'যান যান ভোটার নিয়ে আসেন'

বেলা ১১টা। বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে বিরাট জটলা। নৌকার সমর্থকেরা বুকে ব্যাজ নিয়ে ঘোরাঘুরি করছেন। অনেকে দল বেঁধে আসছেন। দেখে মনে হচ্ছিল কোনো জনসভায় যাচ্ছেন। নৌকার সমর্থক-কর্মীদের কারণে সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছিল। নির্বাচন কমিশনের স্টিকার লাগানো গাড়ি দেখে তির্যক মন্তব্য করেন, সাংবাদিক আসছে, সাংবাদিক আসছে। অর্থাৎ সাংবাদিক না এলে তাঁরা যা করতে চান, তা আরও ভালোভাবে করতে পারতেন।
কেন্দ্রের বাইরে ভিড় যত বেশিই হোক না কেন ভেতরের দৃশ্য একেবারে আলাদা। কেন্দ্রের পাহারায় পুলিশ আছে। ভোট নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তারা আছেন। আছে ভোট নেওয়ার যন্ত্র—ইভিএম। কিন্তু ভোটারের দুর্ভিক্ষ চলছে। অনেকক্ষণ পর একজন-দুজন ভোটার আসছেন।
ভোটকেন্দ্রের বাইরে যেমন একটি প্রতীকের সমর্থকদের ভিড়, ভেতরেও একটি প্রতীকের পোলিং এজেন্টরা বসে আছেন। গল্প করছেন। পরিচয় জানতে চাইলে কেউ নিজেকে নৌকার পোলিং এজেন্ট, কেউ আওয়ামী লীগ–সমর্থক কাউন্সিলর প্রার্থীর এজেন্ট বলে দাবি করেন। তাঁদের কাছে জানতে চাই, ধানের শীষের এজেন্ট নেই? তাঁরা বললেন, আসেননি। প্রিসাইডিং কর্মকর্তাকে জিজ্ঞেস করি, ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। তিনি বললেন, এ রকম কোনো ঘটনা এই কেন্দ্রে ঘটেনি।
ভেতরে খোঁজ নিয়ে জানলাম, তিন ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও ভোট পড়েছে ৫ থেকে ৭ শতাংশ। যে বুথে ৪০০ ভোটার, ভোট পড়েছে ২৫ কিংবা ৩০। মেয়েদের বুথে আরও কম। নির্বাচনী কর্মকর্তা আছেন, পুলিশ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। একটি দলের হলেও ভোটার শনাক্ত করার এজেন্ট আছেন। কিন্তু ভোটার কোথায়?
ফেরার পথে দেখলাম, নৌকা প্রতীকধারী নেতাগোছের দুজন হন্তদন্ত হয়ে কেন্দ্রের ভেতরে যাচ্ছিলেন। দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করলেন, ‘আপনারা কি ভোটার?’ তাঁরা ‘না’সূচক জবাব দিলে তিনি অনেকটা ধমকের সুরে বললেন, ‘যান যান ভোটার নিয়ে আসেন।’ পাশ থেকে আরেকজন মন্তব্য করলেন, যার বিয়ে তার দেখা নেই, পাড়াপড়শিদের ঘুম নেই।
ওই পুলিশ কর্মকর্তার মন্তব্যে মনে হলো ভোটারের স্বল্প উপস্থিতি শুধু দলীয় প্রার্থী নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও চিন্তিত করেছে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সকালে ভোট দিতে গিয়ে আশা করেছিলেন, শীতের আড়মোড়া ভেঙে মানুষ দলে দলে ভোট দিতে আসবেন। বিকেল চারটা পর্যন্ত সেই আড়মোড়া আর ভাঙেনি। ঢাকা দক্ষিণ ও উত্তরের ডজনখানেক ভোটকেন্দ্র ঘুরে কোথাও দলে দলে ভোটার আসতে দেখিনি।
খুব সকালে দলীয় কর্মীদের উপস্থিতিও ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সংখ্যা বেড়েছে। কিন্তু ভোটারের সংখ্যা তেমন বাড়েনি। এ নিয়ে একাধিক প্রিসাইডিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা অর্থপূর্ণ হাসিতে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন, ভোটার না এলে তাঁদের কিছু করার নেই। তাঁদের দায়িত্ব কেন্দ্রে আসা ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা। তাঁদের দায়িত্ব তাঁরা পালন করছেন।
ইভিএম নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল। দোষ মেশিনের নয়, মেশিনটি যাঁরা চালান, তাঁদের। পল্টন থেকে যখন পুরান ঢাকার দিকে যাচ্ছিলাম, এক বন্ধু টেলিফোনে নিজের ভোটের অভিজ্ঞতা জানালেন। তাঁর ভাষ্য, তিনি নারিন্দার একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে নৌকা প্রতীকধারী এক যুবক তাঁর সঙ্গে সঙ্গে গোপন কক্ষে গিয়ে নিজেই নৌকা প্রতীকের বাটন টিপলেন। বন্ধুটি নিজের পরিচয় দিলেন। কিন্তু কোনো কাজ হলো না। পরে তিনি সই না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন।
এর আগে সকাল নয়টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখি, ভেতরে-বাইরে ফাঁকা। এমনকি নৌকার সমর্থক কর্মীরাও তখনো এসে পৌঁছাননি। কেন্দ্রের বাইরে দু-একজন ভোটার স্লিপ দেওয়ার জন্য চেয়ার পেতে বসেছেন মাত্র। বললাম, এত দেরি করলেন কেন? জবাব দিলেন, শীতের দিন তো, ভোটাররা দেরিতে আসবেন।
এর মধ্যে একজন সাংবাদিকবন্ধুর সঙ্গে দেখা। তিনি বললেন, বিএনপির অফিসের বিপরীতে আনন্দ ভবনের কেন্দ্রে তিনি ভোট দিয়ে এসেছেন। গিয়েছেন আরও কয়েকটি কেন্দ্রে। কোথাও বিএনপির এজেন্ট বা কর্মী–সমর্থক দেখেননি। সবখানে নৌকা প্রতীকধারীরা দাপিয়ে বেড়াচ্ছেন। রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। এ সময় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেন্দ্র থেকে বেরিয়ে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ক্ষোভের সঙ্গে বললেন, এই তামাশার কোনো মানে আছে? তাঁর প্রতি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই জানালেন, বিএনপির নেতারা প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু কেন্দ্রে তাদের একটি কাকপক্ষীও খুঁজে পেলাম না।
আগের নির্বাচনে বিএনপি অভিযোগ করেছিল, তাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এবার তো তারা কেন্দ্রেই আসেননি। ভদ্রলোক কাকে ভোট দিয়েছেন জিজ্ঞেস করা সমীচীন মনে করিনি। তবে তাঁর হাবভাবে মনে হলো তিনি বিএনপির সমর্থক। নিজের দলের দুরবস্থায় হতাশ ও ক্ষুব্ধ। আমরা ডজনখানেক কেন্দ্র ঘুরে একটি কেন্দ্রের একটি বুথে একজন মাত্র এজেন্টকে পেলাম, যিনি নিজেকে ধানের শীষের এজেন্ট বলে পরিচয় দিয়েছেন।
ভদ্রলোকের কথার সত্যতা যাচাই করতে আমরা নয়াপল্টনে বিএনপির সদর অফিসে যাই। নিচে একটি কক্ষে কয়েকজন কর্মী–সমর্থক বসে আছেন। ভাবলেশহীন। তাঁদের চেহারা দেখে মনে হলো নির্বাচন নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন। নেতারা কী নির্দেশ দেন, তার অপেক্ষায় আছেন।

চারতলায় প্রেস ব্রিফিং কক্ষের পাশেই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কক্ষ। নির্বাচনী প্রচারে প্রতিপক্ষের হাতে আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। প্রেস ব্রিফিং কক্ষে টিভি ক্যামেরা নিয়ে কয়েক সাংবাদিকবন্ধু হাজির। কর্মীরা ইতস্তত ঘোরাফেরা করছেন। কথা হলো সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদের সঙ্গে। কয়েকজন সহকর্মী নিয়ে তিনি নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। খোঁজখবর নিচ্ছিলেন কোথায় কী অঘটন ঘটছে। তাঁকে বললাম, আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। কিন্তু কোনো কেন্দ্রেই ধানের শীষের এজেন্ট দেখিনি, কারণটা কী। তিনি বললেন, পুলিশ রাতেই বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে অনেক কর্মীকে ধরে নিয়ে গেছে। এরপরও যাঁরা কেন্দ্রে গেছেন, আওয়ামী লীগের ক্যাডারেরা তাঁদের বের করে দিয়েছে।
তাঁর কথার সঙ্গে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দানকারীর বক্তব্যের মিল নেই। ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতা-কর্মীরা ১২টা পর্যন্ত মাটি কামড়ে ছিলেন। ভোটের প্রথম ভাগে লড়াইটা সমানে সমানে ছিল। এবারে তাঁরা আগেভাগে মাঠ ছেড়ে দিয়েছেন। অথচ দলের নীতিনির্ধারকেরা, দুই মেয়রপ্রার্থী রক্ত দিয়ে হলেও মাঠে থাকার কথা বলেছিলেন। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছিলেন। বিএনপির ঢিলেঢালা ভাব দেখে মনে হয়েছে, তারা আওয়ামী লীগের কৌশলের কাছে মার খেয়েছে। বিএনপির নেতারা যখন কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেছিলেন, তখনই আওয়ামী লীগ অভিযোগ তোলে, তারা বাইরে থেকে হাজার হাজার সশস্ত্র ক্যাডার এসে ভোট বানচাল করতে চাইছে। যাঁরা, ওবায়দুল কাদেরের ভাষায়, তিন মিনিট রাস্তায় থাকতে পারেন না, তাঁরা সশস্ত্র ক্যাডার নিয়ে এসে ঢাকা শহর ভরে ফেলবেন, এটি বিশ্বাসযোগ্য নয়। তারপরও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ঘোষণা দিলেন, ‘সকাল সকাল ভোট দিয়ে কেন্দ্রের দখল ও নিয়ন্ত্রণ নিতে হবে।’
গতকাল ঢাকা দক্ষিণ ও উত্তরের কোথাও বিএনপিকে ভোট পাহারা দিতে দেখা যায়নি। কয়েকটি কেন্দ্রে হাঙ্গামা হয়েছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। নৌকা ও ধানের শীষের মধ্যে নয়। আমাদের দেশে প্রতিটি নির্বাচনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে। আগের সিটি করপোরেশন নির্বাচনগুলোয় জবরদস্তি ছিল। ধরপাকড় ছিল। এবারে তা নেই। বিএনপির নেতারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পেরেছেন। আর আওয়ামী লীগের কর্মীরা নিশ্চিতে ভোট করেছেন। কেন্দ্রের ভেতরের পরিবেশ একেবারে সুনসান। এ রকম ‘শান্তিপূর্ণ’ নির্বাচন বাংলাদেশ আর কখনো দেখেনি।
সিটি নির্বাচনে বিএনপির ব্যর্থতা হলো কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলে চুপচাপ ঘরে বসে থাকা। আর আওয়ামী লীগের ব্যর্থতা হলো কেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ নিয়েও ভোটারদের আকৃষ্ট করতে না পারা।
সোহরাব হাসান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
[email protected]