'যৌথ প্রতারণা'ই কি হওয়ার কথা ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবাব চলচ্চিত্রের পােস্টার
নবাব চলচ্চিত্রের পােস্টার

এই ঈদে স্থানীয় চলচ্চিত্রের ‘রাজনীতি’ কোণঠাসা হয়ে পড়েছে, কারণ এখন দেশের চলচ্চিত্র বাজারে আন্তর্জাতিক (যৌথ) ‘নবাব’ আর ‘বস (টু)’-দের দাপট। স্থানীয় দুর্বল চলচ্চিত্র-কারখানায় ভারতীয় কনটেন্টের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। গত বছরের ঈদেও ‘শিকারী’ বেশে ভারতীয় ‘বাদশা’র আগমন ঘটেছিল। এর আগে দেশে ‘বসগিরি’ করতেন যিনি, তিনিই আজ ভারতীয় নবাব, গত বছর ‘শিকারী’ বেশ ধারণ করার পর থেকে যিনি দুই দেশেই কমবেশি জনপ্রিয়। আর যে অধুনা সংস্থাটি দেশেই ‘অগ্নি’ ঝরানোর চেষ্টা করত, তারাও যোগ দিয়েছে আন্তর্জাতিক প্রযোজনায়। কিন্তু স্থানীয়রা রাজনীতিতে পিছিয়ে থাকবেন কেন? যতটুকু সম্বল আছে, তা অবলম্বন করে তাঁরা আন্দোলনে নেমেছেন, যৌথ প্রযোজনার এই প্রবণতাকে তাঁরা নাম দিয়েছেন ‘যৌথ প্রতারণা’। তবে এর মধ্যে ঘটে গেছে কিছু পরিবর্তন। এর আগে ভারতীয় চলচ্চিত্রের আমদানি-বিতর্কের সময় কেবল প্রদর্শক বা হল-মালিকেরা ছিলেন আমদানির প‌ক্ষে। বাকি সবাই (কলাকুশলী-প্রযোজক-পরিচালক) একত্র ছিলেন। এবারের বিতর্কে চলচ্চিত্র-কারখানার লোকজন মোটামুটি দুই ভাগে বিভক্ত। দুই দলই বেশ ভারী। এই বিতর্কে সরকার বা মন্ত্রণালয়েরও একটা ভূমিকা রয়েছে। যা হোক, দুই দলের এক দল নিজেদের নাম দিয়েছে ‘চলচ্চিত্র পরিবার’ (এখানে নাকি এফডিসি-কেন্দ্রিক ১৮টি সংগঠন আছে, আছেন নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যবৃন্দ)। আরেক দলের নাম দেওয়া যাক ‘যৌথ পরিবার’। এবারে একটু ঘটনাক্রমের দিকে নজর দেওয়া যাক।

তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ২০১৫ সালে যৌথ প্রযোজিত চলচ্চিত্রের সংখ্যা ছিল ৬ এবং স্থানীয় চলচ্চিত্রের সংখ্যা ছিল ৮০। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯ ও ৫২। এ বছর এ পর্যন্ত ৮টি যৌথ প্রযোজিত চলচ্চিত্র অনুমতি পেয়েছে এবং এ ক্ষেত্রে স্থানীয় চলচ্চিত্রের সংখ্যা ৩১। তথ্যমন্ত্রীকে এক টেলিভিশন অনুষ্ঠানে বলতে শুনলাম, স্থানীয় চলচ্চিত্রই তো বেশি নির্মিত হচ্ছে! কিন্তু আমরা জানি, স্থানীয় চলচ্চিত্রব্যবস্থা বহু দিন ধরেই মন্দার মধ্যে আছে। আর যৌথ প্রযোজনার চলচ্চিত্রই এখন প্রাধান্যশীল ভূমিকায় রয়েছে, বিশেষত গত বছর থেকে। কারণ, মন্দার বাজারে নির্মাতারা ঈদের মৌসুমের দিকেই তাকিয়ে থাকেন। এ সময়ে দর্শকেরা প্রেক্ষাগৃহে যান বিনোদনের খোঁজে। উৎসবের বরাতে তাঁদের হাতে সময় ও অর্থ দুইই থাকে। এবারের ঈদের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস টু’ ২৩৩টি প্রেক্ষাগৃহ পেয়েছে এবং স্থানীয় চলচ্চিত্র ‘রাজনীতি’ ও ‘আপন মানুষ’ পেয়েছে যথাক্রমে ৪০ ও ৩২টি প্রেক্ষাগৃহ। অর্থাৎ সিংহভাগ প্রেক্ষাগৃহ পেয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র দুটি। তা পাওয়ারই কথা। এসব চলচ্চিত্রের বাজেট বেশি, মার্কেটিং ও ক্যাম্পেইন ভালো, কাস্টিং ভালো, কাহিনি জোড়াতালির হলেও নির্মাণশৈলীতে চমক আছে, জাঁকজমকের অভাব নেই, ফলে দর্শকও দেখছে প্রচুর। এখন এসব চলচ্চিত্র বেশি প্রেক্ষাগৃহ পেলে চলচ্চিত্র পরিবারের সমস্যা কোথায়? যৌথ প্রযোজনার চলচ্চিত্রে তো বাংলাদেশের কলাকুশলীও সুযোগ পাচ্ছেন, এতে বাংলাদেশের বিনিয়োগ আছে। এখানেই একটি সমস্যা রয়েছে। চলচ্চিত্র পরিবারের লোকজন বলছেন, তাঁরা যৌথ প্রযোজনার ছবির বিপক্ষে নন। নীতিমালায় স্পষ্ট বলা আছে, যৌথ ছবির ক্ষেত্রে দুই দেশের সমানুপাতিক হারে সমান-সমান মুখ্য শিল্পী অভিনয় করতে হবে এবং দৃশ্যায়নের ক্ষেত্রে দুই দেশের সমান-সমান অগ্রাধিকার থাকতে হবে। কিন্তু যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এসব মানা হয় না। যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় একটি প্রিভিউ কমিটি। তাঁরা প্রথমত চিত্রনাট্য দেখেন ও দ্বিতীয়ত চূড়ান্ত নির্মিত চলচ্চিত্র দেখে অনুমোদন করলেই কেবল তা সেন্সরের জন্য পাঠানো হয়ে থাকে। এবারের ঈদের চলচ্চিত্র ‘নবাব’ প্রিভিউ কমিটির কাছে উতরে গেলেও ‘বস টু’র ব্যাপারে কমিটির আপত্তি ছিল। ফলে এটা মন্ত্রণালয়ে যায়, এই ফাঁকে চলচ্চিত্র পরিবারের সদস্যরা মন্ত্রী মহোদয়ের কাছে ‘বস টু’র নীতিমালার বরখেলাপের উদাহরণসহ একটি আপত্তিপত্র দেন। কিন্তু মন্ত্রণালয় এটা পুনর্বিবেচনার জন্য প্রিভিউ কমিটির কাছে পুনরায় পাঠায় এবং এই পর্যায়ে তা অনুমোদন করে সেন্সরের জন্য পাঠানো হয়। চলচ্চিত্র পরিবারের সদস্যরা মনে করেন, এ ক্ষেত্রে তাঁদের আপত্তি উপেক্ষা করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের প্রতি মন্ত্রণালয়, বিশেষত মন্ত্রী মহোদয় পক্ষপাত দেখিয়েছেন। সেন্সর বোর্ডের সভার দিন তাঁরা সেন্সর বোর্ড ঘেরাও করতে যান, সেন্সর বোর্ডের একজন সদস্য অন্যতম প্রদর্শক ইফতেখারউদ্দিন নওশাদকে বোর্ড ভবনের নিচে পরনের পোশাক ছিন্ন করে তাঁরা লাঞ্ছনা করেন। এরই একপর্যায়ে যৌথ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সেখানে যৌথ পরিবারের সদস্যরা চলচ্চিত্র পরিবারের সদস্যদের ‘স্টুপিড’ ও ‘গুড ফর নাথিং’ আখ্যা দেন। বিপরীতে চলচ্চিত্র পরিবার আরেকটি সংবাদ সম্মেলন করে যৌথ পরিবারের সুপারস্টার শাকিব খান ও প্রযোজক সংস্থা জাজ মাল্টিমিডিয়াকে এফডিসিতে নিষিদ্ধ ঘোষণা করে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিষেধাজ্ঞা আমলে না নিয়ে ঘোষণা দেন, ঈদের পরেই শাকিব খানকে নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন এবং চলচ্চিত্র পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ‘পারলে ঠেকাও।’

