সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এবার ঈদযাত্রা নিরাপদ হবে। কিন্তু রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, ঈদের আগে ও পরের ১৫ দিনে ৩৫৮টি দুর্ঘটনায় ৩৬৭ জন নিহত এবং ১ হাজার ৫০০ আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক–মানসিক অসুস্থতাকে চিহ্নিত করা হয়েছে।
গত সোমবার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কাছে জিয়ানগর এলাকায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যান। তাঁরা হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন।
এ দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন করেন। তাঁদের দাবির মধ্যে আছে ক্যাম্পাসের পাশের চট্টগ্রাম–কাপ্তাই সড়ক চার লেন করা, নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ, বাসের চালক ও মালিককে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বাস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। ইতিমধ্যে বাসের চালককে গ্রেপ্তার করা হলেও মালিক ধরাছোঁয়ার বাইরে।
মোটরসাইকেলে ধাক্কা দেওয়া বাসটির ফিটনেস ছিল না। ছাত্রদের আন্দোলনের মুখে চুয়েট কর্তৃপক্ষ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন দেন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার ১৩ শতাংশই শিক্ষার্থী। সংখ্যার হিসাবে ২২৫ জন। অর্থাৎ দিনে গড়ে দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সড়কে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদীউজ্জামান প্রথম আলোকে বলেন, সড়কে কর্মক্ষম ব্যক্তি ও শিক্ষার্থীদের চলাচল বেশি, তাই সড়ক অব্যবস্থাপনার শিকারও তাঁরা বেশি হচ্ছেন।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে ছাত্রদের দেশকাঁপানো আন্দোলনের মুখে সরকার সড়ক পরিবহন আইন পাস করে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছিল। কিন্তু আইনটি বাস্তবায়ন করা যায়নি পরিবহনমালিক ও শ্রমিকদের আপত্তির কারণে। ফলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, এবার ঈদে দুর্ঘটনায় যে মানবসম্পদের ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য ১ হাজার ৩৩০ কোটি টাকা। আমরা এ–ও জানি, মানুষের জীবনের যে ক্ষতি, তা অর্থ দিয়ে পূরণ করা যায় না। তারপরও চুয়েট শিক্ষার্থীরা নিহত দুই সহপাঠীর পরিবারকে যে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছেন, তা দৃঢ়ভাবে সমর্থন করি। এর আগেও আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবহনমালিকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি উপেক্ষিত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন ও যাত্রী কল্যাণ সমিতি ঈদের ছুটিতে দুর্ঘটনার যে হিসাব দিয়েছে, তা পূর্ণাঙ্গ নয়। সাধারণত সংবাদমাধ্যমের তথ্যের ওপর নির্ভর করেই তারা এই হিসাব দিয়ে থাকে। অনেক মৃত্যুর খবর সংবাদমাধ্যমে আসে না, থানায়ও রেকর্ড করা হয় না।
এই যে ঈদের ছুটিতে সাড়ে তিন শতাধিক মানুষ প্রাণ হারালেন, এ জন্য পরিবহনমালিক ও চালকদের পাশাপাশি তদারকি সংস্থাও দায় এড়াতে পারে না। ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামার পরও বিআরটিএ কিংবা হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিল না কেন? ২০১৮ সালে ঢাকায় রমিজউদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর ছাত্র–তরুণেরা রাস্তায় নেমেছিলেন। সাড়ে পাঁচ বছর পর চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর আবার শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এর শেষ কোথায়? সড়কে আর কত মানুষ মারা গেলে পরিবহনমালিক–শ্রমিক ও বিআরটিএর ঘুম ভাঙবে?