
তাঁদের দেশ ছিল কিন্তু রাষ্ট্র ছিল না। বসতি ছিল কিন্তু সরকার ছিল না। জীবন ছিল কিন্তু মর্যাদা ছিল না। ছিল কেবল একটি আশা। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের স্বপ্নে ভর করে দিনাতিপাত করেছেন তাঁরা। কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের হোসেন মিয়া নতুন জাগা ময়না দ্বীপে সুষম সমাজ গড়তে চেয়েও পারেননি। কিন্তু ছিটমহল থেকে মূল ভূমিতে যুক্ত হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। এই গল্পের হোসেন মিয়া হাজার হাজার ছিটমহলবাসী। তারপরও তাঁদের বিজয়ের আনন্দে মিশে আছে অতীত–বঞ্চনার অভিমান আর ভবিষ্যতের ভয়।
প্রাপ্তি শুধু এক ডিজিটাল ব্যানার
২০ আগস্ট সকালবেলা। খরস্রোতা ধরলা নদীর খেয়া পেরিয়ে আমরা চারজন মোটরসাইকেলে ছুটছি দাসিয়ারছড়ার দিকে। কিন্তু বর্ষার ঝুমবৃষ্টিতে তার উপায় কই? থামতে হলো এক গেরস্তবাড়িতে। ভিজে কাকের মতো আমাদের আশ্রয় দিলেন বাড়ির মালিক প্রাথমিক শিক্ষক হারুনর রশীদ। বাড়িটা বাংলাদেশে হলেও ছিটের মধ্যে তাঁর জমি আছে। চুক্তিতে তিনিও বেজায় খুশি।
দুটি মোটরসাইকেলে আমরা চারজন। ঢাকা থেকে রংপুর হয়ে আমি। চিলমারী থেকে এসেছেন শিক্ষক ও কুড়িগ্রাম গণকমিটির নেতা নাহিদ নলেজ, কুড়িগ্রামের সিনাই ইউনিয়নের তরুণ চেয়ারম্যান নুরুজ্জামান এসেছেন এক বন্ধুকে নিয়ে। বৃষ্টি মাথায় নিয়েই আবার বেরোলাম। কাদার মধ্যে চাকা আটকায়-পিছলায়-থমকায়। এখানে-ওখানে জাল দিয়ে মাছ ধরা লোকের কাছে পথ চিনে নিতে হয়। এই করতে করতে পৌঁছালাম এক ছোট কালভার্টের কাছে। দুই পাশে জলাভূমি, কিছুদিন আগেই এখানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের এখতিয়ার। এর পরেই দাসিয়ারছড়া, নতুন পাওয়া বাংলাদেশ। আঁকাবাঁকা দো-আঁশ মাটির দুর্গম পথ। একসময় গিয়ে পৌঁছালাম কালিরহাট বাজারের গোড়ায়। ছোট গ্রামীণ বাজার যেমন হয়। ১০-১২টি দোকান, কয়েকটি চায়ের টং। মাঝখানে চালার নিচে মাছ নিয়ে বসেছেন এক জেলে। কয়েকটি দোকানে মোবাইল ফোন কোম্পানির স্টিকার। রাষ্ট্রের সেবার আগে আগেই চলে এসেছে ব্যবসা।
৬৮ বছরের বকেয়া চাইতে এসেছি
২০ আগস্ট সন্ধ্যা। দাসিয়ারছড়া ছিটমহলের কালিরহাট বাজার বৃষ্টিতে ভিজে চপচপ। চায়ের দোকানের অন্ধকারে বসে কয়েকটি মানুষ। তাঁদেরই একজন বৃদ্ধ কৃষক মুনীরুদ্দীন। স্বাধীনতা তো পেলেন, বাংলাদেশের নাগরিকত্বও হলো, এখন কী চান? স্পষ্ট উত্তর দিলেন: ৬৮ বছরের বকেয়া চাইতে এসেছি। এরপর আর কথা চলে না।
১৯৪৭ থেকে ধরলে ৬৮ বছরই হলো। এই ৬৮ বছরে কেউ ভাবল না ১১১টি ছিটমহলের কথা। এই অঞ্চলে যেদিন স্বাধীনতার উল্লাস, সেদিন ছিটমহলবাসীর মনে হতাশা। বাংলাদেশ হলো। তারপরও অন্য দেশের মধ্যে ছেঁড়া দ্বীপের মতো অবরুদ্ধ দশা কাটল না।
