
‘স্থানীয় সরকার’ বেশ একটি ওজনদার নাম। আমাদের সংবিধানে ‘আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে’ স্থানীয় প্রশাসন চালানোর কথা বলা হয়েছে। দেশে একটি সরকার আছে। দেশের ভেতরে ‘স্থানীয় সরকার’ আছে অনেক-ইউনিয়নে, উপজেলায়, জেলায় ও শহরগুলোতে। তো প্রশ্ন উঠতে পারে, সরকারের ভেতরে আবার সরকার কেন? সরকার হচ্ছে মূলত ব্যবস্থাপক। নাগরিকেরা যাতে ভালো থাকে, তার বন্দোবস্ত করার দায়িত্ব হলো সরকারের। নাগরিকেরা তাঁদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে তাঁদের মাধ্যমে সবকিছু দেখভাল করানোর ব্যবস্থা করেন। এ জন্য তৈরি হয় নানান প্রতিষ্ঠান। একেক প্রতিষ্ঠানের কাজের ধরন একেক রকমের। এক হাতে সব কাজের দায়িত্ব থাকলে বা একা সবকিছুর দায়িত্ব নিয়ে নিলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। সে জন্যই দায়িত্বের বিভাজন। এটাই হলো বিকেন্দ্রীকরণের মূল কথা। বিকেন্দ্রীকরণ যত বেশি হবে, ততই প্রতিষ্ঠানের সক্ষমতা ও দায়িত্বশীলতা বাড়বে, কাজের গুণগত মানও বাড়বে-এটা একটা সাধারণ কথা।
এ দেশে শহরগুলোর জন্য আছে পৌরসভা। যে শহরগুলো বড় কিংবা গুরুত্বপূর্ণ, সেখানে পৌরসভার নামকরণ হয়েছে ‘সিটি করপোরেশন’। সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোয় পৌরসভার তুলনায় কাজের ধরন খুব একটা না পাল্টালেও তার পরিধি বেড়েছে। নগরায়ণ যত বেশি হবে, সিটি করপোরেশনের গুরুত্ব তত বাড়বে। আমাদের দেশে স্থানীয় সরকারকাঠামোয় সিটি করপোরেশনগুলোর গুরুত্ব অনেক। কেননা, এই শহরগুলোতে দেশের বিরাটসংখ্যক মানুষ বাস করে।
পাঁচ বছর পরপর সিটি করপোরেশনগুলোর নির্বাচন হওয়ার কথা। কখনো-সখনো নানা কারণে নির্বাচন অনুষ্ঠান করতে দেরি হয়। তারপরও মানুষ মুখিয়ে থাকে, কখন নির্বাচন হবে। নির্বাচনে ভোট দিতে পারার মধ্যে একধরনের আনন্দ আছে। এটা হলো অধিকার প্রয়োগ করতে পারার আনন্দ।
বর্তমানে বেশ কয়েকটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের তারিখ পেরিয়ে গেছে বা যাচ্ছে। অর্থাৎ, এগুলোর স্থানীয় সরকার ইতিমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই দুটি শহরে নির্বাচন হবে-খুলনা ও গাজীপুরে। সেখানে সাজ সাজ রব পড়ে গেছে। আগে নির্বাচন হতো নির্দলীয় ভিত্তিতে। দলের লোকেরা প্রার্থী হলেও দলীয় বিবেচনায় সবাই ভোট দিতেন না। প্রার্থীরও একটা চিন্তা থাকত, দলের গণ্ডির বাইরে গিয়ে কীভাবে সবার নজর কাড়া যায়। সে জন্য ভোটারদের সমস্যা ও চাওয়াগুলোর কথা ভাবতেন তাঁরা। এখন নির্বাচনী ব্যবস্থা পাল্টে গেছে। নির্বাচন হয় দলীয় ভিত্তিতে। প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দলের মার্কা নিয়ে ভোটযুদ্ধে শামিল হন। প্রচারে রাজনৈতিক কথাবার্তা থাকে বেশি। এসবের সঙ্গে ভোটারদের দৈনন্দিন জীবনযাপনের যোগসূত্র তেমন নেই।
