'যে হামার খবর নেবে তাকে ভোট দেমো'

শহরের অলিতে গলিতে, চায়ের দোকানে, অফিসে—সর্বত্রই আলোচনা চলছে কে হচ্ছেন রসিক মেয়র। কেমন মেয়র রংপুরের জন্য দরকার, এটাই সবার ভাবনা। শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে কথা হচ্ছিল কয়েকজনের সঙ্গে। যেসব এলাকায় নাগরিক সেবা পৌঁছায়নি, এমন এলাকার একজন ভোটার নাসিরুদ্দিন। তিনি বলছিলেন, ‘খালি ভোটের সময় বুঝি সিটিত আছি। গত পাঁচ বছরোত বুঝি নাই। যে হামার খবর নেবে, তাকে ভোট দেমো।’ আশরতপুরের একজন বলছিলেন, ‘হামাক বেচে খাবার দিবার নই। যাই হামাক বেইচাপার নয়, তাকে ভোট দেমো, হামরা ভালো লোক চাই।’
রাজনৈতিক বিবেচনায় এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। রংপুরের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিশ্লেষণ চলছে। রংপুর পৌরসভার আয়তন ছিল মাত্র ৫২ বর্গকিলোমিটার। সিটি করপোরেশনের আয়তন হয়েছে ২০৫ বর্গকিলোমিটার। দ্বিতীয়বারের মতো সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল ২১ ডিসেম্বর। তবে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে প্রথমবার। যদি এখানে লাঙ্গল প্রতীক জয়ী হয়, তাহলে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় রাজনীতিতে শক্তিশালী হবেন। হুসেইন মুহম্মদ এরশাদ সে ক্ষেত্রে চাইলে আগামী জাতীয় নির্বাচনে জোট/মহাজোটে অনেক আসন দাবি করতে পারবেন। নৌকা প্রতীক জয়ী হলে তা রংপুর বিভাগের বিভিন্ন উন্নয়নের ফসল বলে তারা প্রচার করতে পারবে। ধানের শীষ জয়ী হলে তারা এটাকে পুঁজি করে দেশব্যাপী জনসমর্থন হিসেবে প্রচার করতে পারবে। সুজনের রংপুর অঞ্চলের সমন্বয়কারী রাজেশ দে বলছিলেন, ‘ভোটাররা যেন সৎ, যোগ্য ও জনগণের জন্য নিবেদিত লোক নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে আমরা সুজনের পক্ষ থেকে কাজ করেছি।’
কেন্দ্রীয় রাজনীতিতে রসিক নির্বাচন যে অর্থই বহন করুক না কেন, রংপুরের ভোটারদের কাছে এ নির্বাচন রংপুরের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। যাঁরা রংপুর শহরে থাকেন, তাঁরা চান শহরটি হোক জীবনযাপনের জন্য দেশের সবচেয়ে উপযোগী শহর। বাংলাদেশের একটি মডেল শহর হতে পারে রংপুর। রংপুরে বিশুদ্ধ পানি সরবরাহ নেই। পয়োনিষ্কাশন ব্যবস্থা দুর্বল। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। ১০ বছর আগেও রংপুরে জলাবদ্ধতা ছিল না। শ্যামাসুন্দরী খালের অবস্থা করুণ। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি খালের প্রতি কোনো যত্নই নেই। খালের পাশে দুর্গন্ধে দাঁড়ানো যায় না। খাল দখলও থেমে নেই।
শহরে আলাদা কোনো আবাসিক এলাকা নেই। অনেক বড় এলাকা নিয়ে শহর। সিটি করপোরেশনের উদ্যোগে পরিকল্পিতভাবে একাধিক আবাসিক এলাকা গড়ে তোলা সম্ভব। প্রতি ওয়ার্ডে খেলার মাঠ, শিশুদের বিনোদনকেন্দ্র এবং বড় বড় পুকুরও হতে পারে। সড়কগুলোর অবস্থাও ভালো নয়। অনেক এলাকায় এখনো নেই সড়ক বাতি। শহরে প্রধান সড়কের ভেতরে এখনো বিদ্যুতের খুঁটি। শহরের যে অংশ চার লেন হয়েছে, তার অধিকাংশ এলাকাই আছে ছোট ছোট দোকানদারের দখলে। অনিয়ন্ত্রিত অটোরিকশা শহরে যানজট সৃষ্টি করছে। অনেক স্থানে সড়ক এতটাই ভাঙা যে, কোনো ধরনের যান চলাচল কঠিন হয়ে পড়েছে।
