মোদ্দা কথা, যেসব ইউরোপীয় জাত্যাভিমানী কট্টর জাতীয়তাবাদী ও মৌলবাদী ইহুদি-খ্রিষ্টান ব্যক্তি ইসলাম ধর্মকে খাটো করতে চান, ‘মুসলিম’ জঙ্গিদের নৃশংসতা তাঁদের জন্য খুবই সুবিধাজনক হচ্ছে। সুতরাং, এই ‘মুসলিম’ জঙ্গিরা সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলাম ধর্মের ও বিশ্বের মুসলিম জনসাধারণের।

আরও একটা বিষয় লক্ষ করা দরকার। জঙ্গিরা যতই নৃশংসতা ছড়াচ্ছে, ইউরোপ-আমেরিকার শক্তিধর রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে তাদের বর্বরতা বাড়ানোর সুযোগ পাচ্ছে তত বেশি। তারা এভাবে নিজেদের বর্বরতা জায়েজ করারও সুযোগ পাচ্ছে। তারা আফগানিস্তান, ইরাক, লিবিয়ায় ব্যাপক বর্বরতা ও ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ নিয়েছে আল-কায়েদার সন্ত্রাসের জবাব দিতে গিয়ে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের প্রতিশোধ নিতে গিয়ে তারা ধ্বংস করে ফেলেছে তিনটা দেশ। এখন ইসলামিক স্টেটের নৃশংস দৌরাত্ম্যের পরিস্থিতি মুসলমানদের ওপর আরও দমন-পীড়ন, হামলা ও বর্বরতা চালানোর সুযোগ তৈরি করে দিচ্ছে।

পাঁচ

১১ সেপ্টেম্বরের পর বিশ্বের মুসলমানদের জন্য এ রকম সংকট সৃষ্টি হয়েছিল, সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ফলে সেই সংকট আরও বেড়ে গেল। মুসলিম বিশ্বের মানুষকে এই সংকট থেকে বের হতে হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিটি দেশের রাষ্ট্র ও সমাজকে তথাকথিত ইসলামি জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে। সমাজের ভেতর থেকেই সেই শক্তি সংগঠিত করতে হবে। বাংলাদেশ তা পারবে বলে আমার বিশ্বাস; কারণ এ সমাজের প্রতিটি স্তরে জঙ্গিবাদবিরোধী মনোভাবের প্রবল প্রকাশ শুরু হয়েছে। সন্ত্রাস ও উগ্রতার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছে। পাড়ায়-মহল্লায় সাধারণ মানুষ সজাগ হয়েছে, অচিরেই হয়তো জঙ্গিরা আর লুকিয়ে থাকার জায়গা পাবে না।

কিন্তু শুধু বাংলাদেশ পারলেই তো সংকট মিটবে না। আফগানিস্তান কি পারবে? পাকিস্তান পারবে? পারবে কি ইরাক, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো? তার চেয়েও বড় কথা, খোদ ইউরোপ-আমেরিকার মাটিতে বেড়ে ওঠা যেসব ‘মুসলিম’ জঙ্গি ওই সব দেশে নৃশংসতা চালাচ্ছে, তারা কি নির্মূল হবে? ইউরোপ কিংবা আমেরিকায় এ ধরনের সহিংসতার ঘটনাগুলো সামনে অব্যাহত থাকলে তার প্রতিক্রিয়ায় সেখানে মুসলমানদের প্রতি ঘৃণাও বাড়তে থাকবে। বেড়ে যাবে তাদের সরকার, পুলিশ, গোয়েন্দা, বিমানবন্দর, ইমিগ্রেশন, এয়ারলাইনসহ সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষগুলোর প্যারানোইয়া, বাংলায় যাকে বলা যেতে পারে ত্রাসজনিত মনোবিকার।

আর এই সমস্ত কিছুর মাশুল গুনতে হবে বিশ্বের ১৬০ কোটি মুসলমানকে!

মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।