সংবাদ সম্মেলনে উভয় পরিবারের সদস্যদের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যাবে, যৌথ পরিবার অপেক্ষাকৃত সক্রিয়দের দল, আর চলচ্চিত্র পরিবার হলো অপেক্ষাকৃত অক্রিয়দের দল। সংবাদ সম্মেলনে দেখেছি, প্রথম দলে আছেন সুপারস্টার শাকিব খান, শীর্ষ প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অন্য জনপ্রিয় চিত্রনায়ক শুভ, মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ও বিশিষ্ট প্রদর্শক-পরিবেশক ইফতেখারউদ্দিন নওশাদ, আগের প্রজন্মের নির্মাতাদের মধ্যে এখন পর্যন্ত সক্রিয় পরিচালক কাজী হায়াৎ প্রমুখ। আর দ্বিতীয় দলে মিশা সওদাগর ছাড়া তেমন কেউই আর চলচ্চিত্রে নিয়মিত নেই। তাঁদের মধ্যে রয়েছেন নায়ক ফারুক ও আলমগীর, নায়িকা রোজিনা ও অঞ্জনা, নায়ক রিয়াজ ও জায়েদ খান এবং পরিচালক বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজার। প্রথম দলের কার্যকলাপকে মনে হবে দ‌ক্ষের দম্ভ আর দ্বিতীয় দলের চেঁচামেচিকে মনে হবে অক্ষমের আস্ফালন। অনলাইনে এসব বিতর্কের সংবাদ বা টক শোর নিচে দর্শকের মন্তব্য পড়ে মনে হচ্ছে, দর্শকদের সিংহভাগ যৌথ পরিবারের সঙ্গেই আছেন। যত দূর বোঝা যাচ্ছে, সরকারের ভূমিকাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প‌ক্ষেই। কিন্তু বিষয়টা এত সরল সমীকরণের নয়। একটু ভিন্নভাবে দেখারও অবকাশ রয়েছে।

১৯৮০ ও ১৯৯০-এর দশকে একটু খারাপ সময় গেছে, নয়তো পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মানে-গুণে বরাবরই বাংলাদেশের চেয়ে উন্নত ছিল। সাম্প্রতিক সময়ে কৌশিক গাঙ্গুলী কিংবা সৃজিত মুখার্জির ভিন্নধর্মী চলচ্চিত্রের ধারাবাহিকতা থাকলেও দেব-জিৎ-কোয়েল-শুভশ্রী অভিনীত মূলধারার চলচ্চিত্রের সময় বেশি ভালো যাচ্ছিল না; বিশেষত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের নকলনবিশির দোষে দুষ্ট হয়ে পড়েছিল। আর হিন্দি ছবির দাপটে এসব চলচ্চিত্র দর্শকের বাজারে পেরে উঠছিল না। এদিকে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ, আর অনলাইন বা পাইরেসির মাধ্যমে বাংলাদেশে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের চাহিদা তৈরি হয়ে রয়েছে। তাই এসব চলচ্চিত্র যদি সরাসরি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যায়, তবে তাদের নতুন বাজার তৈরি হয়। এরই মধ্যে ভারতীয় কর্ণধাররা বারবার বাংলাদেশ সফর করতে থাকেন এবং মন্ত্রণালয় ও এফডিসির সঙ্গে লবি করতে থাকেন। বলিউড থেকে যেমন মুকেশ ভাট-রমেশ সিপ্পিরা ঘুরে গেছেন, তেমনই প্রসেনজিৎ-গৌতম ঘোষরা কয়েক দফা আসেন। আমদানির উদ্যোগ সমাপ্ত হলে তাঁরা পথে বসবেন—এই আশঙ্কায় ভুগে এফডিসির লোকজন এ উদ্যোগের প্রতিবাদ করতে থাকেন। এই আন্দোলনে বর্তমান যৌথ পরিবারের সদস্য শাকিব খানও ছিলেন। তাঁরা এমনকি কাফনের কাপড় পরে মিছিল করে বোঝাতে চেয়েছেন, এই সিদ্ধান্ত তাঁদের জন্য মৃত্যুর শামিল হবে। ফলে সেই পর্যায়ে রফা হয় হিন্দি ছবি আসবে না, কিন্তু সাপটা চুক্তি অনুসারে চলচ্চিত্র বিনিময় হতে পারে। মানে এ দেশে কলকাতার চলচ্চিত্র আসতে পারে, একই সংখ্যায় এ দেশের চলচ্চিত্র ওপারে মুক্তি দেওয়ার শর্তে। এভাবেই এ দেশে সম্প্রতি ‘কেলোর কীর্তি’, ‘ওয়ান’, ‘অভিমান’ ইত্যাদি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যেকোনো কারণেই হোক, কলকাতার যে কয়েকটি চলচ্চিত্র এ দেশে সরাসরি মুক্তি পেয়েছে, কোনোটিই তেমন ব্যবসা করেনি। এরই মধ্যে যৌথ প্রযোজনার ফর্মুলা হাজির হয়েছে। এই প্রকল্পে প্রধান কুশীলব ভারতে এসকে মুভিজ এবং বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া। শাকিব খানকে গত বছর ‘শিকারী’ ছবির জন্য কাস্ট করা হয়, যা দুই বাংলাতেই ভালো ব্যবসা করে।

