স্থান নিয়ে বিতর্কের দ্রুত অবসান হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাষ্ট্রটি যে গণতন্ত্রের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গণতন্ত্র অধরাই থেকে গেছে। সংবিধানে লেখা থাকলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায় না। এর জন্য প্রয়োজন অব্যাহত চর্চা, অনুশীলন, পরমতসহিষ্ণুতা। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের কথা শোনার সুযোগ খুবই কম। সেটি নিজ দলের মধ্যে যেমন, তেমনি জাতীয় পরিসরেও। 

১০ ডিসেম্বর আহূত বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সরকার ও বিএনপির নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলে আসছে মাসখানেক ধরেই। বিএনপির নেতাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার পরও এই সম্পাদকীয় লেখা পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনের সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। ডিএমপি বলেছে, সড়কে সমাবেশ করা যাবে না। তারা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছে। কিন্তু বিএনপি সেখানে সভা করতে রাজি নয়, তারা কিছু বিকল্প প্রস্তাব করেছে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

সড়কে সমাবেশ না করার পেছনে যুক্তি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো বিকল্প মাঠটা কোথায় পাওয়া যাবে? ঢাকা শহরে তো কোনো মাঠই নেই। পূর্বাপর সরকারগুলো উন্নয়নের নামে সব মাঠই দখল করে ফেলেছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো অনেকটা বাধ্য হয়ে সড়কে সমাবেশ করছে। আওয়ামী লীগও এর আগে সড়কে সমাবেশ করেছে। তা ছাড়া বাস্তবতা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হলেও পুরো শহর অচল হয়ে যায়। এখন সরকার যদি বিকল্প স্থান দিতে না পারে, তারা কোথায় সমাবেশ করবে? এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার সময় ডিএমপি ২৬ দফা শর্ত জুড়ে দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন দলের সমাবেশের ক্ষেত্রে এমন কঠোর শর্ত থাকে কি? বা থাকলেও তা মানা হয় কি? কোনো দলের হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করার কথা নয়; তারা কাজ করবে আইন অনুযায়ী। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই তাদের এই নিরপেক্ষ অবস্থান রক্ষা করতে পারছে না। 

বিএনপির সমাবেশ সামনে রেখে পুলিশ ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে। বলা হচ্ছে, এটি তাদের নিয়মিত কাজের অংশ। অপরাধীকে ধরতে পুলিশ অভিযান চালাতেই পারে। কিন্তু সেই অভিযানের উদ্দেশ্য যদি বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার–হয়রানি হয়, তাহলে সেটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ১০ ডিসেম্বর সামনে রেখে বিএনপির নেতাদের পুরোনো মামলাগুলো পুনরুজ্জীবিত করা কিংবা কারও কারও বিরুদ্ধে হঠাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে বিএনপির একজন নেতার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

আওয়ামী লীগ ১০ ডিসেম্বর পাড়ায় পাড়ায় তাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন বলেও ঘোষণা দিয়েছে। এসব ঘোষণা রাজনৈতিক পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেবে, যা কারও কাম্য নয়। সরকারের দায়িত্ব জনগণের স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করা। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের এসব কর্মকাণ্ড জনমনে ভীতির সঞ্চার করেছে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সংবাদমাধ্যমে টেলিফোন করে জানতে চাইছেন, ১০ ডিসেম্বর কী হবে? 

১০ ডিসেম্বরের বাকি মাত্র তিন দিন। আমরা আশা করব, সরকার বিএনপির সমাবেশের স্থান নিয়ে সৃষ্ট বিতর্ক এমন দিকে নিয়ে যাবে না, যাতে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। বিএনপির পক্ষ থেকে যখন নয়াপল্টনের বিকল্প সুবিধাজনক স্থানের প্রস্তাব দেওয়া হয়েছে, সরকারের উচিত হবে অবিলম্বে সমাবেশের স্থানের বিষয়ে একটি সমঝোতায় আসবে। সেটাই হবে দেশ, রাজনীতি ও জনগণের জন্য মঙ্গলজনক