দুস্থদের শিক্ষার উন্নত ব্যবস্থা নেই। সিটি করপোরেশন চাইলে দুস্থ মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে পারে। তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করতে পারে। শহরটি পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেই। এখনো কোনো মাস্টারপ্লান হয়নি। নগরের শোভাবর্ধনও খুব জরুরি। সিটি করপোরেশনের উদ্যোগে কিছু চিকিৎসাসেবা দেওয়া হয়। সেই সেবা আরও বৃদ্ধি করা প্রয়োজন। মাদক ধ্বংস করছে রংপুরের তরুণ সমাজকে। মাদক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সিটি করপোরেশন হওয়ার পর ট্যাক্স বেড়েছে কয়েক গুণ। কিন্তু এখনো সেবা পান না সাধারণ জনগণ।
রংপুরে বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড় এলাকাটি হতে পারে রংপুরের প্রাণ। এখানে ত্রিকোণাকৃতির উঁচু জায়গাটির সঙ্গে খোকসা ঘাঘট নদ। এ স্থানটি জনসাধারণের জন্য দৃষ্টিনন্দন এবং বসার জন্য উপযোগী করে তোলা সম্ভব। রংপুরের সবচেয়ে মনোরম হয়ে উঠতে পারে এলাকাটি। শহরের ভেতরের সুরভি পার্কটি আর উন্নত করা প্রয়োজন। চিকলি পার্কটি হয়ে উঠতে পারে সব বয়সী মানুষের বিনোদনকেন্দ্র। মাহিগঞ্জের ইছামতী নদীটির যত্ন নিয়ে ওই এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। এক কথায় ঘাঘট, খোকসা ঘাঘট, ইছামতী তিনটি নদীই হতে পারে সৌন্দর্যের পটভূমি।
রংপুর সিটি করপোরেশনের যে সামান্য আয় তা দিয়ে নিজেদের কার্যালয়ের ব্যবস্থাপনা চলতে পারে; কোনো উন্নয়ন সম্ভব নয়। নতুন সিটি করপোরেশনের জন্য প্রয়োজন সরকারিভাবে বিশেষ বরাদ্দ। বিশেষ বরাদ্দ না থাকলে যেসব গ্রাম আগে ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এখন সিটি করপোরেশনের আওতাধীন হয়েছে সেগুলোতে নাগরিক সেবা দেওয়া প্রায় অসম্ভব। ভোটাররা চিন্তা করছেন কে মেয়র হলে তাঁদের জন্য বিশেষ বরাদ্দ এনে রংপুরকে আধুনিক শহর হিসেবে সাজাতে পারবেন।
রংপুরের দর্শনা এলাকার একটি চায়ের দোকানে নির্বাচন নিয়ে কয়েকজন তরুণের মধ্যে তর্ক চলছিল। একজন বলছেন, ‘মার্কা দিয়ে কী হইবে, লোক যদি ভালো না হয়।’ তার উত্তরে আর একজন বলছেন, ‘ভালো লোক দিয়া কী হইবে মার্কা যদি কিছু কইরবার না পায়।’ চায়ের দোকানের এই বিতর্কের মধ্যে রংপুর সিটি করপোরেশনের ভোটারদের দোলাচল ফুটে উঠেছে।
রংপুরের জন্য এমন একজন মেয়র দরকার যিনি উন্নয়নমূলক কাজের মাধ্যমে রংপুরকে মাত্র পাঁচ বছরেই বদলে দিতে পারবেন। রাজশাহীর একজন মেয়র তাঁর এক মেয়াদে যে পরিমাণ উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের জন্য দৃষ্টান্ত। রংপুর শহরকে বসবাসের উপযোগী করে তোলার জন্য সব রকম সম্ভাবনাই রয়েছে। এখানকার একজন মেয়র রংপুরবাসীর হৃদয়ে স্থান করে নিতে পারবেন অনায়াসে। এসব বিবেচনা করে রংপুরবাসী এমন একজন মেয়র চান, যিনি রংপুরের মানুষের যুক্তিসংগত চাওয়াগুলো বাস্তবায়ন করতে পারবেন। রংপুরের সমস্যাগুলো নিত্যদিনের। প্রতিদিন নগরের সব মানুষই এসব সমস্যার মুখোমুখি হন। ফলে সমস্যা তাঁদের জানা। এসব সমস্যা দূরীকরণে যিনি অগ্রণী ভূমিকা পালন করবেন, তাঁকেই নগরপিতা নির্বাচিত করবেন রংপুর সিটি করপোরেশনের ভোটাররা।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
[email protected]