'লাভ ইন সিঙ্গাপুর' থেকে 'ক্রাইম ইন সিঙ্গাপুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে চার বাংলাদেশি দোষী সাব্যস্ত হয়েছেন মিজানুর রহমান, রুবেল মিয়া, জাবেদ কায়সার ও ইসমাইল হাওলাদার। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে চার বাংলাদেশি দোষী সাব্যস্ত হয়েছেন মিজানুর রহমান, রুবেল মিয়া, জাবেদ কায়সার ও ইসমাইল হাওলাদার। ছবি: সংগৃহীত

কোথাও নন্দিত, কোথাও বন্দিত। ‘লাভ ইন সিঙ্গাপুর’ পরিণত হচ্ছে ‘ক্রাইম ইন সিঙ্গাপুর’ দৃশ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ১৬ যুবককে ঘিরে রচিত হচ্ছে ভালোবাসার এক গল্প। ‘লাভ ইন সিঙ্গাপুর’ নামের বাংলা সিনেমার আদলে এর নাম হতে পারে ‘লাভ ইন অস্ট্রেলিয়া’! একযাত্রায় এ রকম বিপরীত ফল হলো কেন?
সিঙ্গাপুরে যখন বাংলাদেশি যুবকদের গায়ে জঙ্গি সন্দেহের কাঁটা লাগছে, বিচার হচ্ছে, ফেরত পাঠানো চলছে, তখন অস্ট্রেলিয়ার এক গ্রামে চলছে ১৬ বাংলাদেশি অভিবাসী যুবককে তাঁদের মধ্যে রেখে দেওয়ার আন্দোলন। পিটিশনে গণস্বাক্ষর, গণমাধ্যমে আবেদন, দরখাস্ত ইত্যাদির মাধ্যমে স্থানীয় অধিবাসীরা তাঁদের রেখে দিতে চাইছেন। তিন বছর আগে দুর্গম পথ পাড়ি দিয়ে তাঁরা অস্ট্রেলিয়ায় পৌঁছান। কেউ পাঁচ দিন খাদ্য ছাড়া, কেউ দুই দিন পানি ছাড়া নৌকায় করে সে দেশে গিয়ে ওঠেন। যথারীতি আইন অনুযায়ী তাঁদের আটক করা হয়। ৩ থেকে ২০ মাস আটক থাকার পর কাজের ও চিকিৎসার অধিকারসংবলিত ভিসা দিয়ে তাঁদের ছাড়া হয়। সেই থেকে তাঁরা দেশটির কুইন্সল্যান্ড প্রদেশের কিলকয় নামের গ্রামে আছেন। কিন্তু এখন আরও অনেকের সঙ্গে এই ১৬ জনকে দেশে ফেরত পাঠানোর আলোচনা চলছে। যে দেশের যে নিয়ম।
ওই যুবকেরা নির্যাতন কিংবা প্রাণের ভয়ে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া গেছেন বলে জানিয়েছে সে দেশের এসবিএস টেলিভিশন। কিন্তু এ জন্যই যে স্থানীয় লোকজন এত দরদি হয়েছেন তা বলা যাবে না। এই ১৬ জন ওই গ্রামের সবচেয়ে পরোপকারী, উদ্যমী ও মিশুক তরুণ হিসেবে নাম করে নিয়েছেন। স্থানীয় মেয়র তো বলেই ফেলেছেন, ওঁরা আমাদের এলাকার সম্পদ। তাঁরা সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসবের আয়োজনে হাত লাগান, ঘোড়া চালানোর ক্লাবে যান এবং তাঁরা ‘সরল-স্বাভাবিক এক দল মানুষ’ বলে জানিয়েছেন কিলকয় হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট। আমাদের ছেলেরা যেহেতু এতই জনপ্রিয়, তাই তাঁদের পক্ষে দাঁড়ানোর লোকের অভাব হচ্ছে না।

