গত ২৫ জুন সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় শাসক দল মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেনন সংবিধানের ১২৩(৩)(ক) অনুচ্ছেদ বর্তমান অবস্থায় বলবৎ রেখে নির্বাচনের নেতিবাচক দিক তুলে সংসদে বেশ জোরালো বক্তব্য দেন। সংবিধানে পঞ্চদশ সংশোধনী কার্যকর করার পর তিনিই প্রথম, যিনি এ বিষয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে দ্যর্থহীন ভাষায় বলেন, ওই অনুচ্ছেদ এবং উপ-অনুচ্ছেদ বহাল রেখে নির্বাচন করলে সেই নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ক্ষেত্র তৈরি হবে না। তিনি মনে করেন, অর্থবহ নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করে অনুচ্ছেদ ১২৩(৩)(ক)-এ অধিকতর সংশোধনী আনা প্রয়োজন হবে।আমি রাশেদ খান মেননের বক্তব্যের সঙ্গে একমত। আমি মনে করি, এ ধারা রেখে নির্বাচন খুবই জটিল হবে এবং অর্থবহ না-ও হতে পারে। আমার বক্তব্যে বিষদ ব্যাখ্যা দেওয়ার আগে সংবিধানের আলোচিত ধারাটি তুলে ধরতে চাই। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার পর সংবিধানের নির্বাচন পর্বের অনুচ্ছেদ ১২৩(৩)(ক) এভাবে উল্লেখ রয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে’ (In the case of a dessolution by reason of expiration of its term, within the period of ninety days preceding such dessolution) সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ওই একই অনুচ্ছেদে নির্বাচনের সময় বেঁধে দিলেও সরকারব্যবস্থার উল্লেখ না থাকায় এবং মন্ত্রিপরিষদ বহাল থাকার বিধান থাকায় ক্ষমতাসীন দলের সরকারের তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের ‘রুল অব বিজনেস’-এ কোনো পরিবর্তন হবে না। অপরদিকে অনুচ্ছেদ ১২৩(৩)(খ)-তে মধ্যবর্তীকালীন অথবা অন্য কোনো সময়ে কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরের ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা থাকলেও সরকার পদ্ধতির উল্লেখ নেই।যাই হোক, রাশেদ খান মেনন স্বভাবতই অনুচ্ছেদ ১২৩(৩)(ক)-এর বিষয়ই আলোচনা করেছেন, যার সারসংক্ষেপ সংসদ এবং মন্ত্রিসভা বহাল রেখেই ওই সরকারের অধীনে দেশের ৩০০ আসনে নির্বাচন করা। এখানে আরও স্মরণযোগ্য, ওই ৩০০ আসনের সাংসদ ছাড়াও আর ৫০টি সংরক্ষিত আসনের নারী সাংসদও বহাল থাকবেন। তবে ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ওই সময়ে সংসদ অধিবেশন ডাকা যাবে না। এর পরিপ্রেক্ষিতে রাশেদ খান মেনন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ক্রিয় থাকতে পারে কিন্তু সংসদ নিষ্ক্রিয় (lame duck) থাকতে পারে না। সংসদ অধিবেশন না থাকতে পারে কিন্তু সাংসদদের অধিকার বা সুবিধাদির (Privilage) কী হবে? কোনো আইন দ্বারা নির্বাচন কমিশন সাংসদদের অধিকার খর্ব করতে পারে না।রাশেদ খান মেনন তাঁর শঙ্কা যথার্থই প্রকাশ করেছেন। যদিও তাঁর এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ এবং দলের সমর্থকদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা তাৎক্ষণিকভাবে তর্ক করে ধামাচাপা দেওয়া সঠিক নয়। রাশেদ খান মেনন যে প্রশ্ন সংসদে তুলেছেন, সে প্রশ্ন আমিও রেখেছিলাম গত মে মাসে আয়োজিত এক সেমিনারে; সেখানে রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে আলাপচারিতায় আমি জিজ্ঞেস করেছিলাম, ১২৩(৩)(ক) রেখে কোনো নির্বাচন কমিশনের পক্ষে আমাদের মতো দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা সম্ভব কি না, ওই পরিস্থিতিতে যখন মন্ত্রিসভা ও সাংসদ বহাল থাকবেন? তিনি তাঁর স্বভাবজাত হাসি দিয়ে বলেছিলেন ‘না’। ওই সেমিনারে আমার বক্তব্যের সময় পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি। শুধু ওই সেমিনারেই নয়, আমি এর আগেও আমার শঙ্কার কথা বলেছি। এমনকি নির্বাচন কমিশনে আমার মেয়াদ শেষ হওয়ার আগেও এ ধারা বলবৎ রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হওয়ার শঙ্কাও প্রকাশ করেছি।আমার উপলব্ধি এবং শঙ্কা পাঁচ বছরের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আর দেশের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতাভিত্তিক। আমার অভিজ্ঞতা উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা আর ইউনিয়ন পরিষদ মিলিয়ে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার নির্বাচনভিত্তিক। আমার অভিজ্ঞতার বিষয় এখানে টেনে না আনলেও সংবিধানের এই ধারায় নির্বাচন করতে গেলে বিদ্যমান আইনের প্রেক্ষাপটে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে বলে মনে হয় এবং আমি প্রথমে সে ধরনের কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, সংবিধানে ‘লাভজনক পদ’ থেকে যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, যেখানে সাংসদের উল্লেখ নেই। সংবিধানের অনুচ্ছেদ ৬৬(৩) অনুযায়ী প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদধারীদের পদ লাভজনক বলে বিবেচিত নয় উল্লেখ রয়েছে। অপরদিকে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর (জচঙ-১৯৭২) অনুচ্ছেদ ১২(১)(৩)এ লাভজনক পদে রয়েছেন এমন ব্যক্তির প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কাজেই এ বিষয়টি জটিলতার সৃষ্টি করবে।