'শিং নেই তবু নাম তার সিংহ'

‘শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচেকা
হাম্বা হাম্বা টিকটিক টিকটিক’
বিখ্যাত এই গান কিংবদন্তি গায়ক কিশোর কুমার অভিনীত ‘লুকোচুরি’ ছবির। দেশভাগের কয়েক বছর পর মুক্তি পেয়েছিল ‘লুকোচুরি’। ছবির গল্প ছিল দুই যমজ ভাইকে নিয়ে। দুই ভাইয়ের চরিত্রেই অনবদ্য অভিনয় করেছিলেন কিশোর কুমার। আর ছবির এক দৃশ্যে ‘শিং নেই তবু নাম তার সিংহ’-তে নেচে-গেয়ে মাত করেছিলেন।
গানটির গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছবির দৃশ্যায়ন ও গল্প অনুযায়ী ভাবলে গানটি ছিল এক অর্থে ‘কমিক রিলিফ’। কিন্তু আজকের বিশ্ব পরিস্থিতিতেও গানের কথাগুলো চমৎকার মেলে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন ‘শিং’ না থাকারাই নিজেদের ‘সিংহ’ বলে দাবি করে চলেছে! অর্থাৎ যার যা নেই, তা নিয়েই চলছে কেরদানি। আর এমন অবস্থায় সাধারণ মানুষের উঠছে নাভিশ্বাস।
উদাহরণ নিয়ে আলোচনা শুরুর আগে চলুন বিদেশ থেকে ঘুরে আসি। শ্রীলঙ্কায় রাজনৈতিক পটপরিবর্তন হচ্ছে। দেখা দিয়েছে সংকট। পার্লামেন্টে কম আসন নিয়েও প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী পদে থাকা রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেছেন। ফের রাষ্ট্রক্ষমতায় এসেছেন মাহিন্দা রাজপক্ষে। বিশ্লেষকেরা বলছেন, চীনের প্রত্যক্ষ সমর্থনেই নাকি ‘শিং’ ছাড়াই সিংহ হয়ে উঠেছেন রাজাপক্ষে। প্রেসিডেন্ট সিরিসেনা তাঁকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও দিয়ে ফেলেছেন। শপথ নেওয়া নতুন প্রধানমন্ত্রী এখন নতুন মন্ত্রণালয় গঠনের পথে আছেন।
ওদিকে তারস্বরে গলা ফাটিয়ে চলেছেন রনিল বিক্রমাসিংহে। রনিলের দাবি, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাঁর পক্ষে আছেন। তাই তিনিই সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের খবর, রনিলের রাজনৈতিক দলের দখলে আছে ১০৬ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন। কিন্তু সিরিসেনা ও রাজাপক্ষের দিকে আছেন মাত্র ৯৫ জন। তবুও ক্ষমতায় আছেন তাঁরাই! কারণ, তাঁদের পক্ষে যে নিরাপত্তা বাহিনীর প্রধানেরা। রাখে হরি মারে কে!
অবশ্য এ ঘটনায় ভারত একেবারেই নাখোশ। ঘটনার শুরুতেই নরেন্দ্র মোদির সরকার বলে দিয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধকে শ্রদ্ধা জানাতে হবে। ভূরাজনৈতিক কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারত-চীন দ্বৈরথ প্রকাশ্য হয়ে উঠছে। তাই চীন সরকার রাজাপক্ষেকে স্বাগত জানালেও মুখ গোমড়া ভারতের।

কিছুদিন আগেই কিন্তু ভারতের মুখে হাসি ফুটেছিল। আরেক দ্বীপদেশ মালদ্বীপে যে চীনের পছন্দের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ভরাডুবি ঘটেছে। সেখানে আবার শক্তিশালী হয়ে উঠছে ভারতপন্থী রাজনৈতিক দল। প্রশ্ন উঠে যায়, তবে কি মালদ্বীপে জিতেই গেল ভারত? বিশ্লেষকেরা বলছেন, এর উত্তর পাওয়া এত সহজ নয়। কারণ, চীনের ঋণের ফাঁদে আটকে পড়েছে মালদ্বীপ। সেই বৃত্ত থেকে মালদ্বীপকে পুরোপুরি বের করতে হলে মিলিয়ন মিলিয়ন ডলারের বস্তা নিয়ে হাজির হতে হবে ভারতকে। তবে সাম্প্রতিক নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ জিতে যাওয়ায় ভারত যে কূটনৈতিক দ্বন্দ্বে বিজয়ী হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
আপাতত মালদ্বীপ ও শ্রীলঙ্কায় কূটনৈতিক মঞ্চে মুখোমুখি অবস্থানে আছে ভারত ও চীন। এক পক্ষ জিতলে, হারছে আরেক পক্ষ। মাঝখান থেকে সাধারণ মানুষের ‘ত্রাহি মধুসূদন’ অবস্থা। শিংবিহীন সিংহের গুঁতোয় লেগেছে ভ্যাবাচেকা। এখন শুধু ‘হাম্বা হাম্বা’ ডাকা বাকি!
অনেক হলো বিদেশের কথা। এখন দেশে আসি। এ দেশেও পরিস্থিতি ব্যতিক্রম নয়। সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার সংশোধনসহ আট দফা দাবিতে গত রোববার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার ধর্মঘট গতকাল মঙ্গলবার ভোরে শেষ হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই ‘ধর্মঘট’ অথবা ‘কর্মবিরতি’ ডেকেছিল। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই ধর্মঘটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কেউ কেউ সেই ধর্মঘট মানতে না পারায় মুখে মাখিয়ে দেওয়া হয়েছে পোড়া মবিল। কালো রং লেগেছে শিক্ষার্থীদের সাদা পোশাকে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—দুটি কুঁড়ি ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেছে। দুটি শিশুর মৃত্যু হয়েছে। এটি কি হত্যা? পোড়া মবিলের মতোই প্রশ্নগুলো ছুড়ে দিলাম। যদি গায়ে লাগে আরকি!

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দাবি আদায়ে সরকারকে ২১ দিন সময় দিয়েছে। গত সোমবার ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানিয়ে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মানা না হলে দেওয়া হবে ৯৬ ঘণ্টার ধর্মঘট। আচ্ছা, তখন কতজনকে কান ধরে ওঠবস করতে হবে? মারা যাবে কয়টি শিশু?
সাধারণ মানুষের কথা আর না বলাই ভালো। সীমাহীন ভোগান্তিতে তারা নাজেহাল। কিশোর কুমারের যে গান দিয়ে এই লেখার শুরু, সেই গানের ভাষায় বলতে গেলে—‘নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাঁট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে’! ধৈর্যের বাঁধ ভেঙেছে আগেই। এখন নতুন বাঁধের নির্মাণকাজ চলছে।
শেষ করছি মান্না দের গাওয়া একটি গানের কলি দিয়ে। ‘চৌরঙ্গী’ সিনেমায় মহানায়ক উত্তমকুমার এই গানে ঠোঁট মিলিয়েছিলেন। গানটি হলো—‘বড় একা লাগে, এই আঁধারে’। প্রেয়সীকে হারানোর দুঃখে এ গান ধরেছিলেন উত্তমকুমার। তা আমাদের জীবনেও তো এখন প্রেম নেই। আছে শুধু হারানোর ব্যথা। আর নাগরিক হিসেবে এখন বড়ই একা লাগার সময়। কারণ, আঁধার যে বড়ই নিকষ!
অর্ণব সান্যাল: সাংবাদিক