কিন্তু সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশে ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলাদেশি তরুণ কর্মীদের ভাবমূর্তি। আমাদের এই তরুণেরা দেশের ভেতরেও ‘সম্পদ’ বলে গণ্য হতে পারতেন। কিন্তু সে রকম সুস্থ রাজনীতি ও গতিশীল অর্থনীতি এবং একটা মানবিক সমাজ বানাতে বানাতে আমরা পিছল খেয়ে পড়েছি। আজ সিঙ্গাপুরে যে চার যুবক জঙ্গিদের অর্থায়নে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদেরও এমনটাই হওয়ার কথা ছিল, উচিতও ছিল। গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুর থেকে কয়েক দফায় ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় জঙ্গি তৎপরতার অভিযোগে। এঁদের ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তাঁরা এখন কারাগারে আছেন। বাকি ১৩ জনের বিরুদ্ধে বাংলাদেশি আইনে অপরাধের প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে ১৩ জনকে আটকের পর পাঁচজনকে দেশে ফেরত পাঠানো হয়।
অথচ এই সিঙ্গাপুর ছিল উদ্যমী বাংলাদেশি তরুণদের ভাগ্য গড়ার ওয়েসিস। স্থানীয়ভাবেও তাঁদের অনেক সুনাম ছিল। এমনকি এ মাসেও এক বাংলাদেশি শ্রমিকের কবিতার বই ইংরেজি অনুবাদ হয়ে সিঙ্গাপুরের প্রখ্যাত একটি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। রাতারাতি ছেলেটি সেলিব্রেটি হয়ে গেছেন। তাঁর বইটা বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে পুরস্কার ও মূল্যায়নের জন্য পাঠানোও হয়েছে। তারপরও সরল, পরিশ্রমী, মেধাবী ও শান্তিপ্রিয় বাংলাদেশি যুবকের মুখ ঢেকে দিয়ে জেগে উঠছে ‘জঙ্গি’ নামের এক ভয়ের ছবি।

মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের গণমাধ্যমে ঘটনাটি আসার পর বাংলাদেশি লেখক জিয়া হাসানের একটি কলাম সেখানকার প্রখ্যাত দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে তিনি প্রশ্ন তোলেন, এই বাংলাদেশি তরুণেরা কারও কোনো ষড়যন্ত্রের শিকার কি না। ওই ঘটনার পর বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে নজরদারি বেড়ে গেছে। তাঁদের প্রতি অবিশ্বাস ও ভয় বেড়েছে। এ ধরনের সংবাদ বারবার হতে থাকলে, শুধু সিঙ্গাপুরই নয়, আরও অনেক দেশের বাংলাদেশি শ্রমিকেরা বিপদে পড়ে যাবেন। মাত্র কয়েকজন অপরাধীর জন্য একটি দেশের শ্রমিকদের ‘জঙ্গি’ বলে দাগানোর অর্থনৈতিক ও রাজনৈতিক ফল হবে খুবই কঠিন।

এ কারণেই প্রশ্ন, প্রবাসী যুবকদের মধ্যে আসলেই জঙ্গিবাদের প্রতি আকর্ষণ উদ্বেগজনক পর্যায়ে আছে কি না, তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের বিরুদ্ধের কোনো শক্তির পাতা ফাঁদে পড়ছেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য তদন্ত আমাদের সরকার করছে কি? নাকি অভিযোগ ওঠামাত্রই তা সত্যজ্ঞানে মেনে নেওয়ার মধ্য দিয়েই তাঁরা কর্তব্য সারবেন। যেকোনো স্বাধীন ও দায়িত্বশীল রাষ্ট্র বিদেশে তার নাগরিকদের স্বার্থ যেমন দেখবে, তেমনি তাঁরা যাতে বিপথে না যান, সেই চেষ্টা জারি রাখবে। দুঃখের কথা, আমরা প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকায় রিজার্ভ ভরি, সেই টাকা চুরিও হয়; কিন্তু প্রবাসে দৈবের বশে বিপদে পড়া থেকে তাঁদের রক্ষায় তেমন কিছু করি না। মালয়েশিয়া ও সৌদি আরবে থাকা শ্রমিকদের বেলায় এটা প্রমাণিত হয়েছে, সিঙ্গাপুরের বেলাতেও তার ব্যতিক্রম হলো না।
কেন দেশে ও বিদেশে আমাদের যুবকেরা অসহিষ্ণু হয়ে উঠছেন, কোন ক্ষোভ তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে—এর খবর আমাদের রাখতে হবে। অগণতান্ত্রিকতা, ভয়ভীতি, জুলুম চলতে থাকলে বিক্ষোভ কোনো না-কোনো আদলে দানা বাঁধবে। যদি প্রচলিত পথে সুযোগ না থাকে, তাহলে তাঁরা অপ্রচলিত পথ নেবেন। আর যখনই তাঁরা সেই পথে পা মাড়াবেন, তখনই তাঁদের ব্যবহার করার লোকের অভাব দেশে বা বিদেশে একদমই হবে না। অস্ট্রেলিয়ায় যাঁরা ভালোবাসা পাচ্ছেন, তাঁরাও আমাদের লোক, আর সিঙ্গাপুরে যাঁরা শাস্তি পাচ্ছেন, তাঁরাও আমাদের। নাগরিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে।
সিঙ্গাপুরের ঘটনাটা একটা হুঁশিয়ারি সংকেত। দায়িত্ব ও বুদ্ধি থাকলে সাড়া দিন।