কিন্তু এই যৌথ প্রযোজনাকে যে চলচ্চিত্র পরিবারের লোকজন ‘যৌথ প্রতারণা’ খেতাব দিয়েছেন, তা একেবারে ভুল নয়। প্রমাণ হিসেবে হাজির করা যায় ‘বস টু’ ও ‘নবাব’ চলচ্চিত্রের ইউটিউব ট্রেলারকে। এসকে মুভিজের ট্রেলারে দেখা যাবে ‘বস টু’-র পরিচালক হলেন বাবা যাদব। আর ‘নবাব’ চলচ্চিত্রের পরিচালক জয়দীপ মুখার্জি। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার ট্রেলারে দেখা যাবে বড় করে ভারতীয় পরিচালকদের নাম লেখা, আর ছোট করে জাজ-এর কর্ণধার আবদুল আজিজের নাম লেখা। বোঝা যায়, পরিচালনার কাজটি মূলত ভারতীয় পরিচালকই করেছেন। অন্যদিকে, ঈদের দুটি চলচ্চিত্রের মধ্যে ‘বস টু’-র প্রেক্ষাপট মুম্বাই (ব্যাংককও কিছুটা) আর ‘নবাব’-এর প্রেক্ষাপট কলকাতা। এ জন্যই কি পরিচালনায় এদেশীয় একজনের নাম জুড়ে দেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়? আর তা-ই যদি হয়, তাহলে এ দেশের ট্রেলারে তাঁর নাম ছোট করে থাকবে, আর ওদেশের নাম একেবারেই থাকবে না, এ কেমন কথা? একে তো প্রতারণাই বলা যায়!

