বিকল্প জায়গায় ঘর নির্মাণ করা হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অন্যতম প্রশংসিত একটি প্রকল্প হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন। কয়েক লাখ পরিবার এর মধ্যে এ প্রকল্পের সুবিধাভোগী হয়েছে। আরও বিপুলসংখ্যক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করতে চায় সরকার। সেই লক্ষ্যে নানা জায়গায় চলমান রয়েছে আশ্রয়ণ প্রকল্প।

যেমনটি আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। কিন্তু সেখানে পদ্মাপারের একটি খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে। আগেও আশ্রয়ণ প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছিল। এ নিয়ে সরকার কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিল। এরপরও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে নানা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় জাজিরার বিভিন্ন স্থানে খাসজমিতে গৃহহীনদের পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিলাসপুরেও কিছু ঘর নির্মাণ করা হচ্ছে। এর জন্য এমন জমি নির্বাচন করা হয়েছে, যা একটি খালের মধ্যে পড়েছে। এখন সেই খাল বালু দিয়ে ভরাট করছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের দাবি, খালের কারণে নদীভাঙন বেশি হয়। তাই এর কিছু অংশ ভরাট করে খাসজমি উদ্ধার করা হচ্ছে। যদিও এ দাবির সঙ্গে একমত নন স্থানীয় ব্যক্তিরা। তাঁদের ভাষ্য, এ খালের পানি কৃষিজমিতে নেওয়া হয়। আবার বর্ষায় কৃষিজমিতে জমে যাওয়া পানি পদ্মা নদীতে নেমে যায়। খালটির মাধ্যমে জমির সঙ্গে নদীর সংযোগ থাকায় প্রতিবছর জমিতে নতুন পলি জমে। জমি উর্বর হয়, ফসল উৎপাদন ভালো হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে এ খাল দিয়ে নৌকা ও ট্রলার চলাচল করে। ফলে খালটি বন্ধ হয়ে গেলে কৃষক ও স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হবেন।

খাল ভরাটের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও জানানো হয়নি। স্থানীয় লোকজন বলছেন, প্রশাসনের কাজে বাধা দেওয়ার ক্ষমতা নেই বলে তাঁরা চুপ মেরে আছেন।

আইন অনুযায়ী, প্রবহমান খালে ব্যক্তিগত জমি থাকলেও পানিপ্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো স্থাপনা নির্মাণ বা ভরাট করা যাবে না। ফলে সেখানে খাসজমি থাকলেও তা উদ্ধারের নামে খাল ভরাট করার কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসনের বিষয়টি না জানার কথা নয়।

এখন প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর খাল ভরাট বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য, প্রবহমান খাল বাদ দিয়ে আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, খালসংলগ্ন জমিতে ঘর নির্মাণ করলে বর্ষাকালে তা ভাঙনের হুমকির মুখে পড়বে।

আমরা আশা করব, আশ্রয়ণ প্রকল্পটি বিকল্প কোনো জায়গায় বাস্তবায়নে বিবেচনা করবে উপজেলা প্রশাসন।