মামলা এগোয় না, অভিযুক্তরা দলে পুনর্বাসিত

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালে যখন ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল, তখন সরকারের উচ্চ মহল থেকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে এর সঙ্গে জড়িত কেউই রেহাই পাবেন না। কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ক্ষমতাসীন দলের যেসব হোমরাচোমরা ক্যাসিনো–কাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তখন বলা হয়েছিল, ঢাকার বাইরেও এ অভিযান চলবে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে।

কিন্তু চার বছরের ব্যবধানে দেখা গেল, ‘সকলি গরল ভেল’। প্রথম আলোর খবর অনুযায়ী, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন ওরফে সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়াসহ যে ১৩ জনের বিরুদ্ধে ৫৭টি মামলা হয়েছিল, তার কোনোটিরই বিচার শেষ হয়নি। ৫২টি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যে পাঁচটি মামলার তদন্ত চার বছরেও শেষ হয়নি, তার মধ্যে আছে সম্রাট ও খালেদের বিরুদ্ধে একটি করে মানি লন্ডারিং মামলা, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক ওরফে এনু ও রূপম ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত একাধিক মামলা।

সম্রাট ও খালেদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তদন্ত কর্মকর্তারা বলেছেন, সম্রাটের বিরুদ্ধে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে পাচার করা অর্থের বড় অংশ তিনি ক্যাসিনোতে খরচ করেছেন। ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সম্রাট সিঙ্গাপুরে গিয়েছেন ৩৫ বার। তদন্ত কর্মকর্তাদের দাবি, পাচার হওয়া অর্থের বিষয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিঠি পাঠানো হলেও সেখান থেকে কোনো উত্তর না আসায় তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছেন না।

অর্থ পাচারের তথ্য সংশ্লিষ্ট দেশ থেকে না পাওয়ার অজুহাতে মামলার তদন্ত ঝুলে থাকতে পারে না। যতই দিন যাবে, তথ্য পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসবে। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছে যদি পাচারের তথ্য থেকে থাকে, তার ভিত্তিতেই তদন্ত প্রতিবেদন দেওয়া যেত। তঁারা সে কাজটি করেননি। ফলে জনমনে এই ধারণাই পোক্ত হয়েছে যে দলীয় লোকেরা যত বড় অপরাধই করুক না কেন, তাদের বিচার হবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বিদেশ থেকে তথ্য পাওয়ার বিলম্বের নামে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত এই আসামিদের সুরক্ষা দেওয়া হচ্ছে। একইভাবে তাঁদের দলেও পুনর্বাসিত করা হচ্ছে।

অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের এই প্রক্রিয়া চলছে অন্যত্রও। ক্যাসিনো–কাণ্ডে নাম আসার পর আত্মগোপনে থাকা যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাড়ে তিন বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন। এরপর বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এভাবেই ক্যাসিনো–কাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের যে নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাঁরাও একে একে পুনর্বাসিত হচ্ছেন। 

ফৌজদারি মামলা বিচার বা নিষ্পত্তির জন্য চার বছর কম সময় নয়। পুলিশ প্রাথমিক তদন্তে অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে বলেই আসামিদের গ্রেপ্তার করেছে। এরপরও মামলাগুলোর বিচার না হলে কিংবা তদন্ত শেষ না করলে জনগণের কাছে ভুল বার্তাই যাবে। তাঁরা মনে করবেন, বিরোধী দলের নেতা-কর্মী হলে গায়েবি মামলায় ফাঁসানো যায় এবং সরকারি দলের নেতা-কর্মী হলে গুরুতর অপরাধ করেও পার পাওয়া যায়।