বাল্যবিবাহমুক্ত দেশ গড়ার অনুপ্রেরণা

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সমাজ কতটা এগিয়ে যাচ্ছে, নারীর অগ্রগতিতেই তা প্রতীয়মান হয়। বাংলাদেশে নারীর অগ্রগতি এখন চোখে পড়ার মতো। সমাজ গঠনে বড় অবদান রাখছেন তাঁরা। তাঁদের নানা উদ্যোগ আন্তর্জাতিক পরিসরেও প্রশংসিত হচ্ছে, আসছে নানা স্বীকৃতিও। যেমন বিবিসির বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বারবার স্থান করে নিচ্ছেন আমাদের নারীরা।

গত কয়েক বছরে এ তালিকায় আমরা পাই প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া সীমা সরকার, করোনাকালে যৌনকর্মীদের খাদ্যসহায়তা দেওয়া রিনা আক্তার, শরণার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক কাজ করা রিমা সুলতানাকে। চলতি বছর একই স্বীকৃতি পেলেন আরেক বাংলাদেশি নারী সানজিদা ইসলাম। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাল্যবিবাহ ঠেকাতে কাজ করেন তিনি, তাঁর সহপাঠী ও শিক্ষকেরা।

স্কুলে পড়াকালীন সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় বাল্যবিবাহ রোধে আন্দোলন গড়ে তুলেছিলেন সানজিদা। ছয় সহপাঠী মিলে ‘ঘাসফড়িং’ নামের একটি সংগঠন গড়ে তুলেছিলেন। এর মাধ্যমে ৭০টির বেশি বাল্যবিবাহ ঠেকিয়েছেন তাঁরা। এখন যদিও সবাই আলাদাভাবে কাজ করছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা এই তরুণী এখন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি যৌতুকের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলেছিলেন সানজিদারা।

বাল্যবিবাহ, যৌতুক, অ্যাসিড নিক্ষেপসহ নানা ঘটনায় সব সময় নিপীড়িত নারীদের পাশে থেকেছে প্রথম আলো। সব রকম প্রতিবন্ধকতা মোকাবিলায় ও সাফল্যে নারীদের পথচলায় সঙ্গী হয়েছে। দেশের শীর্ষ সংবাদমাধ্যম হিসেবে আমরা বিশ্বাস করি, নারীদের জয় মানে বাংলাদেশের জয়। সানজিদাদের বাল্যবিবাহ প্রতিরোধ নিয়েও সংবাদ প্রচার করেছিল প্রথম আলো। পরবর্তীকালে তাঁদের নিয়েই ‘সাত সাহসী’ নামে একটি তথ্যচিত্রও প্রকাশ করে। ফলে সানজিদার এই স্বীকৃতিতে আমরা গর্বিত।

সানজিদারা এই আন্দোলন গড়ে তুলেছিলেন ২০১৪ সালে। এখন মহামারি-উত্তর বাংলাদেশ বাল্যবিবাহ নিয়ে নতুন সংকটে পড়েছে। করোনাকালে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বড় সর্বনাশ ঘটে গেছে আমাদের। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপ থেকে ধারণা করা হচ্ছে, এ সময় ৩০ থেকে ৭০ শতাংশ অল্পবয়সী মেয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে, যার কারণে বিষয়টিকে ‘বাল্যবিবাহের মহামারি’ বলেও আখ্যা দেওয়া হচ্ছে।

বিপুলসংখ্যক কিশোরীর বাল্যবিবাহের শিকার হওয়া ভবিষ্যৎ বাংলাদেশকে নানাভাবে ঝুঁকিতে ফেলবে। নারীস্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যু রোধ, পুষ্টিজনিত নানা সাফল্যকে বাধাগ্রস্ত করবে।

একটি নিরাপদ ও গঠনমূলক সমাজ গঠনেও এর নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে বাল্যবিবাহ রোধে আমাদের নতুন করে ভাবতে হবে। সেখানে সানজিদারাই আমাদের অনুপ্রেরণা হতে পারেন।