'সুষ্ঠু' নির্বাচন বা গণতন্ত্র নিয়ে ভয়-সংশয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১৯ সালের নির্বাচন নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে ও আলোচনাও শুরু হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের মেয়াদ শেষ হবে। সামনের নির্বাচন করবে নতুন নির্বাচন কমিশন। নতুন কমিশন গঠন নিয়ে শুরু হওয়া আলোচনা আগামী নির্বাচনের আলোচনাকেও প্রাসঙ্গিক করে তুলেছে। নির্বাচন বাংলাদেশের, আর নির্বাচন পরিচালনার দায়িত্ব দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের, কিন্তু আমরা শুনলাম, নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হবে নাকি ব্রাসেলসে। বোঝা যায়, সামনের নির্বাচন নিয়ে আলোচনা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও শুরু হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মান বা গ্রহণযোগ্যতার বিষয়টি হয়তো বর্তমান বাস্তবতায় খুব প্রাসঙ্গিক নয়। কিন্তু কেমন হবে আগামী নির্বাচন—এই আলোচনা ও পর্যালোচনায় ৫ জানুয়ারির নির্বাচনের অভিজ্ঞতাকে চাইলেও মাথা থেকে দূর করা যাবে না। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের সঙ্গে যেহেতু গণতন্ত্রের সম্পর্ক রয়েছে, তাই ‘গণতন্ত্র’ নিয়েও আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক নানা ব্যাখ্যা ও ভাষ্য আমরা বিভিন্নভাবে শুনতে ও পেতে শুরু করেছি।
দেশের বুদ্ধিজীবী ও সুধী মহলের একটি বড় অংশের খুবই সংগত উদ্বেগ আছে বিএনপি ও জামায়াতের রাজনীতি নিয়ে। ক্ষমতায় থেকে, বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকার নানামুখী কুকর্মের যে নজির সৃষ্টি করেছিল, তাকে আতঙ্ক হিসেবেই বিবেচনা করতে হয়। সেই আতঙ্কে আবার কে পড়তে চায়! ২০০১-এর নির্বাচনের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের নিয়ে দেশ পরিচালনা, দেশে জঙ্গিবাদী রাজনীতির শেকড় গাড়তে মদদ দেওয়া বা ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা—এগুলো দুঃস্বপ্নের মতোই। রাজনৈতিকভাবে এই দল দুটি তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে, এমন কোনো ধারণা তারা আমাদের দিতে পারেনি। সম্ভবত তারা দিতেও চায় না। ফলে বিএনপি ও জামায়াতকে নিয়ে ভয় কেটে যাওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি।

বিএনপি-জামায়াত জোট ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর পানি অনেক গড়িয়েছে। যুদ্ধাপরাধের বিচার, গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ও ফাঁসি কার্যকর, এসব নিয়ে বিএনপির অবস্থান, জামায়াতের তাণ্ডব—এগুলো সব পেরিয়ে হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। গণতন্ত্রের সঙ্গে ওই নির্বাচন মেলে না, কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই নির্বাচনের ওপর ভিত্তি করেই বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে এবং ওই নির্বাচনের ধারাবাহিকতায় ২০১৯ সালের নির্বাচন আসছে।

এরই মধ্যে দেশে ভয়াবহ বিপদ হিসেবে হাজির হয়েছে ধর্মীয় জঙ্গিবাদীদের তৎপরতা। গণজাগরণ মঞ্চের আন্দোলনকে কেন্দ্র করে ব্লগার, লেখকসহ মুক্তমনা মানুষদের হত্যার মিছিল নিশানা করে বিদেশি হত্যায় মোড় নেওয়ার পর এ বছরের জুলাইয়ে হলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে যেন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই ঘটনা দেশের জাতীয় নিরাপত্তাকে যেমন প্রশ্নের মুখে ফেলেছে, তেমনি জঙ্গিগোষ্ঠী যেন এর মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বের মূল জায়গাতেই আঘাত করতে   চেয়েছে। এসব জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে বিএনপি-    জামায়াতের সম্পৃক্ততা রয়েছে বলে সরকার বিভিন্ন সময় দাবি করে আসছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, সাফল্যও মিলছে। নির্বাচনকে সামনে রেখে তাই অনেকের মনে ভয় ও সংশয়, আওয়ামী লীগ বা তাদের জোট ক্ষমতা হারালে কী হবে!