এবার আসা যাক মুখ্য কলাকুশলীর অংশগ্রহণের কথা। ‘নবাব’ শাকিব খাননির্ভর। তবে নায়িকা চরিত্রে আছেন শুভশ্রী। অন্যান্য ছোট-মাঝারি সব চরিত্রেই আছেন ভারতীয় কলাকুশলী, কেবল বাংলাদেশ থেকে অমিত হাসান আছেন আরেকটি মাঝারি চরিত্রে। ‘বস টু’-র পরিস্থিতি আরও খারাপ। এই চলচ্চিত্র ভারতীয় নায়ক জিৎ-নির্ভর। মুখ্য নায়িকা হলেন শুভশ্রী, বাংলাদেশ থেকে দ্বিতীয় নায়িকা আছেন নুসরাত ফারিয়া। ভিলেন হিসেবে আছেন অমিত হাসান। বাকি ছোট-মাঝারি সব চরিত্রেই আছেন ভারতীয়। তাহলে বলা যায়, কাহিনির প্রেক্ষাপট আর কাস্ট-ক্রু অনুসারে এগুলো ভারতীয় চলচ্চিত্রই, যার একটিতে শাকিব খানকে নেওয়া হয়েছে, আর অন্যটিতে নুসরাত ফারিয়াকে সুযোগ দেওয়া হয়েছে, আর জাজ মাল্টিমিডিয়া সহবিনিয়োগকারী হয়েছে। তাহলে এই চলচ্চিত্র দুটি থেকে যে মুনাফা আসবে, তার বাংলাদেশ অংশের ভাগীদার হবেন জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ এবং সম্মানী পাবেন শাকিব খান, অমিত হাসান আর নুসরাত ফারিয়া। আর ভারতীয় অংশের মুনাফার ভাগীদার হবেন প্রযোজক এসকে মুভিজের কর্ণধার, সব কলাকুশলী এবং বিশাল ক্রুবাহিনীর সদস্য, যাঁদের মধ্যে রয়েছেন চিত্রগ্রাহক, সম্পাদক, শব্দ প্রকৌশলী, লাইটম্যান, প্রোডাকশন টিমের শত সদস্য। চলচ্চিত্র পরিবারের বাকি সদস্যরা যে এতে ক্ষুব্ধ হবেন, এটাই স্বাভাবিক। শাকিব খান যতই বলুন আমদানি-ঠেকাও আন্দোলন আর যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অংশ নেওয়াকে যাঁরা স্ববিরোধী বলছেন, তাঁরা ‘স্টুপিড’, গভীরতা বিচারে দুটি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

চলচ্চিত্র পরিবারের মতো আমি যৌথ প্রযোজনারও বিপক্ষে নই। চীন-কোরিয়া-তাইওয়ান মিলে কো-প্রডাকশনের চলচ্চিত্র নির্মিত হয়। ইউরোপের দেশগুলোতে কো-প্রডাকশন একটি বহুলচর্চিত বিষয়। তবে আমি মনে করি, যৌথ প্রযোজনার বিদ্যমান শর্তের মাধ্যমে ভালো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। কারণ, সমান-সমান মুখ্য শিল্পী রাখা ও দুই দেশে সমান শুট করা শৈল্পিক স্বাধীনতাকে সীমিত করে দেয়। কিন্তু যৌথ উদ্যোগ যখন এমন দুই দেশের মধ্যে হয়, যাদের মানে ও ঐতিহ্যে অসমতা রয়েছে, তখন এমন শর্তে অপেক্ষাকৃত দুর্বল দেশেরই বেশি উপকৃত হওয়ার কথা। আর বাণিজ্যমুখী জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজকেরা যখন ফর্মুলামাফিক ছবি বানাতেই অভ্যস্ত, তখন সমতার এই ফর্মুলা তাঁদের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ নয়। কিন্তু সেই সমতাই তাঁরা রক্ষা করছেন না। অক্ষমের আস্ফালনের মতো দেখালেও চলচ্চিত্র পরিবারের আপত্তির জায়গাগুলোয় সমর্থন দেওয়ার মতো অনেক কারণ রয়েছে। কিন্তু তারা দুটি ঘটনার জন্ম দিয়েছেন, যা সমর্থনযোগ্য নয়—ইফতেখারউদ্দিন নওশাদকে লাঞ্ছনা করা মোটেই ভদ্রজনোচিত হয়নি, আর শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়াকে নিষিদ্ধ ঘোষণাও অবাস্তব। কারণ, বর্তমান চলচ্চিত্র-কারখানা অনেকখানি শাকিব-নির্ভর, বেশ খানিকটা জাজ-নির্ভরও। এফডিসির বাইরে থেকেও এখন দিব্যি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। তবে একরকম ত্রাণকর্তার মতো দেখালেও জাজের কার্যক্রমে কোনো মহত্ত্ব নেই। জাজ মাল্টিমিডিয়া প্রথমে প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল প্রোজেক্টর সরবরাহের মধ্য দিয়ে নিজেদের একচেটিয়াত্ব কায়েম করেছে এবং ১০০ টাকার টিকিটের ২০ টাকা নিয়ে যাচ্ছে। যৌথ প্রযোজনার নামে ভারতীয় চলচ্চিত্রের বিনিয়োগকারী হয়ে তাঁরা হয়তো নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছেন, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের তাতে কী উপকার হচ্ছে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বাংলাদেশে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নতুন নয়। ১৯৮০-র দশকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্ক—এ রকম অনেক দেশের সঙ্গেই যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে ‘দূরদেশ’, ‘অবিচার’ কিংবা ‘হঠাৎ বৃষ্টি’ বাদে তেমন কোনো চলচ্চিত্রই বিশেষ সাড়া ফেলতে পারেনি। এমনকি ছবিগুলো খুব বেশি ব্যবসাও করেনি। ফলে প্রবণতাটি মূলধারা হয়ে ওঠেনি। আগেকার যৌথ প্রযোজনার চলচ্চিত্রগুলোর বেশির ভাগেরই পরিচালক ছিলেন বাংলাদেশি, কিন্তু ইদানীংকার পরিচালক হন ভারতীয়, এবং বাংলাদেশের চলচ্চিত্রের মন্দা সময়ে এটাই মূলধারা হয়ে উঠছে। আর যৌথ প্রযোজনার চলচ্চিত্রগুলো পরোক্ষভাবে সব সময়ই ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠার ঝুঁকিতেই থেকে গেছে। বিশেষত যখনই ভারত একমাত্র অপর পক্ষ, তখনই এই ব্যাপারটা ঘটেছে। আগেও ‘অবিচার’ চলচ্চিত্রের ভারতীয় পোস্টারে শক্তি সামন্তের নাম বড় করে আর হাসান ইমামের নাম ছোট করে লেখা হয়েছিল।

