‘সংসদ ভেঙে দিতে সংবিধান সংশোধন’: ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ আগস্ট ২০১২ প্রথম আলোয় প্রকাশিত ‘সংসদ ভেঙে দিতে সংবিধান সংশোধন অপরিহার্য’ শীর্ষক প্রবন্ধের জন্য মিজানুর রহমান খানকে ধন্যবাদ। জনাব খান সংবিধানের ৫৭(২), ৭২(১), ৭২(২) এবং ১২৩(৩) অনুচ্ছেদের পরস্পরবিরোধী অবস্থান পর্যালোচনাপূর্বক সংবিধানের উপযুক্ত সংশোধনের সুপারিশ করেছেন। তিনি উল্লিখিত অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য অন্তত চারটি পরস্পরবিরোধী অবস্থান নির্দিষ্ট করেছেন। প্রথমত, ৫৭(২) ও ৭০ অনুচ্ছেদদ্বয়ের বিষয়ে তাঁর বক্তব্য সামঞ্জস্যহীন। ৫৭(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে পরাস্ত হলে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার লিখিত পরামর্শ দেবেন। কিন্তু ৭০ অনুচ্ছেদের ফলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার বাস্তব পরিস্থিতির কল্পনা করা চলে না। দ্বিতীয়ত, অনুচ্ছেদ ৫৭(২) ও অনুচ্ছেদ ৭২(১)-এর পরস্পরবিরোধী অবস্থান। জনাব খানের বক্তব্য অনুসারে, ৭২(১) অনুচ্ছেদে শর্তহীনভাবে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন।’ অথচ ৫৭(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার লিখিত পরামর্শ দেওয়ার অধিকার শুধু অনাস্থা ভোটে পরাস্ত হলেই প্রয়োগ করা সম্ভব। তৃতীয়ত, অনুচ্ছেদ ৫৭(২) ও অনুচ্ছেদ ১২৩(৩)-এর শর্তাংশ পরস্পর সামঞ্জস্যপূর্ণ নয়। চতুর্থত, অনুচ্ছেদ ৭২(২) ও অনুচ্ছেদ ১২৩(৩)-এর শর্তাংশ পরস্পর সাংঘর্ষিক। খানের বক্তব্য হলো, ৭২(২) অনুচ্ছেদ অনুসারে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। আবার ১২৩(৩)-এর শর্তাংশ দশম সংসদে নির্বাচিত সাংসদদের নবম সংসদের মেয়াদ অবসান না হওয়া পর্যন্ত ‘কার্যভার গ্রহণ’ নিষিদ্ধ করেছে। এর ফলে দুই প্রকারের সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হতে পারে, যথা—(ক) মেয়াদোত্তীর্ণব্য সংসদের মেয়াদ অবসানের আগেই অনাগত সংসদের প্রথম বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতার উদ্ভব হতে পারে; (খ) মেয়াদোত্তীর্ণব্য সংসদের ও অনাগত সাংসদদের একই সময়ে উপস্থিতি। বর্তমান লেখক জনাব খান কর্তৃক প্রদত্ত ৫৭(২), ৭২(১), ৭২(২) এবং ১২৩(৩) অনুচ্ছেদের ব্যাখ্যা ও সংবিধান সংশোধনের অভিমতের সঙ্গে একমত নয়। বর্তমান লেখক সাধারণভাবে এই মত পোষণ করেন যে উপরিউক্ত অনুচ্ছেদগুলোর বক্তব্য পরস্পরবিরোধী নয়। অবশ্য তাঁর সঙ্গে অংশত একমত যে অনুচ্ছেদ ৫৭(২) ও অনুচ্ছেদ ১২৩(৩)-এর শর্তাংশের অসমীচীন প্রয়োগের ফলে মেয়াদোত্তীর্ণব্য সংসদের মেয়াদ অবসানের আগেই অনাগত সংসদের প্রথম বৈঠক আহ্বান করার অবস্থার উদ্ভব হতে পারে। তবে সংবিধানের যথাযথ ব্যাখ্যার মাধ্যমে এ রকম অবস্থা পরিহার করা সম্ভব। ৫৭(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে পরাস্ত হলে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার লিখিত পরামর্শ দেবেন অথচ ৭০ অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার বাস্তব সম্ভাবনা তিরোহিত করে। এর বিপরীতে বর্তমান লেখক মনে করেন যে ৭০ অনুচ্ছেদের ফলে সংসদে প্রধানমন্ত্রীর (এমনকি নিজ দলীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও) বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটদানের আপাত কোনো বাধ্যবাধকতা সৃষ্টি হয় না। এই অনুচ্ছেদের উদ্দেশ্য রাজনৈতিক দলের সিদ্ধান্তের সমর্থনে সংসদে দলীয় সদস্যদের ভোটদান নিশ্চিত করা। ‘রাজনৈতিক দল’ ও ‘প্রধানমন্ত্রী’ শব্দদ্বয় সমার্থক শব্দ নয়। আবার অনুচ্ছেদ ৫৭(২) ও অনুচ্ছেদ ৭২(১)-এর প্রয়োগের ক্ষেত্র ভিন্ন। অনুচ্ছেদ ৫৭(২) প্রধানমন্ত্রীর দায়িত্ব ও কাজের সঙ্গে সম্পর্কিত অথচ অনুচ্ছেদ ৭২(১) রাষ্ট্রপতির দায়িত্ব ও কাজের সঙ্গে সম্পর্কিত। ওই ৫৭(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে পরাজিত হলে রাষ্ট্রপতিকে লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শদানের এখতিয়ার রাখেন। অনাস্থা ভোটে পরাজিত হওয়ার ঘটনা প্রধানমন্ত্রীর সংসদ ভেঙে দেওয়ার লিখিত পরামর্শদানের এখতিয়ার প্রয়োগের পূর্ববর্তী শর্ত (কন্ডিশন প্রেসিডেন্ট)। অর্থাৎ প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে পরাজিত না হলে রাষ্ট্রপতিকে লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারবেন না। এর অর্থ এই যে ৫৭(২) অনুচ্ছেদে প্রদত্ত প্রধানমন্ত্রীর এখতিয়ার রাষ্ট্রপতিকে লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শদানের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে অনুচ্ছেদ ৭২(১) ও এর শর্তাংশ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার এখতিয়ার প্রধানমন্ত্রীর লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি দ্বারা প্রয়োগ করবেন। অর্থাৎ অনুচ্ছেদ ৭২(১) অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বিজ্ঞপ্তি দ্বারা সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর লিখিতভাবে প্রদত্ত পরামর্শ হবে পূর্ববর্তী শর্ত (কন্ডিশন প্রেসিডেন্ট)। এর অর্থ এই যে অনুচ্ছেদ ৭২(১) অনুসারে রাষ্ট্রপতির এখতিয়ার সরকারি বিজ্ঞপ্তি দ্বারা সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষেত্রে প্রযোজ্য। উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রীর লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শদানের এখতিয়ার প্রয়োগ করবেন অনাস্থা ভোটে হেরে গেলে, অপর পক্ষে রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার প্রয়োগ করবেন শুধু প্রধানমন্ত্রী তদ্রূপ পরামর্শ প্রদান করলেই। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি—উভয়ের এখতিয়ার ও তার প্রয়োগের পূর্ববর্তী শর্ত (কন্ডিশন প্রেসিডেন্ট) ভিন্নরূপ হওয়ায় তাদের একটির দ্বারা আরেকটির নেতিবাচকভাবে প্রভাবিত বা বারিত হওয়ার সুযোগ নেই। অতএব, ৫৭(২) ও ৭২(১) অনুচ্ছেদদ্বয়ের যৌথ পাঠ নির্দেশ করে তারা প্রকৃতপক্ষে পরস্পরের পরিপূরক।