এমন দশায় পাঠদান কীভাবে সম্ভব

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের শিক্ষাব্যবস্থা কেমন চলছে, এ নিয়ে সংশয়ের শেষ নেই। এখানে পদে পদে অবহেলা ও বঞ্চনার কথাই আমরা শুনে থাকি। অনেক জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকেও তাকানো যায় না। নির্দিষ্ট একটি এলাকাজুড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকা দরকার, সে জন্যই যেন রাখা।

সেখানে পাঠদানের পরিবেশ আছে কি নেই, তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। যেমনটি আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের পৌর এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। সেটির জরাজীর্ণ অবস্থা দেখে আমাদের অবাক হতে হয়। একজন শিক্ষার্থী কীভাবে পরিপূর্ণ শিক্ষা পাবে এমন প্রতিষ্ঠান থেকে!

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পৌরসভার বৈখর বাজারের সড়কের পূর্ব পাশে বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। কোনো ফটক নেই। সেটি না থাকাই স্বাভাবিক, কারণ মূল প্রতিষ্ঠানটিরই তো বেহাল। ভাঙা ও জরাজীর্ণ চার কক্ষের টিনশেড ভবনে যেন কোনোমতে পাঠদান চলছে।

যেকোনো বৃষ্টির দিনেই প্রতিষ্ঠানটিতে চরম দুর্ভোগ নেমে আসে। কারণ, টিনের চাল ভেদ করে পড়া বৃষ্টির পানিতে ভেসে যায় শ্রেণিকক্ষ। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষেই বসে ভিজতে থাকে। কখনো কক্ষের মাঝখানে মেঝেতে জড়ো হয়ে বসে চলে পাঠদান। তা–ও যে কয়জন সেদিন বিদ্যালয়ে আসে, তাদের নিয়ে। কারণ, বৃষ্টি হলে অধিকাংশ শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না।

কোনো অজপাড়াগাঁয়ে এই বিদ্যালয় নয়। রাজধানী ঢাকার অদূরে একটি পৌরসভা শহরের প্রাণকেন্দ্রে সরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের অন্য অনেক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষকসংকট আছে। এমনকি প্রধান শিক্ষকের পদটিই শূন্য। আরও হতাশার বিষয় হচ্ছে, বিদ্যালয়টিতে কোনো শৌচাগারই নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এর চেয়ে বড় বিড়ম্বনার আর কী হতে পারে।

শ্রেণিকক্ষ ছোট, পর্যাপ্ত বেঞ্চ নেই। কিছুদিন পরপর ফ্যান, লাইট, ব্যানারসহ বিদ্যালয়ের মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। ক্লাস চলাকালে বিদ্যালয়ের আশপাশে মাদকসেবীদের আখড়া বসে। মাদকের দুর্গন্ধের কারণে ক্লাসে টেকা যায় না। কেউ বাধ্য না হলে এ বিদ্যালয়ে তার সন্তান ভর্তি করান না। ফলে প্রতিবছর সরকারি এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে।

অনেক বছর ধরেই বিদ্যালয়ের এই করুণ অবস্থা। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির অভিযোগ, নতুন ভবনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তারা তিন বছর ধরে আশ্বাসই দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি।

আমরা জানতে পারছি, উপজেলার বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শৌচাগার নির্মাণের কাজটি দ্রুত শুরু হোক। সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে মনোযোগী হোন।