জাপানে বর্তমানে প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইন নিয়ে যে বিতর্ক চলছে, তাতে একটি ব্যাপার পরিষ্কার হয়েছে। জাপান দেশটিকে আমরা ‘শান্তিবাদী এক দেশ’ হিসেবে দেখে থাকি, এই মনোভঙ্গিটি উন্মুক্ত নয়, আর তার যুক্তিটি অনেকটাই মনগড়া। জাপানের সংবিধানের ৯ নম্বর ধারা সম্মিলিত আত্মরক্ষার অধিকার দেয় কি না, এ নিয়ে চলমান বিতর্ক শোনা বা পড়া অবাস্তব ব্যাপার। এই অন্তঃসারশূন্যতার জন্য প্রধান দায়ী হচ্ছে এই ৯ নম্বর ধারা নিজেই। এতে বলা হয়েছে:
১. জাপানি জনগণ ন্যায়বিচার ও শৃঙ্খলার ভিত্তিতে আন্তরিকভাবেই আন্তর্জাতিক শান্তি কামনা করে। যুদ্ধ একটি জাতির সার্বভৌম অধিকার—এই ধারণা জাপানিরা পরিত্যাগ করেছে। অন্যদিকে বল প্রয়োগ বা তার হুমকি দেওয়াকে আন্তর্জাতিক দ্বন্দ্ব-বিবাদ মেটানোর মাধ্যম হিসেবে তারা স্বীকার করে না।
২. পূর্ববর্তী প্যারাগ্রাফে বর্ণিত লক্ষ্য অর্জনে জাপান কখনোই স্থল, সমুদ্র ও বিমানবাহিনীসহ কোনো রকম যুদ্ধশক্তির ভরণপোষণ করবে না। রাষ্ট্রের যুদ্ধ করার অধিকার স্বীকার করা হবে না।
বস্তুত, জাপানি সংবিধানের ৯ নম্বর ধারাটি কোনো সমস্যা নয়। কারণ, ১৯২৮ সালে কেলগ-ব্রায়ান চুক্তির পর থেকে পৃথিবীর অনেক দেশের সংবিধানেই এমন ধারা যুক্ত করা হয়েছে। যুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের ‘শান্তিবাদী এক দেশের’ তকমার সবচেয়ে বড় পাপ নিহিত রয়েছে ওই ৯ নম্বর ধারার দ্বিতীয় প্যারাগ্রাফে। এটা করার উদ্দেশ্য ছিল জাপানকে এতটা দুর্বল করে ফেলা, যাতে সে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে না ওঠে। ফলত, এই দুটি প্যারাগ্রাফের ব্যাখ্যা নিয়ে সময়-সময় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এখন যে সম্মিলিত আত্মরক্ষার বৈধতা নিয়ে বিতর্ক চলছে, তা সেই সমস্যারই ধারাবাহিকতা মাত্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তরকালে জাপান পুনর্নির্মাণের কাজ শুরু করে। সেটা করতে গিয়ে সে আন্তর্জাতিক আইনে স্বীকৃত সার্বভৌম রাষ্ট্রের অনেক মৌলিক অধিকার ত্যাগ করে। এই পুনর্নির্মাণের পথ মসৃণ ছিল না। জাপানি নীতিপ্রণেতাদের এটা নিশ্চিত করতে হয়েছে যে তাঁদের নতুন নীতিগুলো যেন শুধু ৯ ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণই না হয়, সেগুলো যেন আন্তর্জাতিক পরিসরে জাপানের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খায়। এতে কখনো কখনো মনে হয়েছে, কাজটা বৈপরীত্যপূর্ণ। গত ৭০ বছরে এ নিয়ে কম মন-কষাকষি হয়নি।
যুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের ‘শান্তিবাদী এক দেশের’ তকমার সবচেয়ে বড় পাপ নিহিত রয়েছে ওই ৯ নম্বর ধারার দ্বিতীয় প্যারাগ্রাফে। এটা করার উদ্দেশ্য ছিল জাপানকে এতটা দুর্বল করে ফেলা, যাতে সে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে না ওঠে
কিন্তু স্নায়ুযুদ্ধ ও ১৯৫০ সালে কোরীয় যুদ্ধ শুরু হওয়ার পর জাপানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা একদম উল্টে যায়। তখন তার সশস্ত্র জাপানের প্রয়োজন হয়। ১৯৪৬ সালে সংবিধান গৃহীত হওয়ার পরই এই পরিবর্তন শুরু হয়, জাপান তখনো মিত্রবাহিনীর সর্বোচ্চ নেতা জেনারেল ডগলাস ম্যাকার্থারের অধীনে ছিল। ফলে জেনারেল ম্যাকার্থারকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জাপানকে পুনঃসশস্ত্রীকরণ করতে হয়।