ভবিষ্যতে জাজ ও শাকিবের দর-কষাকষি বা জাতীয়তাবোধ, সরকারের ভূমিকা এবং দুর্বল এফডিসির শক্তিমত্তার ওপরে অনেক কিছু নির্ভর করবে। সাধারণত বাণিজ্যিক চলচ্চিত্রগুলো দেশ-ভূগোল-বাস্তবতাবিহীন হয়ে থাকে, কিন্তু যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেশ-ভূগোল স্পষ্ট করার বাধ্যবাধকতাই একে রক্ষা করতে পারে। সে ক্ষেত্রে বাস্তবানুগতা হতে পারে অন্যতম উপায়। বাংলাদেশ-ভারতের যৌথ ও পৃথক উভয় ইতিহাসই রয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক লেনদেন, যাওয়া-আসা থেমে নেই। তাই আঞ্চলিক ও ভূরাজনীতি চলচ্চিত্রের বিষয়বস্তু হয়ে উঠতে পারে। সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবতা, ছিটমহল, সুন্দরবন, সমুদ্র, ইউরোপ-আমেরিকায় দুই বঙ্গের বাঙালি, রবীন্দ্রনাথ-নজরুল, দেশভাগ-মুক্তিযুদ্ধ ইত্যাদি নানান বিষয়ে, অসাধুদের বিরুদ্ধে লড়ছে সাধু মানুষেরা, এ রকম বিষয়ে চলচ্চিত্র নির্মিত হতে পারে—সে শিল্পপ্রয়াসী চলচ্চিত্র হোক আর প্রেম-নৃত্য-গীতনির্ভর বাণিজ্যিক চলচ্চিত্র হোক। উভয় দেশের সাধারণ-ঐতিহাসিক-সাম্প্রতিক বাস্তবতানির্ভর চলচ্চিত্রের নির্মাতা একজন হওয়াই ভালো, কিন্তু কলাকুশলী ও ক্রু-টেকনিশিয়ানের ব্যবহার হওয়া উচিত উভয় দেশ থেকেই। এফডিসিতে সম্প্রতি কেনা অত্যাধুনিক যন্ত্রপাতিগুলোর সদ্ব্যবহার এমনকি ভারতীয় টেকনিশিয়ানদের হাতেই হতে পারে, তাতে স্থানীয়দের একরকম প্রশিক্ষণের ব্যবস্থাও হয়ে যেতে পারে।

দুর্বলের অসহায়ত্বের সুযোগ সবল নেবে, এই নীতি গ্রহণযোগ্য হতে পারে না।

ই-মেইল: [email protected]

ফাহমিদুল হক: চলচ্চিত্র সমালোচক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক।