‘ভাইবোনদেরই আমি ভালোবাসি বেশি। ঢাকায় থাকি, তবে বেশি মনে পড়ে ভাইবোনদের কথা। আমরা তিন ভাই তিন বোন। আমার এক বোন সবার বড়, তারপর আমি। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। যখন বাড়িতে যাই, তখন সব ভাইবোন রাস্তার ধারে এসে বসে থাকে তাদের বড় ভাই আসবে বলে। আর মায়ের ভালোবাসা তো সবার থেকে বেশি। বাড়িতে গেলে অনেক পিঠা তৈরি করে। প্রতিদিনই মাংস রান্না করে। আরও কত কী! সেই সব ছেড়ে ঢাকায় থাকতে মন কয় না।’ কথাগুলো বলার সময় খুব কষ্ট করে আবেগ ধরে রাখছিল ছেলেটি। সেটা বোঝা যাচ্ছিল তার কথা বলার ধরন এবং চোখের চাহনি দেখে। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের উল্টো দিকের ফুটপাত ধরে যদি এগোতে থাকেন, তবে দেখবেন, কিছু মানুষ ‘এই লন, এক শ বিশ, যা নিবেন একশ বিশ, বাইচ্ছা লন এক শ বিশ’ এই সুর ধরে চিৎকার করছে। ওরা আসলে শার্ট বিক্রি করে। কোনো কোনো পথচারী তাদের কথার মোহে কেনে এক-দুটি শার্ট। ব্যস, আর কী—সার্থক হয় এত প্রাণখোলা ডাক। এমনই এক চিৎকার করতে থাকা ছেলে শোনাচ্ছিল তার জীবনের গল্প। ছেলেটির নাম মো. কাউসার। নোয়াখালীর দাউদপুর গ্রামে সে রেখে এসেছে তার সেই সব ভাইবোনকে, যারা দিনের পর দিন তার অপেক্ষায় দিন গোনে। ফেলে এসেছে মাকে, যে মায়ের আদর সারা বিশ্ব খুঁজলেও দ্বিতীয়বার মিলবে না। বয়স তার প্রায় ১৭। এরই মধ্যে কাজের বোঝা কাঁধে নিয়ে সে ঢাকায়। কী কারণে সে এখনই ঢাকায়—শুনতে চাই তারই কাছে। ‘ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি, এরপর শুরু করছি শয়তানি—ওই আরকি—বন্ধুদের নিয়ে বেশি আড্ডা দিতাম। পড়াশোনা করতাম না, আবার কোনো কাজও করতাম না। আমার বাবার একটা মুদির দোকান আছে, সেখানেও বসতাম না। তখন বাবা-মা পরামর্শ করল গ্রামেরই এক কাকা শামসুল ইসলামের সাথে। কাকার ঢাকায় ব্যবসা ছিল। তখন কাকা মা-বাবাকে পরামর্শ দিল আমাকে ঢাকায় পাঠানোর জন্য। সে-ই আমার ঢাকায় আসা।’প্রায় এক বছর হলো ঢাকায় এসেছে কাউসার। মা-বাবা ও আদরের ভাইবোনদের ছেড়ে এখানে থাকতে এতটুকুও ভালো লাগে না তার। ‘গ্রামের কথা বলতে গেলে তো আর শেষ হবে না। সেখানকার সবই আমার ভালো লাগে। আর আমরা কয়েকজন বন্ধু মিলে তো সারা গ্রাম ঘুরে বেড়াতাম। কখনো খেলতাম, আবার কারও গাছের জিনিস পেড়ে এনে খেয়ে ফেলতাম, আবার আমরা একসাথে আড্ডাও দিতাম। জিকু, শামসুর, সোহেল, রুবেল ছিল আমার প্রিয় বন্ধু। সোহেল এখন থাকে চট্টগ্রামে আর শামসুর থাকে ঢাকায়। তাই বাড়িতে যাওয়ার আগে ওদের ফোন করি। এখনো বাড়িতে গেলে আমরা একসাথে থাকি।’ বন্ধুদের প্রতি তার ভালোবাসা এখনো যে কমেনি, তা বোঝা যাচ্ছিল কাউসারের কথা থেকে।‘ছোটবেলায় আমরা ভাইবোনেরা সবাই একসাথে খেলতাম কানামাছি, গোল্লাছুট। আমরা অনেক আনন্দ করতাম। একটা ভুল করছি দেখে আব্বা-আম্মা শাস্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে এই ঢাকা শহরে। কিন্তু কী আর করব? আসছি যখন তখন তো কষ্ট স্বীকার করতেই হবে। আমাদের নিজেদের বাড়ি আছে গ্রামে আর একটা মুদি দোকান আছে, বাবা সেখানে বসে। কিন্তু আমাদের তো কোনো জমি-জায়গা নেই চাষ করার মতো। তাই বাবার কষ্টই হয় ছয়জনের সংসার দেখাশোনা করতে। ঢাকায় নিয়ে এসেছেন আমাকে যে কাকা, সেই কাকারই এই সব শার্টের ব্যবসা। তাঁর কাছে আমরা কাজ করি। তাঁর আরও কয়েকটা দোকান আছে। আমরা যারা তাঁর কাছে কাজ করি, আমরা সবাই একসাথে ফার্মগেটের নাখালপাড়ায় মেসে থাকি। খরচ তিনিই দেন। আর মাস শেষে আমাকে দেন দুই হাজার টাকা। আমি তো সারা দিন দোকানেই থাকি। তাই আমার তেমন খরচ হয় না। তাই হাতে কিছু রেখে এক হাজার বা দেড় হাজার টাকা পাঠিয়ে দিই বাড়িতে। বাবা একা কাজ করে তো, তাই টাকাটা কাজে লাগে বাবা-মায়ের। পড়াশোনা ছেড়েছি চার-পাঁচ বছর হলো। এখন মনে হয়, পড়াশোনা করলে অনেক ভালো হতো। আমার ছোট ভাই আফসার এখন পড়ছে সায়েন্স নিয়ে। ওকে অনেক পড়ানোর ইচ্ছে আছে। গ্রামের কথা খুব মনে হয়। মনে হয় আমার ছোটবেলার কথা। আমার দাদি তেঁতুলের আচার বানাতেন। আর আমরা চুরি করে খেয়ে ফেলতাম। পরে দাদি খুঁজতেন, আচার চুরি করেছে কে?’ কাউসারের ঠোঁটের কোণের হাসিটি বুঝিয়ে দিচ্ছিল, স্মৃতিময় দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। এক-দুই মাস পরপর বাড়ি যায় কাউসার। ব্যবসা করতে চায় সে। ছোট যেকোনো ব্যবসা, যেখানে পুঁজি কম লাগবে অথবা যেকোনো কাজ গ্রামের দিকে। তবে আর ঢাকায় থাকবে না কাউসার। একেবারে চলে যাবে মায়ের আঁচলের তলে। কেননা, কাউসারের নিজের ভাষায়, ‘বাবা-মা যদি থাকে তো সব আছে। বাবা-মার কাছে কি কিছু লাগে? আর গ্রামে থাকতেই তো ভালো লাগে।’স্বপ্নপূরণের লক্ষ্যে কাউসার আবার শুরু করে চিৎকার, ‘এই লন, এক শ বিশ, যা নিবেন এক শ বিশ, বাইচ্ছা লন একশ বিশ।’