বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগ

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছাশক্তি ও সৃজনশীলতা থাকলে সামান্য পুঁজি দিয়েও যে প্রান্তিক মানুষের জীবনে বড় পরিবর্তন আনা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের পাঁচ শিক্ষার্থী। কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির নিম্নবিত্ত নারীদের ঘিরে তাঁদের গড়ে তোলা উদ্যোগ ‘প্রজেক্ট প্রেরণা’ কেবল কিছু পরিবারের অভাবই দূর করছে না, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর অনেকেরই সেলাইয়ের দক্ষতা ও কাজের আগ্রহ থাকলেও উপার্জনের কোনো সুযোগ ছিল না। ২০২৪ সালের নভেম্বরে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে পাঁচ তরুণ শিক্ষার্থী—আবির মাহমুদ মুনতাহির, ইমরান হোসেন, বীথি আক্তার, মো. সিয়াম ও নন্দিনী তিথি—সেই নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ব্যাগ ও নকশিকাঁথা এখন অনলাইনের পাশাপাশি ব্র্যাক ও বহ্নিশিখার মতো প্রতিষ্ঠানেও বিক্রি হচ্ছে। প্রথম বছরে ৩০ হাজার টাকা বিক্রির পর চলতি বছরেই তা প্রায় দুই লাখ টাকায় পৌঁছেছে।

এই উদ্যোগের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো এর দৃষ্টিভঙ্গি। উদ্যোক্তারা এই নারীদের কেবল ‘শ্রমিক’ হিসেবে দেখেন না, বরং নিজেদের ‘পার্টনার’ বা অংশীদার হিসেবে বিবেচনা করেন। ফলে ঘরে বসে মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয়ের পাশাপাশি রিয়ামনি আক্তার বা সাথী আক্তারদের মতো গৃহবধূদের পরিবারে বেড়েছে গুরুত্ব ও আত্মবিশ্বাস। এর নেপথ্যে থাকা উদ্যোক্তাদের একজন বীথি আক্তার নিজেই এই বস্তিতে বেড়ে উঠেছেন; শৈশব থেকে দেখা নারীদের আর্থিক দুরবস্থা ঘোচানোর তাগিদ থেকেই তিনি ব্যাগের নকশা করছেন। নিজের শিকড়ের প্রতি এই দায়বদ্ধতা নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।

তবে সম্ভাবনাময় এই উদ্যোগ এখন কিছু বাস্তব সীমাবদ্ধতার মুখোমুখি। উন্নত সেলাই মেশিনের অভাবে মোটা কাপড়ের ব্যাগের অনেক ক্রয়াদেশ তাঁদের ফিরিয়ে দিতে হচ্ছে। অনেক নারীর নিজস্ব সেলাই মেশিন না থাকায় তাঁরা কেবল হাতের কাজের ওপর নির্ভর করছেন। উদ্যোক্তারা আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার পাশাপাশি একটি ‘মিনি প্রোডাকশন হাউস’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগে সহযোগিতার যে আশ্বাস দেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবে রূপ নেওয়া প্রয়োজন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীরা যদি উন্নত সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে ‘প্রজেক্ট প্রেরণা’র পাশে দাঁড়ান, তবে কীর্তনখোলার পাড়ের এই ছোট্ট আলো ছড়িয়ে পড়তে পারে দেশের আরও বহু প্রান্তিক জনপদে। তরুণদের এমন ইতিবাচক ও মানবিক উদ্যোগই পারে টেকসই দারিদ্র্য বিমোচনের পথকে সুগম করতে।