১৯৫১ সালের সান ফ্রান্সিসকো শান্তিচুক্তি ও সে বছরই স্বাক্ষরিত মার্কিন-জাপান নিরাপত্তা চুক্তি এই বড় পরিবর্তনের সাক্ষ্য বহন করে। এই দুটি চুক্তিতে জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুসারে জাপানের ‘নিজের ও সম্মিলিত আত্মরক্ষার অধিকার’ স্বীকার করে নেওয়া হয়। জাপান ১৯৫২ সালে সার্বভৌমত্ব লাভ করার পর জেনারেল ম্যাকার্থারের মনে এই ৯ নম্বর ধারার ভবিষ্যৎ নিয়ে খুঁতখুঁতে উদ্বেগ তৈরি হয়। তিনি জাপানের ‘প্রগতিশীল’ রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করেন, এমনকি সহায়তাও করেন, যাতে তারা সংসদের একটি আসনে অন্তত এক-তৃতীয়াংশের বেশি আসন লাভ করতে পারে। ফলে ব্যাপারটা দাঁড়াল যে জাপানের সংবিধানের ৯৬ ধারা অনুসারে সংসদের পক্ষে সংবিধান সংশোধনের বিল আনা আর সম্ভব হয় না। কারণ, এর জন্য ‘সংসদের প্রতিটি কক্ষের দুই-তৃতীয়াংশ বা তার বেশিসংখ্যক সদস্যকে একপক্ষে ভোট দিতে হয়।’ এর পরিণতি হলো, জাপান তাদের সংবিধানে একটি সংশোধনীও আনতে পারেনি।
দেশটির সংবিধানের ৯ নম্বর ধারায় এত স্পষ্ট করে বলা থাকা সত্ত্বেও জাপানের সেলফ ডিফেন্স ফোর্সই-বা থাকে কী করে, আর তাদের সরকারই বা কীভাবে এটিকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ সেনাবাহিনীতে পরিণত করতে পারল? জাপানের সংসদ ডায়েট প্রতিবছর এই বাহিনীর জন্য পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বাজেট বরাদ্দ করে। এমনকি ১৯৯৪ সালে জাপান সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান টোমিচি মুরায়মা যখন জোটের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনিও এর অন্যথা করেননি। জাপানের সব সরকারই ১৯৫১ সালের মার্কিন-জাপান চুক্তির প্রস্তাবনার আলোকে দেশটির সংবিধানের এই ৯ নম্বর ধারাকে ইচ্ছামাফিক ব্যাখ্যা করে গেছেন, যাতে জাপান ‘ক্রমবর্ধমান হারে প্রত্যক্ষ ও পরোক্ষ আগ্রাসনের বিপক্ষে নিজের আত্মরক্ষার দায়িত্ব নিতে পারে, তবে এমন রণসজ্জা তারা এড়িয়ে চলবে, যেটা আক্রমণের হুমকি অথবা জাতিসংঘ সনদের আলোকে শান্তি স্থাপন ছাড়া অন্য উদ্দেশ্যে করা হচ্ছে বলে প্রতীয়মান হয়।’
জাপানের সংবিধানের কোথাও ‘আত্মরক্ষার অধিকার’ শব্দবন্ধটির উল্লেখ নেই বা আত্মরক্ষা বলতে কী বোঝায়, সে বিষয়েও কিছু বলা হয়নি। বস্তুত সেই ম্যাকার্থার ১৯৫০ সালে নতুন বছরের বার্তায় যখন বললেন যে জাপানের সংবিধান দেশটিকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করেনি, তখন থেকেই ‘আত্মরক্ষার অধিকার’ শব্দবন্ধটির ইতিবাচক ব্যবহার শুরু হয়। জাপানকে ঘিরে পরিস্থিতির যে পরিবর্তন ঘটছিল, মার্কিন জেনারেলকেও তার মুখোমুখি হতে হয়েছিল।
এই ৯ নম্বর ধারার অভিভাবকেরা এর যে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যেই জাপানের নিরাপত্তা-বিষয়ক গত ৭০ বছর ধরে চলমান বিতর্কের অসারতা নিহিত রয়েছে, ‘আন্তর্জাতিক দ্বন্দ্ব-বিবাদ মেটানোর জন্য বল প্রয়োগ বা তার হুমকি’। দেশটির সেন্ট্রাল লেজিসলেটিভ ব্যুরো (সিএলবি) গোপনে গোপনে এর ব্যাখ্যা দিয়েছে, সব ধরনের ‘বল প্রয়োগ’ অবৈধ। এ ধরনের ধর্মতত্ত্ব খুব সহজেই রাজনৈতিক পদক্ষেপ হিসেবে এক ভ্রান্ত ও আত্মপ্রসাদমূলক হাতিয়ার অবলম্বন করে, যেটা নিজেই নিজের যৌক্তিকতা প্রতিপন্ন করে। সিএলবি ‘বল প্রয়োগ’ শব্দবন্ধটির গায়ে নেতিবাচক চাদর চাপিয়ে এটা ব্যবহার করেছে। কিন্তু বল প্রয়োগ একটি তরিকা, যে উদ্দেশ্যে ও প্রক্রিয়ায় এটি ব্যবহার করা হয়, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটি লক্ষ্য ও প্রক্রিয়া নিরপেক্ষ। এটা বৈধও হতে পারে, আবার অবৈধও হতে পারে। সেটা নির্ভর করে কোন পরিপ্রেক্ষিতে ও কোন প্রক্রিয়ায় কে সেটা ব্যবহার করে। কিন্তু সিএলবি এই ব্যঞ্জনা অগ্রাহ্য করেছে।
ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য ডিপ্লোম্যাট থেকে নেওয়া
এইসুকে সুজুকি: আটিনিও স্কুল অব লয়ের আইন বিভাগের অধ্যাপক।