ইতিহাস থমকে থাকল সেখানে। ৬৮ বছরের বিচ্ছিন্নতা আর বঞ্চনার ছাপ দাসিয়ারছড়াজুড়ে। কাদাটে রাস্তা, নেই কোনো পাকা স্থাপনা। নেই প্রশাসন, স্থানীয় সরকার, থানা, বিদ্যালয়, হাসপাতাল ও রাজনৈতিক দল। রাতে বিদ্যুৎহীন অন্ধকারে দাসিয়ারছড়া ছিটমহলকে কারও মনে হতে পারে কোনো মধ্যযুগীয় জনপদ। সেই অন্ধকারেও দূরের আকাশে কমলা আলোর ছটা। ওটাই সীমান্ত, ওখানেই ভারতীয় কাঁটাতারের ফ্লাডলাইট। কদিন আগে সেটা ছিল দাসিয়ারছড়ার দায়হীন রাষ্ট্র, আজ সেটা দায়হীন বিদেশ।
ছিট এখন সিঙ্গাপুর হবি
গত ৩১ জুলাই মধ্যরাত থেকে কার্যকর হওয়া হাসিনা-মোদির স্থলসীমান্ত চুক্তির পরের তিন সপ্তাহে কিছুই তেমন বদলায়নি। এখানকার ১০ হাজার মানুষের প্রাপ্তি কেবল ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের ডিজিটাল ব্যানার। আপাতত এটাই উন্নয়নের প্রতীক। আর আছে অঢেল প্রতিশ্রুতি। স্থানীয় বাসিন্দা মো. নুরুল আলমের ভাষায়, ‘সরকারি জরিপের এত লোক আসিছে, ৩৬টা এনজিও ঘুরি গেছে, ব্যাংকগুলানও বাদ যায়নি, বিভিন্ন কোম্পানির লোক আসতেছে। মনে হইছে, দাসিয়ারছড়া সিঙ্গাপুর হই যাবি।’
ছিটমহলে আইন ছিল না, পুলিশ ছিল না। কিন্তু অপরাধও ছিল না তেমন। জমি নিয়ে গোলমাল ছিল কম। হিন্দু-মুসলিমের মারামারি ছিল না। তবে ছোটখাটো দুর্নীতি ছিল। যেমন নুরুল আলম মিথ্যা ঠিকানা ব৵বহার করে চাকরি নিয়েছেন। ছেলেমেয়েদের ছিটের বাইরের স্কুলে ভর্তি করার সময়ও মিথ্যা তথ্য দিয়েছেন। এখানকার অজস্র লোক চোরাই পথে দিল্লির ইটভাটায় কাজ করতে যান। হুন্ডির মাধ্যমে টাকা পাঠান। জমি কেনাবেচা হতো ভারতের কোচবিহারের দিনহাটা রেজিস্ট্রি অফিসে। সাত বছর আগেও তাঁরা ভোট দিয়ে স্বায়ত্তশাসিত পঞ্চায়েত সরকার গঠন করেছিলেন। বাংলাদেশ সরকারের সাহায্য পেলেও ভারত স্বীকৃতি না দেওয়ায় সেই ভোট আর হয়নি।
সভ্যতার এই নো ম্যানস ল্যান্ডে অন্য ধরনের বেআইনি কাজকর্ম চলত। টঙ্কাপাড়া নদীর ধারে সাত-আটটা বাড়ি। সেখানে একসময় দেদার ফেনসিডিল বিক্রি হতো। ফুলবাড়ীর সেই স্কুলশিক্ষক জানালেন, ‘ওখানে ২০ বছর আগেও রাসমেলা হতো, ভারতীয় জিনিস বিক্রি হতো। দূরদূরান্তের মানুষ আসত। কিন্তু জুয়ার গন্ডগোলে সেসব বন্ধ হয়। তারপর চলত ফেনসিডিলের ব্যবসা। প্রতিদিন আমার বাড়ির সামনের রাস্তা দিয়েই শত শত মোটরসাইকেল যেত। অশ্লীল নাচ আর জুয়ার আসর বসত। নওগাঁ-নাটোর-গাইবান্ধা থেকে যাত্রার দল এক মাসের কন্ট্রাক্টে আসত। কোথাও বলে যখন কাজ হচ্ছিল না, তখন ছয়-সাত বছর আগে ফুলবাড়ী উপজেলার মইনুল চেয়ারম্যান পুলিশ-বিজিবি সঙ্গে নিয়ে এক দিনেই সাত-আটটা প্যান্ডেল জ্বালিয়ে দেন। সেই থেকে ছিটবাসী তাঁর ভক্ত।’
এহেন ছিটমহলের আকাশে-বাতাসে এখন উন্নয়নের প্রতিশ্রুতি। দল, কোম্পানি, এনজিও, ব্যাংক হুড়মুড় করে ঢুকছে। এসব দেখেই ওই বৃদ্ধ কৃষকের পরিহাস, ছিট এখন সিঙ্গাপুর হবি! কিন্তু কেমন সে উন্নয়ন, সেখানেও কি স্থানীয় মানুষের চাহিদা উপেক্ষিত হবে? যে ঐক্যের মধ্যে থেকে তাঁরা এত দিন সংগ্রাম করেছেন, সেটা কি বহাল থাকবে? নাকি বাদবাকি বাংলাদেশের মতো সেখানেই দলবাজি আর দুর্নীতির আখড়া বসবে?
