জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে দুদকের মামলায় গ্রেপ্তার হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে তিনিই প্রথম কর্মকর্তা, যিনি ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের পর কারাবন্দী হলেন। তাঁর বিরুদ্ধে ব্যাংকিং খাত লুটপাটে সহায়তা ছাড়াও আর্থিক কেলেঙ্কারির গুরুতর অভিযোগ আছে। এস কে সুরের সহযোগী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধেও অভিযোগ কম নয়। এ ছাড়া অর্থ পাচার রোধের দায়িত্ব যাঁর কাছে ছিল, সেই বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধেও ইতিমধ্যে মামলা হয়েছে। 

এস কে সুর চৌধুরীকে ২০১২ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তাঁকে এই দায়িত্বে রাখা হয়। এস কে সুর ও অন্যদের সহায়তায় প্রশান্ত কুমার (পি কে) হালদার পিপলস লিজিংসহ চারটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেন। এসব প্রতিষ্ঠানের গ্রাহকেরা এখনো তাঁদের বিনিয়োগের টাকা ফেরত পাননি।

পাশাপাশি বিতর্কিত ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দখলের কাজেও সহায়তার অভিযোগ আছে এস কে সুরের  বিরুদ্ধে। এই সময়ে তিনি বেক্সিমকোসহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপকে অবৈধ সুযোগ পাইয়ে দেন বলেও অভিযোগ আছে। এরপরও ২০১৮ সালে তাঁকে ব্যাংক খাত সংস্কারের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। 

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, ‘পি কে হালদারের ক্ষমতার উৎস ছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলম। পি কে হালদার বিভিন্ন সময় আর্থিক সুবিধা ও মূল্যবান উপঢৌকন দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের ওই দুই কর্মকর্তাকে বশে রেখে দুর্নীতির মাধ্যমে অবাধে অর্থ লোপাট করেছেন।’

পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের ২৯ মার্চ তাঁকে তলবও করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ আমলে সংঘটিত আরও অনেক আর্থিক কেলেঙ্কারির মতো এস কে সুরের তদন্তের কাজটিও মাঝপথে থেমে যায়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলতি মাসের শুরুতে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া সংস্থাটি যাঁকে আর্থিক প্রতিষ্ঠান খাত ধ্বংসের কারিগর হিসেবে অভিযুক্ত করা হয়, সেই নির্বাহী পরিচালক শাহ আলমের বিরুদ্ধেও অনুসন্ধান করছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘বিগত সময়ে একটা চক্র গড়ে উঠেছিল, যাতে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন। যাঁরা অনিয়মে যুক্ত ছিলেন, তাঁদের সবার বিচার নিশ্চিত করতে হবে। নইলে বিচার পরিপূর্ণ হবে না। এতে অন্যরা আবার একই পথে হাঁটবে।’

সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে যাঁরা দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বেশির ভাগই ধরাছোঁয়ার ঊর্ধ্বে আছেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতাও নাগালের বাইরে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এসব কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনতেই হবে। অপরাধীরা শাস্তি না পেলে আর্থিক খাতের দুর্নীতি–লুটপাট চলতেই থাকবে।