আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি ও সমমনা দলগুলোর মানববন্ধন কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ও শঙ্কা ছিল। সরকারি দলের নেতারা বলেছিলেন, বিএনপি মানববন্ধন কর্মসূচির নামে ষড়যন্ত্র করছে।
অতি উৎসাহী কোনো কোনো পুলিশ কর্মকর্তা এই বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিএনপির যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের মানববন্ধন কর্মসূচি থেকে তুলে নেওয়া হবে। যেখানে মামলা ছাড়াই বাড়ি থেকে নেতা-কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, সেখানে এই ধরনের কথা বলা ভয় পাইয়ে দেওয়া ছাড়া কিছু নয়।
শেষ পর্যন্ত দু-একটি স্থানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে বিরোধী দলের মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন থাকলেও সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি। এটাকে স্বস্তির খবরই বলতে হবে।
উল্লেখ্য, ২৮ অক্টোবরের পর বিএনপি ১০ ডিসেম্বরই প্রথম প্রকাশ্য রাজপথে কর্মসূচি পালন করল। প্রথম আলোর শিরোনাম ছিল ‘৪৩ দিন পর জমায়েতের কর্মসূচি বিএনপির’। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকার সবার আছে। এমনকি হরতাল-অবরোধও আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। যদিও গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা।
১০ ডিসেম্বর বিএনপি মানববন্ধন কর্মসূচি নেওয়ায় অনেকেই আশা করেছিলেন, তারা হরতাল-অবরোধের পথ পরিহার করেছে। কিন্তু সেটা যেমন হয়নি, তেমনি সরকারও বিরোধী দলের বিরুদ্ধে গণগ্রেপ্তার বন্ধ করেনি। বিএনপি মঙ্গলবার সকাল থেকে নতুন করে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে।
বিএনপি সরকারের বিরুদ্ধে দমন–পীড়নের যে অভিযোগ এনেছে, তা অসত্য নয়। বাড়িতে গিয়ে পুলিশ বাবাকে না পেয়ে ছেলেকে কিংবা ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নেবে, এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সর্বোচ্চ কণ্ঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের আচরণের নিন্দা করি। সেই সঙ্গে এটাও বলব যে বিএনপিকে আন্দোলনের কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও বাস্তববাদী হতে হবে।
যে কর্মসূচির প্রতি জনসমর্থন দেখা যাচ্ছে না, তা পরিহার করা কিংবা বিকল্প কর্মসূচির কথা ভাবা উচিত। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই কর্মসূচিকে ঘিরে কোনো নাশকতা হলে তার দায় এসে তাদের ওপরও পড়ে। মনে রাখতে হবে, বাস-ট্রাক পুড়লে শুধু সাধারণ মানুষ নয়; দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। এভাবে সরকারের পতন হয় না।
অন্যদিকে সরকারকে বিরোধী দলের কর্মসূচির মধ্যে ষড়যন্ত্র না খুঁজে আইনের শাসন কার্যকর রাখতে হবে। গণতান্ত্রিক পরিসর সংকোচনের আত্মঘাতী পথ থেকে সরে আসতে হবে। বিরোধী দলকে স্বাভাবিক কার্যক্রম চালাতে না দিলে রাজনীতি অস্বাভাবিক পথে যেতে বাধ্য। তাদের মনে রাখতে হবে, বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করা ও তাদের ওপর দমন–পীড়ন চালানোর অর্থ হচ্ছে আইনের শাসন ও গণতন্ত্রের পথ থেকে সরে আসা। সরকার কি তাই চায়?
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য বা সমঝোতা জরুরি ছিল। সে ক্ষেত্রে আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন পেতাম। দুর্ভাগ্যবশত সেটা হয়নি।
৭ জানুয়ারি বিএনপিও সমমনাদের বাদ দিয়েই দ্বাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গতি-প্রকৃতি কী হবে, সেই বিতর্কে না গিয়েও বলতে হয়, সেই নির্বাচনের পরও রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে, এমন ভাবার সুযোগ নেই। কারণ, অনেক রাজনৈতিক প্রশ্ন অমীমাংসিতই থেকে যাবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যও রাজনৈতিক নেতৃত্বকে আজ হোক, কাল হোক মতৈক্যে পৌঁছাতেই হবে। ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক নেতৃত্ব সহনশীল ও গণতান্ত্রিক আচরণ করবে আশা করি। অন্যথায় তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।