‘শিক্ষা ব্রতে এসো, সেবার তরে যাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা ব্রতে এসো, সেবার তরে যাও’—এ স্লোগান নিয়ে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের যাত্রা শুরু হয় ৫০ বছর আগে। স্বনামধন্য ওই প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী উৎসব আজ শনিবার। ওই উৎসবকে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় মুখর হয়ে উঠবে প্রতিষ্ঠানের আঙিনা। কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ঘেরা ময়নামতি পাহাড়ের কোলে সেনানিবাসের অভ্যন্তরে গড়ে ওঠা ওই প্রতিষ্ঠানের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অভাবনীয় সাফল্য রয়েছে। আজ সেই মাহেন্দ্রক্ষণের দিনে সাফল্যের জয়গান ও বয়ান করবেন প্রতিষ্ঠানটির আলোকিত ব্যক্তিরা। স্মৃতিচারণায় মত্ত হবেন প্রাক্তন শিক্ষার্থীরা। ওই মিলনমেলায় শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ উপলক্ষে প্রতিষ্ঠানসংলগ্ন মাঠ নানা সাজে সজ্জিত করা হয়েছে। কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ। প্রায় ৯ দশমিক ৩০ একর জায়গা নিয়ে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে। ১৯৬২ সালের ২৮ সেপ্টেম্বর ‘ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল’ নামে ওই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আহমেদ ইস্পাহানীর অনুদানে ওই প্রতিষ্ঠানের ত্রিতল মনোলোভা লম্বাকৃতির ভবনটি নির্মিত হয়। ওই সময় প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘ইস্পাহানী পাবলিক স্কুল’। ১৯৭৫ সালের ২৮ অক্টোবর কলেজ শাখা চালু হয়। এরপর প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ’। প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই কলেজ রাজনীতি, নকল ও ধূমপানমুক্ত। প্রতিষ্ঠানের রয়েছে সুন্দর মনোগ্রাম। একটি বৃত্তের কেন্দ্রে খোলা পুস্তক, দুই পাশে ধানের শিষ এবং শীর্ষে ধারণ করে আছে প্রজ্জ্বলিত লাল অনির্বাণ আলোকশিখা, যা জ্ঞান সমৃদ্ধি ও প্রগতির প্রতীক। জানা যায়, প্রতিবছর ভর্তি-প্রক্রিয়া শুরু হলে ওই কলেজে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কলেজের নিয়মশৃঙ্খলা, উন্নত পাঠদান ও কঠোর অনুশাসনের কারণে অভিভাবকেরাও শিক্ষার্থীদের সেখানে ভর্তি করাতে চান। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ওই কলেজের রয়েছে তাক লাগানো সাফল্য। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ওই কলেজ এসএসসি ও এইচএসসিতে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিবছরই দ্বিতীয় থেকে চতুর্থ স্থানের মধ্যে থাকে। কলেজের এমন ফলাফলের কারণে স্বীকৃতিও মিলেছে বেশ। জাতীয় পর্যায়ে ওই প্রতিষ্ঠান একাধিকবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এইচএসসিতে ভালো ফল করায় ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচবার সেনাবাহিনীর প্রধান ট্রফি অর্জন করে। বিদ্যালয় শাখাও দুবার সেনাপ্রধান ট্রফি অর্জন করে। কেবল পড়াশোনা নয়, খেলাধুলা, বিতর্ক ও সংস্কৃতিচর্চায় ওই প্রতিষ্ঠানের রয়েছে অসামান্য ভূমিকা। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে জাতীয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ২০১১ ও ২০১২ সলে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতায়ও প্রতিষ্ঠানটি একাধিকবার পুরস্কার জিতে নেয়। এখানকার শিক্ষার্থীদের রয়েছে নানাবিধ সুযোগ-সুবিধা। শীতাতপনিয়ন্ত্রিত গ্রন্থাগার, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টার, মাল্টিমিডিয়াসমৃদ্ধ শ্রেণীকক্ষ ও উন্নত মানের বিজ্ঞানাগার রয়েছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নজরুল, ফজলুল হক ও কুদরাত-এ-খুদা হাউস। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ওই কলেজে পাঠদান করা হয়। বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে শিক্ষা কার্যক্রম চলে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত পাঠদান চলে। বর্তমানে ৯০ জন শিক্ষক ওই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের রয়েছে শক্তিশালী পরিচালনা পর্ষদ। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি পদাধিকারবলে প্রধান পৃষ্ঠপোষক। তাঁর মনোনীত একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। ওই কমিটিতে রয়েছেন দাতা সদস্য প্রয়াত মির্জা আহমেদ ইস্পাহানীর বংশধর। রয়েছেন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি। এদিকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দৃষ্টিভঙ্গির ওপর নজর রেখেই সেখানে মুক্তচিন্তা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়। এখানকার শিক্ষার্থীরা কেবল পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা যোগ্য নেতৃত্বেও রয়েছে। শিক্ষার্থীদের অনেকেই এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও নাম করছে। কুমিল্লা জেলার এমন প্রতিষ্ঠান নিয়ে গর্বিত এখানকার শিক্ষানুরাগীরা। ওই কলেজ আরও এগিয়ে যাক সামনের দিকে, এটাই প্রত্যাশা। গাজীউল হক[email protected]