সংস্কার করতে প্রশাসনের গড়িমসি কেন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের খেলার মাঠগুলো নিয়ে নগরবাসী একসময় গর্ব করতেন। কারণ, সেসব মাঠে খেলেই জাতীয় ক্রিকেট দলে নাম লিখিয়েছিলেন অনেকে। হয়েছেন বড় তারকা। এখন সেসব মাঠ নিয়ে আফসোসের শেষ নেই। কারণ, কোনো মাঠই ভালো নেই। একসময় স্থানীয়ভাবে খেলার বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হতো।

মাঠ–সংকটের কারণে সেসব টুর্নামেন্টও হারিয়ে যেতে বসেছে। এখনো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় খেলার মাঠ আছে। যার মধ্যে অন্যতম নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠটি।

তবে এ মাঠের অবস্থা এতটাই শোচনীয় যে সেটি দেখে ক্ষুব্ধ হতে হয়। বিশাল মাঠটি এখন নোংরা জলাশয়ে পরিণত হয়েছে। কচুরিপানা আর বিভিন্ন লতাপাতা জমে সেখানে এমন অবস্থা হয়েছে, বিশাল মাঠটির অস্তিত্বই প্রায় হারিয়ে গেছে বলা যায়।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান আয়তন ৫ দশমিক ৩১ একর। যার মধ্যে প্রায় ২ একর নিয়েই হচ্ছে মাঠ। অথচ মাঠের দেড় একরের মতো জায়গা এখন ডোবায় পরিণত হয়েছে। স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারের বেশি।

এই বিপুলসংখ্যক শিক্ষার্থী সে মাঠে খেলবে কী; বরং ময়লা–আবর্জনার পাশে সরু রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এত বিশাল মাঠ থাকতে একাডেমিক ভবনের সামনে আরেকটি সরু জায়গায় চলে জাতীয় সংগীত পরিবেশন। সেখানে ছোট পরিসরে খেলাধুলা করতে হয় শিক্ষার্থীদের। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।

মূলত স্কুলের সঙ্গে লাগোয়া চট্টগ্রামের বিখ্যাত চাক্তাই খাল। সে খাল থেকে মাঠের উচ্চতা কম। আশপাশের এলাকার সড়কগুলো মাঠের তুলনায় উঁচু। মাঠটি সড়ক থেকে প্রায় ২ ফুট নিচু। ফলে বৃষ্টিতে সড়কে পানি উঠলে তা মাঠে এসে পড়ে। ২০২০ সাল থেকে সেখানে যে পানি জমা শুরু হয়, এরপর সেই জলাবদ্ধতার সমস্যা কাটেনি। সমস্যা সমাধানে জেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টাও দেখা যায়নি।

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মাঠ সংস্কারে জেলা প্রশাসন বরাবর চার দফা চিঠি দিয়েও সমাধান মেলেনি। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বক্তব্য, ‘এ বিশাল মাঠ অবশ্যই সংস্কার করা হবে। মাঠের অবস্থা পর্যবেক্ষণের জন্য ভূমি অফিসারকে নির্দেশনা দেওয়া হবে।

প্রতিবেদন পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই। জেলা প্রশাসকের এ বক্তব্য আশ্বাসে পরিণত না হোক। দ্রুত মাঠ সংস্কারের কাজ শুরু হবে, সেটিই দেখার প্রত্যাশা করছি।