অনুচ্ছেদ ৫৭(২) ও অনুচ্ছেদ ১২৩(৩)-এর শর্তাংশের বিরোধ দেখাতে গিয়ে জনাব খান কিছু প্রশ্নের অবতারণা করেছেন, যেমন—অনুচ্ছেদ ১২৩(৩)-এর ‘ক’ উপদফায় বর্ণিত মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ দিন আগে না ‘খ’ উপদফায় বর্ণিত মেয়াদ অবসানের ৯০ দিন পরে সংসদ নির্বাচন হবে, সে বিষয়ে কে সিদ্ধান্ত নেবেন? কখন নেবেন? খানের জিজ্ঞাস্য, অনাস্থার প্রশ্ন ছাড়া প্রধানমন্ত্রী কি আদৌ সংসদ ভেঙে দিতে পরামর্শ দিতে পারেন? যদি প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেন, তা হলে প্রশ্ন হলো, মেয়াদ পূর্তি হবে, নাকি হবে না? যেহেতু অনাস্থা প্রস্তাবে পরাজিত না হলে ১২৩ অনুচ্ছেদের ৩ দফার ওই ‘খ’ বিকল্প অর্থাৎ সংসদ ভেঙে দিয়ে ৯০ দিন পর নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি, সেহেতু খানের প্রশ্ন, কোন অনুচ্ছেদটি কোনটির ওপর প্রাধান্য পাবে? এর উত্তর হলো, মেয়াদ অবসানের কারণেই হোক বা অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে নির্বাচন কমিশন সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা করবেন। অনুচ্ছেদ ১১৯ অনুসারে নির্বাচনবিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। অনুচ্ছেদ ১২৪ অনুযায়ী, সংসদ আইনের দ্বারা সংসদ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে যথা, তারিখ নির্ধারণ, নির্বাচন পরিচালনা ও অন্যান্য কাজ সম্পাদনের নিমিত্তে বিধান প্রণয়ন করতে পারবে। এবং অনুচ্ছেদ ১২৬ অনুসারে এ ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের (রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ যার অন্তর্ভুক্ত) দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। আমাদের সংবিধানে অনুমিত অবস্থানুসারে প্রধানমন্ত্রীকে অনাস্থার প্রশ্ন ব্যতিরেকে সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার প্রদান করা হয়নি। অর্থাৎ কোনো সাংবিধানিক কারণ ছাড়াই সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। অনুমান করা যায়, এই বিধানের উদ্দেশ্য হলো, কোনো কারণ ছাড়াই সংসদ ভেঙে দিয়ে যেন সাংবিধানিক জটিলতা সৃষ্টি করা না যায়। তবে যুক্তিগ্রাহ্যভাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে অপারগ হলে অনুচ্ছেদ ৫৭(১)(ক) অনুসারে পদত্যাগ করতে পারবেন। অনুচ্ছেদ ১২৩(৩) )-এর ‘ক’ ও ‘খ’ উপদফাদ্বয়ের মধ্যে কোনো প্রাধান্যের প্রশ্ন নেই। ওই উপদফা দুটির প্রযোজ্যতা পরিস্থিতি অনুসারে নির্ধারিত হবে। সবশেষে মেয়াদোত্তীর্ণব্য সংসদের মেয়াদ অবসানের আগেই অনাগত সংসদের প্রথম বৈঠক আহ্বান করার বাধ্যবাধকতা ও একই সময়ে উভয় সংসদের সাংসদদের উপস্থিতির প্রসঙ্গ। এ রকম অনভিপ্রেত পরিস্থিতি অনুচ্ছেদ ১২৩(৩)(ক) ও তার শর্তাংশের যথাযথ ব্যাখ্যার মাধ্যমে পরিহার করা সম্ভব। একই আইনের