'রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণ হিসেবে পাওয়া সুজি শিশুদের জন্য রান্না করে দিয়েছেন এক রোহিঙ্গা নারী। লেদা ক্যাম্প, টেকনাফ। প্রথম আলোর ফাইল ছবি
ত্রাণ হিসেবে পাওয়া সুজি শিশুদের জন্য রান্না করে দিয়েছেন এক রোহিঙ্গা নারী। লেদা ক্যাম্প, টেকনাফ। প্রথম আলোর ফাইল ছবি

গত ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের যে ঢল নামে, তা এখনো থামেনি। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু অস্তিত্ব রক্ষা ও বেঁচে থাকার জন্য কেবল নিরাপদ আশ্রয়ই যথেষ্ট নয়, সঙ্গে খাওয়াদাওয়ার পর্যাপ্ত জোগান থাকাও জরুরি। রোহিঙ্গারা প্রায় খালি হাতে এসেছে। বাংলাদেশে পৌঁছে তারা যে যেভাবে পেরেছে বিভিন্ন ক্যাম্প বা পথের ধারে ঝুপড়ি তুলে মাথা গোঁজার ব্যবস্থা করেছে। আর প্রথম থেকেই চরম বর্বরতার শিকার এসব দুর্গত মানুষের সহায়তায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। শরণার্থীদের খাবার ও কাপড়চোপড় জুগিয়ে গেছেন তঁারা। সরকারি ত্রাণ এবং বিদেশ থেকে আন্তর্জাতিক সাহায্য-সহায়তা যা এসেছে, তা বিতরণ শুরু হয়েছে দিন দশেক আগে। এর আগ পর্যন্ত সাধারণ মানুষই এই কাজটি করেছে। দৃষ্টান্ত হিসেবে একে অনন্য মানতেই হবে। বিশ্বের বিভিন্ন দেশে সরকার শরণার্থীদের দেখভালে ভূমিকা রাখলেও সাধারণ মানুষের এভাবে এগিয়ে আসার নজির সম্ভবত খুব বেশি নেই।  

 খুব স্বাভাবিকভাবেই প্রথম দিকে ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ও সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বিতরণ প্রক্রিয়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে আনার পর তা দূর হয়েছে। এখন সরকারি ও বিদেশি বিভিন্ন দেশ ও সংস্থার ত্রাণ কার্যক্রম শুরু হলেও বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত বা সাংগঠনিক ত্রাণ তৎপরতা বন্ধ হয়নি। প্রতিদিন শত শত ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তঁারা বাস, মাইক্রোবাস ভাড়া করে ত্রাণ বিতরণ করতে আসছেন। এঁদের অনেকেই কক্সবাজার জেলা প্রশাসনে ত্রাণ জমা দিচ্ছেন। কেউ কেউ প্রশাসন থেকে তালিকা নিয়ে প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া শরণার্থীদের মাঝে ত্রাণ দিচ্ছেন। রোহিঙ্গাদের প্রতি দেশবাসী তঁাদের সহায়তার হাত এখনো বাড়িয়েই রেখেছেন।

প্রতিদিন কত ত্রাণ দরকার তার একটি হিসাবও পাওয়া গেছে। কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন প্রতিদিন ২৩টি পয়েন্ট থেকে ৪০০ মেট্রিক টন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণের একটি বড় অংশ সাধারণ মানুষের দেওয়া। শুরুতেই ত্রাণ বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে ভালো কাজ হয়। এখন ত্রাণ বিতরণের পুরো দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। তিনটি ব্রিগেডের তত্ত্বাবধানে এসব হচ্ছে। ত্রাণ বিতরণের সুবিধার্থে রোহিঙ্গাদের চারটি অঞ্চলে ভাগ করে নিয়েছে সেনাবাহিনী। প্রতিটি শিবিরেই সেনা কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করছেন। বিভিন্ন শিবির ঘুরে দেখা গেল, এসব কাজ বেশ সুশৃঙ্খল। যে কারণে এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি। ত্রাণ বিতরণের জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ন্ত্রণ কেন্দ্র খোলা হয়েছে। সব ত্রাণ যাচ্ছে সেখান থেকেই।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ত্রাণ দিতে চাইলে তাঁকে প্রথমে উখিয়ায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রে আসতে হচ্ছে। সেখানে নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা আছে। এরপর কেউ চাইলে ত্রাণ নিয়ন্ত্রণকক্ষে ত্রাণ জমা দিয়ে চলে যেতে পারবেন, আবার চাইলে নিজের ত্রাণ নিজেই দিতে পারবেন। নিয়ন্ত্রণ কেন্দ্রে অনবরত বিভিন্ন ক্যাম্প থেকে ত্রাণের চাহিদা আসছে। সেই চাহিদা লিখে রাখা হচ্ছে। সাধারণ মানুষ যঁারা ত্রাণ নিয়ে আসছেন, নিয়ন্ত্রণকক্ষ থেকে তঁাদের বলে দেওয়া হচ্ছে এই ত্রাণ কোন এলাকায় বিতরণ করবেন। আবার অনেকে এসে জানতে চাচ্ছেন কী ধরনের ত্রাণ প্রয়োজন। সেনাবাহিনীর পক্ষ থেকে সে বিষয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। ত্রাণদাতারা সেই পরামর্শ শুনে অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