এ দুটি শহরের নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা, জাতীয় সংসদের নির্বাচন হবে কয়েক মাস পরেই। দলীয় ভিত্তিতে এই সিটি করপোরেশন দুটিতে নির্বাচন হচ্ছে প্রথমবারের মতো। বলা যেতে পারে, এটা হবে জাতীয় সংসদ নির্বাচনের ড্রেস রিহার্সাল। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সরকার পাল্টায় না। কিন্তু স্থানীয় ও জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেহেতু একই প্রতীক নিয়ে লড়ছে, সেখানে দলগুলোর গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তার একটা পরীক্ষা হচ্ছে। এই প্রেক্ষাপটে গাজীপুর আর খুলনার নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে এ দুটি শহরের দখল পেতে রাজনৈতিক দলগুলো তাই মরিয়া। আর দল বলতে তো দুই পরাশক্তি-আওয়ামী লীগ আর বিএনপি। যুদ্ধজয়ের জন্য তাদের প্রার্থীরা নিজ নিজ অস্ত্রে শাণ দিচ্ছেন। প্রতিশ্রুতির ফোয়ারা ছুটছে, হাতে হাত মেলানো বা গলাগলি শুরু হয়ে গেছে। যেকোনো উপায়ে ভোটারের মন জয় করতে হবে!
সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে কথাবার্তা বলেছেন, কিছু দাবিদাওয়া পেশ করেছেন। বিএনপি এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগ থেকে দাবি উঠেছে, তাদের দলের সংসদ সদস্য ও মন্ত্রীরা যেন নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, যা বর্তমান বিধিমালায় সম্ভব নয়। নির্বাচন কমিশন দৃশ্যত আওয়ামী লীগের দাবি মেনে নিয়েছে, বিএনপিরটা নেয়নি। বলা যায়, সরকারি দলের ইচ্ছার কাছে কমিশন নিজেকে সমর্পণ করেছে। তাই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় মন্তব্যে বলা হয়, ‘সংসদীয় ব্যবস্থাটা এমনভাবে সাজানো, যেখানে সাংসদেরাই সর্বেসর্বা, প্রধানমন্ত্রী ও মন্ত্রী তাঁদের দ্বারা সৃষ্টি, সুতরাং তাঁরাই যদি নির্বাচনী প্রচার শুরু হয়ে যাওয়ার পরে আইন সংশোধন করে নতুন করে প্রচারে নামার আবদার করতে পারেন, তাহলে এই বিধান রেখে কী লাভ? আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, যেখানে ইসির সামনে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করার বড় চ্যালেঞ্জ রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার বড় পরীক্ষার জন্য যখন তাদের কাছে মানুষ সাহসী ও দৃপ্ত ভূমিকা এবং মনোবল প্রদর্শন করার মনোভাব কী অবলীলায় ব্যক্ত করেছেন!’ (প্রথম আলো, ২২ এপ্রিল ২০১৮)
ক্ষমতাসীনেরা তাঁদের পছন্দের লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে এবং চাপে রেখে তাদের দিয়ে ইচ্ছেমাফিক কাজ করায়-এই অভিযোগ নতুন নয়। প্রশ্ন হলো, কমিশন কেন চাপের মুখে নতজানু হয় বা ভেঙে পড়ে? কমিশনের গঠনপ্রক্রিয়ার মধ্যেই এই সমস্যার শিকড় রয়ে গেছে। এ দেশে প্রায় সব প্রতিষ্ঠানে নিয়োগের মূল শর্ত হলো আনুগত্য। যিনি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁর সামনে চূড়ায় ওঠার দরজা খোলা। আনুগত্যে লেশমাত্র সন্দেহ হলে তাকে পত্রপাঠ বিদায় করা