লাভের গুড় পিঁপড়ায় খাবে?
কালিরহাটের সেই হোটেলে বসে ছিলেন গম্ভীর এক মানুষ। কী করেন, জানতে চাইলে বললেন, ‘আমি ’৭৪-এর মুজিব-ইন্দিরা চুক্তির চাকরি নিছি।’ বুঝলাম, ইনিই বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন। বাজারের মধ্যেই এক টিনের ঘরের চালায় তাঁদের সংগঠনের সাইনবোর্ড। বললাম, ‘দাবি তো পূরণ হলো, সমন্বয় কমিটি কি থাকবে আর?’ উত্তরটা তাঁর মুখস্থ ছিল, অনেকবার বলেছেন মিডিয়ায়: ‘উন্নয়নের জন্য চেষ্টা করতেছি। সেটা মনে হয় পারতেছি না। এখন অন্য অনেক লোক দাঁড়ায়া গেছে। নাগরিক উন্নয়ন কমিটি হচ্ছে। দ্যাখেন, ১১১টি ছিটমহল প্রধানমন্ত্রীর হাতে। উন্নয়নের স্বার্থেই আমি তাঁর দলে যোগ দিছি।’
কিন্তু এই কমিটির অপর নেতা গোলাম মোস্তফার মত ভিন্ন। আলতাফ হোসেনের সরকারি দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো কাউকে জোর করে আটকে রাখতে পারি না। তবে সদস্যদের ৯০ ভাগ সমন্বয় কমিটিতেই আছে। আমরা তো কোনো দলের না, আমরা ছিলাম নাগরিক অধিকার আদায়ের অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা এখন কাজ করব ভূমির অধিকারের সমস্যা, জাল দলিল, জোর করে জমি দখল করার সমস্যা নিয়ে। নির্বাচন করার চিন্তা আমার নাই।’
ছিটমহল নতুন জাগা চরের মতো। এর ওপর নিয়ন্ত্রণ নিতে তৎপর রাজনৈতিক-অর্থনৈতিক শক্তি থেকে শুরু করে এনজিওগুলো পর্যন্ত। এই নিয়ন্ত্রণের প্রধান স্লোগান হলো উন্নয়ন। উন্নয়ন যদি ধর্ম না হয়ে থাকে তাহলে কেমন উন্নয়ন, কার জন্য উন্নয়ন এসব প্রশ্নও জাগা উচিত। ছিটমহলের স্বাধীনতায় ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রীয় অহং সন্তুষ্ট হলো। দীর্ঘকাল আইন ও প্রতিষ্ঠানের বাইরে থাকা এলাকা যেন হয়ে উঠছে উন্নয়নের চালু মডেলের নতুন এক পরীক্ষাগার। কিন্তু যে মানুষের জন্য এতসব, তাদের স্বপ্ন পূরণ হবে কোন উপায়ে, সেটাই আজকের প্রশ্ন।
পদ্মা নদীর মাঝি উপন্যাসের স্বাপ্নিক প্রতিষ্ঠাপুরুষ হোসেন মিয়ার স্বপ্ন খানখান হয়েছিল লোভ আর অন্তর্কোন্দলে। সদ্যস্বাধীন ছিটমহলেও তার ছায়া পড়ছে। ভূমি, ব্যবসা ও উন্নয়ন যদি ন্যায্য না হয়, রাজনীতি যদি ক্ষমতানির্ভর হয়, তাহলে ছিটবাসীর ৬৮ বছরের বকেয়া পাওনা আদায়ও কঠিন হয়ে যাবে।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]