সংবিধানের ৬৬(২)(চ)-এর আওতায় ৬৬(৩) এবং উল্লিখিত RPO-এর অনুচ্ছেদ ছাড়াও বিষয়টি সংবিধানের অনুচ্ছেদ ৬৫(২)-এর সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, সে বিষয়েও বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে বলে মনে করি। ওই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিনশত সদস্য লইয়া এবং এই অনুচ্ছেদের (৩) দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে লইয়া সংসদ গঠিত হইবে।’ প্রশ্ন হচ্ছে, এমতাবস্থায় ৩০০ সাংসদ বহাল থাকা সত্ত্বেও আরও ৩০০ সাংসদ নির্বাচন এবং গেজেট প্রকাশ আইনসিদ্ধ হবে কি না, সে বিষয়ে বিবেচনার প্রয়োজন রয়েছে।নির্বাচন ব্যবস্থাপনায় আরও জটিলতার সৃষ্টি হতে পারে, যদি বহাল অবস্থায় কোনো সাংসদ তাঁর দলের মনোনয়ন না লাভ করেন। সে ক্ষেত্রে শুধু দলের শৃঙ্খলাই নয়, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে।আইনের প্রশ্ন ছাড়াও প্রায় পাঁচ বছর একজন সাংসদ পদে বহাল থাকাবস্থায় তাঁরই নির্বাচনী এলাকায় কী ধরনের প্রভাব বিস্তার করতে পারেন, তার যৎসামান্য অভিজ্ঞতা আমাদের হয়েছিল উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনকালে কোনো এক উপজেলা নির্বাচনে একজন মন্ত্রীর সমর্থকদের হাতে নির্বাচন কর্মকর্তা নিগৃহীত হওয়া, ডিসি অফিসসহ গাড়ি ভাঙচুরের ঘটনা। মন্ত্রীর নির্বাচনী এলাকায় উপস্থিতিতে ওই ঘটনা ঘটেছিল। ওই এলাকার নিগৃহীত নির্বাচনী কর্মকর্তাসহ অন্যরা সন্ত্রস্ত ছিলেন যে, ওই কর্মকর্তাদের পরিবর্তে নির্বাচন কমিশনকে ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে হয়েছিল। পরে মামলাটি খারিজ হয়ে যায়। কারণ, মন্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে সাক্ষী পাওয়া যায়নি। এমনকি নিগৃহীত প্রশাসনিক কর্মকর্তারাও সাক্ষী দেননি। এর পরের নির্বাচনগুলোর সময়ও বহু জায়গায় বেশ কয়েকজন সাংসদের কর্মকাণ্ড পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। অনেক পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখতে হয়েছিল। সরকারি ও বিরোধীদলীয় কিছু সাংসদকে মৌখিকভাবে নির্বাচন কমিশন সতর্কও করেছে। অনেক নির্বাচনী এলাকায় সাংসদদের উপস্থিতি নির্বাচন কমিশনকে ঠেকাতে হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সাংসদ যখন নিজ পদে থেকে ওই নির্বাচনী এলাকায় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে নির্বাচন করবেন, সে পরিস্থিতিতে সাধারণ প্রার্থী হিসেবে যিনি ওই সাংসদের বিপরীতে নির্বাচন করবেন, তাঁর অবস্থান কেমন হবে তা সহজে অনুমেয়।আলোচিত বিষয়গুলো ছাড়াও আরেকটি সমস্যার উদ্ভব হবে। একই দলের মনোনয়নবঞ্চিত সাংসদ তাঁর স্থলে দলের মনোনীত প্রার্থীকে কতটুকু সহযোগিতা করবেন, সে বিষয়ে সন্দেহ থেকেই যাবে। অনেক স্থানে পরোক্ষ দ্বন্দ্বের কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে।সংবিধানের অনুচ্ছেদ ১২৩(৩)(ক)-এর আওতায় নির্বাচন পরিচালনায়, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় প্রশাসন কতটুকু প্রভাবমুক্ত হয়ে নির্বাচন পরিচালনা বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মাত্র কয়েক দিন আগের পত্রিকার প্রতিবেদনে প্রকাশ, চাকরিরত এক প্রকৌশলী একজন মন্ত্রীর সহযোগী হয়ে একটি সমাবেশে ওই মন্ত্রীর স্তুতি গেয়ে জনগণকে আগামী নির্বাচনে ওই মন্ত্রীকে ভোট দিতে আহ্বান করেছেন। নির্বাচনের দেড় বছর আগে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সে ক্ষেত্রে নির্বাচনকালে কেমন পরিস্থিতি হবে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবেশে রাজনৈতিকভাবে প্রভাবিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ওই সময় কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।আমার এই সংক্ষিপ্ত আলোচনার উপসংহারে উল্লেখ করতে চাই, বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যতই বিতর্ক হোক না কেন, বাস্তবতার নিরিখে এবং অভিজ্ঞতার আলোকে বলতেই হয়, ১২৩(৩)(ক) অনুচ্ছেদ রেখে নির্বাচন শুধু আইনি জটিলতাই বাড়াবে। তদুপরি এ ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমতল ক্ষেত্র তৈরি করাও সম্ভব হবে না।ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক এবং নিরাপত্তা বিশ্লেষক।[email protected]