আওয়ামী লীগের সমর্থক সুধী মহল, বুদ্ধিজীবী বা শুভানুধ্যায়ীদের এই ভয় ও সংশয়ের হয়তো যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার ‘সমস্যা’ হচ্ছে, নির্বাচনে জনগণ যাদের বেশি ভোট দেবে, তারাই দেশ চালানোর অধিকার পাবে। দেশের জন্য আওয়ামী লীগের অপরিহার্যতাকে বিবেচনায় নিলে আগামী নির্বাচনে দলটিকে বেশি ভোট পেতে হবে। বোঝা যাচ্ছে, এটা নিয়ে সম্ভবত আওয়ামী বুদ্ধিজীবী ও শুভানুধ্যায়ী মহলে সংশয় রয়েছে। তা না হলে এ নিয়ে এত উদ্বেগ কেন! এই পরিস্থিতিতে এখন জরুরি প্রশ্নটি হচ্ছে, কে হারবে বা কে জিতবে—এই বিবেচনা বা ভয় থেকে কি আমরা ‘সুষ্ঠু’ নির্বাচন বিষয়টিকে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেব? বা ছাড় দেব গণতন্ত্রে? দুঃখজনকভাবে অনেকের কথাবার্তা ও আলোচনায় সেই সুরই পাওয়া যাচ্ছে।

বোঝা যায়, একটি সহজ ও আপাত-সমাধানের পথকেই কার্যকর মনে করছেন অনেকে। কিন্তু একটি ‘সুষ্ঠু’ নির্বাচন বা গণতন্ত্র নিয়ে ভয় বা সংশয়ে না থেকে এমন একটি নির্বাচন অনুষ্ঠান ও তাতে জেতার চেষ্টা করাই কি আসল পথ হওয়া উচিত নয়? প্রশ্ন হচ্ছে, অতীতের যে অপকর্মের কারণে বিএনপি-জামায়াত নিয়ে আমাদের এত ভয়, ভবিষ্যতে যে বিএনপি-জামায়াতের হাতে ক্ষমতা গেলে দেশে জঙ্গিদের রাজত্ব কায়েম হবে বলে আমরা আতঙ্কিত, সেই দল দুটি নির্বাচনে জিতে যাবে, এই ভয় আমাদের পেয়ে বসবে কেন? এর কারণ কি বর্তমান সরকারের শাসনের নানা ত্রুটি-বিচ্যুতি? ৫ জানুয়ারির নির্বাচনের অভিজ্ঞতা, গণতন্ত্রে কাটছাঁট বা সুশাসনের অভাবকে  কি জনগণ ভালোভাবে নিচ্ছে না? তাই ‘সুষ্ঠু’ নির্বাচন নিয়ে ভয় ও সংশয়!

একটি ক্ষমতাসীন দলের শাসনে নানা ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। সেই দলটিকে যাঁরা ভালোবাসেন, দলটিকে দেশের স্বার্থে দরকারি বা অবশ্যম্ভাবী বলে বিবেচনা করেন, তাঁদের দায় তবে কী? দলের ভুলভ্রান্তি দূর করতে পরামর্শ দেওয়া ও সাহায্য করা এবং দলটিরও উচিত তা বিবেচনায় নেওয়া। বর্তমান সরকারের শুভানুধ্যায়ীরা যে নানা সময়ে সরকারের সমস্যা বা ভুল-ত্রুটিগুলো দেখানোর চেষ্টা করেননি, এমন নয়। কিন্তু দল সম্ভবত তাঁদের এসব পরামর্শ আদৌ গ্রাহ্যই করে না। ফলে সরকারি দলের শুভানুধ্যায়ীরা মনে হয় এক বড় সংকটে পড়েছেন। একদিকে সরকার তাঁদের কথা ও পরামর্শ শোনে না, আবার তাঁরা এটাও মনে-প্রাণে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ চরম বিপদের মুখে পড়বে। সমস্যাটি জটিল! তাঁরা তবে এখন করবেন কী!