উখিয়া কলেজ মাঠের ভেতরে পাঁচটি বড় বড় অস্থায়ী গুদাম তৈরি করেছে বিশ্ব খাদ্য সংস্থা। ত্রাণসামগ্রী এনে সেখানে মজুত করা হচ্ছে। নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা জানালেন, সরকারের বা বিভিন্ন দেশের দেওয়া ত্রাণ অনেক পরে তাঁরা বিতরণ করেছেন। এর আগ পর্যন্ত যেসব ত্রাণ বিতরণ করা হয়েছে, তার সবই ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের দেওয়া। তখন পর্যন্ত সরকারি ত্রাণে হাত দেওয়ার প্রয়োজন পড়েনি। জেলা ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণকক্ষের তথ্যানুসারে, মালয়েশিয়া, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, আজারবাইজান, মরক্কো, ইন্দোনেশিয়া, ইরানসহ বিভিন্ন দেশের ত্রাণ সরকারের ভান্ডারে জমা হয়েছে।

তবে জেলা প্রশাসন ও তুরস্ক রেড ক্রিসেন্টের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের আসার শুরুর দিকে রান্না করা খাবার বিতরণ করেছিলেন।এখন সেটা বন্ধ রয়েছে। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে তাবলিগ জামাতের লোকজনকে নগদ টাকা ও বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। এসব লোকজন নিজের নাম–পরিচয় দিতে চান না। মসজিদভিত্তিক এই সংগঠনের ত্রাণ তৎপরতা নিয়ে চিন্তায় পড়েছিলেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা খোঁজখবরও করেছেন। তাবলিগের কর্মীদের এভাবে ত্রাণ বিতরণ করতে নিষেধ করা হয়। পরে ত্রাণ বিতরণ বন্ধ করে দেয় তাবলিগ জামাত।

প্রতিদিন সাড়ে পাঁচ লাখ লোকের ত্রাণ বিতরণ কম ঝক্কির নয়। কিন্তু সেটা নির্বিঘ্নে কীভাবে করা হচ্ছে তা জানা গেল বিতরণের কাজে থাকা সেনা কর্মকর্তাদের কাছ থেকে। তাঁরা বললেন, প্রতিটি ক্যাম্পকে ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়েছে। একেকটি ভাগের একজন করে প্রধান আছেন। এই প্রধানকে বলা হয় মাঝি। সব মাঝিকে নিয়ন্ত্রণের জন্য একজন প্রধান আছে। তিনি হলেন প্রধান মাঝি। এরা সবাই মিয়ানমারের লোক। যখন যে অঞ্চলে ত্রাণ দেওয়া হবে, তখন সেই অঞ্চলের মাঝিকে খবর দেওয়া হয়। মাঝি তার এলাকায় বসবাসকারী আশ্রয়প্রার্থীদের বিতরণ কেন্দ্রে নিয়ে যাচ্ছে। একটি অঞ্চল শেষ হওয়ার পর আরেকটি আসছে। এতে করে ত্রাণ বিতরণে প্রথাগত হুড়োহুড়ি হচ্ছে না। ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের অভিযোগ নেই বললেই চলে। ত্রাণের সঙ্গে এখন তারা চিকিৎসাসেবাও পাচ্ছে। 

তারপরও রোহিঙ্গা শিবিরে গেলে অসহায় মানুষের দুঃখ-দুর্দশা দেখে চোখ ভিজে আসে। সব শিবিরের প্রবেশমুখই জলকাদায় একাকার। বৃষ্টি হলো তো কথাই নেই। তখন কাদামাটির সঙ্গে যুক্ত হয় মানববর্জ্য—সব মিলে গা ঘিনঘিনে পরিবেশ। নালা দিয়ে আবর্জনা গড়িয়ে পড়ছে। তার পাশেই রোহিঙ্গাদের থাকার ঝুপড়ি। ওপরে সাদা রঙের ত্রিপল আর চারদিকটা কালো রঙের পলিথিন। লবণ উৎপাদনের কাজে ব্যবহৃত এসব পলিথিন স্থানীয় বাজার থেকে সস্তায় কেনা। এই পরিবেশে বাস করছে রোহিঙ্গারা, তাদের শিশুরা, সন্তানসম্ভবা নারীরা।

রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গান লিখেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন, ‘বর্মিবাহিনী নেমেছে মাঠে/ রোহিঙ্গা জানে কে গলা কাটে/ শান্তিপদ্মে কী ভীষণ হুম/ রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম।’ প্রতিদিনই রোহিঙ্গাদের সাহায্যে মানুষ হাত বাড়িয়ে দিচ্ছেন। ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধা—কেউই বাদ নেই। তাদের সবার একটিই কথা, এখানে ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো ব্যাপার নেই। মানুষের বিপদে মানুষ পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে?

কিন্তু তারপরও কথা থাকে, রোহিঙ্গারা বিপদে পড়েছে বলে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। এই আশ্রয় সাময়িক। শরণার্থীদের নিজ দেশে ফিরতে হবে, তা না হলে তারা উল্টো আশ্রয়দাতাদেরই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কক্সবাজারের মানুষের ভয়টা সেখানেই।

কামরুল হাসান: সাংবাদিক।