মধ্যে আপাত-পরস্পরবিরোধী বিধান বিদ্যমান থাকলে যদি তাদের এমনভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়, যাতে সব বিধানের প্রয়োগ কার্যকর করা যায়, তবে এ রকম ব্যাখ্যা গ্রহণ করাই সংগত। একে আইন ব্যাখ্যার বৈরিতামুক্ত নীতি (প্রিন্সিপাল অব হারমোনিয়াস কনস্ট্রাকশন) বলা হয়। অনুচ্ছেদ ১২৩(৩)(ক) ও তার শর্তাংশের মধ্যকার আপাতবিরোধ বৈরিতামুক্ত ব্যাখ্যার নীতি দ্বারা সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন সাংসদদের সাধারণ নির্বাচনের এমন একটি তারিখ ঠিক করবে, যার ফলে মেয়াদোত্তীর্ণব্য সংসদের মেয়াদ অবসানের তারিখ ও অনাগত সংসদের প্রথম বৈঠকের তারিখ নির্ধারণে সাংবিধানিক বাধ্যবাধকতা পালনে কোনো বিরোধমূলক পরিস্থিতির উদ্ভব হবে না। একই সময়ে উভয় সংসদের সদস্যদের উপস্থিতির প্রশ্নটিও পূর্বের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। অনুচ্ছেদ ৭২(৩)-এর সঙ্গে অনুচ্ছেদ ১৪৮(১), ১৪৮(২)(ক) ও ১৪৮(৩) একত্রে পাঠ করলে যুক্তিগ্রাহ্যভাবে অনুমান করা যায় যে মেয়াদোত্তীর্ণব্য ও অনাগত সংসদের সদস্যদের একই সময়ে সাংসদ হিসেবে থাকা আইনগতভাবে অনভিপ্রেত এবং অসমীচীন। অনুচ্ছেদ ১৪৮(৩) অনুসারে, ‘এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের আগে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।’ অনুচ্ছেদ ১৪৮(১) অনুসারে, সংসদ সদস্য পদে নির্বাচিত ব্যক্তি কার্যভার গ্রহণের আগে তৃতীয় তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করবেন। অথচ অনুচ্ছেদ ৭২(৩) অনুযায়ী প্রতীয়মান হয় যে কোনো সংসদের মেয়াদ গণনা করা হবে ওই সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে। সুতরাং কোনো অনাগত সংসদের সদস্য মেয়াদোত্তীর্ণব্য সংসদের মেয়াদ অবসানের আগে শপথ গ্রহণ করলেও তৎসংশ্লিষ্ট কার্যভার ওই অনাগত সংসদের অন্তত প্রথম বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অর্পিত হয়েছে বলে গণ্য করা যাবে না। তবে এটা ঠিক যে বর্তমান লেখক সাংবিধানিক বিধান ব্যাখ্যার ক্ষেত্রে বৈরিতামুক্ত নীতি অনুসরণ করেছেন। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। সাংবিধানিক বিধান বা বিধানাবলির এক বা একাধিক বিরোধমূলক পাঠ থাকলে যে পাঠ বৈরিতামুক্ত, তা গ্রহণ করাই সংবিধান ব্যাখ্যার অন্যতম স্বীকৃত নীতি। জনাব খানের পর্যালোচনা ওই অনুচ্ছেদগুলো সংশোধনের পক্ষে যথেষ্ট যুক্তি বহন করে না। জনাব খান যদি উপরিউক্ত অনুচ্ছেদগুলোর সংশোধন চান, সে ক্ষেত্রে তাঁকে ভিন্ন ডিসকোর্সের অবতারণা করতে হবে। খান মেয়াদোত্তীর্ণব্য সংসদ ভেঙে যাওয়ার আগেই অনাগত সংসদের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থার প্রতিকারের একটি পন্থা হতে পারে সংবিধান সংশোধন। তবে সংবিধান সংশোধন ছাড়াই যদি এ অবস্থার সমাধান দেওয়া যায়, তবে তা হবে প্রকৃত মেধার পরিচায়ক। কাওসার আহেমদ: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।