দখলদার পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এরপরই পাকিস্তানে ক্ষমতার পালাবদল ঘটে। জেনারেল ইয়াহিয়া খানকে সরিয়ে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হন। আন্তর্জাতিক চাপ এবং আটক ৯০ হাজার সামরিক ও বেসামরিক কর্মকর্তার ভবিষ্যতের কথা ভেবে তিনি বাঙালি নেতা শেখ মুজিবকে মুক্তি দেন। তবে তার আগে ভুট্টো পাকিস্তানের সঙ্গে একটা যোগসূত্র রাখার অনুরোধ জানান। কিন্তু ১০ জানুয়ারি ঢাকায় ফিরে বঙ্গবন্ধু সাফ জানিয়ে দেন, ‘পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়।’
পাকিস্তানি জিন্দানখানা থেকে মুক্ত হয়ে শেখ মুজিব প্রথম লন্ডনে সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। এরপর দেশে ফিরে বিভিন্ন জনসমাবেশে এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানি সেনাদের বিচারের বিষয়টি সামনে আনেন।
১৯৭১ সালে বাংলাদেশে রণাঙ্গনের যুদ্ধ শেষ হলেও কূটনৈতিক যুদ্ধ চলে আরও কয়েক বছর। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে পৌনে চার বছর পর, ১৯৭৪ সালের সেপ্টেম্বরে। ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ চাইলে পাকিস্তান বিরোধিতা করে। ভুট্টো তখনো বাংলাদেশ পুনরায় দখলের খোয়াব দেখেন। তিনি বলেন, ‘বাংলাদেশ তো পাকিস্তানের অংশ। অতএব, তারা কমনওয়েলথের সদস্যপদ পেতে পারে না।’ এর জবাবে মুজিব পাল্টা হুমকি ছুড়ে দিয়ে বলেন, ‘যদি ভুট্টো বাংলাদেশকে কমনওয়েলথ থেকে বাইরে আনার জন্য কোনো চালাকি করেন, আমি পাকিস্তানের দায়িত্ব নেব এবং সেটিকেও বাংলাদেশের অংশ করব।’ ১৯৭২ সালের ১৭ জানুয়ারি লন্ডনের অবজারভার পত্রিকায় তাঁর সাক্ষাৎকারটি ছাপা হয়; যার শিরোনাম ছিল ‘নাউ মুজিব ওয়ার্নিং ভুট্টো’।
ওই সাক্ষাৎকারে বঙ্গবন্ধু আরও বলেছিলেন, ‘অপেক্ষা করুন। আপনি ভাবছেন, আমি ভুট্টো নিয়ে ঠাট্টা করছি। কিন্তু না। যদি তিনি আমাদের কমনওয়েলথের বাইরে রাখতে “পূর্ব ও পশ্চিম পাকিস্তান” আইনত এক দেশ বলে দাবি করেন, তাহলে আমি বলতে পারি, নির্বাচনে জয়ী হওয়ার পর আমিই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনি (ভুট্টো) তো সেনাবাহিনীর অনুগ্রহে প্রেসিডেন্ট হয়েছেন। অতএব, গণতান্ত্রিকভাবেই আমি সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি (পাকিস্তানের) সব প্রদেশে আমার লোকদের নিয়োগ দেব। এটা নিশ্চয়ই ভুট্টো পছন্দ করবেন না। কিন্তু তিনি যদি সাবধান না হন, আমি পশ্চিম পাকিস্তানকে আমার ভূখণ্ড বলে দাবি করব।’
শেষ পর্যন্ত ভুট্টো বাংলাদেশের কমনওয়েলথে যাওয়া ঠেকাতে পারেননি, বরং পাকিস্তানকেই বেরিয়ে আসতে হয়েছে।
আর নিউইয়র্ক টাইমস–এর দক্ষিণ এশীয় প্রতিনিধি সিডনি শনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু তাঁর গ্রেপ্তার ও পাকিস্তানি কারাগারের দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দেন। সিডনি শনবার্গ লিখেছেন, ‘মুজিব তাঁর ক্রন্দনরতা স্ত্রী ও সন্তানদের চুমু খেলেন এবং তাঁদের কাছ থেকে বিদায় নিলেন। মুজিব তাঁদের বললেন, তিনি আর ফিরে না–ও আসতে পারেন। এরপর পশ্চিম পাকিস্তানি সেনারা তাঁকে ধাক্কা দিতে দিতে নিচের তলায় নিয়ে আসেন। রাইফেলের বাঁট দিয়ে পেছন থেকে তাঁকে আঘাত করেন। এরপর মুজিবকে বাইরে অপেক্ষমাণ জিপের কাছে নিয়ে আসা হয়। সে সময় তিনি বলেন, ‘আমি আমার পাইপ ও তামাকের পাত্র আনতে ভুলে গেছি। আমাকে পাইপ ও তামাক নিয়ে আসতে হবে।’ এরপর সেনারা তাঁকে পাহারা দিয়ে ওপরতলায় নিয়ে যায় এবং তাঁর স্ত্রী তাঁর হাতে পাইপ ও তামাক তুলে দেন।