হয়, নানাভাবে হয়রানি করা হয়। এমনটি অতীতে অনেকবার ঘটেছে। এখানে একটি কথার উল্লেখ না করে পারছি না। এক-এগারোর সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমানকে চেয়ার ছেড়ে দিতে হয়েছিল। তাঁকে না জানিয়ে বা তাঁর সঙ্গে কোনো আলোচনা না করে তাঁকে অন্য একটি মন্ত্রণালয়ে বদলি করায় তিনি অপমানিত বোধ করায় পদত্যাগ করেছিলেন। স্বেচ্ছায় কামধেনুর মতো উঁচু পদের এমন একটি সরকারি চাকরি ছেড়ে দেওয়ার নজির খুব কম। বদিউর বলেছিলেন, ‘মনিবের মন জয় করতে পারিনি বলে চাকরি ছেড়ে দিলাম।’ তাঁর কথায় বোঝা যায়, সরকারের আবদার-আদেশের সঙ্গে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি।
যাঁরা উঁচু পদে চাকরি করেন, নির্বাহী বিভাগে কিংবা বিচার বিভাগে, তাঁদের অনেককেই অবসরের পর রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দেওয়া হয়। তাঁরা কেউ কেউ সাংবিধানিক প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ পান। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ হরেক রকমের কমিশনে এখন অবসরপ্রাপ্তদের ছড়াছড়ি। এসব প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার জন্য অনেকেই নিয়োগকর্তার মনোরঞ্জনের চেষ্টায় থাকেন, তৎপর থাকেন নজর কাড়ার। পরে নিয়োগকর্তার পছন্দ অনুযায়ী সেবা দিয়ে তাঁরা দায় পরিশোধ করেন। এর ফলে সব জায়গায় প্রকাশ্য-অপ্রকাশ্য দলীয়করণ বা রাজনৈতিকীকরণের ব্যামো মহামারির মতো ছড়িয়ে পড়েছে।
যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন সব সময় মেরুদণ্ড শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে পারছে না কেন, এটা আমাদের ভাবায়। কাগজ-কলমে তারা স্বাধীন। মেয়াদ শেষ হওয়ার আগে তাদের সরানো যাবে না, যদি না তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ থাকে। তাদের দুর্বলতার কথা তারাই ভালো বলতে পারবে।
দুদকের এক সাবেক চেয়ারম্যান মেয়াদ শেষ করার পর বলেছিলেন, দুদক হলো একটা নখ-দন্তহীন বাঘ। জনগণের খাজনার টাকায় বেতন-ভাতা নিয়ে, জনগণের টাকায় তেল পুড়িয়ে গাড়ি হাঁকিয়ে জনগণের টাকায় আলিশান বাড়িতে থেকে এটা বুঝতে তাঁর পাঁচ বছর লাগল!
‘ইয়েস স্যার’ বলতে বলতে দশকের পর দশক পার করে দেওয়া লোকেরা যখন সাংবিধানিক ক্ষমতা হাতের মুঠোয় পেয়ে যান, কীভাবে তার সদ্ব্যবহার করবেন, ভেবে অনেক সময় তাঁদের নাভিশ্বাস ওঠে। অনেকেই অতীতের আনুগত্যের পুরস্কার হিসেবে পদ-পদবি পেয়েছেন। আবার ভবিষ্যতেও এই অনুগ্রহ পাওয়ার আশা রাখেন। পদস্থদের মোসাহেবি ও পদপ্রত্যাশীদের প্রবল আকুতি আমাদের মনে করিয়ে দেয় ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার ওই বিশেষ চরণটির কথা, ‘রেখো মা দাসেরে মনে, এই মিনতি তব পদে’। যদিও কবি মধুসূদন দত্ত ভিন্ন অর্থে এটি ব্যবহার করেছেন।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক
mohi [email protected]