
সিঙ্গাপুরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার যুগান্তকারী বৈঠক নিয়ে সারা বিশ্ব যখন আনন্দে উদ্বেলিত, যে বৈঠক কিনা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার আশাকে জাগিয়ে তুলেছে, ঠিক তখনই ট্রাম্প প্রশাসন শান্তভাবে নতুন একটি যুদ্ধক্ষেত্র উন্মোচন করল। এ যুদ্ধ হচ্ছে গোটা বিশ্বের বিরুদ্ধে এক সর্বাত্মক বাণিজ্যযুদ্ধ। মার্কিন সরকার এমনকি ভারতের মতো নতুন মিত্রদেশগুলোর আমদানি পণ্যের ওপরও একতরফা শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক সত্ত্বেও নয়াদিল্লি তাদের পণ্যের ওপর থেকে মার্কিন শুল্ক ছাড় করতে ব্যর্থ হয়েছে। ইন্দোনেশিয়া ও মেক্সিকো থেকে ব্রাজিল ও তুরস্ক পর্যন্ত অন্য সব উন্নয়নশীল দেশের ভাগ্যেও এমনটি ঘটতে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এই বাণিজ্যনীতি যদি পুনর্বিবেচনা না করেন, তাহলে বিশ্বব্যাপী বাণিজ্য-ঘাটতি ৭০ শতাংশ এবং বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ শতাংশ পর্যন্ত সংকোচন হতে পারে। ‘আমেরিকাই প্রথম’ এই নীতির প্রবর্তনে ট্রাম্প যে প্রচেষ্টা চালাচ্ছেন, এই বাণিজ্যযুদ্ধ শুরু করে তিনি তা ভেস্তে দিচ্ছেন। আসলে তিনি তাঁর দেশের বৈশ্বিক নেতৃত্বের বিষয়টিকে ঝুঁকির মুখে ফেলছেন এবং দেশটিকে ক্রমে বিচ্ছিন্ন করে ফেলছেন।
মাত্র কয়েক মাস আগে, বেশির ভাগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের প্রধান ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছিলেন। অনেকে তখন মনে করেছিলেন যে একজন উদার দৃষ্টিভঙ্গির ব্যবসায়ী হিসেবে ট্রাম্প দেশের বড় বড় ব্যবসার বিষয়ে সচেতন এবং সংবেদনশীল। তাঁর প্রশাসনের প্রথম মাসগুলোয় মনে হচ্ছিল ট্রাম্প সে পথেই যাচ্ছেন। তিনি তাঁর প্রশাসনে সাবেক ওয়াল স্ট্রিট নির্বাহীদের নিয়োগ দিয়েছিলেন, সিলিকন ভ্যালির প্রতিভাবান কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ পরামর্শক কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন এবং বড় বড় ব্যবসার জন্য করছাড়-সংক্রান্ত একটি প্রস্তাবও পাস করেছিলেন।
কিন্তু ট্রাম্প প্রশাসন থেকে স্টিভ ব্যাননের বিনা আনুষ্ঠানিকতায় বিদায়ের পরও অন্যান্য জাতীয়তাবাদী-সংরক্ষণবাদী কণ্ঠ যেমন হোয়াইট হাউসের ন্যাশনাল ট্রেড কাউন্সিলের পরিচালক পিটার নাভারোর মতো লোকজন রয়ে যান। তাঁরা দক্ষতার সঙ্গে ট্রাম্পের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব বা সংরক্ষণবাদী বৈশিষ্ট্য বজায় রাখার কাজটি করেন। তাঁরা ট্রাম্পকে এটা বোঝান যে যুক্তরাষ্ট্র এখন অন্য দেশ থেকে জোর করে সুবিধা আদায়ের মতো শক্ত অবস্থানে রয়েছে।
তারপর থেকে তাঁর প্রশাসনের মধ্যে বাণিজ্যপন্থী কণ্ঠস্বর ধীরে ধীরে হ্রাস পায়। ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ও গোল্ডম্যান স্যাকসের সাবেক নির্বাহী গ্যারি কোহেন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে হতাশ হয়ে গত মার্চ মাসে পদত্যাগ করেন। এর মাত্র কয়েক দিন পর, ট্রাম্প তাঁর প্রতিরক্ষামন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন। হোয়াইট হাউসে এখন রক্ষণশীলদের আধিপত্য। প্রতিরক্ষামন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর মতো রক্ষণশীলেরা হোয়াইট হাউসে রাজত্ব করছেন। এর ফলে যা হয়েছে ট্রাম্পের প্রতি দেশের ভেতরে এবং বাইরে সমর্থন ধীরে ধীরে কমেছে। ট্রাম্পের সিনিয়র সহযোগীদের একজন এ নিয়ে একটি নতুন মতভেদ চালু করেছেন। নতুন মতবাদটি হচ্ছে, ‘কোনো বন্ধুও নেই, কোনো শত্রুও নেই।’ রয়েছে শুধু যুক্তরাষ্ট্রের আগ্রহ।
ট্রাম্প যে শুধু নতুন মিত্রদেশগুলোর আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন, তা নয়। তিনি কানাডাসহ তাঁর পুরোনো মিত্রদেশগুলোর আমদানি পণ্যের ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা তাঁদের সর্বশেষ বিবৃতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও জলবায়ুর পরিবর্তনের জন্য উদ্বেগের বড় উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। উন্নয়নশীল দেশগুলোও ট্রাম্পের এই বাণিজ্যনীতির কড়া সমালোচনা করেছে। একই কারণে জি-৭ এবং ব্রিকস এখন একজোট হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ট্রাম্পের এই বাণিজ্যযুদ্ধের কারণে মিজৌরিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পেরেক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিডকন্টিনেন্ট নেইলের বহু কর্মী চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়েছেন টেক্সাসের ইস্পাতের পাইপ তৈরি কারখানা বরুসান ম্যানেসম্যানের কর্মীরা। অর্থনীতিবিদদের মতে, ট্রাম্প যদি তাঁর এই বাণিজ্যনীতি পুনর্বিবেচনা না করেন তাহলে প্রায় দেড় লাখ মার্কিন চাকরি হারাবেন। এদিকে চীন থেকে শুরু করে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নসহ অন্য রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সংযোগগুলোকে আরও জোরদার করতে পারে।
ট্রাম্পের এই বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের বিদ্যমান শিল্প ও উদীয়মান অর্থনীতি উভয়ের সমস্যাকে বাড়িয়ে তুলবে। এই বাণিজ্যনীতি শুধু ভুল পথে পরিচালিত নয়, এটা দায়িত্বহীনভাবে বিপজ্জনক।
ইংরেজি থেকে অনূদিত। আল-জাজিরা থেকে নেওয়া
রিচার্ড জাভেদ হেদারিয়ান এশিয়ার ভূরাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশেষজ্ঞ