বিমানের ওড়ার কথা কিন্তু বিমান মাটিতে দেবে আছে। বছর বছর প্রতিষ্ঠানটির লোকসান বাড়ছে। আগের বছর যেখানে লোকসান ছিল ৮০ কোটি ডলার, গত বছর তা দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলারে। বিমান কেনা ও ভাড়া নিয়ে দুর্নীতি প্রকট, যদিও বরাবরের মতো বিমান কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। দুর্নীতি আছে বৈদেশিক শাখায়ও। সব মিলিয়ে অদক্ষ ও অযোগ্য ব্যবস্থাপনার কারণে একটি প্রতিষ্ঠান যেমন দিনে দিনে তলিয়ে যেতে থাকে, বিমানের অবস্থা একদম তা-ই।যে কথাটি আমরা সরকারের নীতিনির্ধারকদের নজরে আনার চেষ্টা করছি তা হলো, বিমান একটি পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাণিজ্যিক ভিত্তিতেই প্রতিষ্ঠানটি পরিচালিত হতে হবে। যাঁরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন, তাঁদের বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। অথচ বাংলাদেশ বিমান হয়ে উঠেছে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরির সুযোগ সৃষ্টির একটি জায়গা। কোনো বাণিজ্যিক বিমান সংস্থা এভাবে পরিচালিত হয় না।বিমানকে পুরোপুরি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কোম্পানি করা হয়েছিল ২০০৭ সালে। তখন বলা হয়েছিল, বাণিজ্যিক এয়ারলাইনস পরিচালনায় দক্ষ ও যোগ্য একজনকেই নিয়োগ দেওয়া হবে এর প্রধান নির্বাহী হিসেবে। দেশে এমন কাউকে পাওয়া না গেলে প্রয়োজনে বিদেশ থেকে হলেও একজন নিয়োগ দেওয়া হবে। কিন্তু মহাজোট ক্ষমতায় আসার পর বিমান আবার চলে গেল সেই বিএনপি-জামায়াত জোট সরকারের পুরোনো ধারায়। বিমানের ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় পদগুলোতে বসে আছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এর ফল হচ্ছে ধারাবাহিক লোকসান।একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে যোগ্য ও দক্ষ ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হলে একদিকে লোকসান যেমন সামাল দেওয়া যেত, তেমনি দুর্নীতির সুযোগও অনেক কমে আসত। বিমানের সব ক্ষেত্রে দুর্নীতির যেমন অভিযোগ রয়েছে, তেমনি অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার। বিমানের বিদেশের শাখাগুলোতে দুর্নীতির প্রমাণ পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বিমানের দাবি, বিমান ভাড়া করা নিয়ে দুর্নীতি হয়নি। কিন্তু বাস্তবতা কী বলছে? নিয়ম অনুযায়ী, ২০ বছরের পুরোনো বিমান ভাড়া করার সুযোগ নেই। এবার হজ ফ্লাইট শুরুর আগে যে বোয়িং-৭৪৭ ভাড়া করে আনা হলো, তার ২০ বছর মেয়াদ পুরো হয়েছে দেশে আনার এক সপ্তাহের মধ্যে। এর পেছনে কী কারণ থাকতে পারে, তা ধারণা করা কঠিন নয়। হজ ফ্লাইট শুরুর পরদিনই বিমানটিতে ত্রুটি দেখা দেয়।প্রতিবছর লোকসান বাড়বে এমন বাস্তবতায় কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। সরকারের কাছে দুই হাজার ৫০০ কোটি টাকার তহবিল চাওয়া হয়েছে বিমানের কার্যক্রম চালু রাখার জন্য। সরকারের ভুল নীতি ও বিমান কর্তৃপক্ষের অদক্ষ ও অযোগ্য ব্যবস্থাপনার খেসারত হিসেবে বিমান লোকসান দেবে আর জনগণের টাকায় তহবিল জোগান দিয়ে লোকসান সামাল দেওয়া হবে, তা মেনে নেওয়ার সুযোগ নেই।