২৫ মার্চ রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে শেখ মুজিব শনবার্গকে বলেন, ‘আমি যদি বাড়ির বাইরে যেতাম, তাঁরা আমার গাড়িতে গ্রেনেড ছুড়ে মারার পরিকল্পনা নিয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে বলত, বাঙালি চরমপন্থীরা এই কাজ করেছে এবং আমার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তাঁরা অভিযান চালিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, বাড়িতেই থাকব। তারা আমাকে হত্যা করলে সবাই জানবে। আমার রক্ত আমার জনগণকে বিশুদ্ধ করবে।’
সিডনি শনবার্গ যোগ করেন, ...রাত ১১টায় পাকিস্তানি সেনাবাহিনী শহরে অভিযান শুরু করে। সেনাসদস্যরা শেখের বাড়ির বাইরে অবস্থান নেয় এবং রাত বারোটা-একটার মধ্যে গোলাগুলি চালাতে থাকে। একটার কিছু পর সেনাবাহিনী বাড়িতে ঢুকে পড়ে এবং একজন বিশ্বস্ত দেহরক্ষীকে হত্যা করে, যিনি সরে যেতে রাজি হননি।
মুজিব বললেন, ‘এরপর ড্রেসিংরুমের দরজা খুলে তাদের বলি, তোমরা কেন গোলাগুলি করছ? যদি তোমরা আমাকে মারতে চাও, গুলি করো। আমি এখানে। কিন্তু তোমরা কেন আমার লোকজন ও শিশুদের হত্যা করছ?’ এরপর সেনারা তাঁকে বেয়নেট চার্জ করতে গেলে একজন মেজর তাদের থামিয়ে দিয়ে বলেন, ‘শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’ বিদায়বেলায় তিনি তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকে চুমু খেলেন এবং বললেন, ‘তোমাদের সঙ্গে আমার আর দেখা না–ও হতে পারে। কিন্তু আমার জনগণ একদিন স্বাধীন হবেই। আমার আত্মা এটি দেখবে এবং সুখী হবে।’
বিচারের কথা বলতে গিয়ে শেখ মুজিব বলেন, ‘পাকিস্তানের শাসকেরা আমার বিরুদ্ধে যে ১১টি মামলা দায়ের করেছিল, তার ৬টির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। একটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তারা আমাকে ফাঁসিতে ঝোলানোর একটি সার্টিফিকেট (ছাড়পত্র) চেয়েছিল মাত্র। ইয়াহিয়া খান সামরিক আদালতের সব সদস্যকে ডেকে দ্রুত রায় লেখার কথা বললেন। কিন্তু ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়।’
কারাগারে বঙ্গবন্ধুর শেষ দিনগুলোর কথা উল্লেখ করে সিডনি শনবার্গ লিখেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যেদিন ঢাকায় আত্মসমর্পণ করে, তার আগের দিন ১৫ ডিসেম্বর রাতে মিয়ানওয়ালি কেন্দ্রীয় কারাগারের কতিপয় বন্দী বলাবলি করছিল যে মুজিবের লোকেরা ঢাকায় পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডার এ এ কে নিয়াজিকে হত্যা করেছে। খবরটিকে বন্দীরা স্বাভাবিকভাবে নেয়নি এবং তারা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এরপর তাদের বলা হয়, ভোর ছয়টায় কারাগারের কক্ষ খুলে দেওয়া হবে, যাতে মুজিবকে হত্যা করতে পারে।’ সিডনির এই বক্তব্যের সমর্থন পাওয়া যায় পাকিস্তানের সাংবাদিক-কবি আহমেদ সেলিমের লেখায়ও। তিনি লিখেছেন, মুজিবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের খেপিয়ে তোলা হয়েছিল। তারা মুজিবকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মেরেছে।
মুজিবের উদ্ধৃতি দিয়ে সিডনি লিখেছেন, জেলখানার পরিদর্শক মুজিবের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন। তিনি ওই দিন ভোর চারটায় মুজিবের সঙ্গে দেখা করে তাঁর বাসায় নিয়ে দুই দিন তাঁকে লুকিয়ে রাখেন। পাকিস্তান-ভারত যুদ্ধের সমাপ্তি ঘটার পর ইয়াহিয়া খানের কাছ থেকে ভুট্টো ক্ষমতা নিলে মুজিবের গোপন অবস্থানের দিনও শেষ হয়ে যায়। তাঁকে রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্টের অতিথিশালায় স্থানান্তর করা হয়। ভুট্টো তাঁর সঙ্গে তিন দফা দেখা করেন এবং পাকিস্তানের সঙ্গে একটি যোগসূত্র রাখার অনুরোধ জানালে তা প্রত্যাখ্যাত হয়।
সিডনির শেষ কথা, শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি, যাঁকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখার কথা চিন্তাও করা যায় না।
- সোহরাব হাসান: কবি, সাংবাদিক।