তাঁর বসতভিটা অবিলম্বে পুনরুদ্ধার করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের বিখ্যাত পর্যটক রামনাথ বিশ্বাস। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী। এ ছাড়া ব্রিটিশ সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীও।

তবে তিনবার বাইসাইকেল চড়ে ১৯৩১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত চারটি মহাদেশ ভ্রমণের কারণে তিনি বেশি স্বীকৃত। গর্বের বিষয় হচ্ছে, রামনাথ বিশ্বাসের জন্মস্থান সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ে। যদিও শেষ বয়সে তিনি কলকাতায় থিতু হন। সেখানে পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে মারা যান তিনি।

এর এক দশকের পর তাঁর ভাইও পরিবার নিয়ে ভারতে চলে যান। ফলে রামনাথের জন্মভিটা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি খতিয়ানে চলে যায়। সেই হিসেবে এ সম্পত্তির মালিক বাংলাদেশ সরকার। কিন্তু দুঃখজনক হচ্ছে, রামনাথের সেই জন্মভিটা দখল হয়ে গেছে অনেক আগে।

দীর্ঘদিন ধরে রামনাথের সেই সম্পত্তি পুনরুদ্ধারে দাবি জানিয়ে আসছেন ভ্রমণপ্রেমীরা। এ নিয়ে গঠিত হয়েছে একটি কমিটিও। সেখানে যুক্ত আছেন লেখক, সাংবাদিক, সাইক্লিস্ট, সংস্কৃতিকর্মী ও স্থানীয় সুধীজন। রামনাথের ভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে গত মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবসে হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ের বিদ্যাভূষণপাড়া পর্যন্ত বাইসাইকেল শোভাযাত্রা করে। পরে বানিয়াচং শহীদ মিনারে এসে একটি প্রতীকী অনশন কর্মসূচিও পালন করেন তাঁরা।

শোভাযাত্রা আয়োজকদের বক্তব্য, রামনাথের স্মৃতিবিজড়িত বাড়িটি বর্তমানে স্থানীয় আবদুল ওয়াহেদ মিয়া দখল করে আছেন। একসময় বিএনপি-জামায়াতের রাজনীতি করলেও বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন। দলীয় পরিচয়ের জোরে রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলা করেছেন তিনি ও তাঁর স্বজনেরা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে রামনাথের বাড়ি দেখতে গেলে তাঁদের ওপরে হামলা চালানো হয়।

রামনাথের বসতভিটা পুনরুদ্ধার করে সেখানে একটি বিশেষায়িত পাঠাগার, একটি সাইকেল মিউজিয়াম ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে কমিটি।

শোভাযাত্রার শুরুতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এ দাবির সঙ্গে একাত্ম পোষণ করে বলেন, জায়গাটি ইজারা দেওয়া হয়ে থাকলে সেটি বাতিল করা হবে। আর দখল হয়ে থাকলে তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কমিটিকে সহযোগিতা করার আশ্বাস দেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাও।

রামনাথ বিশ্বাস এ দেশের ভ্রমণপিপাসুদের জন্য অনুপ্রেরণাময় ব্যক্তিত্ব। বাংলা ভাষায় তাঁর ভ্রমণবিষয়ক ৩২টি বই প্রকাশিত হয়েছে। ১ নভেম্বর রামনাথ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী ও ১৩ জানুয়ারি জন্মবার্ষিকী। এ দুই দিন যথাযোগ্য মর্যাদায় পালন করতে চায় রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। এর আগেই এ বাঙালি ভূপর্যটকের স্মৃতিবিজড়িত জায়গাটি পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হোক।