‘সুষ্ঠু’ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে গণতন্ত্রের কবর হতে পারে—এই আশঙ্কা বা ভয় যে আওয়ামী লীগের সমর্থক বুদ্ধিজীবী বা শুভানুধ্যায়ীদের মধ্যে রয়েছে, তা পরিষ্কার। এমন আশঙ্কার যৌক্তিকতা থাকতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা মোকাবিলার পথ কী? ‘সুষ্ঠু’ নির্বাচন থেকে সরে আসা? যাঁরা সহজ সমাধানকেই বাস্তবতা বলে মানছেন, তাঁরা এটা ভাবছেন না যে একটি ‘সুষ্ঠু’ নির্বাচন হলে যদি বিএনপি-জামায়াতের ক্ষমতায় আসার মতো পরিস্থিতি দেশের রাজনীতিতে বিদ্যমান থেকে থাকে, তবে সেই রাজনীতিকে মোকাবিলার পথটি এত সহজ ও সরল নয়। তাদের চিন্তাভাবনায় আসলেই বড় ধরনের ত্রুটি রয়েছে। বিএনপি-জামায়াতের রাজনীতিকে প্রত্যাখ্যান করাকে যাঁরা জরুরি মনে করেন, তাঁদের আসলে একটি গণতান্ত্রিক পথই ধরতে হবে। সেই পথটি হচ্ছে জনগণকে নিজেদের পক্ষে আনা। এর বাইরে সহজ পথ ধরার এই চেষ্টা ভবিষ্যতে আত্মঘাতী হিসেবে বিবেচিত হতে বাধ্য।

একটি ‘সুষ্ঠু’ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে দেশের পরিস্থিতি চরমের দিকে যাবে বা অবস্থা আরও খারাপ হবে—এটা যাঁরা মনে-প্রাণে বিশ্বাস করেন, তাঁদের দায়িত্ব হচ্ছে তেমন একটি নির্বাচনে আওয়ামী লীগ যাতে পরাজিত না হয়, সেই উদ্যোগ নেওয়া, দলটিকে সেই পথে পরিচালিত করার চেষ্টা করা। দলটির মাধ্যমে এমন পর্যায়ের সুশাসন নিশ্চিত করা, যাতে জনগণ দেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দেওয়া ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এই দলের সঙ্গে থাকে। এখন এই দায়িত্ব যদি তাঁরা পালন করতে না পারেন বা দল যদি তাঁদের কথা না শোনে, তবে ‘সুষ্ঠু’ নির্বাচনের পথ থেকে সরে আসা বা গণতন্ত্রে ছাড় দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া কি নৈতিকতার বিচারে একটি গ্রহণযোগ্য অবস্থান হতে পারে?

এটা সত্যি, দেশ জঙ্গিবাদের বিপদের মুখোমুখি। এর বিস্তার রোধ ও নির্মূল আমাদের সবারই চাওয়া। এটা পরিষ্কার যে এই জঙ্গিগোষ্ঠী আসলে দেশে গণতন্ত্রকেই ধ্বংস করতে চায়। ফলে গণতন্ত্রই জঙ্গিবাদ মোকাবিলার পথ। জঙ্গিবাদের বিরুদ্ধে এটা একটা জবাবও। জঙ্গিবাদের ভয়ে গণতন্ত্রের পথে যেকোনো বিচ্যুতি তো প্রকারান্তরে তাদের অবস্থানকেই সমর্থন জানানো।

গণতন্ত্র বা গণতান্ত্রিক মনোনয়ন–প্রক্রিয়াই যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির মনোনয়ন নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিয়ে সচেতন মার্কিন নাগরিক মহলে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। কিন্তু এতে ভীত হয়ে মনোনয়নের ক্ষেত্রে যে গণতান্ত্রিক পথ মেনে চলা হয়, তা থেকে সরে আসার কোনো পরামর্শের কথা শোনা যায়নি। তারা বরং ট্রাম্পকে এখন কীভাবে হারানো যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন।

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।