গাছ রক্ষায় স্থানীয় জনমতকে গুরুত্ব দিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বটগাছের আত্মকাহিনি—এমন শিরোনামের বাংলা রচনা বা অনুচ্ছেদ আমাদের পাঠক্রমে এখনো সুপরিচিত। সেখানে একটি বাক্যে বটগাছ নিজের জবানিতে অনেকটা এমনই বলে থাকে—আমি অনেক ইতিহাসের সাক্ষী। কালের অনেক ঘটনা ও উত্থান–পতনের নীরব দর্শক। ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাচীন একটি বটগাছ ঘিরেও স্থানীয় মানুষ এমনই বক্তব্য দিয়েছেন। তাঁরা গাছটিকে বাঁচাতে চান এবং এ জন্য সরকারি দপ্তরে ধরনাও দিয়েছেন।

তালগাছ বা বটগাছ—বেশি আয়ুর গাছ নিয়ে মানুষের আবেগ–অনুভূতি কিছুটা আলাদা। কারণ, অনেক গ্রাম বা জনপদ গড়ে ওঠে এসব গাছকে ঘিরে। তখন সেই গাছ হয়ে ওঠে ওই লোকালয়ের স্মারক। কয়েক প্রজন্মের স্মৃতি বহনকারী গাছ রক্ষায় সবাই আলাদাভাবে গুরুত্বও দিয়ে থাকেন।

নান্দাইলের গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামেও এমনটাই দেখা গেছে। সেখানকার কয়েকটি গ্রামের মানুষ প্রাচীন একটি বটগাছ রক্ষায় মানববন্ধন করেছেন। এ ছাড়া বন বিভাগে আবেদন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গাংগাইল গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম দিকে একটি সড়কের পাশে বিশাল ওই বটগাছের অবস্থান। স্থানীয় লোকজন বলছেন, চার মাস আগে বটগাছটি পাশের পুকুরের দিকে হেলে পড়ে। সড়ক নির্মাণের সময় গাছের কয়েকটি শিকড় কাটা পড়েছিল। এর পর থেকেই গাছটি একটু একটু করে পশ্চিম পাশে থাকা পুকুরের দিকে হেলতে শুরু করে। এখন গোড়ার মাটিতে বড় ফাটল দেখা দিয়েছে।

সড়ক করতে গিয়ে অনেক গাছ কেটে ফেলা হয়, এমন ঘটনা এ দেশে নিত্যনৈমিত্তিক। এ নিয়ে সমালোচনা–আলোচনা বা প্রতিবাদ–বিক্ষোভও হয়। কিন্তু সড়ক করার কারণে কত গাছের শিকড় কাটা পড়ে এবং একটা সময় সেসব গাছেরও নীরব মৃত্যু ঘটে, তা আমাদের ভাবনায়ই নেই। গাংগাইলের প্রাচীন বটগাছের ক্ষেত্রেও তেমনটিই ঘটছে। যদিও সেটি রক্ষায় স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। এমনকি গাছটিকে বাঁচানোর জন্য এক ব্যক্তি তাঁর নিজের জমিও দিয়ে দিতে চান। তাঁর আশা, গাছটি অন্তত বেঁচে থাকুক।

গয়েশপুর গ্রামের পল্লিচিকিৎসক আবদুর রহিম বলেন, ‘গাছটি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আমাদের জীবনের নানা ঘটনার সাক্ষী হয়ে আছে এই বটগাছ। অনেকে নিজের গ্রাম বা বাড়ির ঠিকানা বলার সময় গাছের অবস্থান উল্লেখ করেন। চোখের সামনে গাছটি এভাবে নষ্ট হচ্ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের।’

নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন, তিনি কয়েক মাস আগে নান্দাইলে যোগ দিয়েছেন। বটগাছটি দেখার পর এ বিষয়ে কী করা যায়, তা ভেবে দেখবেন। আমরা আশা করব, তিনি স্থানীয় জনমতকে গুরুত্ব দিয়ে প্রাচীন বটগাছটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবেন।